রোহিঙ্গা শিশুদের ভয়ডরের কথা
আশার কথা, শিশু শরণার্থীদের বিশেষ চাহিদার কথা এখন অনেকেই ভাবছেন। নিঃসঙ্গ শিশুদের আলাদা করে রাখা না-রাখার বিষয়ে কিছু অভিজ্ঞতা, আন্তর্জাতিক স্বীকৃত নীতিমালা আর বিবেকের রেফারেন্স দিয়ে সামান্য আলোচনা করেছিলাম আগের একটা লেখায়। সাড়া ও খাঁড়া দুটোই মিলেছে। সাড়ার চেয়ে খাঁড়ার সংখ্যা একটু বেশি আর ধারালো। এমনটিই হওয়ার কথা। নিজ নিজ বিছানা বা আরামের জায়গা ছেড়ে কে উঠতে চায়? বিচ্ছিন্ন, নিঃসঙ্গ, ‘ঠিকানাবিহীন’ বা আইনের সংস্পর্শে আসা শিশুদের ‘নিরাপদ হেফাজত’ বা আটকে রাখার প্রতিষ্ঠানগুলোর নাম বদলে সাইনবোর্ডগুলো পরিবর্তনের কাজ শুরু হয় ‘শিশু অন্তঃপ্রাণ’ সতত অবস্থান পরিবর্তনকারী সাবেক স্বঘোষিত রাষ্ট্রপতি এরশাদের আমল থেকে। মুখে রং মাখলে ছবির মান বাড়তে পারে কিন্তু ব্যক্তির খাসলতের পরিবর্তন হয় কি? শুধু নাম নয়, বানান পরিবর্তন করেও খোদ ঢাকার গুণ-মান বাড়ানো যায়নি। এতিমখানার নাম কানন রাখলেই সেটা বাগান হয়ে যায় না। শিশু পরিবার নাম রাখলেই শিশুরা ফ্যামিলি পায় না। সংশোধন কেন্দ্রকে উন্নয়নের নামে ঢেকে দেওয়ার পরও যথেষ্ট উন্নতি হয়েছে কি?
নিঃসঙ্গ শিশুসহ সব শরণার্থী শিশুই বড় সংকটে আছে। কবি সুকান্তের কথায়, তাদের এখন ‘ভয় নিয়ে দিন কাটে নিত্য’—এ ভয় সাপ-খোপ, বাঘ-ভালুকের ভয় নয়। ভয় মানুষের ‘গোপন দুর্বৃত্তের’ নেকাবে ঢাকা মানুষ দুর্বৃত্তের। পরিদর্শক, ত্রাণকর্মী, সংবাদকর্মী, আলোকচিত্রী, ঠিকাদার, রিলিফের দালাল, হিঃ হিঃ দর্শক, কোনটা নেই সেখানে। যার যার অ্যাজেন্ডা নিয়ে উপস্থিত। ওপরের অ্যাজেন্ডার সঙ্গে তলার অ্যাজেন্ডার মিল নেই। সেই সঙ্গে আছে দোভাষীদের দুলদুলানি। কত চাপ সামলাবে শিশুরা, যখন তাদের খেলাধুলা আর শৈশবের দুরন্তপনা নিয়ে বেড়ে ওঠার কথা। শিশুরা হঠাৎ পরিণত হয়েছে চিড়িয়াখানার দ্রষ্টব্যে।
মনঃসংকটে থাকা শিশুদের সঙ্গে কথা বলা আর আচার-আচরণের একটা তালিকা আছে। আমার কার্যতালিকা বা অ্যাসাইনমেন্টের সঙ্গে তার বনিবনা না হলে আমি কেন শিশুকে বিরক্ত করব? বিরক্ত করছি?
রোহিঙ্গা শিশুদের ৮৫ ভাগই রোগাক্রান্ত। ঘরে ঘরে নানা ধরনের অসুখ। শরণার্থী শিবিরের পরিবেশ তাদের আরো রোগাক্রান্ত ও বিষণ্ন করে তুলছে। অনেক অভিজ্ঞ ত্রাণকর্মী ও সংবাদকর্মী খুব সঠিকভাবেই বলছেন, এসব শিশুর জন্য কিছু করা দরকার—খাবার, কাপড় আর শোবার জায়গা ছাড়াও তাদের জন্য বিশেষ কিছু করার জন্য কী করা দরকার? আপাতত তাদের বিরক্ত করাটা বন্ধ করলেও অনেক কিছু করা হবে। এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানের পরিদর্শন উপলক্ষেÿসম্প্রতি সাজসাজ রব পড়ে যায়। তাদের স্থানীয় কর্মী-সহকর্মীদের দিন-রাত এক হয়ে যায়। সবাই লেগে যায় কোথায় যাবেন তিনি? কোথায় গেলে একের ভিতর দশ দেখতে পাবেন—কোন নারী, কোন বৃদ্ধ, কোন প্রতিবন্ধী, কোন শিশুর সঙ্গে ছবি তুলবেন, কথা বলার ভান করবেন তা ঠিক করা কি চাট্টিখানি কথা! বর্মী বাহিনীর হাতে খুন হওয়া মা-বাবার এক সন্তানকে তার অভিজ্ঞতার কথা প্র্যাকটিস করতে গিয়ে কর্মী-শিশু দুজনেই কেঁদেকেটে হাপুস। শুধু জানটাকে বাঁচানোর জন্য মায়ের পিঠে করে চলে আসা শিশুদের এ রকম প্রশ্ন করা কি জায়েজ? মোটেও না, এসব বিলকুল হারাম। ফ্লাশব্যাক বা পেছনের কথা মনে করতে আমি শিশুকে কতটা দেয়ালের দিকে ঠেলে দিতে পারি? আদৌ তাকে দেয়ালের দিকে নেওয়ার অধিকার কি আমার আছে?
