রুগ্ণ শিল্পটি আর কতকাল রুগ্ণ থাকবে
ঢাকার এলিফ্যান্ট রোড দিয়ে নিউমার্কেটে যাওয়ার পথে ডান দিকে পড়ে ইস্টার্ন মল্লিকা নামের শপিং কমপ্লেক্স। ওটা দেখলেই মনে পড়ে যায়, একসময় এখানেই ছিল মল্লিকা সিনেমা হল। আরও মনে পড়ে গুলিস্তান সিনেমা হলের কথা। ছোটবেলায় সেজ মামার সঙ্গে গিয়ে দেখি গ্রেগরি পেকের এপিক সিনেমা গানস অব নাভারোন। কিংবা ফার্মগেটের আনন্দ সিনেমা হলে দেখা ওয়াসিম-জসীমের ওমর শরিফ।
নব্বইয়ের দশক থেকে বাংলা সিনেমার ভগ্নদশা শুরু হয়েছে। যতই দিন যেতে লাগল, দেখলাম কীভাবে প্রিয় সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। মল্লিকা সিনেমা হলের জায়গায় এখন শপিং কমপ্লেক্স। গুলিস্তান সিনেমা হলের অবস্থাও তাই। ফার্মগেটের আনন্দ ও ছন্দ সিনেমা হল অবশ্য এখনো ধুঁকে ধুঁকে চলছে।
নব্বইয়ের দশকের শুরুর দিকে দেশে সিনেমা হল ছিল প্রায় ১ হাজার ৫০০। কিন্তু ১৯৯৮ সালে কমে গিয়ে হয় ৯৬৭। এক দশকের মধ্যে সিনেমা হলের সংখ্যা ৫০০-এর কমে যাওয়ার একটা বড় কারণ হতে পারে কেব্ল বা ডিশ টিভির আগমন। নব্বইয়ের শুরুতেই সিএনএন বাংলাদেশে প্রথম পরীক্ষামূলক চ্যানেল দেখানো শুরু করে। তারপর এ দেশে ডিশ টিভি চ্যানেলের সংখ্যা বাড়তে থাকে। একই সময় কম্পিউটার, সিডি-ডিভিডি প্লেয়ার ইত্যাদি সহজলভ্য হতে শুরু করে এবং এসব মাধ্যমে সিনেমা দেখার প্রবণতা বাড়তে থাকে। সিনেমার দর্শকদের শুধু সিনেমা হলের ওপর নির্ভরশীল থাকতে হলো না, শুধু বাংলা সিনেমার ওপরেও নয়। আর হলে গিয়ে সিনেমা দেখা যতই কমতে থাকে, ততই হলমালিকদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই হলগুলোর অবকাঠামোর দিকে তাঁদের নজর কমতে থাকে। একসময় সিনেমা হলের মালিকদের মনে হয়, এই লোকসানের ব্যবসা আর কত দিন চালাব। ফলে সিনেমা হল ভেঙে তৈরি হয় শপিং কমপ্লেক্স বা ব্যবসায়িকভাবে লাভজনক অন্য কিছু।
চলচ্চিত্রশিল্পের কেউ কেউ বলেন, মানুষ সিনেমা হলে যাওয়া কমিয়ে দিয়েছে এ জন্য যে হলগুলোর অবস্থা খারাপ: অপরিষ্কার, গুমোট, ছারপোকা, অকেজো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি। কিন্তু শুধু এসব কারণেই মানুষ সিনেমা হলে যেতে চায় না, এমন ধারণা সম্ভবত ঠিক নয়। দর্শকদের হলবিমুখ হওয়ার মূল কারণ ভালো, রুচিসম্মত ছবির অভাব। তবে কিছু মেধাবী পরিচালক আছেন। তাঁরা ভালো কিছু কাজ করছেন। কিন্তু সংখ্যায় কম। বাংলাদেশে বছরে এখন ৫০-৬০টির মতো চলচ্চিত্র তৈরি হয়। এগুলোর মধ্যে দর্শকপ্রিয় হয় খুবই অল্পসংখ্যক। এত অল্পসংখ্যক ‘হিট’ ছবি দিয়ে একটা দেশের সিনেমাশিল্প কি ভালোভাবে চলতে পারে? আমরা এর মধ্যে প্রমাণ করেছি যে বিপুল সংখ্যক দর্শক টানার মতো ভালো চলচ্চিত্র বেশি সংখ্যায় তৈরি করার সামর্থ্য আমাদের এখনো হয়নি।
কিন্তু করণীয় কী? কী করলে আমরা সেই সামর্থ্য অর্জন করতে পারব?
