র‍্যাব ও পুলিশের কাজে সমন্বয় - গলদ কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাব ও পুলিশের কাজে সমন্বয় জরুরি
র‍্যাব ও পুলিশের কাজে সমন্বয় জরুরি

কয়েক দিন ধরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের মধ্যে সম্পর্কের অবনতি, কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের বিপরীতমুখী অবস্থান আর সমন্বয় জোরদারে সরকার ও পুলিশ সদর দপ্তরের প্রচেষ্টা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর আগেও এমনটি হয়েছে। আমরা একটি ইংরেজি দৈনিকের বরাতে জানতে পারি, র‍্যাবের সদস্যরা বেশ কিছু ক্ষেত্রে পুলিশের হাতে নাজেহাল হয়েছেন বলে র‍্যাব সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। পুলিশের পক্ষে বলা হয়, র‍্যাব পুলিশের অঙ্গ বিধায় তারা অভিযোগ করবে পুলিশ সদর দপ্তরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি তারা অভিযোগ করতে পারে না। আবার ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যায় কারা জড়িত কিংবা নবগঠিত জেএমবির আমির কে, এ নিয়েও সংস্থা দুটোর মধ্যে মতবিরোধ প্রকাশ্য রূপ নেয়।
উল্লেখ্য, এ মামলা তদন্ত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযোগ পত্র দিয়েছে এবং আদালতে বিচারপ্রক্রিয়াও শুরু হয়েছে। বিষয়টির শুরু বা শেষ যেখানেই হোক, এসব খবরে জনগণের সচেতন মহল উদ্বিগ্ন। পুলিশ কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত। আর র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ, ১৯৭৯-র ২০০৪-এ সংশোধন করা কতিপয় বিধানের আওতাতেই গঠিত ও পরিচালিত। আইনত তারাও পুলিশ। পুলিশের মহাপরিদর্শকের নিয়ন্ত্রণে আছে। তাহলে এমনটা হবে কেন, এটা তলিয়ে দেখার বিষয়। পুলিশ বাহিনীর সৃষ্টি, এর আইনি কাঠামো ও কার্যক্রম সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। এ সংস্থাটির রয়েছে বিভিন্ন শাখা-প্রশাখা। ১৯৭৫ সালে সামরিক শাসন আমলে মূলত আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য নির্বাহী আদেশে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠন শুরু হয়। এটা আইনি রূপ পায় ১৯৭৯ সালে। আর বিধিমালা প্রণীত হয় ১৯৯১ সালে।

২০০৩ সালের দিকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটে। আর এর আগের সরকারের সময় থেকে চলমান জঙ্গিবাদী কার্যক্রমও জোরদার হয়। সে পর্যায়ে ২০০৩ সালে অপারেশন ক্লিনহার্ট নামের সামরিক বাহিনী পরিচালিত একটি অভিযানে পরিস্থিতির কিছুটা উন্নতি বিধান হয়। অভিযান পরিচালনা কার্যক্রম শেষে একটি দায়মুক্তি আইনও করা হয়। পরিস্থিতি আবার অবনতিশীল হলে ২০০৪ সালে গঠন করা হয় র‍্যাব। তাদের দেওয়া হয় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বেআইনি অস্ত্র উদ্ধার, সশস্ত্র অপরাধীদের গ্রেপ্তার এবং গোয়েন্দা তথ্য সংগ্রহেরও দায়িত্ব। এসব অপরাধে তাদেরই এজাহার দাখিল ও তদন্তের ক্ষমতাও দেওয়া হয়। এ ছাড়া যেকোনো অপরাধের তদন্তকাজও সরকার তাদের দিতে পারে। ডাকতে পারে আইনশৃঙ্খলা রক্ষার অন্য যেকোনো কাজে। তাহলে দেখা যায়, পুলিশ বাহিনীর সমান্তরাল ক্ষমতাই তারা ভোগ করছে। তবে এর গঠনকাঠামো ভিন্নতর।

