
সবলের হাতে দুর্বল মার খায়। এর প্রতিবিধান করে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা। তাহলে ধরে নিতে হয়, রাষ্ট্রই সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান। তবে সেই রাষ্ট্রের কাজে নিয়োজিত কর্মকর্তাদেরও কোথাও কোথাও মারধর করা হয়। আমাদের দেশেও তা হয়। ইদানীং তা বেড়েই চলেছে। বিস্ময়কর যে সে মারধরের শিকার হচ্ছেন ক্ষেত্রবিশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। কোথাও তাঁদের কেউ অপরাধমূলক কাজের সময় জনতার ক্ষোভের শিকার হতে পারেন। তবে বেশ কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনকালে তাঁরা আক্রান্ত হচ্ছেন। ২০১৩ সালজুড়ে আর ২০১৪ সালের নির্বাচনের সময়কাল পর্যন্ত তাঁদের কেউ কেউ রাজনৈতিক সহিংসতার নিষ্ঠুর বলি হয়েছেন। থানায় মামলা হয়েছে। প্রকৃত অপরাধীর দণ্ড হয়েছে কি না, আর কয়েকটি ক্ষেত্রে এসব তথ্য জানা যায়নি।
তবে সম্পূর্ণ বিপরীত ধারায়ও এ হামলা চলে। অতিসম্প্রতি লক্ষ্মীপুরে ডিবির এক এসআইকে স্থানীয় মেয়র ও ক্ষমতাসীন দলের নেতার লোকজন অকারণে হামলা ও মারধর করেছেন বলে জানা যায়। পত্রপত্রিকা থেকে দেখা গেল, মেয়রও সেখানে ছিলেন। কিন্তু ইতিবাচক ছিল না তাঁর ভূমিকা। মামলা হয়েছে। নিয়ম মোতাবেক তা-ই হওয়ার কথা। অনেক ক্ষেত্রে তো তা-ও হয় না। ঘটনাটিতে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন অনেকে। তবে সম্ভবত বিস্মিত হননি তেমন কেউ। কেননা, সে জনপদে এই মেয়রের মৃত্যুদণ্ডে দণ্ডিত পুত্র রাষ্ট্রের আনুকূল্যে জীবিত আছেন। তিনি কারাগারে অবস্থান করছেন ভিন্ন মামলায়। তবে সে কারাগার ফটকেও ধুমধামের সঙ্গে তাঁর বিয়ের কাহিনি সবার জানা। সুতরাং তাঁদের সহযোগীরা বেপরোয়া হবেন, দু-চারটি কিল-ঘুষি মারবেন কোনো সরকারি কর্মচারীকে—এটা এমন কী বিষয় হলো। হোক না তিনি পুলিশ সদস্য। আর ডিবি পুলিশ। অপরাধী যখন বিচারকে এড়াতে পারে, তখন এমনটাই স্বাভাবিক। সে ক্ষমার ঘটনা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এর পুনরাবৃত্তি রুচিকর হবে না। তবু ক্ষীণ কণ্ঠে হলেও বলতে হয়, সিদ্ধান্তটি আইনের শাসনের বিপরীতে গিয়েছে।
শুধু লক্ষ্মীপুর নয়, দেশের বিভিন্ন স্থানে পুলিশসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী দৈহিক নির্যাতনের শিকার হচ্ছেন প্রায়ই। হুমকি-ধমকি তো এখন আর গ্রাহ্যের মধ্যেই আসে না। এমনকি কথায় কথায় বদলি আর ওএসডি হওয়াও এখন আর খবর হয় না। সপ্তাহ দুই আগে দেশের দক্ষিণাঞ্চলের এক জেলায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনৈক আইনপ্রণেতা এক নির্বাহী প্রকৌশলীকে কিল-ঘুষি মারতে থাকেন। তিনি ‘লাঠি কোথায়’ বলেও হাঁক দিচ্ছিলেন মর্মে সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে। সবাই সেখানে সমবেত হয়েছিলেন পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মহড়া দিতে। অথচ ঘটনার পর পর এই হতভাগ্য কর্মকর্তা ছাড়া সবাই চুপ। আইনপ্রণেতা গণমাধ্যমে অস্বীকার করেন গোটা ঘটনা। তিনি এমনও দাবি করেন, উপকূলীয় সবুজ বেষ্টনীর গাছ কেটে ফেলার বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন। তবে জানতে চাওয়ার জন্য কিল-ঘুষি কিংবা লাঠির আবশ্যকতা থাকার কথা নয়। বিষয়টি যা-ই হোক, একজন পদস্থ সরকারি কর্মকর্তাকে আইনপ্রণেতা এভাবে হামলা করা সম্পূর্ণ বেআইনি। সেই নির্বাহী প্রকৌশলী থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করেছেন। অথচ দণ্ডবিধির আওতায় মামলা হওয়ার কথা, তা হয়নি।
বিস্ময়কর ব্যাপার যে তখন সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অনেক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধি। জেলা প্রশাসক সম্পূর্ণ নীরব। আর পুলিশ সুপার বললেন তিনি ‘দূরে থাকায়’ প্রকৃত কী ঘটেছে, তা দেখতে পাননি। যাঁরা আইন প্রয়োগ করবেন, তাঁরাই তা করতে শঙ্কিত। তাই চেপে গিয়েছেন বিষয়টি। ইতিমধ্যে মিটমাট না হলে একপর্যায়ে কারও না কারও হস্তক্ষেপে ‘ভুল–বোঝাবুঝি’ বলে তা মিটমাট হয়ে যাবে। অন্তত অতীতে এ-জাতীয় ঘটনার প্রায়গুলোতে তা-ই হয়েছে। সে জিডিটি এজাহারে রূপান্তর হবে না। হলেও সাক্ষ্য-প্রমাণের অভাবে চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে তদন্তকারী কর্মকর্তাকে। যদি অভিযোগপত্র দেওয়াও হয়, আদালতে সাক্ষ্যই বা দেবেন কে? এরূপ দুই যুগ ধরে চলছে। ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি কিংবা অবনতি হচ্ছে, এরূপ পরিসংখ্যান নেই। তবে অনেকটা অপ্রতিহতভাবে চলছে এমনটা বলা অসংগত হবে না।
সংবাদপত্রে প্রায়ই এ-জাতীয় ঘটনার খবর আসে। কোনো ঘটনা নিয়ে সাময়িক আলোড়নও হয়। তবে সময়ান্তরে নতুন বিষয় স্বাভাবিক নিয়মে এটাকে চাপা দেয়। যেসব ঘটনা ঘটে চলছে, তার পরিণতি জানা যায় না প্রায় সব ক্ষেত্রে। স্থানীয় সাংবাদিকদেরও সীমাবদ্ধতা আছে। তাঁরা সেখানকার বাসিন্দা। কাজ করতে হয় এ ধরনের বৈরী পরিবেশে। তা-ও তো ঝুঁকি নিয়ে তাঁরাই দেশবাসীর নজরে আনেন ঘটনাগুলো। সন্দেহ নেই, এ-জাতীয় ঘটনা রাজনৈতিক ক্ষমতাধরদের সরাসরি আইন হাতে তুলে নেওয়ার নজিরই বটে। তদুপরি এসব করে তাঁরা রাষ্ট্রের শাসনযন্ত্রটিকে ক্রমান্বয়ে বিপর্যস্ত করে ফেলছেন। ফলে গোটা বেসামরিক শাসনব্যবস্থার কার্যকারিতা আজ হুমকির মুখে। এ-জাতীয় ঘটনায় কোনো কোনো ক্ষেত্রে প্রতিবাদী হতে গিয়ে তাঁরা নাকাল হয়েছেন। প্রায় ক্ষেত্রে জেলা ও উপজেলায় এখন আইন কী বলছে, তার চেয়ে বড় কথা হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতা কী বলছেন। দুই যুগ ধরে সব সরকারের সময়েই এমনটা ঘটে চলেছে। আর এটাকেই তাঁরা রাজনৈতিক নিয়ন্ত্রণের আবরণে চালাতে চান। শুধু চান বললে ভুল হবে, অনেক ক্ষেত্রে তাঁরাই চালান। সরকারি প্রশাসন তাঁদের নির্দেশের আজ্ঞাবহ হয়ে পড়েছে।
