লিউ সিয়াওবোর মৃত্যু কি বৃথা যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনঝিন পি
মিনঝিন পি

চীনের কারান্তরীণ ভিন্নমতাবলম্বী ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী লিউ সিয়াওবোর আপেক্ষিকভাবে হঠাৎ মৃত্যু আমাদের জন্য অনেক বড় ক্ষতি। এটা এক শক্তিশালী বার্তা দিচ্ছে, সেটা হলো চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) নেতৃত্ব যেকোনো উপায়ে ও যেকোনো মূল্যে একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখতে চায়।

৬১ বছর বয়সী সাবেক সাহিত্যসমালোচক এবং মানবাধিকার ও অহিংস প্রতিরোধের ঝান্ডাধারী লিউ সিয়াওবো জীবনের শেষ আটটি বছর ‘নাশকতার’ অভিযোগে কারান্তরীণ থাকলেন। তাঁর মূল অপরাধ হলো তিনি চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। এমনকি কারান্তরীণ হওয়ার আগেও তিনি সব সময় পুলিশি নজরদারি ও হয়রানির মুখে থাকলেন। ২০১০ সালে তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, তখন চীনা সরকার তাঁর পরিবারকে তো অসলো গিয়ে পুরস্কার নিতে দেয়নি, উপরন্তু তারা তাঁর স্ত্রীকে গৃহবন্দী করে। লিউকে তারা শেষ অপমানটি করেছে গত মাসে। লিউর যখন যকৃৎ ক্যানসার ধরা পড়ে, রোগটা তখন একদম শেষ পর্যায়ে। তিনি চিকিৎসার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। সরকারের এই নির্মম আচরণের কারণে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হলো, অর্থাৎ রোগটি শনাক্তের এক মাসের মধ্যে। এর আগে ১৯৩৮ সালে শেষবার কোনো নোবেল পুরস্কার বিজয়ীর এ ধরনের পরিণতি হয়েছিল, তখন জার্মান শান্তিবাদী কার্ল ফন ওসিৎজি নাৎসিদের কারাগারে মারা যান।

চীন গত কয়েক বছরে বিদেশে ‘কূটনৈতিক প্রভাব’ দেখাতে তৎপর, ফলে তারা কেন নাৎসিদের কাতারে নিজেদের দেখতে চাইবে, তার ব্যাখ্যা পাওয়া কঠিন। কিন্তু বিশ্বদরবারে তারা যতই নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছে, দেখা যাচ্ছে তারা ততই ভিন্নমত দমনে তৎপর হয়ে উঠছে। আর সম্ভবত তারা চায় পশ্চিমা গণতন্ত্র এ ব্যাপারে তেমন প্রতিক্রিয়া না দেখাক, যাদের মধ্যে অনেক দেশই এখন অস্থিতিশীল অবস্থায় আছে। এখন পর্যন্ত মনে হচ্ছে এই হিসাব ঠিক আছে। মানবাধিকার ও গণতন্ত্রের এমন এক সম্মানীয় প্রবক্তার সঙ্গে চীনা কর্তৃপক্ষের এহেন আচরণে পশ্চিমারা মৃদুস্বরে ক্ষোভ জানালেও কোনো গুরুত্বপূর্ণ পশ্চিমা নেতা জনসমক্ষে চীনা সরকারের সমালোচনা করেননি। শুধু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল লিউর মতো ‘সাহসী যোদ্ধার’ মৃত্যুতে শোক জানিয়েছেন। এ ছাড়া চীনা সরকার লিউর শেষ ইচ্ছা অনুমোদন না করে এক লজ্জাকর পরিস্থিতি এড়িয়েছে। লিউর শেষ ইচ্ছা ছিল শেষ কটি দিন বিদেশে মুক্তভাবে কাটাবেন, আর সেখানে মৃত্যু হলে তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক ও ভক্ত হাজির হতেন। তাঁর কবরে রাজনৈতিক স্তম্ভ গড়ে উঠতে পারত, যেটা হতো একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধাচরণের চিরস্থায়ী প্রতীক। অন্যদিকে চীনের সেন্সরকারীরা বহু সময় ব্যয় করে এটা নিশ্চিত করেছেন যে লিউর মৃত্যু যেন কোনো ঘটনায় পরিণত না হয়।

