
আমার শিক্ষক ড. আইনুন নিশাত গাড়ি করে যাচ্ছেন আগারগাঁও বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে গণভবনের পেছনের রাস্তাটি দিয়ে। তখনই আমার ফোন। তিনি বললেন, ‘এইটা কি রাস্তা নাকি মঙ্গল গ্রহের পিঠ? এত বড় বড় গর্ত কী করে হয়, এটা একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময়। এই নিয়ে গবেষণা হওয়া উচিত।’
ঢাকার রাস্তাঘাটের বেশির ভাগেরই অবস্থা করুণ। ঢাকার বাইরেও সড়ক-মহাসড়ক, পথ-রাজপথ ভেঙেচুরে একাকার। বড় বড় গর্ত, বৃষ্টি হলেই পানি জমে, তারপর পত্রিকার পাতায় ছবি ছাপা হয়, রিকশা গেছে উল্টে, আরোহীরা পানিতে হাবুডুবু খাচ্ছেন ডেইলি স্টার-এ ২৯ জুলাইয়ের প্রধান খবর ছিল, ৭৯ কোটি টাকা নর্দমায় ভেসে গেছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তাটার যে ছবি দেওয়া হয়েছে, ওটাকে আর যা-ই বলা যাক, রাস্তা বলা যায় না। জীবনের চলার পথ যে বন্ধুর, আমাদের কর্তৃপক্ষ তা প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে। আর সেটা মনে করিয়ে দেওয়ার জন্য নিয়মিত টাকা বরাদ্দ হচ্ছে। ডেইলি স্টার সিটি করপোরেশনের মধ্যবর্তী কর্তাদের বরাতে বলেছে, আসলে ওই টাকা দিয়ে কাজের কাজ কিছুই হয়নি। পুরো টাকাটাই জলে গেছে। এখন আরও কুড়ি কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।
সম্প্রতি চীনের মাননীয় রাষ্ট্রদূত প্রথম আলোয় এসেছিলেন অতিথি হয়ে। তিনি বলছিলেন, ছয় মাস আগে ঢাকার একটা রাস্তা নির্মিত হলো। সুন্দর রাস্তা। ছয় মাসের মধ্যেই সেই রাস্তা ভেঙেচুরে একাকার। আগামী ছয় বছরও তো রাস্তাটার এই হাল হওয়ার কথা নয়!
আমরা তাঁর কথাটাকে কথার কথা বলে উড়িয়ে দিতে পারি, আবার না-ও পারি।
আমাদের দেশি প্রকৌশলীরা, দেশি ঠিকাদারেরা বহু ভালো প্রকল্প সম্পন্ন করেছেন।
আবার বহু প্রকল্প নিয়ে আমরা বড়মুখ করে কথা বলতে পারব বলে মনে হয় না।
আগে এ বিষয়ে প্রচলিত দুটো কৌতুক বলে নিই।
