রাসায়নিক নিয়ে কার্যকর আইন প্রয়োগে বাধাটা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাসায়নিক দ্রব্য পরিবহন ও গুদামজাতকরণের ক্ষেত্রে বাংলাদেশে যেমন যুগোপযোগী কোনো আইন নেই, তেমনি সমন্বিত কোনো বিধিমালা বা নীতিমালাও নেই
ছবি: প্রথম আলো

বাংলাদেশে গত এক যুগে রাসায়নিক সংশ্লিষ্ট একাধিক অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু রাসায়নিক উৎপাদন, পরিবহন ও গুদামজাতকরণের ক্ষেত্রে দেশে যেমন কোনো যুগোপযোগী আইন নেই, তেমনি সুনির্দিষ্ট কোনো বিধিবিধানও নেই। যেসব নীতিমালা বা গাইডলাইন আছে, সেগুলো মেনে চলার ক্ষেত্রেও শৈথিল্য লক্ষ করা গেছে। এমনকি কনটেইনার ডিপোতে রাসায়নিকের মতো বিপজ্জনক পণ্য আলাদাভাবে সংরক্ষণ করা নিয়ে আন্তর্জাতিক কনভেনশন অনুস্বাক্ষর করেও তা সঠিকভাবে না মানার অভিযোগ রয়েছে। এ রকম অবস্থায় রাসায়নিক উৎপাদন, পরিবহন ও গুদামজাতকরণ নিয়ে স্বতন্ত্র একটি আইন করা হলে তা অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা এড়াতে ভূমিকা রাখতে পারে।

গত ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম ও ঢাকার কয়েকটি হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিক গুদাম থেকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে ৭৭ জন মারা যান। এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে একই ধরনের অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ১২৪ জনের। এ ছাড়া ২০১২ সালে ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস নামে একটি তৈরি পোশাক কারখানায় ১১১ জন পোশাকশ্রমিক পুড়ে মারা যান। গত বছরের ৮ জুলাই হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৫২ জনের। সরকারি সংস্থা ও নাগরিক তদন্ত কমিটির প্রতিবেদন এবং পত্রিকায় প্রকাশিত খবর বিশ্লেষণ করে দেখা গেছে, রাসায়নিক বা দাহ্য পদার্থের সংশ্লিষ্টতার কারণে এসব অগ্নিকাণ্ডের তীব্রতা যেমন বেশি ছিল, তেমনি হতাহত ও ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে।

আইন ও নীতিমালা ‘অকার্যকর’, মানা হচ্ছে না আন্তর্জাতিক কনভেনশনও

বাংলাদেশে বিস্ফোরক তৈরি, অধিকারে রাখা বা মজুত, ব্যবহার, বিক্রয়, পরিবহন ও আমদানি-রপ্তানি করা হয় বিস্ফোরক আইন, ১৮৮৪-এর আওতায়। এই আইনের আলোকে ২০০৪ সালে একটি বিধিমালা তৈরি করা হয়। বাংলাদেশের শিল্প খাতে যেসব রাসায়নিক ব্যবহৃত হয়, সেগুলোর ব্যবস্থাপনার মূল দায়িত্ব বিস্ফোরক পরিদপ্তরের। এ ছাড়া কিছু রাসায়নিক দ্রব্যের দেখভাল বাণিজ্য মন্ত্রণালয়ও করে থাকে। শিল্প খাতের জন্য প্রয়োজনীয় হিসেবে রাসায়নিক দ্রব্য আমদানির অনুমতি এবং এগুলো আমদানির জন্য লাইসেন্স দিয়ে থাকে বিস্ফোরক পরিদপ্তর।

