লিখলে শুনবেন অনেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কথা প্রায়শই আমাকে শুনতে হয় আর তা হলো, এত লেখালেখি করে কী হবে? কাছের, দূরের, চেনা-অচেনা অনেকেই হরহামেশা এই প্রশ্ন আমার দিকে ছুড়ে দেন। আসলেই কি তাই? লেখালেখি করে কি কিছুই হয় না? তাহলে কি নামিয়ে রাখব কলম, ছিঁড়ে ফেলব কাগজ, বন্ধ করে দেব ভাবনার জানালা? এই তো সেদিন একজন বলেই ফেললেন, ‘ভাই, আপনার কি আর কাজকর্ম নাই? খামোখা ফালতু কাজে সময় নষ্ট করেন কেন? এই দেশে আসছেন ডলার বানানোর জন্য। ক্যামনে দুইটা ডলার বেশি বানানো যায়, ওইটা নিয়া ভাবেন। এই সব কচকচানি কেউ পড়ে না।’ আমি খুব মন দিয়ে তাঁর কথা শুনেছি। কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। কলম ছুড়ে ফেলতে পারিনি, দলা পাকানো কাগজে ভরে ওঠেনি গার্বেজ ক্যান। বরং অন্যদিনের মতোই গোটা কতক চড়ুই খেলা করেছে আমার ভাবনার জানালায়। লেজটি যে সোজা হয়নি, আজকের এই লেখা তারই প্রমাণ। লেখালেখি করে কী হবে, এই কথাটির সঙ্গে আমি একমত নই। আমি বিশ্বাস করি না লেখালেখি করে কিছু হয় না বা হবে না। আমি মনে করি, যে বিশ্বাস, কৌতূহল, আবেগ ও অনুভূতি মনোজগতের চড়ুই ওড়ায়, তা শুধু শুধু সময় নষ্ট হতে পারে না।
হ্যাঁ, আমি পারতাম। বিবেকবাবুর গলা চেপে ধরতে পারতাম। বোধের ঘাড়ে নির্লিপ্ততার বোঝা চাপিয়ে দিতে পারতাম। চোখ দুটোকে আকাশে তুলে হাঁটতে পারতাম। কান দুটোতে তুলো গুঁজতে পারতাম। কিন্তু পারলেই কেন পারব? আমার যা ভালো লাগে, যা লাগে না তা নিয়ে আমি কেন কিছু বলব না? আমার কাছে মনে হচ্ছে এটা অন্যায় অথচ বারান্দার চেয়ারে গা এলিয়ে দিয়ে গরম চায়ে চুমুক দিয়ে বলব, আহ্! জীবন সুন্দর। বলাই যায়, অনেকেই বলেন। কিন্তু আমি কেন বলব! আমি সারা তো জীবন এমনই। সুতরাং কারও ভালো লাগুক আর না লাগুক, আমি আমার কথাটি বলবই। শুধু মুখেই বলব না, লিখেও বলব। একখানা দারুণ গান শুনে মন ভালো হলে আমার ভালো লাগার কথা লিখব। আবেগে চোখে পানি এলে সেই মুহূর্তের অনুভূতির কথা লিখব। কৈশোরের তুমুল বৃষ্টির কথা লিখব, তারুণ্যের প্রবল ঝড়ের কথা লিখব, আবার যখন ইচ্ছা হবে কোনো কোনো রৌদ্রদিনের কথা লিখব। গভীর বিষণ্নতায় মরে যেতে ইচ্ছে হলে আমি আমার গভীর বেদনার কথাটিই লিখব। ভিনগাঁয়ে ভ্রমণের কথা লিখব, নিজ গ্রামের সবুজের কথাও লিখব।
সুখের বা অসুখের কথা আমি লিখব না? প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা লিখব না? অন্যায়ের প্রতিবাদে আমার প্রতিটি শব্দ ফুঁসে উঠবে না কেন? লেখক ও প্রকাশকের ঘাড়ে যখন চাপাতির কোপ, তখন লিখব না কেন? যখন মন্দির ভাঙা হবে, মসজিদ ভাঙা হবে, গির্জা ভাঙা হবে, আমি তখন বৃদ্ধাঙ্গুলি মুখে ঢুকিয়ে চুষতে থাকব; কারণ, লিখে কিছু হবে না, তাই? পেট্রলবোমায় পুড়ে যাওয়া মানুষগুলোর বীভৎস চেহারা দেখে আমি পরিবার নিয়ে কাবাব খেতে যাব, কিছুই লিখব না; কারণ, লিখে কিছু হয় না, তাই? আমাদের কচি কচি ছেলেমেয়েগুলো জঙ্গি হয়ে যাবে, আমি দেখেও না দেখার ভান করব আর কলমটাকে ‘মরিস না কেন’ বলে জলে ভাসিয়ে দেব; কারণ, লিখে কিছু হবে না বলে?
হ্যাঁ, আমি নির্লিপ্তের মতো বসে থাকতে পারি, দুটো ডলার বেশি কামানোর ধান্দায় মনোযোগ দিতে পারি। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘর-সংসারে সময় দিতে পারি। আমি রোবট হয়ে যেতে পারি। আমি বাঙালির ঘাড়ে দোষ চাপিয়ে বগল বাজাতে পারি। বাঙালির কিছু হবে না বলে হাস্যরস করতে পারি। কিন্তু এগুলো কিছুই না করে আমি লিখেই যাব। আপনি হয়তো বলবেন—ভাই, বন্ধুমহলে বলেন ঠিক আছে কিন্তু লিখে কী হবে? কেউ পড়ে না। আমি বলি, আমি লিখবই। লিখেই হবে। বললে তো আপনিই শুধু শুনলেন, লিখলে অনেকে শুনবে। অনেকেই আমার লেখার ধুন্ধুমার সমালোচনা করবেন। শার্টের হাত গুটিয়ে অদৃশ্য লেখকের মুখ মনে করে হাওয়ায় দুটো ঘুষি দেবেন। অনেকেই দুটো লাইন পড়ে ধুর ছাই বলে অন্য লেখায় চলে যাবেন। আচ্ছা, বলুন তো, এই যে আমার লেখাটিকে ধুর ছাই বলে পাঠক অন্য লেখায় চোখ রাখবেন, এই অন্য লেখকটিও যদি আপনার বা আপনাদের ‘লিখে কী হবে’ শুনে লেখালেখি ছেড়ে দেন, তবে উপায় কী হবে? এমনও তো হতে পারে যে অনেকেই লেখাটি পড়ে আর দশজনের সঙ্গে আলোচনা করবেন। কথা বলাটা যে খুব জরুরি। প্রতিবাদই তো পরিবর্তনের পথটি নিশ্চিত করে। আলোচনাই আলোকের রাস্তা দেখায়। হাজার ওয়াট আলো আপনার শহরটিকে আলোকিত করতে পারে, মন আলোকিত হয় কি, সে একবার ভেবেছেন কি? মনের আলো জ্বালাতে কলম কি প্রদীপের কাজ করে না? ইচ্ছে না হলে আমার লেখা ছুড়ে ফেলে দিন। তবু বলবেন না, লেখালেখি করে কী হয়।
l কামাল হোসেন মিঠু, নিউইয়র্কপ্রবাসী ও সাবেক ছাত্রনেতা।