রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা শরণার্থীদের চাপ দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলবে
রোহিঙ্গা শরণার্থীদের চাপ দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলবে

রোহিঙ্গা শরণার্থী সমস্যা থেকে বাংলাদেশের মুক্তি সহজে ঘটবে বলে মনে হয় না। তবে সরকার এ সমস্যা সমাধানের জন্য যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তার বেশি কিছু করা যেত বলেও মনে হয় না। এত তৎপরতা, জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থা, যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বের দেশসমূহ, এমনকি মিয়ানমারের প্রতি সদয় চীন, রাশিয়া ও ভারতও রোহিঙ্গা নির্যাতন বন্ধে স্পষ্ট বক্তব্য দেওয়া সত্ত্বেও রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। এখনো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে।

প্রথমত, মিয়ানমারের সরকার, সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ গোষ্ঠী রোহিঙ্গাদের দেশছাড়া করার বিষয়ে একমত। দ্বিতীয়ত, রোহিঙ্গা বিতাড়ন শুরু হওয়ার পর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হওয়ায় মিয়ানমার সরকার আলোচনা, প্রত্যাবাসন ইত্যাদি বিষয়ে কথা বললেও শরণার্থীদের ফেরত নেওয়ার ব্যাপারে তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ থেকেই যায়। তৃতীয়ত, রোহিঙ্গাদের বিতাড়ন নতুন ঘটনা নয়, চলছে গত শতকের ষাটের দশক থেকে আর বর্তমান দফায় তারা চায় সম্পূর্ণ রোহিঙ্গা সম্প্রদায়কে বিতাড়ন, যাকে জাতিগত নিশ্চিহ্নকরণ বলা যেতে পারে। চতুর্থত, তারা চীন, ভারত ও রাশিয়ার মতো শক্তিধর প্রভাবশালী দেশকে পক্ষে পাওয়ায় সাময়িক কিছু সমালোচনা ও অসুবিধা সত্ত্বেও কাজটা সম্পন্ন করতে পারবে বলে বিশ্বাসী। আর তাই রোহিঙ্গা নিধন ও বিতাড়ন আজও অব্যাহত। পঞ্চমত, মিয়ানমারের সামরিক বাহিনী জনগণের মধ্যে মুসলিমবিদ্বেষ তৈরি করে সে দেশের সমাজে এমন এক ঘৃণা-বিদ্বেষের পরিবেশ সৃষ্টি করেছে, যাতে বিতাড়িত রোহিঙ্গা মুসলমানদের আর স্বদেশে ফেরা সম্ভব না হয়। এই জটিলতার মধ্যে বাংলাদেশ কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে?
প্রত্যাবাসনের ক্ষেত্রে স্বভাবতই একটি ন্যায্য আবশ্যিক শর্তই হবে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায় ফেরত যাওয়ার আগ্রহ। কিন্তু গত দেড় মাসে বর্বরতার যে মাত্রা তাদের দেখানো হয়েছে, যে বর্বরতার ভেতর দিয়ে তাদের যেতে হয়েছে, সেসব কি ভুক্তভোগী মানুষের পক্ষে ভোলা সম্ভব? এ অবস্থায় তাদের ফিরে যেতে বলা তুলনীয় হতে পারে একাত্তরে পাকিস্তানি বাহিনীর দখলদারির সময়ই আমাদের শরণার্থী শিবির থেকে দেশে ফিরতে বাধ্য করার সঙ্গে। কিন্তু তেমন বাস্তবতায় আমাদের পড়তে হয়নি। আমাদের শরণার্থীরা দেশে ফিরেছিলেন দখলদার পাকিস্তানি বাহিনী যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করার পর। আরও পরে ভারতে আশ্রয় নেওয়া চাকমা শরণার্থীরাও দেশে ফিরেছিলেন পার্বত্য চুক্তি সম্পাদিত হওয়ার পর।