মাও সে তুংয়ের মৃত্যুর পর থেকে যে ‘যৌথ নেতৃত্বের’ ধারা চলে আসছিল, সি চিন পিংয়ের আমলে সেটার জায়গায় এসেছে ভয়ের শাসন। দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সি অনেক রাজনীতিককে বহিষ্কার করেছেন। সম্প্রতি এটি আবার শুরু হয়েছে। ফলে এই দল-রাষ্ট্রের নিচের সারির নেতাদের উপরি আয় বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা হতাশ। তাঁদের মনে ভয়, এরপর বুঝি তাঁর পালা। রাজনৈতিক অভিজাতদের একতা বিনষ্ট হয়ে যাওয়ায় এই সরকার ক্রমে ভঙ্গুর হয়ে পড়ছে। আয়ের প্রবৃদ্ধির শ্লথ গতির কারণে সির সরকারের ভাবমূর্তি খাটো হচ্ছে। বস্তুগত সমৃদ্ধি হবে—এই অঙ্গীকারই ছিল সিসিপির সমর্থনের ভিত্তি। তা সত্ত্বেও গত ৩০ বছরে যে বিনিয়োগমুখী প্রবৃদ্ধির মডেল চীনের অর্থনীতিতে অলৌকিক কাণ্ড ঘটিয়ে দিয়েছিল, তার সময় ফুরিয়ে এসেছে।

বিশ্বায়নের যে পাল্টা গতি শুরু হয়েছে, তাতে চীনের অর্থনীতি আরও কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। চীনা নেতারা অভ্যন্তরীণ ভোগভিত্তিক প্রবৃদ্ধির দিকে মোড় ফেরাতে চাইছেন, কিন্তু বাস্তবতা হলো চীনা অর্থনীতি এখনো অতিমাত্রায় রপ্তানিনির্ভর। চীনের মূল বিদেশি বাজারগুলোতে যদি সুরক্ষাবাদ জেঁকে বসে, তাহলে দেশটির অর্থনীতির মতো সিসিপির বৈধতার পারদও দ্রুত নেমে যাবে। এখন এক পাল্টা সুযোগ সৃষ্টি হয়েছে। ব্যাপারটা হলো কয়েক দশকের অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সিসিপির অবস্থান সংহত হয়েছিল। এই ক্রমবর্ধমান সমৃদ্ধি গণতন্ত্রে উত্তরণের অনুকূল কাঠামোগত শর্ত তৈরি করেছে। বস্তুত চীনের মাথাপিছু উপার্জন এখন এমন পর্যায়ে চলে গেছে, যেখান থেকে প্রায় সব একনায়কতন্ত্রের পতন হয়, যারা তেল উৎপাদন করে না। অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা শ্লথ হয়ে গেলে সিসিপি নির্মম নিপীড়নের পথ বেছে নিতে পারে। ক্ষমতায় টিকে থাকতে জাতীয়তাবাদের দ্বারস্থ হতে পারে। কিন্তু এমন মনোভঙ্গির পরিসর খুব সীমিত। নিপীড়নের অর্থনৈতিক ও নৈতিক পরিণতিতে দেশের ভেতরে যে হাঙ্গামা শুরু হবে, সেটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী একদলীয় রাষ্ট্রের পক্ষেও লুকিয়ে রাখা সম্ভব হবে না।

এই পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার যে লিউর সঙ্গে চীন সরকার যে আচরণ করল, সেটা তার শক্তি নয়, বরং তার দুর্বলতা, নিরাপত্তাহীনতা ও ভীতির প্রতীক। একসময়, সম্ভবত আর দুই দশকের মধ্যে অভ্যন্তরীণ পচন এবং জনগণের স্বাধীনতার দাবির বাহ্যিক চাপের কারণে চীনে একদলীয় শাসনের অবসান ঘটবে। আমরা আশা করতে পারি, লিউ সারা জীবন যে ধরনের সমাজ চেয়েছেন, সেই ধরনের উন্মুক্ত সমাজ সেখানে প্রতিষ্ঠিত হবে।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

মিনঝিন পি: ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজের সরকার বিভাগের অধ্যাপক।