লাভ-ক্ষতির হিসাবই যেন আসল কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনীসংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায় এখন সচেতন মহলে প্রধান আলোচ্য বিষয়। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ৭৯৯ পৃষ্ঠার যে রায় দিয়েছেন, তাতে মামলার মূল বিবেচ্য বিষয়ের বাইরে দেশের রাজনৈতিক ঘটনা ও পূর্বাপর নানা সরকারের ভূমিকা সম্পর্কে পর্যবেক্ষণ, মতামত ও মন্তব্য এসেছে। এর ফলে এ রায় সময়ের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ববহ হয়ে উঠেছে।

মুক্তিযুদ্ধের চেতনার কথা সব সময় আলোচনায় আসে, প্রায়ই অঙ্গীকার হিসেবে ব্যক্ত হয়, তবে তার চেয়েও বেশি আসে সেই চেতনায় একটি অসাম্প্রদায়িক সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েমের ব্যর্থতার সূত্র ধরে। নানা প্রসঙ্গে কখনো অন্যের, কখনো আত্মসমালোচনা হিসেবে এমন বক্তব্য বারবার উঠে এসেছে। দুর্ভাগ্যের বিষয়, তা আমাদের গা-সওয়া হয়ে গেছে এবং এর দ্বারা সংশ্লিষ্ট কারোরই ভাবান্তর ঘটে বলে মনে হয় না। আলোচ্য রায়ে মনে হচ্ছে প্রধান বিচারপতি দেশের গণতান্ত্রিক রাজনীতির ক্ষীয়মাণ বাস্তবতায় তাঁর বিবেচনায় কিছু ন্যায্য কথা, সত্য কথা সরাসরি বলতে চেয়েছেন। সম্ভবত তাই তাঁর বিবেচনা নির্দিষ্ট আইনি বিধানটি ছাপিয়ে দেশ পরিচালনার ইতিহাস ও সমকালের নানা প্রসঙ্গে ছড়িয়ে পড়েছে।

নাগরিক সমাজ এই রায়ের পর্যবেক্ষণসমূহকে সাধারণভাবে ইতিবাচক ভাববে এবং একে প্রধান বিচারপতির সত্য উচ্চারণ ও সময়োচিত সাহসী ভূমিকা হিসেবে তারিফ করবে। তবে আমাদের রাজনীতি ধীরে ধীরে এতটাই ক্ষমতার লড়াইয়ে পর্যবসিত হয়েছে যে এর কোনো পক্ষই আর দলীয় স্বার্থের অন্ধত্ব ঘোচাতে পারবে না। রাজনীতির এ পরিণতি আমাদের সামনেই ঘটেছে। এ অবস্থায় আমাদের সমকালীন ইতিহাসের আলোকে বুঝি এ রায়টিকে দলীয় লাভ-ক্ষতির বাইরে সত্য ও ন্যায্যতার নিরিখে বিচারের ক্ষমতা রাজনীতির কোনো পক্ষেরই নেই। সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ঠিকই বলেছেন, এ রায়ে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বলতে পারি ঠিক যেমন এক-এগারোর সরকারের ভূমিকায় বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাজনীতির এখন ক্ষমতার বিচারে লাভবান বা ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি সামর্থ্য আর নেই।

রাজনীতিকে একা দুষেও লাভ নেই, এর সঙ্গে স্বেচ্ছায় সহমরণে শরিক হয়েছে দেশের নাগরিক সমাজ। তারা পক্ষাবলম্বন করেছে, পক্ষভুক্ত হয়েছে এবং প্রায় ব্যক্তিগত লাভ–ক্ষতির হিসাবের গণ্ডি কেটে নিয়েছে। এর মধ্যে বৈষয়িক উন্নতির যে সুযোগ তৈরি হয়েছে, তার দৌড়ে গোটা সমাজই শামিল হয়ে পড়েছে। আওয়ামী লীগ এর প্রতিদান আশা করে ভোটের বাক্সে। কিন্তু স্বার্থচিন্তার সংক্রমণ হলে অতটা নিঃস্বার্থ হওয়া মুশকিল। সবাই জানে বৈষয়িক সম্পদ রক্ষা করতে হয় ক্ষমতার সঙ্গে আপস করে সমঝোতায় চলে। হ্যাঁ, আমাদের চোখের সামনেই একটি রাজনীতিসচেতন সমাজ ধীরে ধীরে ক্ষমতার রাজনীতির সঙ্গে আপসে চলতে অভ্যস্ত হয়ে কেমন আত্মকেন্দ্রিক স্বার্থসর্বস্ব সমাজে পরিণত হলো।

