রুশ-মার্কিন সাইবার যুদ্ধ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়া ‘হ্যাক’ করেছে—এই অভিযোগ ইতিমধ্যে পুরোনো হয়ে গেছে। ন্যাশনাল ডেমোক্রেটিক কমিটির তথ্যভান্ডার ও হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারাভিযানের প্রধান জন পডেস্টার ই-মেইল অ্যাকাউন্ট থেকে ‘হ্যাক করা’ নথিপত্রের ভিত্তিতে আমেরিকা ও ইউরোপের সংবাদমাধ্যম নির্বাচনের বেশ আগে থেকেই প্রচুর সংবাদ পরিবেশন করেছে। নির্বাচনে যখন হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গেলেন, তখন অনেকে এমন কথাও লিখেছেন যে হিলারির এই পরাজয়ের পেছনে ওই ‘হ্যাকিংয়ের’ একটা বড় ভূমিকা ছিল।
রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের সেই পুরোনো অভিযোগ নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে আবার হইচই শুরু হয়েছে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৬ সালের শেষ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে। গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত তাঁর সংবাদ সম্মেলনের আগাম খবরে সংবাদমাধ্যম জানিয়েছিল, সংবাদ সম্মেলনে তিনি রাশিয়ার হ্যাকিং সম্পর্কে কথা বলবেন। কিন্তু সেই মুহূর্ত আসার আগেই আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিওর সঙ্গে প্রেসিডেন্ট ওবামার এক সাক্ষাৎকারের খবর বেরিয়ে যায়। শুক্রবার সকালে সেই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার আগেই নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন পত্রিকা সেটার বরাত দিয়ে খবর পরিবেশন করে। বৃহস্পতিবার লন্ডনের দ্য গার্ডিয়ান লেখে, প্রেসিডেন্ট ওবামা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়া যে সাইবার আক্রমণ চালিয়েছিল, যুক্তরাষ্ট্র তার প্রতিশোধ নেবে। পত্রিকাটি ওই সাক্ষাৎকারের অংশবিশেষ থেকে প্রেসিডেন্ট ওবামার প্রত্যক্ষ উক্তিও উদ্ধৃত করে: ‘আমার মনে হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, যখন কোনো বিদেশি সরকার আমাদের নির্বাচনের সৎ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে...তখন আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা পদক্ষেপ নেব—আমরা নিজেদের পছন্দমতো সময়ে পছন্দের জায়গায় পদক্ষেপ নেব। আমাদের পদক্ষেপগুলোর কিছু হতে পারে প্রকাশ্য, কিছু প্রকাশ্য নয়।’

>প্রতিটি শক্তিধর রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সাইবার গোয়েন্দাগিরি করতে গিয়ে পরস্পরের কম্পিউটার সিস্টেমে সিঁদ কাটার চেষ্টা নিরন্তর করে যাচ্ছে। যারা যা পারছে, তা-ই করছে

শুক্রবারের সংবাদ সম্মেলনেও প্রেসিডেন্ট ওবামা রাশিয়াকে হ্যাকিংয়ের দায়ে অভিযুক্ত করেছেন। এবার বরং তিনি খোদ প্রেসিডেন্ট পুতিনকেই টেনে এনেছেন। আমেরিকার ওপর রাশিয়ার ‘সাইবার আক্রমণের’ পেছনে রুশ সরকারের উচ্চপর্যায়ের হাত ছিল—এমন অভিযোগ মার্কিন গোয়েন্দারা আগেই প্রেসিডেন্ট ওবামার কাছে করেছেন। তাঁরা তাঁকে বলেছেন যে মাত্রার হ্যাকিং হয়েছে, তা রুশ সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া কোনো হ্যাকারের পক্ষে করা সম্ভব ছিল না। প্রেসিডেন্ট ওবামা শুক্রবারের সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ওপর তাঁর ‘অগাধ আস্থা’।
