রোগীর স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের চিকিৎসাব্যবস্থা দিন দিন যত অগ্রসর হচ্ছে, ততই বাড়ছে চিকিৎসক-রোগী সম্পর্কের অবনতি, অস্থিরতা, মিডিয়ার নেতিবাচক দৃষ্টিভঙ্গি, সর্বোপরি কিছু অসাধু গোষ্ঠীর দুর্বৃত্তায়ন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন ঘটনা ঘটছে? মহান এ পেশায় কেন এই অস্থিরতা? এমনটি তো হওয়ার কথা নয়। তাহলে কীভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়? এসব ঘটনার অন্যতম কারণ, রোগীর স্বজন। রোগী যখন হাসপাতালে ভর্তি হন, তখন তাঁর সঙ্গে স্বজন আসবেন—এটাই স্বাভাবিক। কিন্তু কে হবেন সেই স্বজন?
সাধারণত বাবা-মা ভর্তি হলে সন্তানেরা কিংবা স্বামীর ক্ষেত্রে স্ত্রী অথবা স্ত্রীর ক্ষেত্রে স্বামী প্রকৃত অভিভাবক হতে পারেন, যাঁদের রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয় এবং এটাই প্রকৃত নিয়ম। কিন্তু আমাদের দেশে রোগী হাসপাতালে ভর্তি হলে উল্লিখিত স্বজনদের সঙ্গে আরও অনেক মানুষ আসেন, যাঁদের অধিকাংশই রোগীর কেউ নন। রোগীর এই অনাকাঙ্ক্ষিত আগন্তুকদের হাসপাতালে আসার দুটি কারণ হতে পারে: প্রথমত, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থাই এমন যে মানুষ খুব স্নেহময়, প্রতিবেশীর অসুখে এগিয়ে আসবেন। কিন্তু তাঁদের অনেকেই অকারণে সারা দিন হাসপাতালে অবস্থান করেন, তাঁদের বন্ধুবান্ধবকে ডেকে নিয়ে এসে অহেতুক আড্ডার সৃষ্টি করেন, ভিড় জমান, বিনা কারণে একটু পরপর কর্তব্যরত চিকিৎসক/নার্সকে রোগী সম্পর্কে বিভ্রান্তিকর প্রশ্ন করে বিব্রত করেন, হাসপাতাল সম্পর্কে নেতিবাচক কথা বলেন, অন্য রোগীর স্বজনদেরও উসকে দেন। পরিণামে উত্তপ্ত পরিস্থিতি, হাসপাতালে গোলযোগ, ভাঙচুর, মিডিয়ার উপস্থিতি, পুলিশ-লাঠিপেটা ইত্যাদি...!

>রোগীদের দূরপাল্লার আত্মীয়স্বজন অকারণে চিকিৎসকের সঙ্গে রোগীর অবস্থা সম্পর্কে অহেতুক তর্কে জড়াচ্ছেন। ফলে এ দেশের চিকিৎসাব্যবস্থায় অস্থিরতা বেড়ে চলেছে। আর রাজনৈতিক দলের কোনো রোগী কিংবা দলের কোনো কর্মী ভর্তি হলে তো দলীয় নেতা–কর্মীরা হাসপাতালে বেশি ভিড় করেন, হাসপাতালের কোনো নিয়মকানুনই মানতে চান না

অথচ প্রকৃত স্বজন ছাড়া রোগীর অসুখের খবর জানার কোনো অধিকার অন্য কারও নেই। বিদেশে তা জানানো হয় না। আমাদের দেশের করপোরেট হাসপাতালগুলোতে এই কালচার শুরুর চেষ্টা করা হলেও তা মানা হচ্ছে না। ফলে প্রায়ই নামীদামি হাসপাতালগুলোতে হট্টগোলের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, হাসপাতালে এলেই নিয়ম না মানার এই প্রবণতা মহামারি আকার ধারণ করছে। রোগীদের দূরপাল্লার আত্মীয়স্বজন অকারণে চিকিৎসকের সঙ্গে রোগীর অবস্থা সম্পর্কে অহেতুক তর্কে জড়াচ্ছেন। ফলে এ দেশের চিকিৎসাব্যবস্থায় অস্থিরতা বেড়ে চলেছে। আর রাজনৈতিক দলের কোনো রোগী কিংবা দলের কোনো কর্মী ভর্তি হলে তো দলীয় নেতা–কর্মীরা হাসপাতালে বেশি ভিড় করেন, হাসপাতালের কোনো নিয়মকানুনই মানতে চান না। নিয়ম না মেনে কর্তব্যরত দারোয়ানকে ধাক্কা দিয়ে হাসপাতালে প্রবেশ করে রোগীকে দেখতে যাওয়ার প্রবণতা তাঁদের মধ্যে বেশ লক্ষ করা যায়। উল্লেখ্য, স্বাস্থ্যব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের পরও অনেক উদ্যোক্তা এ দেশে স্বাস্থ্য খাতে উৎসাহ হারাচ্ছেন। পত্রপত্রিকায় চিকিৎসক-রোগীর স্বজনদের অযাচিত ঘটনার খবর প্রকাশের কারণে স্বাস্থ্য খাতে বিদেশি বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না বিনিয়োগকারীরা। সামগ্রিকভাবে এ দেশের মানুষ উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী?
এভাবেই কি চলবে মহান এই পেশার বেহাল দশা? অবশ্যই না। গুটিকয়েক অযাচিত, অনাকাঙ্ক্ষিত স্বজনের জন্য সামগ্রিকভাবে এই সেবা খাতের এত বড় অর্জন নষ্ট হতে পারে না। এর জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ গ্রহণ। হাসপাতালে রোগীর নিকটাত্মীয় ছাড়া কেউ থাকতে পারবেন না। কিছুদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বারডেমসহ অনেক বেসরকারি হাসপাতালে শুধু অবৈধ স্বজনের কারণে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় চিকিৎসক ধর্মঘটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে স্বাস্থ্যব্যবস্থায় বিপুল অগ্রগতি সাধিত হয়েছে। হৃদ্রোগ, কিডনি রোগ, লিভার রোগ, অঙ্গ প্রতিস্থাপন, ক্যানসার চিকিৎসাসহ জটিল নানা রোগনির্ণয়ের উন্নত যন্ত্রপাতিসহ সব উন্নত চিকিৎসা খুব সহজলভ্য এখন। তবু একশ্রেণির মানুষ নিজের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে বিদেশ যাবেন, সামান্য চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ করে আসবেন; অন্যদিকে বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করবেন—এটাই যেন রেওয়াজ হয়ে গেছে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। রোগীদের স্বজনদের সহযোগিতা প্রয়োজন সবচেয়ে বেশি।
ডা. আশীষ কুমার চক্রবর্তী: ব্যবস্থাপনা পরিচালক, আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতাল, মহাখালী, ঢাকা।