
আমাদের তরুণ সময় কেটেছে ফুটবলের স্বর্ণযুগে। সে সময় আবাহনী-মোহামেডান ফুটবল খেলার দিন সারা দেশে উড়ত দুই দলের পতাকা। খেলার টিকিট কেনার জন্য মানুষ লাইন ধরত ভোররাত থেকে। খেলার সময় স্টেডিয়াম গমগম করত মানুষের ভিড়ে। রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত রেডিওর ধারাভাষ্য শোনার জন্য।
শুধু কি আবাহনী, মোহামেডান? ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, ওয়ান্ডারার্স, বিজেএমসি—কোনো দলেরই তখন সমর্থকের অভাব
ছিল না। আবাহনীকে অখ্যাত ওয়ারী পরপর তিন ম্যাচে হারানোর পর ‘ওয়ারী আইল’ বলে স্টেডিয়ামে ঢল নামা শুরু হলো তাদের সমর্থকদেরও।
ব্যক্তিগতভাবে ফুটবলের তারকারা তখন ছিলেন দেশের সবচেয়ে বড় মেগাস্টার! সেরা ক্রিকেটারদের মধ্যে তখন ছিলেন ওমর খালেদ রুমী, সৈয়দ আশরাফুল হক, দীপু চৌধুরী, নেহাল হাসনাইন প্রমুখ। কিন্তু জনপ্রিয়তার পাল্লায় তাঁরা তো দূরের কথা, সে সময়ের সেনসেশন দাবার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও ধারেকাছে ছিলেন না ফুটবলারদের। মেজর হাফিজ, সালাউদ্দিন, চুন্নু, এনায়েত বা নান্নু-মঞ্জু ছিলেন তখন লাখো ফুটবলামোদীর কাছে অতিমানব ধরনের কিছু! পরের প্রজন্মের মুন্না, কায়সার হামিদ, আশীষ ভদ্র বা সালাম মোর্শেদীদেরও ছিল আকাশছোঁয়া জনপ্রিয়তা। ২৫ বছর আগে এক মৌসুমে মুন্নাকে ১৮ লাখ টাকা দিয়ে কিনে হইচই ফেলে দিয়েছিল আবাহনী। সালাউদ্দিন তখন হংকংয়ে পেশাদার ফুটবল খেলেছেন, মুন্না কলকাতার ইস্ট বেঙ্গলে।
কিন্তু ফুটবলের সেই স্বর্ণযুগে আঞ্চলিক পর্যায়েও উল্লেখ করার মতো সাফল্য ছিল হাতে গোনা। পৃথিবীর সব মহাদেশের মধ্যে তখনো এশিয়া ছিল ফুটবলে সবচেয়ে নিচের কাতারে। আবার এশিয়ার মধ্যে সবচেয়ে নিচের কাতারে ছিল দক্ষিণ এশিয়ার ফুটবল। সেখানেও বাংলাদেশের অবস্থান ছিল মাঝামাঝি পর্যায়ে! ফুটবলে কোনো দিন বাংলাদেশ বিশ্বের সেরা ১২৫টি দেশের কাতারেও ঢুকতে পারেনি, অনেক চেষ্টা করে ভারতও তা পারেনি।
ফুটবলের স্বর্ণসময় অনেক আগে হারিয়ে গেছে। বিশ্ব ফুটবলে বাংলাদেশ এবং গোটা দক্ষিণ এশিয়া চলে গেছে আরও তলানির
দিকে। এমন এক সময়ে আমাদের চমকে দিয়েছে এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৬-তে আমাদের মেয়েদের চমকপ্রদ সাফল্য। বাছাইপর্বে শক্তিশালী ইরান, চীনা তাইপেসহ অন্যদের গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চূড়ান্ত পর্যায়ে এশিয়া আর অস্ট্রেলিয়া মিলে সব দেশের মধ্যে এ ক্ষেত্রে আমাদের অবস্থান এখন সেরা আটে। আন্তর্জাতিক ফুটবলে এর চেয়ে বড় বা এর সঙ্গে তুলনীয় সাফল্য আমরা আর কখনোই পাইনি।
সীমিত সুযোগ, অতিসীমিত আর্থিক প্রণোদনা আর দেশি কোচের সহায়তায় এই সাফল্যের মহিমা সত্যিকারের ফুটবলামোদী ছাড়া বোঝা সম্ভব নয়। বর্তমান ফুটবল–বিমুখ সময়ে আসলে তা বোঝাও হচ্ছে না ঠিকমতো। তার একটি বড় প্রমাণ আমরা পেলাম অতুলনীয় সাফল্য এনে দেওয়ার পর কিশোরী ফুটবলারদের প্রতি আমাদের কারও কারও হীন দৃষ্টিভঙ্গিতে।
২.
