
আজকে লতিফা আকন্দকে স্মরণ করছি। দেখতে দেখতে লতিফা আপা চলে যাওয়ার এক বছর হয়ে গেল (৪ ডিসেম্বর ২০১৪)। আমাদের জীবন এত ‘দ্রুত ধাবমান’ আর তার দ্রুত রথে আমাদের তুলে নিয়ে যায় দুঃসাহসী ভ্রমণের পথে। তাই ক্রমেই আমরা ভুলে যেতে থাকি সবাইকে।
লতিফা আপা ছিলেন একজন ক্ষণজন্মা মানুষ। নেত্রকোনার এক সম্ভ্রান্ত আলোকিত পরিবারে জন্ম হয়েছিল তাঁর। তিনি ছিলেন দৃঢ়চেতা ও আত্মপ্রত্যয়ী। আমরা লতিফা আপাকে পরিণত বয়সেই দেখেছি, যা বিশ্বাস করতেন, তাকে অকুণ্ঠচিত্তে প্রকাশ করতে দ্বিধা করতেন না। এ জন্যই বুঝি আত্মীয়স্বজনের ক্ষুদ্র গণ্ডি ছাড়িয়ে তিনি বৃহত্তর পরিবার গড়ে তুলেছিলেন সমাজকর্ম ও সমাজসংস্কারে আত্মনিবেদিত হয়ে। জীবনের শেষ দিন (দুই দিন অসুস্থ ছিলেন) পর্যন্ত সক্রিয় ও সজীব ছিলেন।
লতিফা আখন্দ পেশায় ইসলামের ইতিহাসের শিক্ষক ছিলেন। কিন্তু মেধা, জ্ঞান আর সংবেদনশীলতার আশ্চর্য সংমিশ্রণে সীমিত বিষয়বস্তুর ঊর্ধ্বে উঠে নিজের মধ্যে জ্ঞানভান্ডার গড়ে তুলেছিলেন। সামাজিক সংস্কারের শৃঙ্খল ভাঙতে তিনি ছিলেন বদ্ধপরিকর। নারায়ণগঞ্জের টানবাজারে ‘রেড লাইট’ এরিয়ার মেয়েদের উদ্ধার ও পুনর্বাসনে ‘গ্রিন লাইট’ নারীদেরও উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছেন।
লতিফা আপার আরেকটি সুকৃতি হলো পিতৃমাতৃ পরিচয়হীন, পরিত্যক্ত শিশুদের ডাস্টবিন থেকে তুলে নিয়ে তাদের পরিচর্যা ও পুনর্বাসনে তিনি একটি যুগান্তকারী সংস্থা গড়ে তুলেছিলেন। সংস্থাটি তিনি দীর্ঘ ১৮ বছর সব বিরোধিতা সত্ত্বেও চালিয়ে নিয়েছিলেন। কিন্তু দত্তক-সংক্রান্ত আইনি জটিলতায় সেটা বন্ধ করে দিতে বাধ্য হন। এই শিশুদের মধ্যে অনেকেই আজ বিদেশে উচ্চশিক্ষা পেয়ে পুনর্বাসিত। দত্তকগ্রহীতা পরিবারের কথা বলতেন, কিন্তু কখনো কারও পরিচিতি প্রকাশ করতেন না।
মেয়েদের চারিত্রিক গঠনে স্বাস্থ্যের গুরুত্ব উপলব্ধি করেই লতিফা আখন্দ নিজেও হাঁটতেন, অন্যকেও হাঁটতে বলতেন। রমনা পার্কে ‘একটু বসি’ শিরোনামের জায়গাটায় তিনি মেয়েদের ব্যায়াম ও শরীরচর্চা করতেন।
লতিফা আকন্দ একের মধ্যে অনেক একজন মানুষ। সহজ-সরল, কিন্তু কঠোর কৃচ্ছ্র সবকিছুই আমাদের অনুকরণ-অনুসরণযোগ্য। আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনেই তাঁকে স্মরণ করব। তাঁকে আমার সশ্রদ্ধ অভিবাদন।জাহানারা হক: শিক্ষাবিদ, সাবেক প্রেসিডেন্ট
উইমেন ফর উইমেন।