রোহিঙ্গাদের মধ্যে খাদ্য বিতরণে কারফিউ!
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে আপাতত খাদ্য বিতরণ বন্ধের সরকারি সিদ্ধান্তের কাগজ হাতে নিয়ে আক্কেলগুড়ুম। আর এটা করা হয়েছে সেই সময়ে, যখন তাদের মধ্যে ডিফথেরিয়ায় মৃত্যুর ঘটনা বাড়ছে। আসুন, সেই কঠিন পত্রটি পাঠ করা যাক।
এহেন কঠিন পত্রটি পড়তে পড়তে সত্যেন্দ্রনাথ দত্তের ‘মানুষ জাতি’ কবিতাটা মনে পড়ল। মনে পড়ার কারণ আছে বৈকি।

‘জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি;
এক পৃথিবীর স্তন্যে লালিত
একই রবি শশী মোদের সাথী।
শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা
সবাই আমরা সমান বুঝি,
কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি
বাঁচিবার তরে সমান যুঝি।
দোসর খুঁজি ও বাসর বাঁধি গো,
জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,
কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙা।’
আমাদের জিলা স্কুলের পণ্ডিত স্যারের পরম প্রিয় কবিতাগুলোর মধ্যে ছন্দের জাদুকরের এই কবিতাটি ছিল অন্যতম; তাঁর দায়িত্ব ছিল আমাদের বাংলা ব্যাকরণ শেখানো। তিনি সেই সুবাদে আমাদের মানুষ হওয়ার ব্যাকরণ শেখানোর কাজ করতেন। আমরা অনেকেই মানুষ হতে পারিনি; অমানুষ হয়েছি কেউ কেউ। তবে আমরা যারা তাঁকে অনুসরণ করে নতুন প্রজন্মকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম, তারা যে সবাই ফেল করেছি, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের মানুষ করার চেষ্টায় মনপ্রাণ ঢেলে কাজ করা পণ্ডিত স্যারকে পাকিস্তানিরা একাত্তরে বাগেরহাটে গুলি করে হত্যা করে। আমার মনে হয়, পাকিস্তানিরা আমাদের বঞ্চিত করলেও স্যারকে বাঁচিয়ে দিয়েছেন। না হলে আজকে তাঁর ছাত্র আর ছাত্রের ছাত্রদের এই অধঃপতনের তাঁর সহ্য হতো না!
আমদেরই কোনো একজন বন্ধুর হাতে গড়া কতিপয় আমলা হঠাৎ আবিষ্কার করেছেন, শরণার্থীরা অনেক খাবার পেয়ে খাবার সংরক্ষণ করছে বিধায় অপচয়ের সম্ভাবনা—তাঁর ভাষায় ‘আশঙ্কা’—দেখা দিয়েছে। তাই তিনি জাতির এই সংকটময় মুহূর্তে জাতির খাদ্য-সমস্যা মেটানোর লক্ষ্যে খাদ্য বিতরণ পরবর্তী সাত দিন বন্ধ রাখার হুকুম জারি করেছেন। প্রশ্ন করা বৃথা, জেলার দণ্ডমুণ্ডের কর্তাদের কোনো আদেশ নিয়ে প্রশ্ন তোলার সাহস বা বুকের পাটা কারও নেই। মানুষের ঘরে মজুত থাকলে আর কোনো খাবার সে কিনতে বা সংগ্রহ করতে পারবে না—এমন নিয়ম কি চালু হয়েছে?
তা ছাড়া কোনো গোয়েন্দার মাধ্যমে প্রশাসন খবর পেয়েছেন যে শরণার্থীরা খাবার অপচয় করছে? ত্রাণ বিতরণ বন্ধের সপক্ষে যুক্তি দেখানো হচ্ছে, শরণার্থীরা কম দামে ত্রাণসামগ্রী বেচে দিচ্ছে, স্থানীয় ব্যবসায়ীরা মালামালের উচিত মূল্য পাচ্ছে না; তাদের ক্ষতি হচ্ছে। তাহলে এত দিন যে শুনলাম টেকনাফ উখিয়ায় দ্রব্যমূল্য গগনচুম্বী? শরণার্থীরা সস্তায় চাল, ডাল, তেল, গুঁড়া দুধ, বিস্কুট, তারপলিন, দড়ি, বাঁশ ইত্যাদি বেচলে বাজারে জিনিসপত্র সস্তা হয়ে যাওয়ার কথা। সাধারণত শরণার্থীরা তাদের উদ্বৃত্ত সামগ্রী বেচে পাইকার বা পাইকারদের দালালদের কাছে। আমাদের প্রচণ্ড সৎ (!) বিভিন্ন পাহারাদারের চোখ এড়িয়ে সাধারণ মানুষ এগুলো কিনতে পারলেও পরতা পড়ে না। সবকিছু ম্যানেজ করে পরতা ফেলতে পারেন তাঁরা, যাঁদের গুদাম আর ব্যবসা আছে। তবে কি তাদের গুদাম ভরে গেছে? টাকা আটকা পড়েছে? বিক্রিবাট্টা করে দোকান-গুদাম খালি হলে হাতে ক্যাশ এলে তবেই আবার ত্রাণ বণ্টন শুরু হবে?
