লারমার অপূর্ণ স্বপ্ন ও বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এন লারমা
এম এন লারমা

রাঙামাটি জেলার মহাপ্রুম গ্রামে, ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমার জন্ম। পাহাড়ি জনপদের মরণফাঁদ নামে খ্যাত কাপ্তাই হ্রদের অতল জলরাশিতে সে গ্রামটি তলিয়ে গেছে অনেক আগেই। তিনি রক্ষণশীল, পরনির্ভরশীল ও সামন্ত নেতৃত্বের বিরোধিতা করে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা রাখেন। তবে তাঁর গতিশীল চিন্তা কেবল পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ ছিল না। তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের মুক্তির সঙ্গে পার্বত্যবাসী জনগণের মুক্তি একই তারে বাঁধা, এ প্রতীতি তাঁর ছিল।
১৯৫৬ সাল থেকে এম এন লারমা ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক জীবনে পদার্পণ করেন। ১৯৫৮ সালে তিনি ছাত্র ইউনিয়নে যোগদান করেন। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের মাধ্যমে জুম্ম জনগণের অস্তিত্ব বিলোপের লক্ষ্যে শাসকশ্রেণির আগ্রাসী ঔপনিবেশিক তাণ্ডব ও ভ্রান্ত নীতি তাঁকে গভীরভাবে নাড়া দেয়। ১৯৬৩ সালের ১০ ফেব্রুয়ারি নিবর্তনমূলক আইনে সরকার এম এন লারমাকে গ্রেপ্তার করে; প্রায় তিন বছর কারাভোগের পর এম এন লারমা ১৯৬৫ সালে মুক্তিলাভ করেন। সে সময় জুম্ম ছাত্র-যুব সমাজের কাছে ‘গ্রামে চলো’ স্লোগান তুলে ধরেন। শতাব্দী প্রাচীন শাসনে আষ্টেপৃষ্ঠে বাঁধা নিদ্রামগ্ন সমাজে ব্যাপক শিক্ষা প্রসার না ঘটলে জুম্ম জনগণকে অধিকার সচেতন করা সম্ভব নয় বলে তিনি ঐতিহাসিক দিকনির্দেশনা প্রদান করেন। গ্রামে গ্রামে গিয়ে স্কুল প্রতিষ্ঠা করে সাধারণের মাঝে শিক্ষার প্রসার ঘটানোর আহ্বান জানান তিনি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে শিক্ষিত যুবসমাজের অনেকেই গ্রামের স্কুলে শিক্ষকতা পেশায় নিজেদের আত্মনিয়োগ করেন। তাঁরা একাধারে শিক্ষকতা ও রাজনৈতিক সংগঠনের কাজ চালিয়ে যেতে থাকেন। এম এন লারমা নিজেও ১৯৬৬ সালে দীঘিনালা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন।
১৯৭০ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে প্রাদেশিক পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়যুক্ত হন। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুবসমাজকে মুক্তিযুদ্ধে যোগ দিতে উৎসাহিত করেন। সদ্য স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নিয়ে এম এন লারমার ছিল আকাশসমান স্বপ্ন ও গভীর ভাবনা। তিনি বাংলাদেশের সংবিধান রচনার সময় তাঁর সেই স্বপ্ন বারবার উচ্চারণ করেছিলেন। তিনি বলতেন, দেশের সংবিধান জাতিধর্ম-নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করবে এবং সব ধরনের জাতিগত-শ্রেণিগত নিপীড়ন, শোষণ-বঞ্চনার অবসান ঘটাবে। কিন্তু তাঁর সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।
মানবেন্দ্র নারায়ণ লারমা আশা করেছিলেন, জাতিগত নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী বাঙালি নেতৃত্ব জুম্ম জাতির শত বছরের বেদনা বুঝবেন। তারই আলোকে পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি গণপরিষদে বারবার আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি তুলে ধরেন। কিন্তু¯ সাংসদ ও সংবিধান প্রণয়নকারীরা তাঁর দাবির আসল মর্মার্থ না বুঝতে পেরে তা প্রত্যাখ্যান করেন। বাহাত্তরের সংবিধানে উল্লিখিত হয় যে বাংলাদেশের নাগরিকগণ জাতি-ধর্ম-লিঙ্গ-জাতিসত্তানির্বিশেষে ‘বাঙালি’ নামে অভিহিত হবে। কিন্তু¯ লারমার দৃষ্টিতে ‘বাঙালি’ জাতি ‘জুম্ম’ জাতি থেকে স্বতন্ত্র। কাজেই ‘জুম্ম’ জাতি কখনো ‘বাঙালি’ হতে পারে না। পার্বত্যবাসী যেমন ভিন্ন জাতির মানুষ, কারণ তাদের রয়েছে আলাদা ভাষা, স্বতন্ত্র সংস্কৃতি ও পৃথক জীবনাচার। তাই সেদিন তিনি প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে বের হয়ে আসেন।
