‘কারও মুখের দিকে তাকিয়ে আমি সংসদ চালাই না। আমি কট্টর আওয়ামী লীগার, কিন্তু স্পিকারের আসনে বসে শতভাগ নিরপেক্ষ।’এ কথাগুলো প্রায় দুই বছর আগে বলেছিলেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ। তখন তিনি ছিলেন জাতীয় সংসদের স্পিকার। ২০১১ সালের ২৩ এপ্রিল আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি প্রথম আলোর কার্যালয়ে আসেন। সেখানে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি খুব তাৎপর্যপূর্ণ কথাটি বলেন।দুই বছর পর, রাজনীতির এই জটিল সন্ধিক্ষণে সেদিনের সেই দৃঢ় অবস্থান তিনি এখনো ধরে রাখতে পারেন কি না, সেদিকে সবার দৃষ্টি থাকবে।প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যায় না। তারা রাষ্ট্রপতি পদে বিকল্প কোনো প্রার্থী দিলে হাস্যকর ব্যাপার হতো। কারণ, এত কম আসনসংখ্যা নিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না। এটা স্বাভাবিক। কিন্তু তারা তো বিরোধিতা করতে পারত। করেনি। এই না করার মধ্য দিয়ে বিরোধী দল রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। যেখানে সরকার পতনের আন্দোলন তাদের মূল কর্মসূচি, সেখানে ক্ষমতাসীন দলের মনোনীত একক প্রার্থীকে বিরোধিতা না করার একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। মোটামুটি গ্রহণযোগ্যতা না থাকলে তারা নিশ্চয়ই বিরোধিতা করত।বিএনপি সমর্থনও করেনি, বিরোধিতাও করেনি। অনেক সময় বিরোধিতা না করার অর্থ মৌন সম্মতি। রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে মেনে নিতে তারা প্রস্তুত। এই দুঃসময়ে এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে! একদিকে হরতাল, অবরোধ, অসহযোগ, জ্বালাও-পোড়াও। আরেক দিকে রাষ্ট্রপতি নির্বাচনে সরকারি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি মৌন সমর্থন।রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের আমলে অন্তত চার বছর তাঁরই রাষ্ট্রপতি থাকার কথা। সে কারণে সবার কাছে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি ছিল খুব বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলের এই আশা অনেকাংশে পূর্ণ হয়েছে, এটা বলা যায়।বিরোধী দলের প্রতি স্পিকার আবদুল হামিদ খুব আন্তরিক ছিলেন। দলীয় রাজনীতিতে যত তিক্ততাই থাকুক, সংসদে তিনি বিরোধী দলকে কখনো অবজ্ঞা করেননি। প্রথম আলোর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরার জন্য সংসদে বিরোধী দলকে বেশি সুযোগ দিতে হবে। কেননা, তারা সরকারের সঙ্গে কথা বলার ততটা সুযোগ পায় না। সে জন্য প্রশ্নোত্তরসহ সব ক্ষেত্রে আমি তুলনামূলকভাবে বিরোধী দলকে বেশি সুযোগ দিয়ে থাকি।’প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও স্পিকার আবদুল হামিদ কিন্তু সুযোগ পেলেই বিরোধীদলীয় নেতার সঙ্গে কথা বলতেন। গত বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সে সময় অতিথি মঞ্চে খালেদা জিয়ার পাশের আসনে গিয়ে বসেন স্পিকার। তিনি পরে সাংবাদিকদের বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতাকে সংসদে আসতে অনুরোধ করেছি। তিনি বলেছেন, বিষয়টি বিবেচনা করে দেখবেন।’স্পিকার আবদুল হামিদ বিরোধীদলীয় নেতাকে রাজনৈতিক বৈরিতার চোখে কখনো দেখননি। এটাই তাঁর বড় গুণ। এ কারণে তিনি বিএনপির কাছ থেকে মৌন সম্মতি পেয়েছেন। এই সবুজ সংকেত আগামী দিনের ঘটনাবলিকে কতটা প্রভাবিত করতে পারে, সেটা দেখার বিষয়।ঘটনা তো অন্য রকম হতে পারত। ক্ষমতাসীন দল আরও কট্টর দলীয় কোনো নেতাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করলে হয়তো দেশে আরও সংঘাত দেখা দিত। আপাতত আমরা বলতে পারি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বাড়তি কোনো সংঘাতের উপলক্ষ সৃষ্টি হচ্ছে না। আওয়ামী লীগও এখানে রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে।আমাদের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। এ ছাড়া অন্য সব দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। অবশ্য সংবিধানের ৪৮ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতিসংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যেকোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন।সংবিধান রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতির সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করেছে, কিন্তু দেশ পরিচালনায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের অধিকার সীমিত করে দিয়েছে। এক অর্থে হাত-পা বেঁধে দিয়েছে। তার পরও রাষ্ট্রপতি কোন দলের, সে প্রশ্নটি বড় হয়ে ওঠে। এমনকি ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ না হলে চলে না—এ রকমও দেখা গেছে। বিগত বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে খুবই অসম্মানজনকভাবে বিদায় নিতে হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির তেমন কিছুই করার সুযোগ নেই, তার পরও কেন এভাবে একজন রাষ্ট্রপতিকে বিদায় নিতে হয়?কারণ, আমাদের দেশের রাজনীতিতে রাষ্ট্রপতিকে দলের অন্ধ সমর্থক হতে হয়। সংসদে ক্ষমতাসীন দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই বিপদ। পছন্দ না হলে বিদায় নিতে হতে পারে।কিন্তু বিপরীত দৃষ্টান্তও আছে। আওয়ামী লীগ ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারা একজন নির্দলীয় রাষ্ট্রপতি নির্বাচিত করে আমাদের দ্বন্দ্বমুখর রাজনীতিতে এক অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বিএনপি-আওয়ামী লীগনির্বিশেষে সব দলের সম্মতিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। তিনি কোনো দল করতেন না। তার পরও আওয়ামী লীগ তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করে। বাংলাদেশে দলীয় সরকারের আমলে নির্দলীয় রাষ্ট্রপতির আর কোনো দৃষ্টান্ত নেই। এবং সেই দৃষ্টান্ত স্থাপন করেছিল আওয়ামী লীগ, ১৯৯৬ সালে।এ জন্য অবশ্য আওয়ামী লীগকে কম ঝক্কি-ঝামেলা পোহাতে হয়নি। কারণ, রাষ্ট্রপ্রধান হিসেবে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নিজেকে দল-মতের ঊর্ধ্বে রাখার প্রতি বিশেষ যত্নবান ছিলেন। আইন অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে বাধ্য, কিন্তু প্রয়োজনে একবার ফাইল পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। দ্বিতীয়বার সেই ফাইল এলে তিনি তা অনুমোদন করতে বাধ্য। এসব কারণে তিনি আবার আওয়ামী লীগের বিরাগভাজনও হন। এর দায়দায়িত্ব আওয়ামী লীগের ওপরই বর্তায়। কিন্তু এত উল্টাপাল্টার মধ্যেও রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ একটি ঐতিহ্য স্থাপন করে গেছেন যে বিদ্যমান ব্যবস্থায়ও রাষ্ট্রপতি নিরপেক্ষতা বজায় রাখতে পারেন। এখানে রাষ্ট্রপতির ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।আবদুল হামিদ দলীয় হয়েও নিরপেক্ষ অবস্থানে থেকে স্পিকারের দায়িত্ব পালন করে গেছেন। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি একই অবস্থান ধরে রাখুন, এটা আমরা নিশ্চয়ই চাইব। কিন্তু ক্ষমতাসীন দলের মনমানসিকতাও সে রকম হতে হবে। না হলে পদে পদে বাধা-বিপত্তি দেখা দিতে পারে।বিশেষভাবে এই মুহূর্তে দেশে এমন একজন রাষ্ট্রপতি দরকার, যিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থে পদক্ষেপ নেবেন। যদিও সংবিধান অনুযায়ী তিনি মূলত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন, কিন্তু রাজনৈতিক অচলাবস্থা ভাঙার ক্ষেত্রে তিনি সরকারকে পরামর্শ দিতে পারেন। সরকার সেটা রাখবে কি না, তা সরকারের বিষয়। সংবিধানের ৪৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিষয়ে অনুরোধ করলে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করবেন। রাষ্ট্রপতির জন্য সংবিধান যে এই সুযোগ রেখেছে, এটাও তো কম নয়।এখন আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিরোধী দল ছাড়া নির্বাচন করলে অস্থিতিশীল পরিস্থিতি চলতেই থাকবে। শান্তিপ্রিয় নাগরিকেরা এটা চায় না। এখানে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতির ভাবমূর্তি কাজে লাগলেও লাগতে পারে। যদিও কাগজে-কলমে এ রকম কোনো বিধান নেই। কিন্তু দেশের সর্বোচ্চ প্রয়োজনে অন্তত কারও কারও কাছে সবার একটা প্রত্যাশা থাকে। নতুন রাষ্ট্রপতির কাছে দেশবাসীর সে রকম আকাঙ্ক্ষা থাকতেই পারে। ঐতিহাসিক প্রয়োজনে সেই প্রত্যাশা পূরণ করা অনেক সময় অপরিহার্য হয়ে দাঁড়ায়।আমরা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই। তিনি বাংলাদেশে গণতন্ত্রের এক যুগসন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছেন। এই জটিল সময়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর উপস্থিতি সংকট উত্তরণে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস।আব্দুল কাইয়ুম: সাংবাদিক। [email protected]