রোহিঙ্গাবিরোধী এই অভিযান থামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ ছেড়ে দলে দলে বাংলাদেশে ঢুকতে বাধ্য হচ্ছে রোহিঙ্গা লোকজন। ছবিটি শনিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
দেশ ছেড়ে দলে দলে বাংলাদেশে ঢুকতে বাধ্য হচ্ছে রোহিঙ্গা লোকজন। ছবিটি শনিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৫০ বছরেরও অধিক সময় সামরিক শাসনের পর অং সান সু চি ও তাঁর নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু বিশ্ব তাঁর ও তাঁর দলের কাছ থেকে উপহার হিসেবে একটি গণহত্যা পেয়েছে। 

এটা লজ্জার যে একজন শান্তিতে নোবেলজয়ী (অং সান সু চি) ও একজন বার্মিজ বৌদ্ধ ভিক্ষু (অশিন বিরাথু-যাকে টাইমস ম্যাগাজিন ‘বৌদ্ধ সন্ত্রাসের মুখাবয়ব’ বলে আখ্যা দিয়েছে) মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান এ জাতিগত নিধনযজ্ঞে সমর্থন জানাচ্ছেন। এটা আরও লজ্জার যে, শান্তিতে নোবেলজয়ী অন্য ব্যক্তিবর্গ এমন ঘৃণ্য কাজের নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছেন। নোবেল শান্তি কমিটিও এ পরিস্থিতির বিষয়ে পুরোপুরি নীরব। এটা লজ্জার এই কারণে যে, সামরিক শাসনের অবসান ও অং সান সু চির কারামুক্তির জন্য যেসব বিশ্বনেতা ও সংগঠন মিয়ানমারের ওপর বর্ধিত চাপ এমনকি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আজ সু চির নেতৃত্বাধীন তথাকথিত গণতান্ত্রিক সরকারের অধীনে পরিচালিত জাতিগত নিধনযজ্ঞ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। এটা লজ্জার যে, কিছু বিশ্বনেতা নীরব রয়েছেন এই কারণে যে, তাঁদের কাছে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিমের জীবন ও এর নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক স্বার্থটিই বড়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে মিয়ানমারে ছিলেন। আর তিনি এ সংকট নিয়ে প্রায় নীরব ভূমিকা পালন করেন। কারণ মিয়ানমারের অর্থনীতির ওপর প্রভাব বিস্তারের বিষয়ে তিনি চীনের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। আর এ অর্থনীতি কয়েক দশকের অবরুদ্ধতা ছেড়ে মাত্রই উন্মুক্ত হয়েছে।
অবশ্য অং সান সু চির সত্যিকারের রূপ সম্পর্কে বিশ্ব অবগত হয়েছিল ২০১৬ সালের মার্চেই। সে সময় তিনি বিবিসি টুডেকে একটি সাক্ষাৎকার দেন, যা নিয়েছিলেন উপস্থাপক মিশাল হোসেন। সাক্ষাৎকার দেওয়ার সময় সু চির ধৈর্যচ্যুতি ঘটে। আর রাগত স্বরে তাঁকে বলতে শোনা যায়, ‘কেউ আমাকে জানায়নি যে আমার সাক্ষাৎকার একজন মুসলিম নেবে।’ ওই সাক্ষাৎকারে মুসলিমবিরোধী মনোভাবের প্রতি খোলাখুলি সমর্থন জানান সু চি। তাই ক্ষমতা গ্রহণের পর তিনি যে রোহিঙ্গা মুসলিমদের ওপর জাতিগত নিধন চালনায় সক্রিয় ভূমিকা নেবেন, তাতে আর বিস্ময়ের কী আছে।

