
আনিসুল হক | মে ১৩, ২০১৬
মতামত: আমাদের দেশে শতকরা ৯৯ ভাগ ছেলেমেয়ে স্কুলে যায়। পাঁচ বছর পড়ার পর তাদের অনেকেই খবরের কাগজ, চিঠিপত্র ঠিকভাবে পড়তে পারে না, হিসাব-নিকাশ করতে পারে না। কয়েকটা লাইন শুদ্ধভাবে লিখতে পারে না। আমি কি ভয়ে ভয়ে একটা কথা বলব, এক পৃষ্ঠা বাংলা লিখতে দিলে আমরা বেশির ভাগই পুরোটা নির্ভুল লিখতে পারব না। এটা একটা ভয়াবহ দুঃসংবাদ। এরপরে আছে পরীক্ষার মান। প্রাপ্ত ফলের সঙ্গে পরীক্ষার্থীর বাস্তব দক্ষতা, জ্ঞান ও অর্জনের পার্থক্য।
আজাদ রহমান
আসলে জিপিএ পদ্ধতিতে একটাই সমস্যা। এটার রেঞ্জটা খুব বেশি। হায়ার সেকেন্ড ক্লাস থেকে স্ট্যান্ড পর্যন্ত সবাইকে একই গ্রেড দেওয়া হচ্ছে। ফলে হায়ার সেকেন্ড ক্লাস মানের জিপিএ-৫ পাওয়া ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গণহারে ফেল করলে স্ট্যান্ড করা মানের জিপিএ-৫ পাওয়া ছেলেগুলোও লজ্জায় পড়ে যাচ্ছে। যে সাবজেক্টে ৯০-এর উপরে পাচ্ছে, সেটায় স্টার এবং যে সাবজেক্টে ৯৫-এর উপরে পাচ্ছে, সেটায় ডিস্টিংশন দিয়ে ফলাফল প্রকাশ করলে এ সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
শাহজাহান সিরাজ
জাপানের স্কুলে পাস-ফেল নেই। কোনো শিক্ষার্থী নির্দিষ্ট নম্বরের (গ্রেড) কম পেলে প্রথমে শিক্ষক, তারপর শিক্ষার্থী, এরপর বাবা-মাকে কৈফিয়ত দিতে হয়। কারণ দর্শাও নোটিশের পরও একই ফল হলে, সেই শিক্ষকের চাকরি চলে যায়! ব্যের্থ শিক্ষক হিসেবে জাতীয় ডেটাবেইসে নাম উঠে গেলে শিক্ষকতা শেষ! বাংলাদেশের বর্তমান পদ্ধতি, আদিম! এখানে পরীক্ষার নামে অশিক্ষা, স্বার্থপরতা ও যুদ্ধ জয়ের অহংকার শেখানো হয়! যা দিয়ে নিজের ও অন্যের জীবনে শান্তি আনা মুশকিল! লেখাপড়ার উদ্দেশ্যএ পরীক্ষার্থী হওয়া নয়, শিক্ষার্থী ও ভালো মানুষ হওয়া। প্রতিযোগিতা করে বোর্ডে এক নম্বর হওয়ার পর পেশা ও সমাজে এক নম্বর মন্দ মানুষ হলে সেই শিক্ষা দিয়ে কী লাভ?
মো. আনওয়ার হোসেন
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ভেতরের অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল দেখলেই বোঝা যায়। আমাদের সময় দ্বিতীয় বিভাগে পাস করা ছাত্ররা ভর্তির সুযোগ না পেলেও নিদেনপক্ষে এখনকার মতো গণহারে ফেল করত না। আমার পরিচিত অনেক দ্বিতীয় বিভাগে পাস করা ছাত্র মেডিকেল সায়েন্সে পড়ালেখা করেছে, আর এখন শুনি জিপিএ-৫ পেয়েও ভালো কলেজ বা ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে চান্স পাওয়া নিয়ে শঙ্কায় থাকে। এমন জিপিএ-৫ দিয়ে কী হবে?
পথিক
এটা কখনোই ভালো হবে না। যে বছর প্রথম গ্রেডিং সিস্টেম চালু হলো সে বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭৬ জন। আর এখন পাচ্ছে লাখ লাখ। সবাই এখন মেধাবী হয়ে গেল? গত বছরই তো অনেক জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পাসই করতে পারল না। তাহলে কী হবে এসব জিপিএ-৫ দিয়ে? শতভাগ পাস করালে যদি সরকারের সুনাম হয়, তাহলে শতভাগ পাসই করান, কিন্তু যেন সত্যিকারের শিক্ষাই পায়।