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর প্রতিষ্ঠানটির উপপ্রধান বিস্ফোরক পরিদর্শক মো. আবদুল হান্নান বলেন, ‘প্রতিষ্ঠানগুলো কেমিক্যাল আমদানি করে নিজেদের গুদামে রাখে এবং তাঁরাও মাঝেমধ্যে এ ধরনের গুদাম পরিদর্শন করেন। সুনির্দিষ্ট নিয়মকানুন না থাকলেও লাইসেন্স দেওয়ার সময় ও পণ্য আমদানির সময় আমরা প্রতিষ্ঠানগুলোকে গাইডলাইন দিয়ে থাকি কোথায় কীভাবে সেগুলো সংরক্ষণ করতে হবে’ (৬ জুন, বিবিসি বাংলা)। অর্থাৎ কোন রাসায়নিক কোথায় রাখতে হবে, কোনটির কাছে কোনটি রাখা যাবে না, কিংবা গুদামগুলোর প্রকৃতি কেমন হবে বা ভেন্টিলেশন সিস্টেম (বাতাস চলাচল পদ্ধতি) কেমন হবে, সে সম্পর্কিত কোনো নির্দিষ্ট নিয়মনীতি নেই।

এদিকে চট্টগ্রাম সমুদ্রবন্দরের কাছে কনটেইনার ডিপো স্থাপনের জন্য বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদন দেয় এবং পরে কাস্টমস কর্তৃপক্ষ মূল লাইসেন্স দিয়ে থাকে। জাহাজ এবং বন্দরের জন্য ডেঞ্জারাস কার্গোস অ্যাক্ট, ১৯৫৩ নামে একটি আইন থাকলেও সেখানে কনটেইনার ডিপোতে রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা নিয়ে তেমন কিছু বলা হয়নি। ১৯৯৮ সালে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপন ও পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৬ সালে এই নীতিমালা পরিবর্তন করা হয়। ২০২১ সালে এনবিআর নতুন নীতিমালা এবং প্রজ্ঞাপন জারি করে। ওই নীতিমালাতেও রাসায়নিক পণ্য মজুত, সংরক্ষণ ও সরবরাহের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছুই বলা নেই।

তবে বিপজ্জনক পণ্য নিয়ে আন্তর্জাতিক নৌ সংস্থা প্রণীত ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুডস বা আইএমডিজি কোড’ আছে। সাগরে জীবনের নিরাপত্তাবিষয়ক সোলাস (সেফটি অব লাইফ অ্যাট সি) কনভেনশনের আওতায় এ কোড রয়েছে। এ কনভেনশনে বাংলাদেশ অনুস্বাক্ষর করেছে। ২০০৪ সাল থেকে এ কোডের নিয়মকানুন মানা বাধ্যতামূলক। এ কোডের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয় ২০১০ সাল থেকে। এ কোডের আওতায় নয়টি ক্যাটাগরির পণ্যের একটি তালিকা রয়েছে। তাতে রাসায়নিক, বিস্ফোরক, বিপজ্জনক গ্যাস, দাহ্য তরল ও কঠিন পদার্থ, বিষাক্ত, তেজস্ক্রিয়, জারণ পদার্থসহ বিপুলসংখ্যক পণ্য রয়েছে। সাধারণত অন্য পদার্থের সংস্পর্শে এলে এসব পণ্য স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির কারণ হতে পারে। সে জন্য এসব পণ্য পরিবহন থেকে শুরু করে সংরক্ষণে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তার নীতিমালা আছে আইএমডিজি কোডে। যদিও বাংলাদেশে আইএমডিজি কোডের নীতিমালা বাস্তবায়নে ঘাটতির কথা তুলে ধরেছে আন্তর্জাতিক নৌ সংস্থা।

২০১৭ সালে সংস্থার নিরীক্ষা প্রতিবেদনে এ কোডসহ নৌ খাতের ১৭টি বিষয়ে ঘাটতির কথা উল্লেখ করা হয়। ঘাটতি তদারকির জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে ‘কম্পিটেন্ট অথরিটি’ বা যথাযথ কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়। নৌপরিবহন অধিদপ্তরও বিষয়টি মন্ত্রণালয়কে জানায়। কিন্তু এমন কর্তৃপক্ষ গঠিত হয়নি বলে জানা গেছে (৭ জুন, প্রথম আলো)।