অনূর্ধ্ব-১৬ ফুটবল খেলে জাতির জন্য সম্মান বয়ে আনা মেয়েদের মধ্যে নয়জনই ছিল ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের। অথচ এই মেয়েদের বাড়ি ফেরার জন্য ফুটবল ফেডারেশন কোনো সুব্যবস্থা করতে পারেনি। লোকাল বাসে অভিভাবকহীন অবস্থায় বাড়ি ফেরার পথে তারা কটূক্তি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনা সবাইকে মর্মাহত করেছে। তবে এ জন্য আমাদের সমাজের নোংরা পুরুষতান্ত্রিকতা যেমন দায়ী, তাদের এ পরিস্থিতিতে ফেলার জন্য ফুটবল ফেডারেশনও সমভাবে দায়ী। কলসিন্দুরের মেয়েরা তাদের স্কুলে ফিরে আরও বড় অবমাননার শিকার হয়েছে। ফুটবল ফেডারেশন যদি তাদের উপযুক্ত সম্মান দেখিয়ে সেখানে দিয়ে আসত, অজগ্রামের শিক্ষকদের জন্য তাদের অবমাননা করাও হয়তো সম্ভব হতো না সেভাবে!
প্রতিপক্ষকে একের পর এক গোলের বন্যায় ভাসিয়ে দেওয়া আমাদের মেয়েদের উচ্ছল ছবি আমাদের সবার মনে প্রশান্তির প্রলেপ বুলিয়ে দিয়েছিল। আমরা কি কল্পনাও করতে পেরেছিলাম, মাত্র দুই দিন পরেই তাদের এমন শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়তে হবে?
দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সব যেন শুধু ক্রিকেটে আটকে আছে। অথচ গ্লোবাল স্পোর্টস হিসেবে বিবেচনা করলে ফুটবলের সঙ্গে কোনো তুলনায় যেতে পারে না ক্রিকেট। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এখন খেলে ২০৭টি দেশ, ক্রিকেটে এই সংখ্যা প্রায় দশ ভাগের এক ভাগ। ক্রিকেটে ২০টি দেশের মধ্যে সেরা আটে এলেই আমরা বিশাল অর্জন হিসেবে ধরে নিই। ক্রীড়াক্ষেত্রে অতি দুর্বল এ দেশে এটিই করা স্বাভাবিক এবং প্রত্যাশিতও। কিন্তু ফুটবলে এশিয়া-অস্ট্রেলিয়ার আরও বেশি দেশের মধ্যে সেরা আটে আসা আমাদের মেয়েদের কেন আমরা একইভাবে বরণ করে নিতে পারলাম না? এটি কি শুধু ফুটবল–বিমুখতা? ক্রিকেটে বুঁদ হয়ে অন্য কোনো সাফল্য ঠিকমতো না দেখতে পাওয়া? নাকি এটি নারীদের প্রতি, প্রান্তিক পর্যায়ের মানুষের সন্তানদের প্রতি আমাদের চিরন্তন তাচ্ছিল্য, অবহেলা আর বৈষম্যের প্রতিচ্ছবি? এটি যা-ই হোক, এই মনোভাব কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
আমার ধারণা, ফুটবলের বা ক্রীড়াজগতের হর্তাকর্তা, এমনকি বহু মানুষেরই এই মনোভাব রাতারাতি বদলে যেতে পারে আমাদের ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী এই মেয়েদের নিজে সংবর্ধনা দিলে, সেখানে তাদের জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়লে। ক্রিকেটে আমরা কিছু ক্ষেত্রে তা-ই দেখেছি। ফুটবলেও এই মেয়েদের প্রতি যথোচিত আচরণ প্রদর্শনের জন্য যদি প্রধানমন্ত্রী কীভাবে তাদের বরণ করে নিলেন তা দেখা পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে বলতে হবে জাতি হিসেবে ক্রমেই আমরা আরও বেশি অগভীর, স্বকীয়তাহীন ও আত্মমর্যাদাহীন হয়ে পড়ছি। ফুটবল শুধু নয়, অন্য বহু ক্ষেত্রে মানসিক দৈন্য আর দায়িত্বহীনতা আমাদের পিছিয়ে ফেলছে দিনকে দিন।
৩.
