রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের সার্কাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিপা​বলিকান পার্টির বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও জেব বুশ
রিপা​বলিকান পার্টির বিতর্কে ডোনাল্ড ট্রাম্প ও জেব বুশ

আমেরিকায় রিপাবলিকান পার্টির যেসব নেতা-নেত্রী আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁদের দলের মনোনয়ন প্রার্থনা করছেন, তাঁদের সংখ্যা ১৭। ফক্স টেলিভিশন কর্তৃপক্ষ, যারা রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীদের প্রথম বিতর্ক প্রচারের সুযোগ পায়, তারা আগেভাগেই জানিয়ে দিয়েছিল, মোট ১০ জনকে মঞ্চে ওঠার সুযোগ দেওয়া হবে। অতএব, বাকি সাতজন, যঁাদের পক্ষে জনমত সর্বনিম্ন, তঁাদের ছেঁটে ফেলা হবে।
গতকাল রাতে ওহাইওর ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত সেই বিতর্কে অংশগ্রহণের সুযোগ জোটে সাকল্যে ১০ জনের। তবে একে বিতর্ক না বলে সার্কাস নামে অভিহিত করলেই অধিক সংগত হবে।
পালের গোদা ছিলেন নিউইয়র্কের ধনকুবের ও ক্যাসিনো মালিক ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে আসা কাগজপত্রবিহীন অভিবাসীদের ঢালাওভাবে ধর্ষক, খুনে ও আইন ভঙ্গকারী অভিহিত করে তিনি তাঁর দলের অতি কট্টরপন্থীদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি এ মুহূর্তে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। বিতর্ক সৃষ্টিতে ট্রাম্পের জুড়ি নেই। তিনি বারবার দাবি করে এসেছেন, এসব অপরাধী অবৈধ অভিবাসীদের যে মেক্সিকো সরকার পাঠাচ্ছে, সে কথার প্রমাণ তাঁর কাছে রয়েছে। তাঁর কাছে কী প্রমাণ রয়েছে, জানতে চাওয়া হলে নয়ছয় করে ট্রাম্প যা বললেন তার মোদ্দা অর্থ, সীমান্ত অঞ্চল সফরের সময় সীমান্তরক্ষীদের কাছে তিনি সে কথা শুনেছেন।
ট্রাম্প একাধিকবার তাঁর অপছন্দ, এমন নারীদের ‘অতি স্থূলকায় শূকর, কুকুর, মূর্খ ও জঘন্য জন্তু’ নামে অভিহিত করেছেন। তাঁকে সে কথা স্মরণ করিয়ে দিলে ট্রাম্প চটজলদি জবাব দেন, তিনি এমন কথা শুধু টিভি তারকা রোজি ও’ডনেল–এর বিষয়ে বলেছেন। উল্লেখ্য, আমেরিকার ভোটারদের অধিকাংশ নারী, তাঁদের সমর্থন ছাড়া হোয়াইট হাউসে ঢোকার চাবির গোছা হাতানো অসম্ভব। ট্রাম্প হয় সে কথা জানেন না, অথবা এ নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই।
ট্রাম্প বরাবর এ কথাও বলেছেন, তিনি সফল ব্যবসায়ী। নিজের মাথায় টোকা দিতে দিতে তিনি বলেন, এ দেশকে আবার সুবর্ণ সময়ে একমাত্র তিনিই ফিরিয়ে নিতে পারেন। বিতর্কের প্রশ্নকর্তা তাঁকে মনে করিয়ে দেন, ট্রাম্পের একাধিক ব্যবসার লালবাতি জ্বলেছে, ফলে অসংখ্য বিনিয়োগকারী তাঁদের পুঁজি খুইয়েছেন এবং হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন। যিনি নিজের ব্যবসা চালাতে পারেন না, দেশ চালাবেন কী করে? জবাবে ট্রাম্প বলেন, তিনি মোটে চারবার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। তা ছাড়া এর ফলে যাঁদের পুঁজি খোয়া গেছে, তাঁরা কেউই খুব সুবিধার লোক নন।
তবে ট্রাম্পের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল বিতর্কের একদম গোড়াতে। প্রত্যেক প্রার্থীর কাছে জানতে চাওয়া হয়, নিজে মনোনীত না হলে প্রাক্নির্বাচনী প্রক্রিয়া শেষে বিজয়ী প্রার্থীকে তাঁরা সমর্থন জানাবেন এবং নিজে অন্য কোনো দলের পতাকাতলে নির্বাচনে অংশ নেবেন না, এমন প্রতিশ্রুতি দিতে তাঁরা প্রস্তুত কি না? জবাবে একমাত্র ট্রাম্প হাত তুলে জানান, তিনি এমন প্রতিশ্রুতি দিতে অপারগ। তিনি নিজে প্রার্থী হলে তাঁকে সমর্থন জানাবেন, তার বেশি প্রতিশ্রুতি দেওয়া তাঁর পক্ষে অসম্ভব। ট্রাম্পের সে কথায় বিদ্রূপ করে সিনেটর