ষোড়শ সংশোধনীর রায় প্রকাশের পরদিন থেকেই আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক, খুশি-নাখোশ, বাহবা-পদত্যাগ ইত্যাদির যে ঝড় বইছে, তা যে এখনই প্রশমিত হবে তার আলামত চোখে পড়ছে না। অবশ্য আগামী দু-চার দিনে ঈদযাত্রার ভোগান্তি যদি চরমে ওঠে আর মুশফিক-সাকিব বাহিনী যদি অস্ট্রেলিয়ানদের নাস্তানাবুদ করতে পারে, তাহলে এই দুটি বিষয় সংবাদমাধ্যমের প্রধান হেডলাইন হবে। ষোড়শ সংশোধনী বিতর্ক তখন হয়তো পিছপা হবে।
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রায় এক মাস ধরে টক শোগুলোতে এত বেশি টোকাটুকি হয়েছে যে দিনের পর দিন পত্রিকাগুলোতে এত লেখালেখি হয়েছে আর ছোট নেতা-বড় নেতাদের মন্তব্য-বিবৃতির যে বন্যা বইছে, তাতে হারিয়ে যাওয়া বা উদ্ভ্রান্ত না হয়ে উপায় নেই। এতদ্সত্ত্বেও সমালোচকদের কিছু কথা, আক্ষেপ-অসন্তুষ্টি বারবার ঘুরেফিরে ব্যক্ত হয়েছে। এগুলোর অন্তত দু-চারটা আমলে নিয়ে সমাধানের চিন্তা করা এখন জরুরি। সমস্যাগুলো এড়িয়ে চললে তো সমাধান হবে না। সমস্যাগুলো জটিল, তাই একক বা একটি নির্ঘাত সমাধান নেই। তবু আলোচনা শুরু করা যায়। তাই অধমের এই প্রয়াস।
১ নম্বর সমস্যা
সমস্যা অনেক। সমালোচকেরা কেউই সমস্যা নম্বর ওয়ান, টু, থ্রি—এভাবে উপস্থাপন করেননি। আমরাই সাজিয়ে নিচ্ছি। সমস্যা নম্বর ওয়ান অনেকটা এ রকম—৩৫০ জন সাংসদ আলাপ-আলোচনা করে, সংসদে তর্ক-বিতর্ক করে, চুলচেরা বিশ্লেষণ করে সংবিধানের একটা সংশোধন আনবেন আর দুই বিচারপতি তাঁদের কলমের এক খোঁচায় সার্বভৌম সংসদের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করবেন, এটা তো আর হতে দেওয়া যায় না।
বলে রাখি, বেশির ভাগ ক্ষেত্রে হাইকোর্টের বেঞ্চ গঠিত হয় দুজন বিচারপতি নিয়ে। কিছু ক্ষেত্রে একজন এবং বিশেষ কিছু মামলার ব্যাপারে বছরে একবার কি দুবার তিন বিচারপতির বেঞ্চ বা কোর্ট হয়। ষোড়শ সংশোধনী বাতিলের হাইকোর্টের রায় দিয়েছিলেন তিনজন বিচারপতি। দুজন রায় দিয়েছিলের বাতিলের পক্ষে, একজন বিপক্ষে। পরে অবশ্য আপিল বিভাগের সাতজন বিচারপতির সবাই বাতিলের পক্ষেই রায় দিয়েছেন।
এতে অবশ্য মূল সমালোচনার পয়েন্টের হেরফের হয়। দু-তিন বা সাতজনই হোক না, তাঁরা তো মহান সার্বভৌম সংসদের রায় অর্থাৎ আইন বা সংবিধান সংশোধনী বাতিল করে দিচ্ছেন।
এই প্রজাতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের প্রতিনিধিত্বকারী সংসদের মাথার ওপর ছড়ি ঘোরাবেন, মহান সংসদের সিদ্ধান্ত বাতিল করবেন—এটা বরদাশত করা অগণতান্ত্রিক। অর্থাৎ জনগণের অবমাননা। এমন কথাও সংসদে এসেছে যে বিচারপতিদের নিয়োগ দিই আমরা, বেতন-ভাতা ঠিকঠাক করে সংসদ আর তাঁরাই কি না সংসদের ওপর কথা বলেন!
অতএব, সমাধান একটাই। বিচারপতিদের এই ক্ষমতা বাতিল করতে হবে। সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করে।
জটিল ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। খসড়টা সাদামাটাভাবে আমরা উপস্থাপন করি। সরকার বাহাদুরের যদি পছন্দ হয় এবং পরে যদি অধমকে যৎসামান্য হাদিয়ার আশ্বাস দিয়ে বিস্তারিত ‘পেপার’ লেখার হুকুম দেন, তখন তা অবশ্যই পালন করব।
প্রথমে সংশোধন করতে হবে সংবিধানের সপ্তম অনুচ্ছেদ। ড. কামাল হোসেন গং লিখে খালাস ‘...সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।’
সব গন্ডগোলের মূলে এই সপ্তম অনুচ্ছেদ। ছুতা পেলেই দুই বিচারপতি বলে বসেন, সংসদের পাস করা এই আইন বা সংবিধান সংশোধন (সংবিধান সংশোধনটাও একটা আইন) সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, অতএব বাতিল।
তাই সোজা সমাধানটা হলো এই সপ্তম অনুচ্ছেদ বাতিল বা বিলুপ্ত করতে হবে। তাহলে বিচারপতিদের ক্ষমতাও বাতিল হয়ে যাবে।
এরপর সংশোধন করতে হবে সংবিধানের ছাব্বিশ অনুচ্ছেদ। ছাব্বিশ থেকে সাতচল্লিশ অনুচ্ছেদ নিয়ে সংবিধানের তৃতীয় ভাগ। এই তৃতীয় ভাগে সব মৌলিক অধিকারের কথা বলা আছে। এই তৃতীয় ভাগের শুরুর অনুচ্ছেদ হলো ছাব্বিশ। ছাব্বিশ অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্র (অর্থাৎ শুধু সংসদ নয়, রাষ্ট্রপতির জারি করা আইনসম অধ্যাদেশকেও বোঝায়), এই সব মৌলিক অধিকারের পরিপন্থী কোন আইন করতে পারবে না আর যদি করেই ফেলে তাহলে সেই আইন বা মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইনের অংশটি বাতিল হইয়া যাইবে।’ অর্থাৎ রাষ্ট্র আইন করে পার পাবে না। অর্থাৎ এই অনুচ্ছেদেরও ‘...বাতিল হইয়া যাইবে’ অংশটা জবাই করতে হবে।
২০০৩ সালে সংসদ দ্বারা পাস করা একই আইন মৌলিক অধিকারের পরিপন্থী বলে মামলা ঠোকা হয়েছিল। যদিও সংসদের পাস করা আইন, কিন্তু ওটা তো ছিল বিএনপির সংসদ, বিএনপির আইন। ওই আইন বাতিলের মামলায় বর্তমান সরকার পক্ষ বিশেষ কোনো উচ্চবাচ্য করেনি। হাইকোর্ট আইনটি বাতিল করার পর বর্তমান সরকার আপিল বিভাগে আপিলও করেনি।
সব নষ্টের মূলে বা গোড়ায় যে দায়ী সে হলো সংবিধানের এক শ দুই অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের মোদ্দা কথা হলো, হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকার বলবৎ করার জন্য উপযুক্ত নির্দেশাবলি বা আদেশাবলি দান করতে পারবে। এক শ দুই অনুচ্ছেদে দেওয়া এই ক্ষমতারই অহরহ যচ্ছেচার হচ্ছে। রিট মামলার শুরুতেই আমরা লিখি—এক শ দুই অনুচ্ছেদের অধীন আবেদনপত্র।
অতএব এটাকেও কতল করতে হবে।
সমাধানের সারমর্ম হলো—সংবিধানের যেসব অনুচ্ছেদের ক্ষমতাবলি দুই বিচারপতির কলমের এক খোঁচা, সেই ৭, ২৬ আর ১০২ অনুচ্ছেদকে কিছু কাটছঁাট করলে ল্যাঠা চুকে যায়। সংসদের সার্বভৌমত্ব সম্পূর্ণ প্রস্ফুটিত হবে।
সুহৃদ পাঠক যাতে এই মনে না করেন যে এই প্রস্তাবগুলো অবাস্তব বা ভিত্তিহীন, সেই জন্য মনে করিয়ে দেব যে অতীতে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এই তিনটা অনুচ্ছেদের কাটাছেঁড়া হয়েছিল। সংবিধান সর্বোচ্চ আইন থাকুক বা না থাকুক, বা মৌলিক অধিকার কিছু হেরফের (যেমন: গুম, হত্যা ইত্যাদি) আর বিচারপতিদের এতসব ক্ষমতার কিছুটা দড়ি টেনে ধরা—দেশের স্বার্থে সবই মঙ্গলজনক হতে পারে, ভীষণভাবে।