আইজিপির নিয়ন্ত্রণ থাকা ছাড়াও শুরু থেকেই এ বাহিনীর প্রধান একজন পুলিশ কর্মকর্তাই থাকছেন। তবে এতে সংমিশ্রণ ঘটানো হয়েছে পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি ও আনসারকেও। সমালোচনা আছে এ বাহিনীর গঠন নিয়ে। তবে তাদের সাফল্যও অনেক ক্ষেত্রে প্রশংসনীয়। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে তারা জেএমবি নামক সংগঠনটিকে কাবু করে ফেলেছিল। এর শীর্ষ নেতাদের আইনের আওতায় এনে দণ্ডবিধান নিশ্চিত করে। উদ্ধার করে অনেক বেআইনি অস্ত্র, মাদকসহ চোরাচালানকৃত স্বর্ণ। তবে সমালোচনার ক্ষেত্রও কম নয়। প্রধানত মানবাধিকার লঙ্ঘন। বেশ কিছু গ্রেপ্তারকৃত আসামির তাদের হেফাজতে থাকাকালীন মৃত্যু প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে করেছে ম্লান। আবার নারায়ণগঞ্জের সাত খুনের মতো ঘটনায় সংস্থাটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে হাল আমলে তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, পুলিশ হেফাজতে এ ধরনের মৃত্যুর সংখ্যা র‍্যাবকে ছাড়িয়ে গেছে। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও র‍্যাবের আওতায় মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৮৩ ও ৩৪। তথ্যটি আইন ও সালিশ কেন্দ্রের।

র‍্যাব সৃষ্টির প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত স্ববিরোধী। ২০০৪ সালে যাঁরা এটা গঠন করেছিলেন, তাঁরা এখন সংস্থাটিকে ভেঙে দিতে বলছেন। অন্যদিকে এখন যাঁরা সরকারে আছেন, তাঁরা বিরোধিতা করেছিলেন র‍্যাব গঠনের। এখন দিব্যি ব্যবহার করছেন র‍্যাবকে। বাস্তবতা হচ্ছে, র‍্যাব আমাদের আইনশৃঙ্খলাব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হয়ে গেছে। তাদের গোয়েন্দা তথ্য, সে তথ্যের উৎস আর সংস্থার সদস্যদের ব্যাপক ঝুঁকির মধ্যে কাজ করার প্রশিক্ষণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত সহায়ক। তবে তাদের আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগের সঙ্গে পুলিশসহ সংশ্লিষ্ট অন্য সংস্থার সঙ্গে সমন্বয়ের নিশ্চয়তার বিধান করলে তারাও অব্যাহতভাবে অবদান রাখতে পারবে।

দেশের আইনশৃঙ্খলাব্যবস্থা সুরক্ষা, সংঘটিত অপরাধের তদন্ত, আদালতে সোপর্দসহ সাক্ষী-প্রমাণ হাজির করার মূল দায়িত্বে রয়েছে পুলিশ। আর তা তারা করে ফৌজদারি কার্যবিধি, মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ এবং পুলিশ প্রবিধান অনুসরণে। মেট্রোপলিটন এলাকার বাইরে পুলিশের এসপি জেলা ম্যাজিস্ট্রেটের সাধারণ তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাব্যবস্থার জন্য দায়ী। উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধি অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট জেলার প্রশাসনিক কার্যক্রমের প্রধান নির্বাহী। মেট্রোপলিটন আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশ কমিশনারের। র‍্যাব গঠনের আইনি কাঠামো অনুসারে তাদের দায়িত্ব সম্পাদনে এ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের কোনো বিধান রাখা হয়নি। তাঁরাও ফৌজদারি কার্যবিধি অনুসরণ করেন। তবে অনুসরণ করেন না পুলিশ প্রবিধানমালা বা অনুরূপ কোনো সমন্বিত প্রবিধান। তাই র‍্যাবের কার্যক্রম মূলত থানায় মামলা রুজু না হওয়া পর্যন্ত পুলিশের আনুষ্ঠানিকভাবে অবগত হওয়ার কোনো   সুযোগ নেই। তেমনি পুলিশের কার্যক্রম সম্পর্কেও জ্ঞাত নয় র‍্যাব। অথচ দুটো প্রতিষ্ঠানই একই লক্ষ্যে কাজ করছে। ঠিক তেমনি জেলা ম্যাজিস্ট্রেটদের যে আইনানুগ অধিকার, তার মধ্যেও আসছে না র‍্যাবের কার্যক্রম। কিন্তু বলির পাঠা তাদেরও হতে হয়। ক্ষেত্রবিশেষে বিনা কারণেও। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা উল্লেখ করা চলে। র‍্যাবের কার্যক্রম নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা ডিসি বা এসপির ছিল না। কিন্তু সাত খুনের ঘটনার পর ব্যর্থতার গ্লানি নিয়ে বদলি হতে হয় এ দুই কর্মকর্তাকে।