কোনো জাতির এগিয়ে যাওয়ার বিভিন্ন সূচক আছে। জাতিসংঘের বা এ ধরনের অন্য কারও সূচকে খেলাধুলার স্থান নেই। কিন্তু জাতি হিসেবে এগিয়ে যাওয়ার প্রকাশভঙ্গি বা প্রমাণ হিসেবে বাস্তবে ক্রীড়াক্ষেত্রে সাফল্যকে সব সময়ই খুব গুরুত্ব দিয়ে দেখা হয়। মিউনিখ অলিম্পিকে সাফল্যের জন্য তাই হিটলার পর্যন্ত মরিয়া হয়ে উঠেছিলেন। স্নায়ুযুদ্ধের সময়ে তাই সোভিয়েত আর মার্কিন বলয়ের দেশগুলো সর্বাত্মকভাবে মেতে উঠত একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য। বর্তমান সময়ে চীনের উত্থানের পর তাই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তারা উঠে এসেছে পদক তালিকার শীর্ষের দিকে।
আবার যেসব দেশের খেলাধুলার সব ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা নেই, তারা বিশেষ বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ মনোনিবেশ করছে। ভারত তাই সুচিন্তিতভাবে ক্রিকেটকে বেছে নিয়ে থেমে থাকেনি, আগামী অলিম্পিকে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে সাফল্যের এখন থেকেই আরও বহু গুণ প্রস্তুতির শপথ নিয়েছে। কেনিয়া, ইথিওপিয়া, জ্যামাইকা, কাজাখস্তান বা মাত্র পা দেওয়া কসোভো পর্যন্ত তাদের শক্তির জায়গাগুলো চিহ্নিত করে সাফল্যের কর্মকৌশল নিয়ে কাজ করছে।
আমাদের বহু ক্ষেত্রের মতো ক্রীড়াক্ষেত্রেও প্রস্তুতি বা উন্মাদনা কেবল হুজুগের মধ্যে সীমাবদ্ধ। না হলে আমাদের ক্রীড়াজগতের কর্তাদের বহু আগেই শুধু ক্রিকেট নয়, অন্য যেসব খেলায় কম প্রতিযোগিতা (যেমন কাবাডি) বা কম শারীরিক দক্ষতার প্রয়োজন (যেমন শুটিং বা দাবা) রয়েছে, সেখানে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
প্রশ্ন হচ্ছে, ফুটবল কি এখন সেই অগ্রাধিকার তালিকায় আসবে? অন্তত মেয়েদের ফুটবল? শারীরিক সক্ষমতায় আমাদের ছেলেরা ফুটবলার হিসেবে যে অনেক পিছিয়ে তা হয়তো ফুটবলের স্বর্ণযুগেই দেখা গেছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটি বলার উপায় নেই। অনূর্ধ্ব-১৬ ফুটবলে মেয়েদের চমকপ্রদ সাফল্যের পর বরং সেখানে আমাদের সাফল্যের কর্মকৌশল নিয়ে চিন্তা করার সময় এসেছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ছেলেদের তুলনায় এ দেশের মেয়েরা শারীরিক সক্ষমতায় অনেক এগিয়ে আছে, অন্য দেশগুলোর তুলনায় আন্তর্জাতিকভাবে তারা কম পিছিয়ে আছে। ওয়াজফিয়া নাজনীন ব্যক্তি হিসেবে তার প্রমাণ রেখেছেন, অনূর্ধ্ব-১৬ ফুটবল দল তা সামষ্টিকভাবে প্রমাণ করেছে। না হলে ইরান আর চীনা তাইপেকে ফুটবলে হারানোর কথা আমরা কখনো কি ভাবতে পারি কোনো পর্যায়ে?
ফুটবলে আমাদের কিশোরীদের অতুলনীয় সাফল্যের পর এদিকে রাষ্ট্রের তাই আরও অনেক বেশি মনোযোগ দেওয়ার সময় এসেছে। বয়সভিত্তিক দলগুলোকে ঠিকমতো পরিচর্যা করলে মূল প্রতিযোগিতায় সাফল্যের বহু নজির পৃথিবীতে রয়েছে।
ঠিকমতো অনূর্ধ্ব-১৬ ফুটবল দলটিকে পরিচর্যা করলে ভবিষ্যতে এদের আরও সাফল্য জাতি হিসেবে আমাদের গর্বিত করবে। তার চেয়েও যা সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ, এটি আমাদের সমাজে নারীদের প্রতি কূপমণ্ডূক ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রতি একটি চপেটাঘাত হিসেবে কাজ করবে। অন্য সব ক্ষেত্রের মতো ক্রীড়াক্ষেত্রেও এই চপেটাঘাতের প্রয়োজন রয়েছে।
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।