অবশ্য আরও দু-একটা জায়গায় পরিবর্তন লাগবে। তবে সব এখনই বলে দিয়ে সরকার বাহাদুরকে যৎসামান্য হলেও সেবা করার সুযোগের আশাটা সম্পূর্ণ বৃথা হয়ে যেতে পারে।
২ নম্বর সমস্যা
ইতিহাস বিকৃত হচ্ছে। আইন পাস হবে হবে করেও হচ্ছে না। ইতিহাস বিকৃতি নিষিদ্ধ করার জন্য ল কমিশন প্রণীত আইনের একটা খসড়া কে যেন দিয়েছিলেন। হাতের কাছে এখন আর খুঁজে পাচ্ছি না। যত দূর মনে পড়ে, ওই খসড়ায় ইতিহাস বিকৃতির সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছিল ১০ বছর কারাবাস। খসড়াটার সময় এবং এখনো ল কমিশনের নেতৃত্বে আছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ওই খসড়ায় আরও দু-একটা বিধান যোগ করতে হবে—এই আইনের অধীন দণ্ডিত ব্যক্তির নাগরিকত্ব বাতিল হবে এবং তিনি কোনো পদ কস্মিনকালেও পাবেন না।
আইনটাকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আইনের সঙ্গে সংযুক্তি বা তফসিল লাগবে। ক্লাস থ্রি বা ফোরের ছাত্রছাত্রীদের পড়া এবং মুখস্থ করার জন্য এক বা দুই পৃষ্ঠার একটা সঠিক ইতিহাস। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আট-দশ পৃষ্ঠার সঠিক ইতিহাস। এবং পর্যায়ক্রমে মাস্টার্স এবং প্রতিযোগিতামূলক কর্মকর্তার চাকরির পরীক্ষার জন্য এক শ বা দুই শ পৃষ্ঠার সঠিক ইতিহাস।
যেহেতু ইতিহাস বিকৃতি নিষিদ্ধ আইনটা হবে একটা ফৌজদারি আইন, সেহেতু সব ফৌজদারি আইনের মতো এই আইনেও স্পষ্ট করে বলা থাকতে হবে কোনটা সঠিক আর কোনটা বিকৃত ইতিহাস।
অবশ্য এই ব্যাপারে অর্থাৎ ইতিহাস সম্পর্কে জ্ঞানের স্বল্পতার কারণে সরকার বাহাদুরকে সাহায্য-সহযোগিতার ধৃষ্টতা আমাদের নেই। তবে বর্তমানে সঠিক ইতিহাসজান্তা, ইতিহাসবিদ বা ইতিহাসের পণ্ডিতের তো দেশে অভাব নেই। বড় দল বা কমিটি করে কাজ ভাগাভাগি করে দিলে কয়েক সপ্তাহেই কাজটা সুসম্পন্ন করা যাবে। সঠিক ইতিহাসটা সঠিক হয়েছে কি না তার সঠিক সিদ্ধান্তের গুরুদায়িত্ব দেওয়া যেতে পারে বিচারপতি এ বি এম খায়রুল হককে।
শেষ করি একটু তাত্ত্বিক যুক্তি দিয়ে। কার্ল মার্ক্স তো ছিলেন মূলত ইতিহাসবিদ। মানব ইতিহাসের চালিকাশক্তির খোঁজে এবং বিশ্লেষণ করতে গিয়ে যে ইতিহাস লিখলেন, সেই ইতিহাসকে সঠিক ইতিহাস মনে করে পুরো বিংশ শতাব্দী সারা বিশ্বে যে হানাহানি (বামপন্থী বিপ্লব, গৃহযুদ্ধ, বিপ্লব-বিপ্লব, ইত্যাদি) হয়েছে এবং দুঃখ-দুর্দশা ঘটেছে, তার কিছুই সম্ভবত ঘটত না যদি মার্ক্সের বইগুলো গোড়াতেই নিষিদ্ধ হতো। ব্যাটার প্রভাবে ‘সমাজতন্ত্র’ শব্দটা এখনো আমাদের সংবিধানে বহাল তবিয়তে আছে, তবে পঞ্চম সংশোধনীর যোগ করা অতিরিক্ত দু-চারটা শব্দসহ।
বিংশ শতাব্দীর মাঝামাঝি (সম্ভবত ১৯৬১) ইতিহাস কি (What is history) নামে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ই এইচ কার-এর বইটা বহুদিন ইতিহাসবিদদের ভুগিয়েছে। মোদ্দা কথা, ইতিহাস বিপজ্জনক হয়ে যাওয়ার উদাহরণ ভূরি ভূরি। তাই সঠিক ইতিহাসটা দরকার, যাতে আমরা কেউ ভুল না করি।
বলাবাহুল্য, উপন্যাস কখনো সঠিক হয় না। বেশির ভাগ ক্ষেত্রে উপন্যাস বা সাহিত্য সঠিক-বেঠিকের বিতর্কের ঊর্ধ্বে। তবে উপন্যাসেও তো দেশ-সমাজ-জাতির চিত্র ফুটে ওঠে। কল্পনানির্ভর চিত্র। তাই উপন্যাস পড়া যায়, যেকোনোটাই। কিন্তু ইতিহাসের ব্যাপারে সাবধান!
ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট। আইনের শিক্ষক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।