এর আগে আমরা খবর পেয়েছিলাম, যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থা সর্বসম্মতভাবে এক বিবৃতিতে বলেছিল, আমেরিকার বিরুদ্ধে যে সাইবার আক্রমণ হয়েছে, তার অনুমোদন দিতে পারেন শুধু রুশ সরকারের সর্বজ্যেষ্ঠ কর্মকর্তারা। প্রেসিডেন্ট ওবামা তাঁর সংবাদ সম্মেলনে সর্বজ্যেষ্ঠ কর্মকর্তা বলতে প্রেসিডেন্ট পুতিনকে ইঙ্গিত করে বলেছেন, ‘নট মাচ হ্যাপেনস ইন রাশা উইদাউট ভ্লাদিমির পুতিন।’
যা-ই হোক, মোদ্দা কথা হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সুস্পষ্ট ভাষায় রাশিয়াকে এবং ইঙ্গিতপূর্ণ ভাষায় প্রেসিডেন্ট পুতিনকে এই হুমকি দিলেন যে, যুক্তরাষ্ট্র সময়মতো ও জায়গামতো রাশিয়ার ‘সাইবার আক্রমণের’ প্রতিশোধ নেবে।
এই হুমকির মানে কী? ওবামা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট; তিনি রাশিয়ার বিরুদ্ধে যে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন, তা হালকা কোনো বিষয় নয়। যদিও কথিত আক্রমণ ও তার প্রতিশোধের হুমকি দুটোই ভার্চু্যয়াল, তবু এটা একটা যুদ্ধ-পরিস্থিতি। প্রেসিডেন্ট ওবামা কার্যত রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করার হুমকি আনুষ্ঠানিকভাবে উচ্চারণ করলেন।
কিন্তু পৃথিবীর সব দেশের নিজস্ব আইনে ‘সাইবার আক্রমণ’ বা ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার সিস্টেমে বিনা অনুমতিতে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ। নথিপত্র চুরি করা এবং সেগুলো ফাঁস করে দেওয়া আরও বড় অপরাধ। প্রেসিডেন্ট ওবামা ও তাঁর গোয়েন্দারা রাশিয়ার বিরুদ্ধে সেই অভিযোগই করেছেন। অর্থাৎ তাঁরা বলছেন, রাশিয়া অপরাধ করেছে এবং সেই অপরাধের পেছনে খোদ প্রেসিডেন্টের হাত আছে বলে অভিযোগ করছেন। অবশ্য রাশিয়া তাঁদের অভিযোগ ভিত্তিহীন, হাস্যকর ইত্যাদি বলে উড়িয়ে দিচ্ছে এবং বলছে যে আমেরিকা পারলে তাদের অভিযোগের সত্যতা প্রমাণ করে দেখাক। অর্থাৎ, রাশিয়া বলতে চাইছে, তারা আমেরিকায় ‘সাইবার আক্রমণ’ চালায়নি, কারণ তা অপরাধ।
এখন আমেরিকা ও প্রেসিডেন্ট ওবামা যখন নিশ্চিতভাবে রাশিয়াকে সাইবার অপরাধী বলছেন, তখন কেন তার আইনি প্রতিকার না চেয়ে ‘পাল্টা পদক্ষেপে’র হুমকি দিচ্ছেন? পাল্টা পদক্ষেপ মানে কি সাইবার আক্রমণই? অর্থাৎ, রাশিয়া যে অপরাধ করেছে বলে প্রেসিডেন্ট ওবামা অভিযোগ করছেন, তিনিও কি রাশিয়ার বিরুদ্ধে সেই একই অপরাধ করবেন বলে এই হুমকি?
আসলেই তাই।
কিন্তু বাস্তবে এ হুমকির কোনো অর্থ নেই। সাইবার যুদ্ধ আসলে ইতিমধ্যেই চলছে। শুধু আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার নয়, প্রতিটি শক্তিধর রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সাইবার গোয়েন্দাগিরি করতে গিয়ে পরস্পরের কম্পিউটার সিস্টেমে সিঁদ কাটার চেষ্টা নিরন্তর করে যাচ্ছে। যারা যা পারছে, তা-ই করছে। জুলিয়ান অ্যাসাঞ্জ আর এডওয়ার্ড স্নোডেন প্রেসিডেন্ট পুতিনের ভালো বন্ধু। এঁদের মতো ঝানু ‘হ্যাকার’ সম্ভবত ওবামার শিবিরে নেই।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
[email protected]