১৯৯৬ সালের পর সরকার এ বছর বাংলাদেশ রেলওয়ের জন্য আধুনিক মানের ২৭০টি নতুন বগি ক্রয় করছে। এগুলোর
মধ্যে ১৫০টি ইন্দোনেশিয়া থেকে ক্রয় করা হচ্ছে, আর ১২০টি ভারত থেকে। এরই মধ্যে ভারত থেকে কয়েকটি বগি এসে পৌঁছেছে। দীর্ঘ ১৯ বছর পর ২৭০টি নতুন বগি ক্রয় করা হলেও রংপুরের জন্য কোনো বরাদ্দ থাকবে কি না, তা বলা কঠিন। মিটারগেজ ও ব্রডগেজ মিলে দেশে বর্তমানে প্রায় ১ হাজার ৪৮৯টি যাত্রীবাহী কোচ রয়েছে। এর মধ্যে যেগুলো যাত্রী পরিবহনে অনুপযুক্ত সেগুলো থেকে কিছু পুরোনো বগির স্থলে নতুন বগি দেওয়া হবে। আর বাকিগুলো দিয়ে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
অতীতে রংপুরে কখনোই কোনো নতুন বগি কিংবা ইঞ্জিন দেওয়া হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রংপুর এক্সপ্রেস’ নামের ঢাকা-রংপুর রুটে একটি আন্তনগর ট্রেন চালু করেছেন। এই ট্রেনের নতুন ইঞ্জিন দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই ইঞ্জিন রংপুরে না দিয়ে দেওয়া হয়েছে অন্য রুটে। ঢাকা-রংপুর রুটে দিবাকালীন একটি ট্রেনের জন্য আন্দোলন করছে রংপুর মহানগর দোকান মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ‘যেহেতু রেলের উন্নয়নের জন্য সরকার ২৭০টি বগি ক্রয় করছে, সে জন্য রংপুরের ছাত্র-মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের সুবিধার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে দিবাকালীন একটি ঢাকাগামী আন্তনগর ট্রেনের আবেদন জানাচ্ছি।’
দেশে এখন রেল সম্প্রসারণের চেষ্টা করা হলেও রংপুরের জন্য সেই চেষ্টা লক্ষ করা যায় না। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনও চলে না। লালমনিরহাট থেকে ঢাকাগামী ট্রেনের সংখ্যা একটি। কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক রুটে একসময়ে তিন-চারটি ট্রেন চলাচল করত। এখন চলাচল করে মাত্র একটি ট্রেন। কুড়িগ্রাম থেকে হাজার হাজার শ্রমিক ভাড়ার পর্যাপ্ত টাকা না থাকার কারণে প্রতিদিন বাসের ছাদে কিংবা বাসের ভেতর গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ-কুমিল্লা যান। যদি কুড়িগ্রাম-ঢাকা রুটে দুটি ট্রেন থাকত তাহলে তাঁরা সাশ্রয় মূল্যে ট্রেনযোগে ঢাকা যেতে পারতেন। বর্ষায় বৃষ্টিতে ভিজে, শীতকালে কাঁপতে কাঁপতে এ এলাকার মানুষ দূরপাল্লায় যাওয়া-আসা করে। কিন্তু বৃষ্টিতে ভিজতে থাকা, শীতে কাঁপতে থাকা শ্রমজীবী এসব মানুষের কষ্টের কথা কি ক্ষমতাসীনেরা উপলব্ধি করতে পারবেন? অতীতে পারেননি।
রংপুর থেকে মাত্র একটি ট্রেন রাতে ঢাকা যায়। রংপুরবাসী দিনের বেলা ঢাকাগামী একটি ট্রেনের জন্য অনেক দিন ধরে আন্দোলন করছে। কুড়িগ্রাম থেকে ভাওয়াইয়া এক্সপ্রেস নামের একটি ট্রেনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। আন্দোলনকারীরা রেলমন্ত্রীসহ কুড়িগ্রামের সাংসদদের সঙ্গে দেখা করে স্মারকলিপিও দিয়েছে। নতুন ক্রয় করা বগিগুলো সম্পর্কে সংগঠনের সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘কুড়িগ্রাম থেকে সবচেয়ে বেশিসংখ্যক শ্রমিক যান ঢাকায়। অথচ তাঁদের জন্য কোনো ট্রেন নেই। নতুন ক্রয় করা বগিগুলো থেকে কুড়িগ্রামের জন্য ন্যূনতম একটি ট্রেন দেওয়া হোক।’
বর্তমানে রংপুর-কুড়িগ্রাম থেকে ঢাকা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। সরকার যদি দেশের উন্নয়ন-বৈষম্য দূর করতে চায় তাহলে রংপুর-কুড়িগ্রামের জন্য একাধিক ট্রেন প্রয়োজন। যত দূর শোনা যাচ্ছে নতুন ট্রেনের সুবিধা সবচেয়ে বেশি পাবে চট্টগ্রাম রুটের যাত্রীরা। সেখানে ঢাকা-চট্টগ্রাম রুটে একটি বিরতিহীন ট্রেন চালু করারও পরিকল্পনা করছে সরকার।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৪ সালের তথ্যমতে, সারা দেশে ২৯ হাজার ৬৭২ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হয়েছে মহাজোট সরকারের প্রথম পাঁচ বছরে। আর রেললাইন নতুন করা হয়েছে মাত্র ২২ কিলোমিটার। তবে পরবর্তী পাঁচ বছরে রেলের যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে, সেখানে হয়তো আরও নতুন রুট চালু হবে।
আওয়ামী লীগের নির্বাচনী এই ইশতেহারে রেলকে অধিকতর পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিবেচনা করে রেল উন্নয়নের যে কথা বলা হয়েছে, সেখানে রংপুরের রেলব্যবস্থা সম্পর্কে কোনো কিছুই বলা নেই। ইশতেহারে বলা হয়েছে, খুলনা-মংলা রেল সংযোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-গাজীপুর ও ঢাকা চট্টগ্রাম রুটে লাইন সংখ্যা বাড়ানো হবে। ঢাকা-মংলা রেল সংযোগ, চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা মহানগরীকে ঘিরে সার্কুলার রেলপথ নির্মাণ করা হবে। যদিও গত সংসদ নির্বাচনে ইশতেহারের খুব বেশি প্রয়োজন পড়েনি, তারপরও আওয়ামী লীগের দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় রংপুরের রেলপথের উন্নয়ন সাধনের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেসব এলাকায় রেল উন্নয়নের কথা বলা হয়েছে, সেসব এলাকায় রেলের উন্নয়ন হোক সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটি হচ্ছে এই উন্নয়নের ধারায় রংপুরের কথা কেন বলা হয়নি। এটাই রংপুরবাসীর কষ্টের জায়গা।
সরকারের পূর্বপরিকল্পনা অনুযায়ী হয়তো নতুন বগির রুট-বিন্যাস করা হবে। একই সঙ্গে দেশের যেসব এলাকার সড়ক ও রেল উভয় পথই উন্নত আছে, সেসব এলাকারই উন্নয়ন সাধন করা হবে। আর যেসব এলাকার রেল ও সড়ক উভয় পথই অবহেলিত আছে, সেগুলো অবহেলিতই থাকবে। অঞ্চলভিত্তিক উন্নয়ন-বৈষম্য আর হওয়া উচিত নয়। এখন দেশের উন্নয়ন-বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি। রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, ‘জনগণের চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা খুবই কম। রংপুর থেকে দিবাকালীন ট্রেনসহ আরও একাধিক ট্রেন প্রয়োজন।’
৬ এপ্রিল প্রথম আলোয় বিয়ন লোমবোর্গ-এর ‘ভূমিহীনদের মঙ্গা মোকাবিলা’ শীর্ষক (অনূদিত) নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধটিতে যে সময়ে উত্তরাঞ্চলে কাজ থাকে না, সে সময়ে শহরে তাদের কাজের জন্য পাঠানোর নিমিত্তে শহরে যাতায়াত ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সরকার যদি উত্তরাঞ্চলের রেলব্যবস্থার উন্নয়ন সাধন করে, তাহলে ভাতা প্রদান না করেও সেই সুবিধা পাওয়া সম্ভব।
রংপুরের রেলব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর জন্য রেলপথের সংস্কার জরুরি। বর্তমানে রংপুর থেকে ঢাকা যেতে হলে নাটোর-পাবনা ঘুরে যেতে হয়। এতে সময় প্রয়োজন হয় প্রায় ১০-১১ ঘণ্টা। অথচ রংপুর থেকে সোজা বগুড়া হয়ে একটি রেললাইন স্থাপন করা গেলে পাঁচ থেকে ছয় ঘণ্টায় ঢাকা যাওয়া সম্ভব। রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের জন্য এ ব্যবস্থার বিকল্প নেই। তবে এই মুহূর্তে দেশে যেহেতু নতুন ২৭০টি বগি আসছে, তাই জনসংখ্যার আনুপাতিক হার, চাহিদা আর বৈষম্য দূরীকরণের কথা বিবেচনা করে সর্বাধিক সুবিধা রংপুরের জন্যই থাকা জরুরি। লাল-সবুজ আমাদের জাতীয় পতাকার রং। জাতীয় পতাকায় যেমন আমাদের সমান অধিকার, লাল-সবুজের বগিগুলোতেও সেই সম–অধিকার প্রতিষ্ঠিত হবে—সেটাই আমাদের প্রত্যাশা।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
[email protected]