১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি মানবেন্দ্র নারায়ণ লারমা প্রতিষ্ঠা করেন জুম্ম জনগণের প্রথম রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তিনি ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এই সংগঠনে তিনি জুম্ম জনগণের প্রগতিশীল ও দেশপ্রেমিক অংশকে যুক্ত করেছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে দেশের রাজনীতি নতুন মোড় নিলে পার্বত্য চট্টগ্রামে নিয়মতান্ত্রিক আন্দোলনের সব পথ রুদ্ধ হয়। লারমার নেতৃত্বে শুরু হয় সশস্ত্র আন্দোলন, লক্ষ্য জুম্ম জাতির মুক্তি ও স্বায়ত্তশাসন অর্জন। কিন্তু¯ যুদ্ধ তিনি শেষ করে যেতে পারেননি। ১৯৮৩ সালের ১০ নভেম্বর ভোররাতে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে জনসংহতি সমিতির বিভেদপন্থীদের সশস্ত্র হামলায় তিনি নিহত হন। যে দাবির জন্য লারমা আমৃত্যু সংগ্রাম করেছেন, তা হলো আদিবাসীদের সত্যিকারের সাংবিধানিক স্বীকৃতি; আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি মানে সংবিধানে আদিবাসীদের জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক বৈচিত্র্যগত ও ভূমির ওপর প্রথাগত অধিকারের স্বীকৃতি। ৪০ বছর পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আবারও একই ব্যবস্থাপত্র দেওয়া হলো, বাংলাদেশের জনগণ সবাই জাতি হিসেবে বাঙালি হবেন।
মানবেন্দ্র লারমা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, জাতিগত–অর্থনৈতিক বৈষম্যমুক্ত গণতান্ত্রিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেন। কিন্তু বাংলাদেশে নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর একের পর এক যে নিপীড়নের ঘটনা ঘটছে, তা ভয়ংকর ও মর্মন্তুদ। পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় আদিবাসীদের বসতবাড়ি, জুম/কৃষিজমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, সেখানে স্থাপিত হচ্ছে বাঙালি বসতি, বাজার, সামরিক, আধা সামরিক স্থাপনাসমূহ।
গত কয়েক বছরে রামু, উখিয়া, টেকনাফ, পটিয়া, মাটিরাঙ্গা, নাইক্ষ্যংছড়ি, দিনাজপুর, পাবনার সাঁথিয়া, লালমনিরহাটে বৌদ্ধ ও হিন্দুধর্মাবলম্বীদের উপাসনালয় ও বসতবাড়িতে যে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা যেকোনো জাতির জন্য লজ্জাজনক। সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির উলম্ফন ও তাণ্ডবলীলা দেখে আমরা বিচলিত ও শঙ্কিত। উগ্র ধর্মীয় ও সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতির ধ্বজাধারীরা সংখ্যালঘুদের ওপর ক্রমাগত হামলা–নির্যাতন চালিয়ে আসছে। কিন্তু রাষ্ট্রশক্তি বা সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিভিন্ন সময়ে সাতক্ষীরা, হাটহাজারী, বরগুনা, পটুয়াখালী, খাগড়াছড়ি, চিরিরবন্দর, বান্দরবান, রাঙামাটিসহ বিভিন্ন স্থানে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জামায়াত-শিবির-জঙ্গিগোষ্ঠী ও বিদেশি অর্থায়নে চালিত ধর্মভিত্তিক এনজিওগুলোর সংশ্লিষ্টতা আছে, সন্দেহ নেই।
এই সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে মানুষের যে শুভ বোধ ও শুভ চিন্তা, তার পক্ষেই লড়াই করেছেন মানবেন্দ্র লারমা। ধর্মবর্ণজাতি নির্বিশেষে গণমানুষের মুক্তিই ছিল তাঁর স্বপ্ন ও সাধনা।
রোবায়েত ফেরদৌস: শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।