পুলিশ যেকোনো সরকারব্যবস্থার অপরিহার্য অঙ্গ। একটি সুশৃঙ্খল কার্যকর দায়িত্বশীল পুলিশ বাহিনী আমরাও চাই। তবে উল্লেখ্য, গত দুই যুগে অপরাধজগতের চিত্র দ্রুত ভিন্নধর্মী ও উৎকট হওয়ায় পুলিশ রয়েছে নানামুখী চাপের মুখে। সন্ত্রাসী তৎপরতার প্রকৃতি ও পরিসর নতুন গতি লাভ করেছে। সাইবার অপরাধ, মানি লন্ডারিং, সন্ত্রাসীদের অর্থায়ন ইত্যাদি ঘটনার তদন্ত সনাতনী ধারায় চলে না। এসব অপরাধীকে আইনের আওতায় আনাও সহজ কাজ নয়। এসব তদন্তে বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা আবশ্যক। নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে তদন্ত কর্মকর্তাদের অপরাধজগতের পরিবর্তনশীল প্রকৃতি এবং দমনের উপায় সম্পর্কে ধারণা দেওয়া আবশ্যক। জানা যায়, এগুলো চলছে। তবে প্রয়োজন রয়েছে জোরদার করার। ইতিমধ্যে সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য ডিএমপির ডিবির আওতায় সোয়াট (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) নামে একটি ইউনিট গঠন করা হয়েছে। এদের কার্যক্রমও বিশেষভাবে প্রশংসনীয়। তবে র‍্যাবও এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের কার্যক্রমও পরীক্ষিত এবং প্রশংসিত। সমন্বয় করে দুটো সংস্থাই এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে বেশি সাফল্য লাভ করবে।

র‍্যাব-পুলিশ সম্পর্ক সময়ে সময়ে কিছুটা বৈরিতার দিকে যায়। ইদানীং প্রবণতাটি একটু বেড়েছে। জানা যায়, র‍্যাবে যে সংখ্যক পুলিশ সদস্য থাকার কথা, সে সংখ্যক সেখানে থাকছেন না। শূন্যতা পূরণ করছে সামরিক বাহিনী। সে কারণে সংস্থাটির ব্যাটালিয়নগুলো মূলত সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিয়ন্ত্রণে। পুলিশ সদস্যরা যাতে তাঁদের নির্ধারিত কোটায় র‍্যাবে যান, সেদিকে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করা সংগত হবে। এতে র‍্যাবের সঙ্গে পুলিশের সমন্বয় বৃদ্ধি পাবে। আর বর্তমান আইন অনুসারে র‍্যাব পুলিশেরই একটি অঙ্গ। তবে সে আইনেই তাদের পুলিশের সমান্তরাল ক্ষমতা দেওয়া হয়েছে। রাখা হয়নি কোনো কার্যকর সমন্বয়প্রক্রিয়া। অথচ এটা অত্যাবশ্যক।

আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।