কিশোরী-কিশোরদের মনঃসংকটের বৃত্ত থেকে বের করে আনার পদ্ধতি কী হতে পারে? চরম ভিড়ে ভারাক্রান্ত এক ভ্যাবাচেকা পরিবেশে চলে আসা শিশুরা কীভাবে তাল মিলিয়ে চলবে। গ্রামের দিগন্ত বিস্তৃত পরিবেশে ছোটাছুটির ছেলেবেলা ফেলে চলে আসার একটা শকের সঙ্গে আছে স্বজন হারানোর শোক। শক আর শোকের বিহ্বলতা থেকে তাদের মুক্ত করাটা একটা বড় চ্যালেঞ্জ। মানসিক সংকট থেকে বিষণ্নতার পথ ধরে মানুষ মানসিক বৈকল্যের দিকে এগিয়ে যায়। ঠিকমতো পরিস্থিতির মোকাবিলা করতে পারলে এ রকম চরম পরিণতির হাত থেকে শিশুদের রক্ষা করা সম্ভব। এসবের জন্য অনেক টাকাপয়সার দরকার নেই, দরকার শুধু মনের প্রসারণ।
শরণার্থী শিশু-কিশোরদের তাদের বয়স অনুযায়ী, বয়সের চাহিদা অনুযায়ী স্বাভাবিক কাজকর্ম, বিনোদন, খেলাধুলা, লেখাপড়ার সুযোগ তৈরির মাধ্যমে তাদের মনের চাপ বা সংকট কমিয়ে আনা সম্ভব। এসবের জন্য সম্পদের খুব বেশি প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটা পরিবেশ তৈরি করা। মনঃসংকট ছাড়াও ক্রমেই দানা বাঁধছে গোপন দুর্বৃত্তের ঝুঁকি। এসব দুর্বৃত্ত শিশু-কিশোরদের নানা প্রলোভন দেখিয়ে তাদের বর্তমানের হতাশ ও আপাত দম আটকানোর পরিস্থিতি থেকে মুক্তির হাতছানি দিয়ে আরও অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছে। এহেন দুর্বৃত্তদের থেকে তাদের সাবধানে রাখাটা জরুরি। গোপন দুর্বৃত্তদের হাত থেকে তারা যেন নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে, সেদিকে আমাদের নজর দেওয়াটা জরুরি। প্রয়োজন শিশু-কিশোরদের সংগঠিত করে তাদের সংগঠন গড়ে তুলতে সাহায্য করা। এসব সংগঠন শুধু পাচার হওয়ার হাত থেকে নিজেদের রক্ষা করবে না বরং বড়ই ঘিঞ্জি এবং করুণ পয়োনিষ্কাশনব্যবস্থায় জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করতে পারে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও শিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট কাজ করতে পারে।
মিয়ানমার কর্তৃপক্ষ সে দেশে কাদের থাকতে দেবে না-দেবে তারা যেসব মাপকাঠি তৈরি করেছে, তার অন্যতম শর্ত হচ্ছে বার্মিজ ভাষা জানা। যেকোনো কারণেই হোক, রাখাইন থেকে আসা শিশুদের বেশির ভাগই বার্মিজ ভাষায় তেমন দক্ষ নয়। অনেকেই তো একেবারেই জানে না। ’৯১-৯২-এ আসা শরণার্থীদের প্রথমে লেখাপড়া শেখার ব্যবস্থা চালু করতে দেওয়া হয়নি। যখন আমাদের জ্ঞান ফিরল তখনো অজ্ঞানের মতো কাজ করলাম। ঠিক হলো মিয়ানমারের শিশুরা লেখাপড়া শিখবে এ দেশের পাঠ্যসূচি অনুযায়ী। আর গোপনে চললো কওমি শিক্ষা। যার আজ ২৪ বছর বয়স সে কীভাবে মিয়ানমারে গিয়ে নিজেকে যুক্ত করবে বাংলা আর মুখস্থ আরবি দিয়ে? বার্মিজ ভাষায় তাদের পাঠদানের সুযোগ তৈরি করতে হবে। এ বিষয়ে এ দেশের রাখাইন সম্প্রদায়ের শিক্ষিত যুবক-যুবনারীরা ভূমিকা রাখতে পারেন। তৈরি হতে পারে তাঁদের নতুন কর্মসংস্থানের। রাখাইন সম্প্রদায়ের সঙ্গে তৈরি হবে শরণার্থীদের সম্প্রীতির সম্পর্ক; পরস্পরকে বুঝতে পারার এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি।
গওহার নঈম ওয়ারা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী; শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।