মানুষ কেন বেচে ত্রাণসামগ্রী?
শরণার্থীদের চাল-ডাল ছাড়া খাদ্য সহায়তা আর কিছু পায় কি? তারা আমাদের মতো ডালভক্ত জাতি নয়। প্রোটিনের চাহিদা তারা মেটায় শুঁটকি মাছ দিয়ে। চাল-ডালের বিনিময়ে তাদের এগুলো জোগাড় করতে হয়, সবজি সংগ্রহ করতে হয়। চাল-ডাল দেওয়া বন্ধ হলে শিশু আর বয়স্কদের সঙ্গে সঙ্গে সাধারণ শরণার্থীরাও সংকটে পড়বে। মংডুতে সীমান্তের ওপারে আটকে থাকা পরিবার অন্য দেশে পালিয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে যোগাযোগ রাখতে ফোন ছাড়া উপায় কী? টাকা ছাড়া ফোন-মোবাইল সম্ভব কি? এসব টাকার জোগাড়ের জন্য সারা পৃথিবীতে শরণার্থীরা ত্রাণসামগ্রীর একটা অংশ বিক্রি করেন। ৭১-এ ত্রিপুরা, মেঘালয়, নদীয়া, বহরমপুর, শিকারপুরের ক্যাম্পে আমরা কি তা করিনি?

পৃথিবীতে এসব নিয়ে অনেক গবেষণা হয়েছে। সিদ্ধান্ত একটাই, যার জিনিস সে যা খুশি করতে পারে তাদের দখলে থাকা সামগ্রী দিয়ে। তাকে বরং সামগ্রীর পাশাপাশি অন্যান্য খরচ মেটানোর জন্য ত্রাণের একটা অংশ নগদ দেওয়া যায়। সেটা ত্রাণ বিক্রি বন্ধের ন্যায্য ব্যবস্থাপনা, ত্রাণ দেওয়া কমিয়ে দেওয়া নয়।
ত্রাণের কি কোনো হিসাব নেই?
অন্যদিকে, প্রশাসনের এ রকম তুঘলকি হুকুম দেখে যদি কেউ বলে ফেলে কোনো কিছুতেই কারও কোনো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল নেই, তাই এমন খাদ্য বিতরণে কারফিউ। যেন নাইজেরিয়ার বিমান চলাচল ব্যবস্থাপনা কয়জনের টিকিটে কয়জন যাচ্ছে, তা বিমানের দরজা বন্ধ করে না গোনা পর্যন্ত কেউ বলতে পারে না। জনপ্রতি হিসাব করে আগারগাঁওয়ে অবস্থিত এনজিও ব্যুরোর ছাড়পত্র নিয়ে (তাও তিন মাস তিন মাস করে) তবে না মাঠে নেমেছে ত্রাণ সংস্থাগুলো। অনেক ঘাটের পানি এখন তাদের খাওয়ানো হচ্ছে। বিদেশি সংস্থার জন্য নাকি এখন পররাষ্ট্র দপ্তরের সম্মতি লাগছে আর দেশিদের জন্য স্বরাষ্ট্রের নীতিমালায় কিন্তু এসবের বালাই নেই। এত কিছুর পরেও বেশি খাবার যায় কী করে? তবে কি আগারগাঁওয়ের অনুমতির বাইরে আর কোনো গাঁওয়ের লোকজন চুপকে চুপকে কাজ করে চলেছে? যাদের হিসাব কারও কাছে নেই?
শরণার্থীদের খাবার এক দিনের জন্যও বন্ধ রাখা আন্তর্জাতিক মানবিক নীতিমালার সরাসরি লঙ্ঘন। এই আদেশ দেখার পর জাতিসংঘের ক্লান্ত কর্মীরা কি ছুটি কাটাতে সিঙ্গাপুর যাবেন, না বড়দিনের আগে বড়দিন নামাবেন। শরণার্থীদের কাছে কিন্তু আগামী সাত দিন হবে এক বড্ড লম্বা সপ্তাহ। বলতে পারেন ক্ষুধাময় ভয়ানক বড় সপ্তাহ।
কষ্টের সপ্তাহে শরণার্থীরা সত্যেন্দ্রনাথের কবিতাটা হয়তো এভাবে পড়বেন—
জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম আমলা জাতি
অন্য জগতের স্তন্যে লালিত
অন্য রবি শশী তাদের সাথী।
শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা
কিছুই তারা নাহি বুঝে,
দোসর খুঁজে আর বাসর বাঁধে গো
পরওয়া করে না কাউকে।
গওহার নঈম ওয়ারা: দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কর্মী। শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।