প্রধান বিচারপতির উদ্যোগে প্রণীত এ রায়টি সময়ের বিচারে এ অঞ্চলের জুরিসপ্রুডেন্সের ইতিহাসে বিশিষ্ট হয়ে থাকবে এ কথা মেনেও বলতে হবে, আশু বিচার্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে বড় দুই দলের লাভ-ক্ষতি। বিএনপি দৃশ্যতই প্রফুল্ল, তারা যেন প্রায় ক্ষমতার সুবাতাস পেতে শুরু করেছে। আর আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের শঙ্কা ও দুর্ভাবনা যেন আরও বেড়ে গেল। উন্নয়নের মেগা প্রকল্পের স্থাপনার মতো দৃশ্যমান কীর্তিকেও ছাপিয়ে নির্বাচনে দেশের জেলা-উপজেলায় ছড়িয়ে থাকা তুফান সরকারদের কীর্তিই ভোটারদের মনে কাজ করবে বেশি। জাতীয় সম্পদের চেয়েও ব্যক্তিগত সম্পদ, সেই সঙ্গে পৈতৃক প্রাণটির মূল্য মানুষের কাছে বেশি। ভয়ের বাস্তবতায় স্বপ্নের কুঁড়ি পাপড়ি মেলে না। ফুলগুলো অকালে ঝরে যাচ্ছে। সরকার কিছুতেই বুঝতে চাইল না যে তাদের কাছে জনগণের প্রত্যাশা যুগপৎ উন্নয়ন ও সুশাসন—আদতে সুশাসনই অগ্রাধিকার পাবে।

এবার আবার লাভ-ক্ষতির কথায় ফিরে আসি।

পরিস্থিতি অনুকূল মনে হওয়ায় বিএনপির নেতারা জামায়াতকে নিয়েই জোটের ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করতে পারেন। সেই সঙ্গে সহায়ক সরকারের দাবিও তাঁরা জোর গলায় বলবেন, যদিও নির্বাচন যাতে কোনোভাবে ভেস্তে না যায় সে জন্য এ দাবিতে তাঁরা আপস করবেন। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পক্ষে আদতে প্রধান অস্ত্র হচ্ছে ইসলামি জঙ্গিগোষ্ঠী দমনে তার আন্তরিকতা ও সাফল্য। ক্ষমতাসীন দল অবশ্যই উন্নয়নের কথা বলবে, ন্যায্যভাবেই অনেক দৃষ্টান্ত দেবে, কিন্তু মানুষ ভাবে, যে সরকারই আসুক উন্নয়ন কম-বেশি হবে, তার দুর্ভাবনা সুশাসন নিয়ে। কে তাকে স্বস্তিতে সপরিবারে জীবনধারণের মতো পরিবেশ দেবে, সেটাই তার লাখ টাকার প্রশ্ন।

এটা ঠিক বিএনপির আমলেই এখানে ইসলামি জঙ্গিবাদ শিকড় গেড়ে ছিল। তৎকালীন মন্ত্রী-নেতাদের কেউ কেউ সরাসরি এতে যুক্তও ছিলেন। এটাও ঠিক, আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ ঠেকানোর কাজে দারুণ সাফল্য দেখিয়েছে। কিন্তু চিহ্নিত জঙ্গিদের নির্মূল বা নিষ্ক্রিয় করা গেলেও সমাজে নতুন জঙ্গি তৈরির আশঙ্কা কেন রয়ে যাচ্ছে তা তাদের ভাবনায় আছে বলে মনে হয় না। সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং চলমান রাজনীতি যে ধারায় চলছে, তাতে এর কোনোটির মধ্যেই সমাজে মুক্তচিন্তার সুস্থ পরিবেশ তৈরির সামর্থ্য আর নেই। আর বদ্ধ চিন্তার জগতে মানসিক অন্ধত্ব তৈরি হয়, যা সহজেই ধর্মান্ধ জঙ্গিবাদে মুক্তি খুঁজতে পারে।

জামায়াত ও অন্যান্য ইসলামি দলের সমন্বয়ে বিএনপি যে জোট তৈরি করেছে, তা ক্ষমতায় এলে খুব আশঙ্কা থেকে যায় ক্ষমতা বদলের প্রথম পর্বেই প্রশাসনের শৈথিল্যের সুযোগে জঙ্গি তৎপরতা মারাত্মক পর্যায়ে যেতে পারে। আর প্রতিপক্ষকে ঠেকানোর প্রয়োজনে মেয়াদকালে এদের ব্যবহারের প্রলোভন ঠেকানোও কি সম্ভব হবে?

