রোমাঞ্চকর জ্যোতির্বিজ্ঞানের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যোতির্বিজ্ঞানের শুরু সেই আদিকাল থেকেই। যখন মানুষ অপার বিস্ময়ে সূর্যোদয় দেখত। রাতের অনিশ্চিত অন্ধকার কাটিয়ে কখন সূর্য উঠবে। ভোর হবে কখন? এভাবেই জীবনের চলার পথের প্রয়োজনেই মানুষের আকাশের পানে ফিরে দেখা।

ফেলে আসা সময়ের মতো আজও আকাশের প্রতি রয়েছে মানুষের এক অদম্য আকর্ষণ। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ অথবা ধূমকেতুর আগমনে প্রচুর আগ্রহী মানুষ দেখতে পাই। তবে বাংলাদেশ খুবই ব্যতিক্রমী একটি দেশ, যেখানে প্রবল আগ্রহ থাকার পরও জ্যোতির্বিজ্ঞান বিষয়টি কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। আর এই না থাকার প্রয়োজনেই আমাদের উদ্যোগ নিতে হয় বিকল্প ভাবনার। শুরু হয় জ্যোতির্বিজ্ঞান বিষয় নিয়ে এক উৎসবমুখর আয়োজন, ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’।

১২ থেকে ১৭ বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য বার্ষিক আয়োজনটি শুরু হয় ২০০৬ সালে। জেলা শহরগুলোতে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আয়োজন করা হয় জাতীয় পর্যায়ের বা চূড়ান্ত প্রতিযোগিতার। সেই বিজয়ীরাই পরবর্তী সময়ে অংশ নেয় আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে।

প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের। সিনিয়র ও জুনিয়র গ্রুপে বিভক্ত ছাত্রছাত্রীদের জন্য বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই থাকবে প্রশ্নপত্র। ২০২০ সালে যৌথ আয়োজক হিসেবে দেখতে পাই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সহযোগিতায় থাকছে প্রথম আলো এবং ৭১ টিভি।

আসছে ৪ এপ্রিল ২০২০, শনিবার আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে আগ্রহীদের বাছাই কার্যক্রম। সেখান থেকে মোট ১ হাজার ২০০ প্রতিযোগীকে নিয়ে ১৭ এপ্রিল ঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হবে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা।

এ বছর ইতালিতে ২৫তম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসর বসছে। ঢাকায় চূড়ান্ত পর্বে বিজয়ী সিনিয়র গ্রুপের ২ জন ও জুনিয়র গ্রুপের ৩ জন ইতালিতে হতে যাওয়া ২৫তম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবে।

অপর দিকে জুনিয়র গ্রুপের ৪ জন ১৬তম এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এখানেই শেষ নয়, চূড়ান্ত পর্বে বিজয়ী সিনিয়র গ্রুপের বিশ্ববিদ্যালয়পড়ুয়া ২ জন রাশিয়া সরকারের বৃত্তি নিয়ে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান বিষয়ে পড়ার জন্য রাশিয়া যাবে। কথা হচ্ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, ‘বর্তমান বিশ্বদরবারে বাংলাদেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ, পড়াশোনা এমনকি গবেষণার বিকল্প নেই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডসহ দেশব্যাপী বিজ্ঞান কুইজ কার্যক্রম পরিচালনা করেছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ অবজারভেটরি, মিজো বাসসহ বিভিন্ন প্রজেক্ট দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রদর্শনীর ব্যবস্থা করছে। আমরা চাই বর্তমান প্রজন্ম পরিবেশসচেতন হোক। তাদের মধ্যে একই সঙ্গে বিজ্ঞান বিষয়েও আগ্রহ তৈরি হোক।’

 ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে যাদের জন্ম, শুধু সেসব ছাত্রছাত্রীই এই আয়োজনে অংশ নিতে পারবে। পারবে আবেদন করতে। আবেদন করতে চাইলে মার্চ ২৮, ২০২০ তারিখের মধ্যে আগ্রহীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে www. astronomybangla.com।

মশহুরুল আমিন বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান