
সারা পৃথিবীতে সংবাদপত্রের বিলোপ যেন আসন্ন হয়ে উঠছে। ইন্টারনেটের ব্যাপক প্রসারের কারণে সংবাদপত্রের প্রচারসংখ্যা কমছে, তাদের বিজ্ঞাপনী রাজস্ব পড়ে যাচ্ছে। কিন্তু ভারতে ব্যাপারটা তেমন হচ্ছে না। পশ্চিমের তরুণেরা সকালবেলা ঘরে আসা ছাপা পত্রিকা পড়ার অভ্যাস বাদ দিয়েছে, বরং তারা যেখানে থাকছে সেখানেই ট্যাবলেট, ল্যাপটপ ও মোবাইল ফোনের মাধ্যমে পত্রিকা পড়ছে। ফেসবুক ও গুগলের মতো অতিকায় ইন্টারনেট কোম্পানিগুলো বিজ্ঞাপনের রাজস্ব নিয়ে যাচ্ছে, ফলে সংবাদপত্রের মুনাফা কমছে। সম্প্রতি অনেক সংবাদপত্রই দেউলিয়া হয়ে গেছে। আর যারা এখনো টিকে আছে, তারা বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করছে, বিশেষ করে বৈদেশিক ব্যুরোর কর্মীদের। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের পর পূর্ণকালীন সাংবাদিকের সংখ্যা ২০ শতাংশ পড়ে গেছে।
এমনকি অনেক বড় সংবাদপত্র বন্ধ হয়ে গেছে বা শুধু অনলাইন চালাচ্ছে। মানুষের চোখ এখন সাইবার স্পেসের দিকে। এর মধ্যেও নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ান–এর ইন্টারনেট উপস্থিতি অনেক বেড়েছে। কিন্তু এটাও যথেষ্ট নয়।
দ্য গার্ডিয়ান–এর কথাই বলা যায়, এই পত্রিকার ওয়েবসাইটে দৈনিক ৩ কোটি ৮০ লাখ মানুষ সরাসরি ঢোকে; যেখানে এর ছাপা পত্রিকার কাটতি মাত্র ২ লাখ। কিন্তু এই অনলাইন পাঠকেরা বিনা মূল্যে সংবাদ পড়ছেন, এতে তার টাকা উল্টো বেরিয়ে যাচ্ছে। এতে পত্রিকার ওয়েব বিজ্ঞাপনী রাজস্ব বাড়ছে না। দেখা যাচ্ছে, অধিকাংশ পত্রিকার ক্ষেত্রেই ওয়েব বিজ্ঞাপনের রাজস্ব ১০-১৫ শতাংশের বেশি নয়। ফলে এটা অতীতের ছাপা বিজ্ঞাপনের মতো হচ্ছে না। এসব কারণে সাংবাদিকতার জগতে একধরনের অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে। গত বছর ক্যারিয়ারকাস্ট সার্ভের জরিপে টানা তৃতীয়বারের মতো দেখা গেল, যুক্তরাষ্ট্রে একজন তরুণের ক্যারিয়ার সম্ভাবনার বিবেচনায় ‘সংবাদপত্রের প্রতিবেদক’-এর স্থান সবার নিচে (অনুতাপের কথা, আমার এক ছেলে ওয়াশিংটন পোস্ট–এর সাংবাদিক)।
এত কিছু সত্ত্বেও ভারতে গাছের বাকল থেকে তৈরি কাগজনির্ভর সংবাদপত্রের অবস্থা কিন্তু বিস্ময়করভাবে বেশ জমজমাট। এখন পৃথিবীর মধ্যে ভারতেই টাকা দিয়ে পড়তে হয়—এমন সংবাদপত্রের সংখ্যা সবচেয়ে বেশি, যে সংখ্যাটা ক্রমেই বাড়ছে। ২০১৩ সালে এই পত্রিকার সংখ্যা ছিল ৫ হাজার ৭৬৭, যেটা ২০১৫ সালে দাঁড়ায় ৭ হাজার ৮৭১। এই একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০টি সংবাদপত্র বন্ধ হয়ে গেছে, যেখানে ছাপা কাগজের সংখ্যা ভারতের এক-তৃতীয়াংশেরও কম।
এ ছাড়া ভারতের অডিট ব্যুরো অব সার্কুলেশনের (এবিসি) সংবাদপত্রের পাঠকসংখ্যার পরিসংখ্যান থেকে জানা যায়, গত এক দশকে ভারতের সংবাদপত্রের প্রচারসংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ২০০৬ সালে যেখানে সংবাদপত্রের প্রচারসংখ্যা
ছিল ৩ কোটি ৯১ লাখ, ২০১৬ সালে তা দাঁড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ। ২০১৫ সালের তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, সে বছর ভারতে সংবাদপত্রের প্রচারসংখ্যা ১২ শতাংশ বাড়লেও প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বাজারে এর প্রচারসংখ্যা কমেছে: যুক্তরাজ্যে ১২ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৭ শতাংশ এবং জার্মানি ও ফ্রান্সে ৩ শতাংশ। তবে ভারতে এই প্রচারসংখ্যা বাড়ার কারণ কিন্তু ইন্টারনেট সংযোগের অভাব নয়। গত এক দশকে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে। তাহলে ভারতের সংবাদপত্রশিল্পের বিকাশের রহস্য কী?