ফলে আরেকটি উপসর্গ এর মাঝে মহিরুহে পরিণত হতে চলেছে। অবস্থা যখন এ রকমই, তার সঙ্গে তাল মিলিয়ে চললে মেলে ইনাম। তাই কর্মকর্তাদের একটি অংশ ‘আমাদের লোক হয়ে গেছে’। এ প্রতিযোগিতায় আবার কেউ কেউ হেরেও যাচ্ছেন। চিহ্নিত হচ্ছেন ‘ওদের লোক’ বলে। আর নিরপেক্ষরা তো সব সরকারের সময়েই ‘ওদের লোক’। এ ‘আমাদের লোকেরাই’ অতি উৎসাহী হন। জাতীয় স্বার্থের নামাবলি গেয়ে তাঁরা ভেঙে চলেন আইন। অভিযোগ আসে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ আর গুলিবিনিময়ে হত্যা কিংবা গুম করার। নিরাপত্তা হেফাজতে শারীরিক নির্যাতনেও ঘটে প্রাণহানির ঘটনা। মানবাধিকার লঙ্ঘনজনিত কারণে সরকার দেশে-বিদেশে সমালোচিত হয়। আইন প্রয়োগকারী সংস্থাসহ সরকারের যেকোনো কর্মকর্তা-কর্মচারী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়লে জনপ্রতিনিধিরা সে বিষয়ে প্রতিবাদ জানাতে পারেন। ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করতে পারেন যথাযথ কর্তৃপক্ষের কাছে। অথচ এসব বিষয়ে হয় তারা নীরব সহযোগী। আবার ক্ষেত্রমতো আইন হাতে তুলে নেয়। এর মূল কারণ স্বাভাবিক নিয়মে সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছে অনেক ক্ষেত্রে। অনিয়ম করতে ক্ষেত্রবিশেষে প্ররোচনা দেওয়া হচ্ছে। নিয়মমতো কাজ করতে চাইলেও চতুর্মুখী বাধা আসে। ঘুষ-দুর্নীতির প্রসারও ঘটছে একই কারণে। এ দৈত্যকে বোতলবন্দী করতে না পারলে এগুলো আরও জটিল আকার ধারণ করতে পারে।
উপকূলীয় বাঁধ ও এর সবুজ বেষ্টনী রক্ষণাবেক্ষণ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তার দায়িত্ব। ক্ষমতাও সেখানে নির্ধারিত। এর অপব্যবহার হলে স্থানীয় জনপ্রতিনিধি প্রতিবাদ জানাতে পারেন। সরকারের নজরে আনতে পারেন বিষয়টি। কিন্তু পারেন না সংশ্লিষ্ট কর্মকর্তাকে লাঞ্ছিত করতে। কিন্তু তিনি তা-ই করলেন। মূলত আঘাত করলেন সরকারের কর্তৃত্বের ওপর। এতে তাৎক্ষণিক প্রতিবাদী ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব ছিল সে জেলার ডিসি ও এসপির। তাঁরা উপেক্ষা করলেন। কিন্তু ঢেউ যখন আরও বড় আকৃতিতে নিজেদের দিকে আসবে, তখন কী করবেন? প্রধানমন্ত্রী প্রতিনিয়ত নির্দেশ দিচ্ছেন অপরাধীর জাতকুল বিচার না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অন্তত তাঁর নির্দেশ পালন করতে পারতেন এ ক্ষেত্রে।
লক্ষ্মীপুরের ডিবি পুলিশের আহত সাব-ইন্সপেক্টর রাষ্ট্রের আইনের প্রতিভূ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া তাঁর কাজ। যারা তাঁকে মারল, তাদের নিরাপত্তা বিধানও এ কাজের আওতায় আসে। যারা ক্ষমতায় থাকে, তাদের অনেকের এসব বিবেচনাবোধ একেবারেই চলে গিয়েছে। প্রতিপক্ষ হামলা করলেও তো পুলিশের সাহায্যই দরকার হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ ক্ষেত্রে অন্তত আশা করব দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। প্রকৃত আসামিরা হবে গ্রেপ্তার। আর বিচারের জন্য সাক্ষ্য-প্রমাণ পাওয়ার অনুকূল পরিবেশ তৈরি করবে স্থানীয় প্রশাসন। আর তা করবে সব অনুরাগ-বিরাগ আর ভয়ভীতির ঊর্ধ্বে উঠে।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]