একটা পুকুর কাটার প্রকল্প তৈরি হলো। এ জন্য সম্ভাব্যতা যাচাই হলো, প্ল্যান পাস হলো, টাকা বরাদ্দ হলো, টেন্ডার ডাকা হলো, একটা পার্টি কাজ পেল। টাকা উঠিয়ে মেরে দেওয়া সারা। কিন্তু পুকুর আর কাটা হলো না। এই পর্যায়ে উচ্চপদস্থ পরিদর্শক আসছেন পুকুরটা দেখতে। তখন আবার প্রকল্প প্রস্তাব পেশ হলো, পুকুরটা এলাকায় মশার আবাসস্থলে পরিণত হয়েছে, ওটা ভরাট করতে হবে। টাকা বরাদ্দ হলো, টেন্ডার হলো। পরিদর্শক এলেন। দেখলেন, হ্যাঁ, পুকুর ভরাট হয়েছে। এত সুন্দর কাজ হয়েছে, এখানে যে একটা পুকুর ছিল, বোঝাই যাচ্ছে না।
দ্বিতীয় গল্পটাও আপনাদের জানা। বাংলাদেশের মন্ত্রী গেছেন চীনে। চীনের মন্ত্রী তাঁকে তাঁর বাড়িতে দাওয়াত করেছেন। বাংলাদেশের মন্ত্রী বাসার শানশওকত দেখে অবাক। বললেন, ‘তুমি কত টাকা বেতন পাও? এত বড় বাড়ি করলে কী করে!’ চীনের মন্ত্রী বারান্দায় দাঁড়িয়ে বললেন, ‘ওই দেখো, কী দেখা যায়?’ ‘একটা সেতু।’ ‘ওই সেতুর টেন পারসেন্ট দিয়ে এই বাড়ি।’
চীনের মন্ত্রী এলেন বাংলাদেশে। তিনিও দাওয়াত খেতে গেলেন বাংলাদেশি মন্ত্রীর বাড়িতে। এই বাড়ি আরও সৌকর্যময়। ‘সর্বনাশ! কী করে করলে?’ ‘ওই দেখো, কী দেখা যায়? একটা সেতু দেখতে পাও?’ ‘না তো।’ ওইখানে একটা সেতু হওয়ার কথা ছিল, সেটার হান্ড্রেড পারসেন্ট দিয়ে এই বাড়ি।
বলে রাখা ভালো, দুটোই গল্প, জীবিত বা মৃত কোনো বাংলাদেশি বা চীনার সঙ্গে এই গল্পের কোনো মিল নেই। ভারতীয়দের সঙ্গে থাকতেও পারে। গতকালের ইত্তেফাক-এর প্রধান শিরোনাম, আমেরিকান কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়েছেন ভারতের গোয়ার মুখ্যমন্ত্রী। ঘুষের পরিমাণ দেখে কিঞ্চিৎ লজ্জা পেয়েছি। দিগম্বর কামাতকে দিগম্বর করে দিয়েছে এক কোটি রুপি নেওয়ার অভিযোগ। আর পূর্তমন্ত্রী নিয়েছেন ৭০ লাখ রুপি। আরে আমাদের মন্ত্রীর ড্রাইভারের কাছেই ৭০ লাখ টাকা থাকে। ভারতীয় মন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা উচিত। এত কম টাকা কেউ ঘুষ খায়, খেয়ে আবার ধরা খায়?
এদিকে ৩০ জুলাইয়ের কালের কণ্ঠ প্রথম পৃষ্ঠায় প্রতিবেদন ছেপেছে, কংক্রিটের সড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর দুই দফা নির্দেশনা উপেক্ষিত। তারা বলছে, সড়কে পানি জমে বিটুমিনের ৯০ শতাংশ নষ্ট হচ্ছে, বর্ষায় লাখো কিলোমিটার সড়ক নাজুক, সিমেন্ট উৎপাদন বাড়তি, বিটুমিনের ঘাটতি আছে দেশে, আর কংক্রিটের সড়ক বহুগুণ বেশি টেকসই। এসব কথায় সত্যতা আছে, বাংলাদেশের মতো বৃষ্টিবহুল দেশে কংক্রিটের রাস্তা টেকসই, প্রাথমিক খরচ বেশি হলেও ১০ থেকে ১২ বছরের মধ্যে সেটাই ব্যয়-সাশ্রয়ী বলে প্রমাণিত হয়। কিন্তু সেটা সম্ভব মহাসড়কে, যেখানে প্রতিবছরে দুবার করে গ্যাস, পানি, বিদ্যুৎ, নিষ্কাশনের জন্য রাস্তা খুঁড়তে হয় না।
এই বিষয়েই কথা বলছিলাম আমার আরেক শিক্ষক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ মো. সামছুল হকের সঙ্গে। কংক্রিট আর বিটুমিনের রাস্তার উপযোগিতা, খরচ, স্থায়িত্ব নিয়ে তিনি গবেষণা করেছেন। স্যার বললেন, আমাদের দেশের রাস্তার জন্য কংক্রিটই ভালো। এর কারণ এই নয় যে বিটুমিনের রাস্তা খারাপ, বিটুমিনও ১২ বছর টিকতে পারে, কিন্তু এর প্রতিটা পর্যায়েই দরকার পড়বে মান নিয়ন্ত্রণ। বিটুমিন কত তাপমাত্রায় জ্বাল দেওয়া হচ্ছে, হাতে থার্মোমিটার নিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এই দেশে বুয়ারা তুষ দিয়ে পিচ জ্বাল দিয়ে রাস্তায় ঢেলে দেয়।
আসলে প্রতিটা সমস্যারই প্রকৌশল সমাধান আছে। একটা রাস্তা বানানোর সময় আপনাকে মাটি পরীক্ষা করতে হবে, আপনি খোয়া দিচ্ছেন নাকি নুড়ি দিচ্ছেন, তার আকার-প্রকার কী, কতটা পানি ব্যবহার করছেন, কতটা চাপ দিচ্ছেন, কোন স্তর কত পুরু করছেন, প্রতিটির হিসাব আছে, গবেষকেরা শত বছর ধরে গবেষণা করে সেসব লিখে রেখে গেছেন আর প্রতিনিয়ত নতুন গবেষণার ফল যুক্ত হচ্ছে। চীনা রাষ্ট্রদূত যে বলেছেন, ছয় মাসে কেন, ছয় বছরেও রাস্তা নষ্ট হবে না, বাংলাদেশের প্রকৌশলীরাও নিয়ম মেনে হাতে থার্মোমিটার নিয়ে নেমে রাস্তা বানালে বিটুমিনের রাস্তাও ১২ বছরে কিছু হবে না। কিন্তু আমরা কি প্রকল্পগুলো আসলে রাস্তা বানানোর জন্য করি, নাকি আমাদের আর কোনো উদ্দেশ্য থাকে?
বাংলাদেশের অনেক প্রকল্পই আসলে কাউকে না কাউকে টাকা পাইয়ে দেওয়ার প্রকল্প। সমস্যাটা সেখানেই। একটা প্রকল্প হতে হবে সম্ভাব্যতা যাচাই-বাছাই করে, তার পরিবেশগত অভিঘাত বিবেচনায় নিয়ে, তারপর ওই প্রকল্পটা পাবে সবচেয়ে যোগ্য দক্ষ অভিজ্ঞ ব্যয়সাশ্রয়ী প্রতিষ্ঠান, গোপন টেন্ডারের মাধ্যমে, তারপর প্রতিটা স্তরে সেটার প্রকৌশল মান নিরীক্ষা করা হবে। আমরা জানি, বালু আর সিমেন্ট মেশাতে হয় ইট গাঁথার সময়, কিন্তু তাতে কতটা পানি দেওয়া হবে, সেটারও যে মাপ আছে, তা কি আমরা জানি?