সেদিক থেকে দুটি কাজে এখন জোর দেওয়া এবং তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা দরকার। প্রথমত, মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতির ব্যবস্থা করা জরুরি। তা না হলে মানুষগুলোর অবস্থান হবে দুর্বল এবং তাদের ভাগ্য সব সময় ঝুলে থাকবে মিয়ানমার সরকারের ইচ্ছা-অনিচ্ছার ওপর। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের শরণার্থী ক্যাম্পের ভেতরে থাকার এবং অবশ্যই ভালোভাবে থাকার ব্যবস্থা করা দরকার। তাদের অবস্থান দীর্ঘায়িত হলে এবং বসবাস অমানবিক পরিস্থিতিতে হতে থাকলে মানুষগুলোর মধ্যে ক্যাম্প ছেড়ে সমাজের মূলধারায় মিশে যাওয়ার প্রবণতা জোরদার হবে।
দেখা যাচ্ছে, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের প্রায় সবাই একধরনের চট্টগ্রামি অপভ্রংশে কথা বলে থাকে। এর বাইরে তারা রাখাইন অঞ্চলের বর্মি ভাষায় কথা বলতে সক্ষম। তাদের মধ্যে অল্পসংখ্যক, যারা লেখাপড়া করেছে, তাদের শিক্ষার মাধ্যম হলো বর্মি ভাষা। এদের মধ্যে হাতে গোনা কিছু উচ্চশিক্ষিত মানুষই কেবল প্রমিত বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করতে সক্ষম। ২০১০ সালের পর থেকে রোহিঙ্গা শিশুরা আর স্কুলেও ভর্তি হতে পারছে না। তারা স্থানীয়ভাবে পরিচালিত কওমি মাদ্রাসায় কিছুটা পড়ে।
একসময় আরাকানে রোহিঙ্গা মুসলমানরাই ছিল জাতিগতভাবে সংখ্যাগরিষ্ঠ। ১৯৬২ সালে জেনারেল নে উইন ক্ষমতায় আসার পর ধীরে ধীরে এ অঞ্চলে রাখাইন বৌদ্ধদের বসতির ব্যবস্থা করে রোহিঙ্গাদের সংখ্যালঘুতে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়। আর বাষট্টির পর থেকে ক্রমাগত নানা বিধিনিষেধ, বৈষম্য এবং সরাসরি নির্যাতনের কারণে রোহিঙ্গা মুসলিমরা দেশ ছাড়তে শুরু করে। এভাবে বাংলাদেশে কিছু রোহিঙ্গার সামাজিকীকরণ হয়েছে। কিছু রোহিঙ্গা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। সত্তরের দশক থেকে ভাগ্যান্বেষী রোহিঙ্গা মুসলমানের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। এরা ভারতে, মধ্যপ্রাচ্যে, পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। আজ বাংলাদেশে পুরোনো ও নতুন মিলিয়ে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীর সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেছে। ভারতে ৪০ হাজার রয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে এ সংখ্যা দুই লাখের মতো, যুক্তরাষ্ট্র ও পশ্চিমের অন্যান্য দেশে সংখ্যাটি কম হবে না। অধিকাংশ রোহিঙ্গাকে দেশছাড়া করে মিয়ানমারের সামরিক বাহিনী হয়তো আশা করছে এভাবে সব মুসলমানকেই একসময় দেশছাড়া করা সম্ভব হবে। এবারে তারা আন্তর্জাতিক এত চাপের মধ্যেও এখনো এ লাইনেই চিন্তা করছে বলে মনে হয়।