র্যান্ড পল মন্তব্য করেন, এই লোকটা, যে টাকা দিয়ে রাজনীতিকদের কিনতে অভ্যস্ত, এখন থেকেই প্রমাণ রাখছে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের জন্য তিনি কাজ করছেন। উল্লেখযোগ্য, ট্রাম্প বা অন্য যেকোনো রিপাবলিকান প্রার্থী যদি দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেন, তাহলে এ কথা নিশ্চিত করে বলা যায়, তার ফায়দা পাবেন হিলারি, যাঁকে এ মুহূর্তে ডেমোক্রেটিক দলের শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিতর্কের আগেই ট্রাম্পকে একাধিক ভাষ্যকার এবং কোনো কোনো রিপাবলিকান প্রার্থী ‘ভাঁড় ও উন্মাদ’ বলে অভিহিত করেছেন। কিন্তু তাঁদের প্রথম বিতর্কে এক র্যান্ড পল ছাড়া অন্য সব রিপাবলিকান প্রার্থীই সমীহের সঙ্গে তাঁর নাম উচ্চারণ করেন। কারণ, অতি দক্ষিণপন্থী রিপাবলিকান সমর্থকদের মধ্যে ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থান অতি জনপ্রিয়। প্রার্থিতা নির্বাচনের এই প্রাথমিক পর্যায়ে মুখ্যত দলের সবচেয়ে অনুগত ও সবচেয়ে দক্ষিণপন্থী সদস্যরাই অংশ নিয়ে থাকেন। তাঁদের ভোটেই চূড়ান্ত প্রার্থিতা নির্ধারিত হবে আগামী বছরের জুনে। সে কথা মাথায় রেখে বাকি সবাই অতি সাবধানে ট্রাম্প ও অভিবাসন প্রশ্নে মন্তব্য করেন। এমনকি ফ্লোরিডার সাবেক গভর্নর, অভিবাসন প্রশ্নে যাঁর ঘোষিত অবস্থান অপেক্ষাকৃত নমনীয় এবং যিনি ট্রাম্পকে একসময় ‘আস্ত মূর্খ’ বলেছেন বলে জনশ্রুতি রয়েছে, তিনি পর্যন্ত মন্তব্য করেন, ট্রাম্পের কঠোর অবস্থানের প্রতি জনসমর্থন রয়েছে। অর্থাৎ আপাতত বাবা আমি এ নিয়ে জল ঘোলা করছি না।
বস্তুত, প্রথম বিতর্কের সিংহভাগজুড়েই ছিল হয় ট্রাম্প, নয়তো ট্রাম্পকে নিয়ে কথা-চালাচালি। তিনি একা মোট সাড়ে ১০ মিনিট কথা বলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন জেব বুশ, তিনি কথা বলেন সাড়ে আট মিনিট।
বিতর্কের অন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল আদালতের অনুমতি ছাড়া মার্কিন নাগরিকদের কথায় আড়ি পাতা নিয়ে নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ও সিনেটর র্যান্ড পলের মধ্যে তীব্র বাদানুবাদ। ক্রিস ক্রিস্টি বিনা অনুমতিতে আড়ি পাতায় আগ্রহী, কারণ এর ফলে ভয়াবহ সন্ত্রাসীদের আটকানো সম্ভব বলে তিনি মনে করেন। র্যান্ড পল সে কথার প্রতিবাদ জানিয়ে বলেন, আদালতের বাইরে কোনো রকম আড়ি পাতা মার্কিন শাসনতন্ত্রবিরোধী।
অন্য অধিকাংশ প্রশ্নে প্রায় সব রিপাবলিকান প্রার্থী একে অন্যের কথার প্রতিধ্বনি তোলেন। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বিষয়ে প্রত্যেকের অভিন্ন রায়, ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজই হবে এই চুক্তি বাতিল করা। একই কথা প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয় স্বাস্থ্যবিমা আইন প্রশ্নে। দায়িত্ব নিয়েই তাঁরা সে আইন বাতিল করবেন, তবে তার বদলে নতুন কী ব্যবস্থা নেবেন, তার কোনো ইঙ্গিত রাখেননি। রাশিয়ার পুতিন আমেরিকার শত্রু, অতএব ক্ষমতায় যাওয়া মাত্রই তাঁর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা হিসেবে ইউক্রেনের সরকারকে সামরিক সমর্থন দেবেন এবং পূর্ব ইউরোপের দেশগুলোয় সামরিক উপস্থিতি বাড়াবেন। ওবামার ব্যর্থতার কারণে ইসলামিক স্টেটের উদ্ভব হয়েছে, ফলে তাদের দমনে তঁারা সব রকম সামরিক শক্তি প্রয়োগ করবেন। আমেরিকাকে তার আগের গৌরবে ফিরিয়ে নিতে হলে সামরিকীকরণের বিকল্প নেই, এই কথাতেও কোনো দ্বিমত ছিল না। এক র্যান্ড পল ছাড়া অন্য সবাই সাফ সাফ জানিয়ে দেন, যেকোনো মূল্যে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন বজায় রাখবেন এবং তাদের আর্থিক-সামরিক সাহায্য দেবেন। গর্ভপাত প্রশ্নে প্রত্যেক প্রার্থী একে অন্যের চেয়ে কতটা গর্ভপাতবিরোধী, সে কথা প্রমাণে খোলামেলা প্রতিযোগিতায় লিপ্ত হন। এমনকি ‘ঈশ্বরের কাছ থেকে নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে’ সরাসরি কোনো বার্তা পেয়েছেন কি না, সে প্রশ্নেও তাঁদের জবাব ছিল অভিন্ন। হ্যাঁ, তাদের জীবন বাইবেল দ্বারা পরিচালিত এবং ঈশ্বরের সঙ্গে তাদের হরহামেশা বাতচিত হয়। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সবাইকে টেক্কা দিয়ে জানান, প্রতিদিনই ঈশ্বরের সঙ্গে তাঁর বাতচিত হয়।
এই বিতর্কে যদি কাউকে সামান্য ব্যতিক্রমী হিসেবে চিহ্নিত করতে হয়, তো তিনি হলেন ওহাইওর বর্তমান গভর্নর জন কেইশিচ। একমাত্র তিনি জানান, সমকামী বিবাহে তাঁর সম্মতি রয়েছে। তাঁর নিজের একটি কন্যা সমকামী, তাকে তিনি নিঃশর্ত ভালোবাসা দেবেন। কেইশিচ এমন কথাও বলেন, তিনি অভাবীদের স্বাস্থ্যবিমা তুলে নেবেন না, এমনকি কারাগারে অন্তরীণ মাদকাসক্ত বন্দীদের সাহায্য করবেন। তঁার এই মানবিক অবস্থানের কারণে অধিকাংশ মার্কিন ভাষ্যকারই এই বিতর্কে জন কেইশিচ বিজয়ী হয়েছেন, এমন অভিমত প্রকাশ করেছেন।
সন্দেহ নেই, কেইশিচের সাহস ও আন্তরিকতায় কিঞ্চিৎ আশার আলোর সন্ধান মিলেছে। কিন্তু বিতর্কে এই ১০ জনের মধ্যে কে বিজয়ী, সে কথার জবাবে তাঁর নাম এককথায় বলা যাবে না। তার কারণ, মনোনয়নের এই পর্যায়ে অর্থাৎ প্রাইমারিতে যুক্তি ও সুবুদ্ধি সর্বাগ্রগণ্য হবে, এমন কথা কেউ ভাবে না। গত ছয় বছরে, অর্থাৎ বারাক ওবামা নির্বাচিত হওয়ার পর থেকে, আমেরিকার শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে বর্ণবাদী ও অতি দক্ষিণপন্থী মনোভাব আসন গেড়ে বসেছে। এসব ভোটারের মন রক্ষায় রিপাবলিকান প্রার্থীরা যে কট্টর অবস্থান গ্রহণে একে অন্যকে ডিঙিয়ে যাওয়ার সব চেষ্টা চালিয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। মোটেই বিস্ময়ের কিছু থাকবে না, যদি অন্য কেউ নয়, ভাঁড় হিসেবে নিজের অবস্থান আরও পোক্ত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পই বিজয়ী হিসেবে উঠে আসেন। শুধু ভাঁড়ামো করেই এই লোক বর্তমানে রিপাবলিকান প্রার্থীর তালিকায় শীর্ষে রয়েছেন। বিতর্কের আগে নেওয়া জনমত গণনায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেব বুশের তুলনায় ট্রাম্প প্রায় ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।
এই বিতর্কে যদি কাউকে বিজয়ী হিসেবে নির্বাচন করতেই হয়, তাহলে অনেকের মতো আমিও ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে বেছে নেব। না, হিলারি ক্লিভল্যান্ডের বিতর্কে অংশ নেননি। তবে তাঁর নাম বারবার উঠে এসেছে, একজন প্রার্থী এমন কথাও বলেছেন, শুধু অভিজ্ঞতার ভিত্তিতে যদি কাউকে নির্বাচিত করতে হয়, তাহলে হিলারিকেই ভোট দিতে হবে। মনে রাখা দরকার, নির্বাচনে জিততে হলে শুধু অতি দক্ষিণপন্থী শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনে জেতা অসম্ভব। সে জন্য দরকার রিপাবলিকানদের সমর্থন করে এমন নিরপেক্ষ, এমনকি ডেমোক্রেটিক ভোটারদের সমর্থন আদায়। প্রথম বিতর্ক থেকে এ কথা মনে হয়নি, তেমন সমর্থন আদায়ে এই ১০ জনের কেউ আপাতত আগ্রহী।
আগামী বছরের জুনে রিপাবলিকান দল জাতীয় কনভেনশনের মাধ্যমে হারাধনের এই ১০ জন গুণধর পুত্রের কে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট পাবেন, তা চূড়ান্ত করবে। কিন্তু তার আগে আরও ১১টি বিতর্ক হবে, যা থেকে বেরিয়ে আসবে একজন বিজয়ী। সে পুলসিরাত এখনো বহুদূর। অতএব, সে কথা মাথায় রেখে, আসুন আপাতত আমরা বরং এই সার্কাস উপভোগ করি।
নিউইয়র্ক, ৮ আগস্ট ২০১৫
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।