রোহিঙ্গা সংকটে আসিয়ানের ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের দুর্দশা দেশটির সরকারকে শিগগিরই বিপদগ্রস্ত করে তুলতে পারে। একই সঙ্গে তাদের নেতা শান্তিতে নোবেল বিজয়ী অং সা সু চির ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে। গত অক্টোবর থেকেই এই সংকট উত্তরোত্তর বাড়ছে। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু করলে এ পর্যন্ত ১৩০ জন রোহিঙ্গা মারা গেছে। অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই সময় সামরিক নেতারা দাবি করেছিলেন, অক্টোবরের ৯ তারিখে মংডু শহরের পুলিশের তল্লাশিচৌকিতে
হামলা চালিয়ে যারা নয়জন পুলিশকে হত্যা করেছিল, তাদের চিহ্নিত করতেই এই অভিযান চালানো হয়েছে।
স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, নভেম্বর মাসে নয় দিন আরও অনেক রোহিঙ্গার বাড়ি ধ্বংস করা হয়েছে। এতে ভস্মীভূত বাড়ির সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২৫০, অন্যদিকে ৩০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। জাতিসংঘ এই রাষ্ট্রহীন রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু মনে করে। এই অঞ্চলের শান্তিপূর্ণ দেশগুলোকেও এর ঝাপটা মোকাবিলা করতে হচ্ছে, যেমন বাংলাদেশ, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। কারণ, গৃহচ্যুত রোহিঙ্গারা এসব দেশে আশ্রয় নিচ্ছে। ফলে রোহিঙ্গা সংকট এখন আর স্রেফ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট নয়।
রোহিঙ্গা ইস্যুটি খুবই সতর্কতার সঙ্গে গ্রহণ করার কারণে আসিয়ানের সমালোচনা হচ্ছে। একই সঙ্গে তারা এটাও বুঝতে ব্যর্থ হয়েছে যে চলমান এই দ্বন্দ্ব সংশ্লিষ্ট অঞ্চলকে ধর্মীয় ও জাতিগতভাবে বিভক্ত করে ফেলতে পারে। এই অঞ্চলের ৬০ শতাংশ মানুষ মুসলমান, ১৮ শতাংশ বৌদ্ধ ও ১৭ শতাংশ খ্রিষ্টান। রোহিঙ্গাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, সেটাকে আশ্রয় প্রদানকারী দেশের ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলো ব্যবহার করার চেষ্টা করছে। ইন্দোনেশিয়ার মতো মুসলিম সংখ্যাগুরু দেশের জন্য এটা গুরুতর ঝুঁকি হতে পারে।
পলায়নরত রোহিঙ্গারা আশ্রয়দানকারী দেশে খুবই শোচনীয় পরিবেশে বাস করছে। তারা সেখানকার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সর্বক্ষণ লেগেই আছে। এই রোহিঙ্গারা সার্বক্ষণিক খাদ্যস্বল্পতার সঙ্গে লড়াই করে, ফলে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এদের দলভুক্ত করার চেষ্টা করতেই পারে। ফলে ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলো যে অনলাইনে ভিডিও বার্তা ছেড়ে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানাচ্ছে, তাতে বিস্ময়ের কিছু নেই। সম্প্রতি ইন্দোনেশীয় পুলিশ দুই জঙ্গিকে এই অভিযোগে গ্রেপ্তার করেছে যে, তারা নাকি জাকার্তায় মিয়ানমারের দূতাবাসে হামলা চালানোর পরিকল্পনা করছিল।
রোহিঙ্গা সংকট যেভাবে গভীরতর হচ্ছে, তাকে কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক চরমপন্থী গোষ্ঠীগুলো নিঃসন্দেহে সহানুভূতি সৃষ্টি ও নতুন সদস্য ভেড়ানোর চেষ্টা করবে। এই অঞ্চলে চরমপন্থার বিস্তার ঠেকাতে আসিয়ানের নেতাদের অবশ্যই কার্যকর কূটনৈতিক সমাধান খুঁজতে হবে, যাতে ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবন ব্যাহত না হয়। এই অঞ্চলের নেতারা ‘আসিয়ান ওয়ে’ শীর্ষক যে নীরব কূটনীতি ও মূল্যবোধভিত্তিক হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছিলেন, তাতে আসিয়ানের প্রথম দশকে দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছিল। কিন্তু এখন যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে, তখন অভ্যন্তরীণ সমস্যা মোকাবিলায় ‘সি নো এভিল, হিয়ার নো এভিল’ কৌশলের অকার্যকারিতা দৃশ্যমান হবে।
দৃশ্যত, মালয়েশিয়া সমস্যাটি বুঝতে পেরেছে। সম্প্রতি ইয়াঙ্গুনে পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক অনুষ্ঠিত হলো, সেখানে সমন্বয়ের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান ও রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতার তদন্তের আহ্বান জানানো হয়। বৈঠকের পর মিয়ানমার মানবিক সহায়তা ঢুকতে দেওয়া এবং আসিয়ান নেতাদের রোহিঙ্গা ইস্যুতে অবহিত রাখার ইচ্ছা ব্যক্ত করে।
সময় এসেছে, আসিয়ানকে এই আহ্বানে সাড়া দিতে হবে। একই সঙ্গে, তার কর্মপরিচালনা রীতিও পাল্টাতে হবে, যাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো পরিপক্ব গণতান্ত্রিক দেশগুলো দায়িত্বশীল বৈশ্বিক নেতা হতে এবং মানবিক সমস্যা সমাধানের দক্ষতা নিয়ে অন্যদের সহায়তা করতে পারে। আসিয়ানকে শক্তিশালী, রাজনৈতিকভাবে জবাবদিহিমূলক ও ইউরোপীয় ইউনিয়ন স্টাইলের সংগঠনে পরিণত করতে হবে। সেটা করতে হলে তাকে শান্তিপূর্ণ ও কার্যকর পন্থায় এই আঞ্চলিক মানবিক সংকট সমাধান করতে হবে।
অনানুষ্ঠানিক সূত্রমতে, বাংলাদেশে এখন প্রায় পাঁচ লাখ রোহিঙ্গার বসবাস। আর সর্বশেষ এই হামলার পর হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। ফলে বাংলাদেশ খুবই কঠিন পরিস্থিতিতে নিপতিত হয়েছে। ইতিমধ্যে মিয়ানমারের পররাষ্ট্র উপমন্ত্রী ঢাকা সফর করেছেন। ওদিকে মিয়ানমার যে রাখাইনবিষয়ক পরামর্শক কমিশন গঠন করেছে, তার তিনজন সদস্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের রোহিঙ্গা বস্তি সফর করেছেন।
এ ক্ষেত্রে আসিয়ান সাহায্য করতে পারে। সিঙ্গাপুরের মতো সদস্যরাষ্ট্রগুলো মিয়ানমার ও বাংলাদেশ উভয়ের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ফলে তারা এই দুই দেশকে স্থায়ী সমাধান খুঁজে বের করতে সহায়তা করতে পারে।
কিন্তু আসিয়ানকে প্রথমত রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, যাতে সে তার রাজনৈতিক পুঁজি ব্যয় করে এই সমস্যার দীর্ঘস্থায়ী ও ন্যায্য সমাধান বের করতে পারে। যদি সে তা করে, তাহলে মিয়ানমার, বাংলাদেশ ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে রোহিঙ্গাদের মধ্যে সৎ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে, যে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
সৈয়দ মুনির খসরু: ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি ও গভর্ন্যান্সের চেয়ারম্যান।