এ রকম একটি বঞ্চিত, উপেক্ষিত ও অবরুদ্ধ জনগোষ্ঠী কোথা থেকে একটু সান্ত্বনা বা সহায়তা পেতে পারে? খুব স্বাভাবিক যে এ ধরনের পরিস্থিতিতে মানুষ ধর্মের আশ্রয়ই নেবে, তা-ও এর অধিকতর রক্ষণশীল ধারার প্রতিই বিশ্বস্ত থাকবে। বিচ্ছিন্নতার পর থেকে রোহিঙ্গাদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষাই প্রচলিত ছিল। এই সূত্রে তাদের যোগাযোগ ঘটেছে হেফাজতে ইসলামের মতো রক্ষণশীল কট্টর মতাদর্শের সঙ্গে। সেখানে মিয়ানমার সরকারও আধুনিক শিক্ষা বিস্তারের কোনো চেষ্টা করেনি। এদিকে সত্তরের দশক থেকেই এ দেশে বসবাসকারী রোহিঙ্গারা জামায়াতি মতাদর্শের এনজিও কার্যক্রমে অংশ নিয়েছে। তখন আত্মপ্রকাশ করা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও। সব মিলিয়ে প্রধানত বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যুষিত মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের বিচ্ছিন্নতা বেড়েছে। প্রতিবেশী হিসেবে বৌদ্ধদের সঙ্গে যেটুকু সামাজিক মেলামেশা ও যোগাযোগ ছিল, তা-ও সামরিক বাহিনীর তৎপরতা ও উসকানিতে বন্ধ হয়ে গেছে। দুই সম্প্রদায়ের চিন্তাভাবনা ও মানসিক স্তরের দূরত্ব এমন পর্যায়ে রয়েছে বলে মনে হয়, যা সহজে কাছে আনা সম্ভব হবে না।
বাংলাদেশ, বিশেষত আমাদের প্রধানমন্ত্রী, রোহিঙ্গা ইস্যুকে মানবিক বিপর্যয়ের ইস্যু হিসেবে গণ্য করেছেন এবং সেভাবেই তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। এটি সরকারের প্রকাশ্য ভূমিকা বা অবস্থান হিসেবে প্রশংসাযোগ্য কাজ। কিন্তু কেবল এটুকুতে তো সমস্যার সমাধান হবে না। বরং মিয়ানমারে অবস্থানরত অবশিষ্ট রোহিঙ্গাদের মধ্যে এ বার্তা পৌঁছার পর তারা নিশ্চয় চরম অনিশ্চয়তা ও মৃত্যুভীতির বাস্তবতা থেকে বাঁচার জন্য দলে দলে বাংলাদেশেই পাড়ি দেবে। আর বাংলাদেশের মানবিক মহৎ ভূমিকার সুযোগ নিতে ছাড়বে না মিয়ানমারের সেনাবাহিনী, সরকার এবং ইতিমধ্যে উগ্র বৌদ্ধ জাতীয়তায় অভিষিক্ত জনগোষ্ঠী। তারা এখনো বাংলাদেশের উদারতা ও মহানুভবতার সুযোগ নিচ্ছে। আর তাই তারা আন্তর্জাতিক চাপ ও দেশের ভাবমূর্তির সংকটকে উপেক্ষা করেও বহুদিনের লালিত দেশকে রোহিঙ্গামুক্ত করার ইচ্ছা সম্পন্ন করার কাজে ছাড় দিচ্ছে না।
এ অবস্থায় বাংলাদেশকে স্পষ্টভাবে জানাতে হবে যে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে। বাংলাদেশের মাথায় প্রশংসার আশীর্বচন বর্ষণ করে শেষ পর্যন্ত আমাদের ঘাড়ে রোহিঙ্গাদের বোঝা চাপিয়ে দেওয়ার কৌশলটি নস্যাৎ করে দিতে হবে।
আরাকানে মুসলিম শাসন ও বসতি তো আজকের বিষয় নয়। তিন-চার শ বছর ধরে সেখানে মুসলমানের বসবাস। ইতিহাসের সেই আরাকানই আজকের রাখাইন রাজ্য। এখনকার মুসলমান ও অল্পসংখ্যক হিন্দু তাদেরই বংশধর। ফলে কয়েক পুরুষের বসবাসের পর একটি জনগোষ্ঠীর নাগরিকত্ব অস্বীকারের মানসিকতাকে স্বাভাবিক বা সুস্থ মানসিকতা বলা যাবে না।
সারা বিশ্বে বর্তমানে চাপের মধ্যে থাকা মুসলিম জনগোষ্ঠীর জন্য রোহিঙ্গা মুসলমানের সমস্যা যেন গোদের ওপর বিষফোড়া। এসব সমস্যার প্রভাব বাংলাদেশের জনমানসেও পড়বে। রোহিঙ্গা শরণার্থীদের চাপ দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলবে। সমস্যা দীর্ঘায়িত হলে তার নানা বিকার দেখা দেবে। তখন স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, বস্ত্র ছাড়াও জনজীবন, নিরাপত্তা, মাদক, জঙ্গিবাদসহ নানা জটিল সমস্যার আবর্তে পড়ে যাবে আমাদের দেশ ও সমাজ।

আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।