কাঠমান্ডু বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শোকার্ত স্বজনেরা অধীরভাবে অপেক্ষা করছেন: তাঁরা তাঁদের হারানো স্বজনের মরদেহ পেতে চান। কাঠমান্ডুর মহারাজগঞ্জ মেডিকেল ক্যাম্পাসের টিচিং হাসপাতালের মর্গের সামনে তাঁদের এই অপেক্ষার দীর্ঘ প্রহর দুর্বহ। এ যত সংক্ষিপ্ত হয়, ততই মঙ্গল।
কাঠমান্ডুতে অবস্থানরত আমাদের প্রতিনিধির পাঠানো সর্বশেষ প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে, এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মৃতদেহ হস্তান্তর করার প্রক্রিয়াটি জটিলতাপূর্ণ এবং সে কারণেই তা সময়সাপেক্ষ হতে পারে। টিচিং হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান প্রমোদ শ্রেষ্ঠার বক্তব্য অনুযায়ী, নিহত মোট ৫১ ব্যক্তির মধ্যে ৪১ জনের মৃতদেহ এতটাই দগ্ধ যে সেগুলো আলাদাভাবে শনাক্ত করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে যা করার থাকে তা হলো, মৃতদেহগুলোর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় শনাক্ত করা। বাংলাদেশের বিমান ও পর্যটনমন্ত্রী বলেছেন, নিহত ২৬ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৮ জনকে শনাক্ত করা সম্ভব, অবশিষ্ট ১৮ জনের ডিএনএ পরীক্ষা করতে হবে।
আমরা মনে করি, যে আটজনের মৃতদেহ শনাক্ত করা সম্ভব, তাঁদের স্বজনদের কাছে সেগুলো দ্রুতই হস্তান্তর করা উচিত। সে জন্য মৃতদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করে নেপালে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করার প্রক্রিয়াটি দ্রুততর করার জন্য নেপালি কর্তৃপক্ষকে অনুরোধ করা যেতে পারে। বাংলাদেশের মন্ত্রী বলেছেন, অন্য মৃতদেহগুলোর ডিএনএ প্রোফাইল তৈরি থেকে হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ১০ থেকে ১৫ দিন লেগে যেতে পারে। আমাদের মনে হয়, এটি বেশ দীর্ঘ সময়। শোকার্ত স্বজনদের কথা ভেবে কাজটি আরও দ্রুত সম্পন্ন করার জন্য সবার সচেষ্ট হওয়া উচিত। পুরো বিষয়টি দেখা উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে, সংবেদনশীলতার সঙ্গে। কোনোভাবে, কোনো পর্যায়েই যেন এতটুকু সময় নষ্ট না হয়, সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা থাকা প্রয়োজন।
এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়টিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আহত মোট ২০ জনেরই প্রধান জটিলতা এই যে তাঁদের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে, অন্যান্য আঘাত তো রয়েছেই। পোড়া রোগীর চিকিৎসা বেশ জটিলতাপূর্ণ। ঢাকা থেকে বার্ন ইউনিটের বিশেষজ্ঞসহ যে দলটির ইতিমধ্যে কাঠমান্ডু পৌঁছার কথা, তারা নেপালি চিকিৎসকদের সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। কারণ, আমাদের বার্ন ইউনিটের চিকিৎসকেরা এ দেশে অনেক জটিল পরিস্থিতি বেশ দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তাঁদের একজনকে ইতিমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং একজনকে দেশে আনা হয়েছে। এখন নেপালে যে আটজন চিকিৎসাধীন, তাঁদের আরও উন্নত চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ সরকার, ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ এবং বেসরকারি কোনো সংস্থা সম্মিলিতভাবে কাজ করতে পারে। আহত ব্যক্তিদের মধ্যে যাঁদের অবস্থা বেশি গুরুতর, তাঁদের আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত বা অন্য কোনো দেশে নেওয়া যায় কি না, সেটাও বিবেচনা করা উচিত।
পুরো দুর্ঘটনার আদ্যোপান্ত তদন্ত অবশ্যপ্রয়োজন। বাংলাদেশ, নেপাল ও দুর্ঘটনার শিকার উড়োজাহাজটির নির্মাণকারী প্রতিষ্ঠান বোম্বাডেয়ার যৌথভাবে তদন্ত শুরু করেছে। আমরা আশা করি, তদন্ত সর্বাঙ্গীণভাবে সুষ্ঠু হবে এবং দুর্ঘটনার কারণগুলো চিহ্নিত করা সম্ভব হবে। এটা অবশ্যই প্রয়োজন; কারণ, এই অভিজ্ঞতা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। কাঠমান্ডু বিমানবন্দরে বিমান ওঠানামাসহ সামগ্রিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি, সীমাবদ্ধতা, দক্ষতার অভাব থেকে থাকলে সেগুলো দূর করার উদ্যোগও নেওয়ার প্রয়োজন হবে। একই কথা প্রযোজ্য ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানচালক ও তাঁর সহযোগীদের ক্ষেত্রে। সবারই লক্ষ্য হওয়া উচিত এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া, যেন ভবিষ্যতে এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি এড়ানোর সর্বাত্মক চেষ্টা করা যায়।