এদিকে, গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) একটি বিশেষজ্ঞ দল বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরের গুদামগুলো পরিদর্শন করে কিছু নীতিমালা গাইডলাইন প্রস্তাব করেছিল। কিন্তু কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় বেসরকারি কনটেইনার ডিপোগুলো নিজেদের মতো করেই এসবের ব্যবস্থাপনা করছে। তবে ডিপোতে দাহ্য জাতীয় বা রাসায়নিক পদার্থের ক্ষেত্রে আলাদাভাবে বিস্ফোরক পরিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। সীতাকুণ্ডের আলোচিত বিএম কনটেইনার ডিপোর এসব অনুমোদন ছিল কি না, সরকারি সংস্থা দুটি তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।

প্রাণহানির আইনগত দায় কার?

ওপরের তথ্যগুলো থেকে এটা বোঝা যায়, রাসায়নিক দ্রব্য পরিবহন ও গুদামজাতকরণের ক্ষেত্রে বাংলাদেশে যেমন যুগোপযোগী কোনো আইন নেই, তেমনি সমন্বিত কোনো বিধিমালা বা নীতিমালাও নেই। এ ছাড়া বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা দেখভাল বা তদারকির দায়িত্বে থাকায় সমন্বয়ের ঘাটতিও লক্ষ করা গেছে।

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড এবং প্রাণহানির পর প্রশ্ন উঠেছে, এ ঘটনার আইনগত দায় কার। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই জানা গেল, ডিপোতে বিস্ফোরণে ৪৪ জনের প্রাণহানির ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে মামলা করেছে। ৭২ ঘণ্টার বেশি সময় পার করা ওই মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই ডিপোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার কারণে মানুষের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। মামলায় শুধু কর্মকর্তাদের আসামি করায় খুব সংগতভাবেই এ নিয়ে প্রশ্ন উঠেছে।

মালিকের ইচ্ছা বা অনুমতি ছাড়া ডিপোতে রাসায়নিক রাখার এখতিয়ার তো অন্য কারও নেই। তাহলে ডিপোর মালিকপক্ষকে কেন মামলায় আসামি করা হলো না? এ ছাড়া বিস্ফোরক পরিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ তদারকি প্রতিষ্ঠানগুলো কি তাদের দায় এড়াতে পারে? ওই ডিপোর পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তাই এমন কথা ওঠা অমূলক নয় যে, রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি কাজে লাগিয়ে এবং আইনের ফাঁকফোকর বের করে মালিকপক্ষ ঘটনার দায় থেকে ‘ছাড়’ পাওয়ার চেষ্টা করছে। একটি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী আইন থাকলে হয়তো এ ধরনের ঘটনাগুলোতে মালিক ও তদারকি কর্তৃপক্ষ এত সহজে ‘ছাড়’ পেত না।

আইনের শাসন নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশ আইনের ভারে ‘জর্জরিত’ একটি দেশ। এ দেশের আইনপ্রণেতাদের আইন প্রণয়নে কার্পণ্য নেই। দেয়াললিখন ও পোস্টার লাগানো থেকে শুরু করে আয়োডিনযুক্ত লবণ—এ রকম বহু বিচিত্র বিষয় নিয়ে এখানে আইন রয়েছে। এ অবস্থায় রাসায়নিক দ্রব্য উৎপাদন, পরিবহন ও গুদামজাতকরণ নিয়ে নতুন একটি আইন পরিস্থিতির পরিবর্তনে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কি না, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে।

দুর্ঘটনা, অবহেলাজনিত মৃত্যু না ‘কাঠামোগত হত্যাকাণ্ড’?