একটি মৌলিক কারণ হচ্ছে, ভারতের ক্রমবর্ধমান সাক্ষরতার হার, যার পরিমাণ এখন ৭৯ শতাংশে উঠেছে। বিশেষ করে হিন্দিভাষীদের হৃদয় উত্তরাঞ্চলের ‘কাউ বেল্ট’ অঞ্চলের উন্নতির কারণে এটি সম্ভব হয়েছে। ১৯৬০-এর দশকে হিন্দিভাষীরা যখন ইংরেজি, মালয়ালম ও বাংলাভাষীদের চেয়ে কম শিক্ষিত ছিল, তখন হিন্দি সংবাদপত্রের প্রচারসংখ্যা কম ছিল। অথচ আজ তারা সবার ওপরে। টানা দ্বিতীয় দশকের মতো হিন্দি সংবাদপত্রের প্রচারসংখ্যা সবচেয়ে বেশি গতিতে বেড়েছে। ২০০৬ সালের পর তাদের বার্ষিক গড় প্রচারসংখ্যা ৮ দশমিক ৭৮ শতাংশ হারে বেড়েছে।
অর্থনৈতিক উন্নয়নও ভারতের সংবাদপত্রশিল্পের সহায়ক হয়েছে। অনেক নব্য সচ্ছল ভারতীয় টেলিভিশন থেকে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ পেয়ে থাকে। কিন্তু ঘরের কাছের সংবাদের সবচেয়ে ভালো উৎস হচ্ছে স্থানীয় সংবাদপত্র। এই শ্রেণির পাঠকদের ধরার জন্য সংবাদপত্রই সবচেয়ে ভালো উপায়। নিশ্চিতভাবেই ভারতের অধিকাংশ শীর্ষ সংবাদপত্রগুলো ডিজিটাল সম্ভার উন্নত করছে। সাইট থেকে সংবাদ নামানোর জন্য তারা অ্যাপ বানিয়েছে। এখন তারা ক্রমেই গ্রাহকদের ছোট পর্দার উপযোগী ছোট ছোট সংবাদ উপহার দিচ্ছে।
কিন্তু অনেক পাঠকের কাছেই তা ছাপা কাগজের দর্শনদারির ও অনুভূতির বিকল্প নয়। ছাপা কাগজের অতিরিক্ত সুবিধা হচ্ছে, এর পাঠযোগ্যতা অনেক বেশি। যে দেশে বিদ্যুতের ওঠানামার কারণে সার্বক্ষণিকভাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা যায় না, সেখানে ছাপা কাগজের সুবিধাই বেশি। সংবাদের জন্য এখনো ধরাছোঁয়া যায় এমন কাগজ দরকার, যেটা সূর্যালোকে পুরো চার্জসম্পন্ন ব্যাটারি ছাড়াই পড়া সম্ভব। এসব কারণে এটা হয়তো তেমন একটা বিস্ময়ের ব্যাপার নয় যে ভারতের বিজ্ঞাপনদাতারা পত্রিকার প্রতি এখনো অনুগত, কারসরের চেয়ে। বিজ্ঞাপন ভারতীয় পত্রিকার রাজস্বের প্রধান উৎস, যেটা পশ্চিমের ঠিক বিপরীত। অবশ্যই, এই ধারা হয়তো চিরকাল চলবে না। কিন্তু এই মুহূর্তে ভারতীয় সংবাদপত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার মতো জায়গায় নেই। ডিজিটাল বিজ্ঞাপন বাবদ ব্যয় বছরে ৩০ শতাংশ হারে বাড়লেও এটা এখনো ভারতের মোট বিজ্ঞাপনী ব্যয়ের মাত্র ৮ শতাংশ। অন্যদিকে টিভি ও ছাপা বিজ্ঞাপনের রাজস্ব ৮ ও সাড়ে ৪ শতাংশ হারে বাড়ছে।
এবিসির ভবিষ্যদ্বাণী হচ্ছে, এই পার্থক্য ২০২১ সাল নাগাদ ঘুচে যাবে। তখন ছাপা ও ডিজিটাল মাধ্যমের বিজ্ঞাপনী ব্যয় সমান হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও ভারতের ছাপা গণমাধ্যমের বিজ্ঞাপনী রাজস্ব বাড়বে, যেটা পশ্চিমা গণমাধ্যম কল্পনাও করতে পারে না। সে কারণে ভারতের ছাপা মাধ্যমের গল্পটা আরও কিছুকাল সুখকর থাকবে। তেজি ভাব নিয়ে ভারতীয় সংবাদপত্রশিল্প আরও কিছুকাল এই খাতের বিশেষজ্ঞদের জন্য স্বর্গ হয়ে থাকবে। এখনো ভারতের ২৮ কোটি মানুষ নিরক্ষর। তারা অক্ষরজ্ঞান লাভ করলে নিজেদের সংবাদপত্র চাইবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
শশী থারুর: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী।