মালটিফ্যাবস: কাঠামোগত হত্যাকাণ্ড চলবেই?

মর্গের কাছে ঢুকতেই চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা ক্ষতবিক্ষত চারটা লাশ। এগুলোর ওপর ভন ভন করছে মাছির দল। কারও শরীর পুড়ে একেবারে ছাই। কারও মুখের অর্ধেকটা নেই। কাউকেবা চেনাই যাচ্ছে না। পুরো মর্গে গা-ছমছম আতঙ্ক ছড়িয়ে পড়ে আছে শরীরবিহীন একটা মাথা। নাকে লাগে সেই পুরোনো গন্ধ। রানা প্লাজা ও তাজরীনের শ্রমিক মারা যাওয়ার পর মর্গে, কখনো এলাকাজুড়ে মরা-পচা লাশের যে প্রকট গন্ধ পেতাম, সেই চেনা গন্ধ। তখন পর্যন্ত উদ্ধার পাওয়া নয়জনের লাশ এই মর্গেই আনা হয়েছিল। তাঁদের স্বজনদের পাঁচজন ২০ হাজার টাকা খরচ আর মালিকের কাছ থেকে একটা চাকরি পাওয়ার আশ্বাস পেয়ে চুপচাপ চলে গেছেন। আর বাকি চার লাশ তখনো মর্গে। মর্গ ঘিরে এলাকার মানুষ, গণমাধ্যমকর্মী, পুলিশ, স্বজন আরও অনেকে।
মঙ্গলবার ৪ জুলাই ২০১৭, মালটিফ্যাবস বয়লার বিস্ফোরণের পরদিন সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওনা হই গাজীপুরের উদ্দেশ্যে। রাস্তাজুড়ে জ্যাম ঠেলে প্রায় ৪০ কিলোমিটার দুরে গাজীপুর সদর হাসপাতালে পৌঁছাতে প্রায় বেলা তিনটা।
মর্গেই দেখা হয় মেহেদীর (১৯) সঙ্গে। শরীর ছাড়া কেবল যে মাথাটা মর্গে পড়ে ছিল, ওটাই মেহেদীর বাবা আব্দুস সালামের (৫৬)। চট্টগ্রামের মিরসরাই ওদের বাড়ি। প্রায় ২৫ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছিলেন আব্দুস সালাম। এইচএসসি পরীক্ষা শেষে বাবার সঙ্গে সময় কাটাতে ঢাকায় এসেছিলেন মেহেদী। মেহেদীর ভাষ্যমতে, ঈদের দিনও তাঁর বাবা কারখানায় কাজ করেন, রাত আটটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত। ঘটনার ১০ মিনিট আগেও বাবার সঙ্গে কথা হয় ফোনে। এইচএসসি পরীক্ষা শেষে ভবিষ্যতে কোথায় ভর্তি হবেন, কী করবেন—এমন নানা পরিকল্পনা করতে আর ঈদের ছুটিটাও বাবার পাশে পাশে থাকার ইচ্ছা নিয়ে এক মাস আগেই নয়াপাড়া এসেছিলেন মেহেদী। সব আনন্দ, ভবিষ্যৎ পরিকল্পনা, আশা-ভরসা এখন চুরমার তাঁর। বাবার শরীরবিহীন কেবল ওই মাথাই কাফনের সাদা কাপড় পেঁচিয়ে কফিনে ঢুকিয়ে কিছুক্ষণ বাদেই রওনা দেন মিরসরাইয়ের পথে।
দেখা হয় নিহত মনছুরুল হক (৪২) ও আরশাদের (৩৫) পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁরাও এসেছেন লাশ শনাক্ত করতে। তাঁরাও চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। সবার চোখে-মুখে উদ্বেগ-উৎকণ্ঠা আর স্বজন হারানোর ভীষণ যন্ত্রণার ছাপ।
এরপর হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজ করতে গিয়ে দেখা হয় শরীফুলের (২২) সঙ্গে। শরীফুল তখন বিছানায়, ওর মাথায় পাঁচটা সেলাই, বাঁ হাতের হাড় ভেঙে গেছে। শরীফুলের পাশে ওর স্ত্রী সোমা। সোমাও ওই একই কারখানারই শ্রমিক। সোমা জানান, ঈদের দিনও তাঁর স্বামী কাজ করেছেন। সোমবার ঘটনার দিন সোমা যখন ঘরে হাঁড়ি-পাতিল ধুচ্ছিলেন, তখনই শুনতে পান ভয়ংকর এক শব্দ। ঘর থেকেই কারখানা দেখা যায়। সোমা তাকিয়ে দেখেন, মালটিফ্যাবসের জানালার সব কাচ শব্দ করে ভেঙে পড়ছে। ছুটে যান কারখানায়। অনেক খুঁজে স্বামীকে পান। সোমা এখনো জানেন না তাঁর স্বামী পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না, কী করে সামনের দিনগুলো কাটবে। আর আহত শ্রমিকেরা কে কোথায়, কিচ্ছু মাথায় নেওয়ার জো নেই তাঁর। শুধু মাথায় এখন একটাই চিন্তা, ‘শরীফুলকে সুস্থ কবে বাড়ি ফিরতে পারবেন তো।’
গাজীপুর সদর হাসপাতাল থেকে রওনা হই কোনাবাড়ী কাশিমপুরের দিকে মালটিফ্যাবসের উদ্দেশে। কাশিমপুর থেকে অনেকটা ভেতরে নয়াপাড়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল সোয়া পাঁচটা। কারখানার আশপাশে তখনো উৎসুক জনতা। পুলিশ জনতার ভিড় সামলাতে ব্যস্ত। কারখানার সরু গলিতে ঢুকতেই পায়ের কাছে হাজারো কাচের টুকরো। পাশের ভবনগুলোর সব জানালার কাচ ভাঙা। কারখানার তিনটি ভবনের মধ্যে বিস্ফোরিত বয়লারটি যে ভবনে ছিল, তার মূল ফটক দিয়ে তখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু আশপাশ দিয়ে দেখা যাচ্ছে, চলছে উদ্ধার আর ভেঙে পড়া ইট-সুরকিসহ আর সব সরানোর কাজ। বাইরে থেকে ভেঙে পড়া বিভিন্ন অংশ এবং উদ্ধারকাজ দেখেই বেশ আন্দাজ করা যায়, ভেতরের প্রলয়টা কতটা ভয়ংকর ছিল।
আশপাশের মানুষ এবং আহত ব্যক্তিদের কাছ থেকে শুনি ৩ জুলাইয়ের ঘটনা। মেয়াদোত্তীর্ণ হওয়া বয়লার কতটা ভয়ংকর হয়ে ১৩ জন পোশাকশ্রমিকের প্রাণ কেড়ে নিতে পারে, জানা ছিল না কারও। পরে আরও জানা যায়, ঈদের নয় দিন ছুটি শেষে গতকাল মঙ্গলবার কারখানা খোলার কথা থাকলেও শ্রমিকদের একাংশ পুরো ছুটিতে কাজ করেছে। বিষয়টি আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। সুতরাং ঘটনার দিন নয়, তার আগে থেকেই রেটিং, ডাইং ও বয়লার সেকশনে কিছু শ্রমিক কাজ করছিলেন। এভাবেই শ্রমিকদের প্রতি অবহেলা-অযত্নে পুনরাবৃত্তি ঘটে আরেকটি কাঠামোগত হত্যাকাণ্ডের ঘটনার।
স্পেকট্রাম কারখানা থেকে শুরু করে তাজরীন এবং রানা প্লাজার ঘটনা পর্যন্ত মালিক ও সরকারের অবহেলার কারণে এ দেশে প্রাণ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক। এই পোশাকশ্রমিকেরাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জোয়াল বহনকারী অন্যতম প্রধান জনগোষ্ঠী। তাঁরাই ৫ হাজার ৩০০ টাকার সস্তা মজুর, যাঁরা পোশাকে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ লাগিয়ে বিশ্বব্যাপী পরিচিত করেছেন এ দেশকে।
এখনো গ্রেফতার হননি মালটিফ্যাবসের মালিক। উল্টো যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নিহত ৩ শ্রমিক। বয়লারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার দায় মালিকের, সরকারি পরিদর্শনের অভাবের দায় সরকারি সংস্থার। কিন্তু মৃত্যু, মামলা, হামলা, বেকারত্ব সব সইতে হয় শ্রমিককেই! রানা প্লাজা ও তাজরীনের কাঠামোগত হত্যাকাণ্ডে জড়িত মালিকপক্ষ ও সরকারি কর্মকর্তারা এখনো শাস্তি পাননি। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে হয়তো মালটিফ্যাবস কারখানার মালিক সতর্ক হতেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না। রানা প্লাজা ছিল সারা দুনিয়ার কারখানার ইতিহাসে ঘটে যাওয়া এক বিরল ঘটনা। এত বড় ঘটনার পরও যখন দোষী ব্যক্তিরা শাস্তি পান না, শ্রম আইনেÿক্ষতিপুরণের আইন বদলায় না, তখন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ থেকেই যায়। যার প্রমাণ মালটিফ্যাবস বয়লার বিস্ফোরণ। মেয়াদোত্তীর্ণ বয়লার ব্যবহারের কারণে এতগুলো মানুষের প্রাণ হারাল। হয়তো এই সংখ্যা ১৩ ছাড়াবে। এরপরও কি মালিকেরা সতর্ক হবেন, যদি না দেশের সরকার সতর্ক না হয়?
বাংলাদেশের রাজস্ব আয়ের শতকরা ৮০ ভাগে যাঁদের প্রাণপণ ভূমিকা, সেই সস্তা মজুরদের জীবনের নিশ্চয়তা না দিতে পারলে আমরা কি এই বিকাশমান শিল্পকে ধরে রাখতে পারব? বারবার এ ধরনের ঘটনায় কি শ্রমিকেরা নীরব থাকবেন? দেশ ও দশের স্বার্থেই মালটিফ্যাবস কারখানার মালিককে তদন্ত ও বিচারের আওতায় আনা প্রয়োজন। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, শ্রমিকদের স্বার্থে ক্ষতিপূরণ আইনসহ অন্যান্য আইন বদল করার দাবিও আর কত উপেক্ষিত থাকবে? সবচেয়ে বেশি প্রয়োজন শ্রমিক স্বার্থের পক্ষের সৎ-নিষ্ঠাবানদের নেতৃত্ব। তা ছাড়া শ্রমিকদের জীবনের নিশ্চয়তা প্রদানের জন্য সরকার ও মালিকের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে না।
তাসলিমা আখতার: আলোকচিত্রী ও সভাপ্রধান, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
[email protected]