স্বাধীনতার পর প্রায় অর্ধশতক হতে চলল, এখনো এই শিল্প নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতে পারেনি। এই পুরো সময়টাই এ দেশে ভারতীয় চলচ্চিত্র দেখানো বন্ধ ছিল। মাত্র ইদানীং যৌথ প্রযোজনা, আমদানি ইত্যাদি নামের কিছু কিছু কলকাতার বাংলা চলচ্চিত্র আসছে। কিন্তু চলচ্চিত্রশিল্পের লোকজন এর বিরোধিতা করেন। চলচ্চিত্র পরিবার, যৌথ পরিবার ইত্যাদি নামে বিভক্ত হয়ে রাজপথে আন্দোলন থেকে শুরু করে মারামারি পর্যন্ত ঘটে গেছে। আমরা হাজার হাজার মাইল দূরের হলিউডের একদম সাম্প্রতিক সিনেমাগুলো সিনেপ্লেক্সে গিয়ে নির্বিবাদে দেখছি, কিন্তু পাশের দেশের বলিউডের সিনেমা দেখতে পারছি না। বলিউড কিন্তু বিশ্বের অনেক দেশে দাপিয়ে বেড়াচ্ছে। সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলা হয়। রাস্তায় হিন্দি সিনেমার বিরুদ্ধে আন্দোলন, কিন্তু বাসায় কেব্ল টিভি, ইন্টারনেট, ইউটিউবে হিন্দি সিনেমা দেখা চলছে, হিন্দি গানের আওয়াজ সারা দেশে।
আসলে নিজের শিল্প-সংস্কৃতি সংরক্ষণের জন্য তার চর্চা প্রয়োজন। ‘সাংস্কৃতিক আগ্রাসন’ ঠেকানোর সবচেয়ে বড় উপায় হলো নিজের সাংস্কৃতিক পণ্যের মান উন্নত করার অবিরাম চেষ্টা করা। তা না করে অন্যের উন্নত পণ্য থেকে দর্শকদের বঞ্চিত করার চেষ্টা করলে তাতে কোনো লাভ হয় না। দর্শক নিজেই শেষমেশ বেছে নেয় তার বিনোদনের খোরাক কী হবে।
৩ এপ্রিল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে পরিশেষে এটাই বলব যে রুগ্ণ শিল্পকে শিশুশিল্প বলে বাইরের প্রতিযোগিতা থেকে রক্ষা করার ভাবনাটি স্বাস্থ্যকর বলে এ দেশে প্রমাণিত হয়নি। প্রতিযোগিতা ছাড়াই তো আমাদের প্রায় অর্ধশতক কেটে গেল। উন্নতির লক্ষণ কোথায়? আমাদের উটপাখির মতো বালুতে মুখ গুঁজে থাকলে আমাদের চলচ্চিত্রশিল্পের উন্নতি হবে না। আত্মজিজ্ঞাসার মুখোমুখি হতে হবে, কেন উন্নতি হচ্ছে না। আর কতকাল আমাদের চলচ্চিত্রশিল্প রুগ্ণই থেকে যাবে।
রুশাদ ফরিদী : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক
[email protected]