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে এবং এর আগে কিছু কারখানায় অগ্নিকাণ্ডের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এগুলো কি নিছকই দুর্ঘটনা, অবহেলাজনিত মৃত্যু, নাকি ‘কাঠামোগত হত্যাকাণ্ড’? এই প্রশ্নের সঙ্গে একটি আইনি বিষয়ও জড়িয়ে আছে। কারিগরি ত্রুটি বা অন্য কোনো যুক্তিসংগত কারণে সংঘটিত দুর্ঘটনার জন্য সাধারণত কারও বিরুদ্ধে অভিযোগ আনা যায় না বা বিচারে সাজাও হয় না। অপরদিকে অবহেলাজনিত ‍মৃত্যু এবং হত্যাকাণ্ড একটি দণ্ডনীয় অপরাধ। তবে আমাদের পেনাল কোডে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলে কিছু এখনো অন্তর্ভুক্ত হয়নি। কয়েক বছর ধরে বিশেষ করে রানা প্লাজা ধসের পর থেকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ শব্দবন্ধটি বহুল ব্যবহৃত হচ্ছে। গবেষক, অ্যাকটিভিস্ট ও মানবাধিকারকর্মীদের মতে, মালিক-কর্তৃপক্ষের উদাসীনতা, অবহেলা ও লোভের কারণে জীবনের ঝুঁকি আছে এমন পরিবেশ-পরিস্থিতিতে কাউকে কোনো কাজে বাধ্য করা এবং এর ফলে প্রাণহানির ঘটনা ঘটলে সেটাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলা হয়। তাঁদের এই বক্তব্যের সঙ্গে একমত হলে এটাও মেনে নিতে হবে যে আইনের আওতায় না এলেও আমাদের দেশে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ ঘটেছে।

আরও পড়ুন

আইনের শাসনই শেষ ভরসা

আইনের শাসন নিয়ে প্রশ্ন থাকলেও বাংলাদেশ আইনের ভারে ‘জর্জরিত’ একটি দেশ। এ দেশের আইনপ্রণেতাদের আইন প্রণয়নে কার্পণ্য নেই। দেয়াললিখন ও পোস্টার লাগানো থেকে শুরু করে আয়োডিনযুক্ত লবণ—এ রকম বহু বিচিত্র বিষয় নিয়ে এখানে আইন রয়েছে। এ অবস্থায় রাসায়নিক দ্রব্য উৎপাদন, পরিবহন ও গুদামজাতকরণ নিয়ে নতুন একটি আইন পরিস্থিতির পরিবর্তনে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কি না, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে। এমনকি একটি ভালো আইন হলেও তার যথাযথ ও সঠিক প্রয়োগ হবে কি না, সেটা নিয়েও সন্দেহ-সংশয় রয়েছে। এত প্রশ্ন, সন্দেহ, সংশয়ের পরেও রাসায়নিক দ্রব্য পরিবহন ও সংরক্ষণ নিয়ে একটি পূর্ণাঙ্গ আইন হলে কিছু বিকল্প তৈরি হবে।

প্রথমত, এটি রাসায়নিক দ্রব্যসংক্রান্ত গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা আরোপ করবে। দ্বিতীয়ত, এই আইনের কোনো ব্যত্যয় হলে আদালতে সেটার প্রতিকার চাওয়ার সুযোগ থাকবে।

বর্তমান বাংলাদেশে যেকোনো ক্ষেত্রে শিগগিরই ইতিবাচক পরিবর্তন আশা করাটা বাতুলতা। রাসায়নিক দ্রব্য উৎপাদন, পরিবহন ও গুদামজাতকরণ নিয়ে আইন প্রণয়নের মাধ্যমে যদি সচেতনতা, বাধ্যবাধকতা এবং প্রতিকার চাওয়ার ও পাওয়ার ব্যাপারে কিছু অগ্রগতি হয়, তাহলে সেটাকেই বড় কোনো অর্জন হিসেবে ধরে নিতে হবে।

মনজুরুল ইসলাম সাংবাদিক