আরেকটা আজব কাণ্ড দেখবেন। যত খোঁড়াখুঁড়ি, সব হবে বর্ষাকালে। এর কারণ জুন মাসে বাজেট পেশ করা হয়, আগের বছরে যা বরাদ্দ হয়েছিল জুন মাসের মধ্যে ব্যয় না করলে টাকা ফিরে যাবে, তাই জুন মাসে আমরা রাস্তা খুঁড়তে শুরু করি।
পাকা রাস্তার বিশেষ করে পিচঢালা রাস্তার প্রধান শত্রু জমে থাকা পানি। আপনারা দেখবেন, মহাসড়ক বা রাজপথের সেই জায়গাটা ভাঙাচোরা, যেখানে পানি জমে থাকে। দুপাশে দোকানপাট উঠেছে, পানি নেমে যাওয়ার জায়গা নেই। ওই রাস্তায় যখন চলে ভারী যান, রাস্তা ভাঙবেই। আইনুন নিশাত স্যার বলছিলেন, ‘আনিস, তুমিও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আমিও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আমাদের শেখানো হয়েছে, রাস্তার মধ্যভাগ উঁচু থাকবে, আর বাঁকা রাস্তার একটা পাশ হবে উঁচু, সেই বিদ্যার কোনো চিহ্ন আমাদের রাস্তায় দেখেছ? আর ভারী যানবাহন যায় বলে যদি রাস্তা ভাঙে, তাহলে তুমি রাস্তাটা তেমনি করে বানাও, যাতে ভারী যানবাহন চলতে পারে।’ মহাসড়কের দুপাশে যেখানে দোকানপাট উঠেছে, সেখানে অবশ্যই পানিনিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে।
আর প্রতিবছর কার্পেটিং করতেও তো মজা। টাকা বরাদ্দ হয়। বছরের পর বছর রাস্তা উঁচু করতে করতে তা দুপাশের বাড়িঘরের পিড়ালির চেয়ে উঁচু হয়ে যাচ্ছে, ফুটপাতের চেয়ে উঁচু হয়ে যাচ্ছে, ম্যানহোলের ঢাকনার জায়গা তাই গর্ত। এই সমস্যারও সমাধান আছে। মেশিন আছে, যা পুরোনো রাস্তাটাকে খুঁড়ে তুলে পুনঃ চক্রায়িত করবে, তারপর সেসব বিছিয়ে দিয়ে রাস্তা বানিয়ে ফেলবে। সবই করা যায়, কিন্তু উদ্দেশ্যটা হতে হবে মানুষের সেবা নিশ্চিত করা, টাকা মেরে দেওয়া নয়।
এইখানেই আমি আবার অর্থনীতিবিদ ড. মুশতাক হোসাইন খানের কথা পাড়ব। তিনিও একবার এসেছিলেন প্রথম আলোয়। বলছিলেন, চীনে কিংবা গুজরাটের মডেলকে তিনি বলছেন উন্নয়নবান্ধব মডেল, যেখানেও দুর্নীতি হয়, কিন্তু কোনো একটা প্রকল্পের কাজের মান নিয়ে কেউ আপস করে না। বাংলাদেশে অন্তত ততটা যদি হতো, টেন পারসেন্ট সরিয়ে ৯০ পারসেন্ট যদি লাগানো হতো জনগণের উপকারের জন্য! আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ঝকঝক-তকতক করত! কিন্তু আমরা তো সেই দেশ, যেখানকার কৌতুক হলো, পুকুর না কেটে পুকুর কাটার অর্থ মেরে দিয়ে আবার সেই পুকুর ভরাট করার জন্য অর্থ বরাদ্দ করা!
এই অপধারা থেকে আমাদের বেরোতে হবে। সবাইকে। কিন্তু খবরদারি না থাকলে, জবাবদিহি না থাকলে, শাস্তির নজির না থাকলে দুর্নীতি হবেই। সেটার নজির স্থাপন করতে হবে ওপর থেকে। চাই রাজনৈতিক সদিচ্ছা, অঙ্গীকার ও তার বাস্তব উদাহরণ।
পানি নেমে যাওয়ার ব্যবস্থা না থাকলে রাস্তাঘাট ভাঙবেই। আর সঠিক পরিকল্পনা, নকশা, প্রকৌশল ব্যবস্থাপনা, নজরদারি, উপাদান, কারিগরি পদ্ধতি ব্যবহার করা হলে রাস্তা ছয় মাসে ভাঙার কোনো কারণ নেই। তবে আপাতত এই কথা বলতে পারি যে দেশের রাস্তাঘাটের অবস্থা বেসামাল। জরুরি ভিত্তিতে শহর নগর বন্দর গ্রাম জনপদ ও মহাসড়কে রাস্তা মেরামতে এগিয়ে আসার এখনই সময়।
এই কথা শুনে হয়তো টেন্ডারবাজেরা হাসছেন। আসছে দেশে শুভদিন...
হাসুক। তবু রাস্তাঘাট তো ভালো করতেই হবে।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।