রোগীরাও রাষ্ট্রকে কর দেয়

১৩ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েছিলাম স্বেচ্ছায় রক্তদান করার জন্য। যার জন্য রক্ত দিতে গিয়েছিলাম সে মাত্র পাঁচ দিন বয়সের শিশু। শিশুটি ভর্তি ছিল ৩২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর শয্যায়। তার বাবা মঞ্জুর আলম রিকশাচালক। এটাই প্রথম সন্তান হওয়ায় তিনি স্বাভাবিকভাবেই আনন্দিত এবং উদ্বিগ্ন ছিলেন।
আমি যখন মেডিকেলে পৌঁছালাম, তখন বিকেল সাড়ে চারটা। আমার রক্তের নমুনা নিয়ে ‘ক্রস ম্যাচ’ করা হলো। প্রায় আধা ঘণ্টা পর ‘ক্রস ম্যাচ’-এর রিপোর্ট নিয়ে ওয়ার্ডে চলে যেতে বলা হলো। ওখানেই রক্ত নেওয়া হবে। ছয়তলায় ওয়ার্ডে পৌঁছানোর পর বদরাগী দারোয়ান শুধু আমাকেই ঢুকতে দিল। আমি রক্ত দেওয়ার জন্য সিরিঞ্জ-সুই এসব নিয়ে কর্তব্যরত ডাক্তারের কক্ষে ঢুকে দেখলাম, তিনি মোবাইল ফোনে মগ্ন।
কয়েক মিনিট অপেক্ষা করার পর তিনি আমার হাত থেকে জিনিসগুলো নিয়ে খুব বিরক্ত হয়ে বললেন, ‘এসব কী এনেছেন! আপনাদের কী বলি আর আপনারা কী করেন!’ বুঝতে পারলাম, মঞ্জুর আলম সম্ভবত দোকানে বুঝিয়ে বলতে পারেনি। ডাক্তারকে বললাম, ‘আপনি দয়া করে লিখে দিন। ওই জিনিসগুলো নিয়ে আসুক।’ ডাক্তারের লেখা কাগজটা নিয়ে ছয়তলা থেকে নিচে নেমে আবার জিনিসগুলো নিয়ে ফিরে আসতে প্রায় ছয়টা বেজে গেল। ওয়ার্ডে ঢুকে দেখি, ডাক্তার-নার্স সবাই যন্ত্র দিয়ে বাচ্চাটিকে কৃত্রিমভাবে শ্বাস দিচ্ছেন। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর ডাক্তার জানালেন, ‘বাচ্চার নিশ্বাস বন্ধ হয়ে গেছে। সম্ভবত আর আধা ঘণ্টার বেশি বাঁচবে না।’
মঞ্জুর আলম আর তাঁর স্ত্রী রীনা আক্তার পাগলের মতো ছোটাছুটি করছেন। তাঁদের দেখে ভীষণ মন খারাপ হলো। এই পরিবারের কাউকেই আমি চিনি না, আমি স্বেচ্ছাসেবী রক্তদাতা। এই মৃত্যু চিকিৎসকের অবহেলায় হয়েছে কি না, তা বলার সাধ্য আমার নেই। ফলে কারও প্রতি আমার অভিযোগও নেই। শুধু একটিই অনুরোধ, সেবামূলক পেশার সঙ্গে জড়িত মানুষেরা যেন সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। রোগীরা চিকিৎসকের প্রজা নয়। তাঁরা দেশের নাগরিক, তাঁরা কর দেন। নাগরিকের অধিকারবলেই তাঁরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাঁদের সঙ্গে এমন ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিকিৎসা পেশার সঙ্গে জড়িত মানুষদের সংবেদনশীল হওয়া উচিত।
লেখক: আইনজীবী, চট্টগ্রাম।