বেনেডিক্ট রজার্সের (এশিয়া বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মী) মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে নবম শতাব্দীতেই মুসলিম বসতির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। বিশ শতকে এ মুসলিমদের একটি উল্লেখযোগ্য অংশ তৎকালীন ভারত ও বর্তমান বাংলাদেশ থেকে ব্রিটিশ বার্মায় অভিবাসন নেয়।
মিয়ানমারের বর্তমান জনসংখ্যার মাত্র ৪ শতাংশ হচ্ছে মুসলমান। আর রোহিঙ্গা মুসলমান আরও ক্ষুদ্র একটি জাতিসত্তা। রোহিঙ্গারা বার্মার নাগরিকত্বের অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত এবং দেশটির রাজনৈতিক পরিমণ্ডলে এ জাতিগোষ্ঠীর কোনো প্রভাবই নেই। ফলে মুসলিমরা মিয়ানমার দখল করে নেবে, এমন ভয় বৌদ্ধরা পাচ্ছে, এ ধরনের যুক্তি উপস্থাপনের কোনো ভিত্তি থাকে না। তাই রোহিঙ্গা মুসলমানদের হত্যার পেছনে এমন শঙ্কার উপস্থাপন আর ধোপে টেকে না। এমনকি কোনো কিছু দিয়েই এ নির্যাতনকে ন্যায্য দাবি করার সুযোগ নেই। সুতরাং সু চির ভূমিকার একটিই অর্থ হতে পারে। আর তা হলো, এ নির্যাতিত ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সাহায্য করার বদলে নির্বাচনে জয়লাভ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটা সুস্পষ্ট যে, শান্তির চেয়ে তাঁর কাছে ব্যক্তিগত লাভালাভের হিসাবই বেশি গুরুত্বপূর্ণ, যদিও শান্তিতে নোবেলজয়ী ব্যক্তিটি তিনিই।
মানবেতিহাস ধর্মীয় সংঘাতের ঘটনায় পরিপূর্ণ। যদিও মানুষ হিসেবে আমরা এমন কালো অধ্যায় পেরিয়ে এসে ধর্মীয় সহনশীলতা অর্জনে সমর্থ হয়েছি বলে দাবি করি। প্রত্যেক ধর্মই শান্তি ও সহমর্মিতার কথা বলে। কিন্তু নিকট অতীতেই আমরা হিন্দু জাতীয়তাবাদ, মুসলিম সন্ত্রাসবাদ, মৌলবাদী খ্রিষ্টান, অতি-গোঁড়া ইহুদি দেখেছি। কিন্তু ‘টাইমস’ ম্যাগাজিনের প্রচ্ছদে ‘বৌদ্ধ সন্ত্রাসের মুখাবয়ব’ শিরোনামটি খোদাই হওয়ার আগ পর্যন্ত প্রেম ও অহিংসার মন্ত্রে দীক্ষিত বৌদ্ধরা কখনো এ তালিকায় আসেননি।

বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় যে উগ্রবাদের প্রচার করেছেন, তারই রেশ ধরে মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মুসলিমদের ওপর সহিংসতা চালিয়েছেন তাঁদের অনুসারীরা, করেছে হত্যা। কিন্তু মিয়ানমারে যা ঘটেছে, তার মাত্রা ভয়াবহ। অং সান সু চি ও তাঁর তথাকথিত গণতান্ত্রিক সরকারের ছত্রচ্ছায়ায় এসব ভিক্ষু ও তাঁদের অনুসারীরা এবং মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর এ হত্যাযজ্ঞ চালাচ্ছে। পুড়িয়ে দিচ্ছে তাদের ঘরবাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এ গণহত্যার ভয়াবহ সব ছবি ও ভিডিওতে পরিপূর্ণ হয়ে গেছে। এর মধ্যে কিছু ভিডিও এতটাই ভয়াবহ যে, তা দেখাও কঠিন হয়ে পড়ে। এখন পর্যন্ত নারী ও শিশুসহ কয়েক হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। আর প্রায় ৩ লাখ রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আমরা জানি যে, জাতিগত ও ধর্মীয় সংঘাতের সমাধান সহজে আসে না। আমরা আলোচনার মাধ্যমে এ সংকট নিরসনের দিকে তাকিয়ে আছি। কিন্তু আমরা একই সঙ্গে সব ধরনের হত্যার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাচ্ছি, তা বৌদ্ধই করুক, আর মুসলিমই করুক। আমরা মানুষের জীবনকে গুরুত্বপূর্ণ মনে করি। আমরা একজন মানুষের হত্যাকে সমগ্র মানবজাতি নিধনের সমতুল্য বলেই মনে করি। আমরা আশা করি, অং সান সু চি দ্রুততম সময়ের মধ্যে এ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন। একই সঙ্গে এ গণহত্যা ও রাখাইনের এ সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাঁরা আলোচনাসহ সব ধরনের তৎপরতা চালাবেন বলেও আমরা আশা করি। অং সান সু চি কী করছেন এবং মিয়ানমারের রাখাইনে কী ঘটছে এবং পরবর্তী সময় কী ঘটবে, এ সবকিছুর দিকেই নজর রাখছে বিশ্ববাসী।
যদিও ‘শান্তি’-কী দারুণ এক স্মৃতিকাতরতাময় এক শব্দ!!!

লেখক: বাংলাদেশি-আমেরিকান। আমেরিকার জর্জিয়ার ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট আসনের একজন প্রার্থী।