ফলে প্রধান বিচারপতির যুগান্তকারী রায় সত্ত্বেও এতে আখেরে বড় রাজনৈতিক দলের আশু লাভ-ক্ষতির বিচারই প্রাধান্য পাবে। আমরা বলেছি, এতে বিএনপি লাভবান হবে। অর্থাৎ নিরপেক্ষ পর্যালোচনা ও অভিমত বাস্তবতার বৈগুণ্যে বিবদমান দুটি পক্ষের মধ্যে অসম ফলাফল বয়ে আনতে পারে। তা এ জন্য ঘটছে না যে বিএনপি গণতন্ত্রের বিচারে ক্ষমতাসীন দলের চেয়ে উত্তম, বরং বিপরীতটাই খানিকটা সত্য। এটা হলো অবস্থার বা বাস্তবতার বৈগুণ্য—ক্ষমতাসীনকে দায় নিতে হয়, যেমন অতীতে হয়েছে। কিন্তু এতে, ভয়ে ভয়েই বলছি, উভয় দলের জন্য সমতাভিত্তিক ক্ষেত্র তৈরি হলো কি?

ফলে মোদ্দা কথা দাঁড়ায়, এমন একটি রায় আপাতত রাজনীতি ও শাসনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনে সক্ষম হবে বলে মনে হয় না। তবে সারগর্ভ বক্তব্য সমকালে তাৎক্ষণিকভাবে ফল না দিলেও এ রায় নানা সূত্রে বারবার আলোচনায় আসবে এবং কিছুটা হলেও বিবেক-বুদ্ধিতে নাড়া দেবে। সেটাও একটা প্রাপ্তি বৈকি। বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের প্রক্রিয়া যে তিমিরে ছিল, সে তিমিরেই থাকবে।

এ দেশের জনগণ বারবার আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক দলের জন্য উত্তরণের সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছিল—১৯৭১, ১৯৯০ দুটি বড় দৃষ্টান্ত। সুযোগগুলো হাতছাড়া হয়েছে। তাতে বোঝা যায় রাষ্ট্র পরিবর্তন, সরকার বদলের মাধ্যমেও কার্যকর পরিবর্তন আসে না। পরিবর্তন ঘটাতে হয় সমাজে, তার জন্য অগ্রাধিকার অ্যাজেন্ডা হচ্ছে কার্যকর মানসম্পন্ন শিক্ষার বিস্তার। বহুধাবিভক্ত শিক্ষা, পরীক্ষাকেন্দ্রিক ব্যবস্থা, মাদ্রাসার বিজ্ঞান ও আধুনিক জ্ঞানচর্চায় অনীহা, মুখস্থবিদ্যার মতো রাজনীতির ক্ষমতান্ধতা মিলে সমাজের বহু বছরের চিন্তার জড়তা, অন্ধবিশ্বাস, তামাদি সংস্কার ও দুর্বল নৈতিকতার ভিত ভাঙতে পারছে না। মানুষের মূল সংকট তার মনোজগতে, মূলত চিন্তার জগতে। রাজনীতি এই তামাদি মানসের সঙ্গে আপস করে চলেছে, ভোটের প্রয়োজনে তাকে প্রশ্রয় দিচ্ছে, লালন করছে। ফলে পুরোনো সমাজে নতুন রাষ্ট্র বারবার হোঁচট খাচ্ছে, সরকারের অনেক রকম রদবদল সত্ত্বেও থোড় বড়ি খাড়াই থাকছে। প্রধান বিচারপতি যদি কোনো উপলক্ষে বহুধাবিভক্ত এবং ক্রমে দুর্মূল্য পণ্যে পরিণত হতে থাকা শিক্ষার আধুনিকায়ন, একে স্কুল পর্যায়ে একমুখীকরণ এবং সুলভ করে তোলার নির্দেশনা দিতে পারতেন তাহলে সমাজ কেবল ঝাঁকুনি খেত না, সেই ঝাঁকুনিতে চলার গতিও পেত। রাজনৈতিক ঝাঁকুনির চেয়ে এই ঝাঁকুনিতে সমাজে গুণগত পরিবর্তন সৃষ্টির সুযোগ বেশি তৈরি হতো বলে মনে করি।

একটি ইংরেজি আপ্তবাক্যের অনুকরণে বলা যায়, অর্থনীতিতে ধস নামলে তাতে ক্ষতি কিছু হয়, রাজনীতিতে অবক্ষয় ঘটলে
বেশি ক্ষতি হয় আর শিক্ষা অকার্যকর হয়ে পড়লে জাতির সমূহ সর্বনাশ হয়।

আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।