লিবিয়াতেও ভুল করেছেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

যুক্তরাজ্যের হাউস অব কমন্স যখন দুই মাস আগে ডেভিড ক্যামেরনকে বিদায় জানিয়েছিল, তখন হাউস তাঁর প্রতি বেশ উষ্ণ ও উদারই ছিল। হাউসের একাংশ তাঁকে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিল। আরেক অংশ তাঁর কাজের দীর্ঘ প্রশংসা করেছিল। কিন্তু ইতিহাস হয়তো তাঁর প্রতি এতটা সদয় হবে না।
২০১১ সালে লিবিয়ায় ব্রিটেনের সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ফরেন অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি যে প্রতিবেদন দিয়েছে, তাতে ক্যামেরনের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ন হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের মাত্র দুদিন আগে ক্যামেরন ঘোষণা দিয়েছিলেন, তিনি সংসদ সদস্যপদ ছেড়ে দেবেন। তাঁর এই সিদ্ধান্তের অনেক সমালোচনা হয়েছে। কারণ, তিনি আগে অঙ্গীকার করেছিলেন, সাংসদ হিসেবে মেয়াদ পূর্ণ করবেন। এর পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বোঝা গেল, উত্তর-প্রজন্ম তাঁর ব্যাপারে কতটা রূঢ় হবে।
এই কমিটি অভিযোগের পর অভিযোগ করে গেছে। তারা লিবিয়া অভিযানের প্রতিটি পদক্ষেপের সমালোচনা করেছে—যুদ্ধের আগের, যুদ্ধের সময়ের ও যুদ্ধের পরবর্তীকালের কর্মকাণ্ডের। কমিটি বলেছে, যুদ্ধের আগে গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ পর্যাপ্ত ছিল না। আর যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর তার আশু লক্ষ্যও বদলে যায়। এ ছাড়া সেখানে বোমা ফেলার পর পুনর্বাসনের কাজও কিছু করা হয়নি, প্রায় কিছুই নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়া অভিযান সম্পর্কে কমিটির রায়ের সপক্ষে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন, যার মোদ্দা কথা হলো, এটা ‘বিতর্কিত’ ছিল। এই কমিটিতে মূলত রক্ষণশীলেরা ছিলেন, যাঁরা ক্যামেরনের সমালোচনা করতে একটুও কসুর করেননি, ‘সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সিদ্ধান্তের কারণে লিবিয়া–বিষয়ক সমন্বিত কৌশল নেওয়া সম্ভব হয়নি।’
ক্যামেরনের কাঁধে সব দায় চাপানোর ব্যাপারটি হয়তো তাঁর কাছে কিছুটা কৌতূহলোদ্দীপক মনে হতে পারে। কারণ, প্রায় পুরো হাউস অব কমন্সই লিবিয়া–বিষয়ক তাঁর সিদ্ধান্তকে সমর্থন দিয়েছিল। সেদিন ৫৫৭ জন সাংসদ লিবিয়ায় হস্তক্ষেপ করার পক্ষে ভোট দিয়েছিলেন। আজকের এই প্রতিবেদনের হোতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কমিটির চেয়ারম্যান ক্রিসপিন ব্লান্টও সেদিন এর পক্ষে ভোট দিয়েছিলেন। সব লেবার সাংসদই যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। এটাও সত্য, যে ১৩ জন সাংসদ সেদিন এর বিপক্ষে ভোট দিয়েছিলেন, তাঁদের মধ্যে জেরেমি করবিন ও জন ম্যাকডনেলও ছিলেন। এতে বিস্ময়ের কিছু নেই, কারণ তাঁরা যেকোনো পরিস্থিতিতেই বল প্রয়োগের বিপক্ষে। কিন্তু করবিনের সহযোগী ডায়ান অ্যাবট ক্যামেরনের পক্ষে ভোট দিয়েছিলেন, একই সঙ্গে ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরিও।
এতে সন্দেহ নেই, তাঁরা আমার মতোই বুঝেছিলেন, মুয়াম্মার গাদ্দাফিকে বেনগাজির বেসামরিক মানুষদের কতল করা থেকে নিবৃত্ত করতে হবে। ব্লান্টের নেতৃত্বাধীন কমিটি এখন বলছে, এই হুমকিটা ‘বাড়িয়ে’ বলা হয়েছিল। কিন্তু তখন তাঁর কাছে ব্যাপারটা এমন মনে হয়নি, একইভাবে বাকি ৫৫৬ জনের কাছেও। সেটা হলে তাঁরা তখন হ্যাঁ ভোট দিতেন না।
ক্যামেরনের বিরুদ্ধে আরও সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে, তিনি মূল লক্ষ্য থেকে সরে গিয়ে লিবিয়ার সরকার পরিবর্তনের লক্ষ্য গ্রহণ করেন, যেটা আগে অঘোষিত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, মূল লক্ষ্য হতো যদি ‘বেনগাজির বেসামরিক মানুষকে বাঁচানো, তাহলে ২০১১ সালের মার্চেই তা অর্জিত হয়ে গিয়েছিল, ২৪ ঘণ্টারও কম সময়ে’ (সে কারণে তখন আমিসহ অনেকেই সামরিক অভিযান শুরুর পরপরই তা বন্ধ করার আহ্বান জানিয়েছিলাম)। কিন্তু ক্যামেরন যুদ্ধ চালিয়ে যান, দৃশ্যত তাঁর লক্ষ্য ছিল গাদ্দাফিকে সরানো।
আরও খারাপ ব্যাপার হচ্ছে, লিবিয়ায় বোমা বর্ষণের পর ক্যামেরন দেশটির ব্যাপারে তেমন নজর দেননি। হ্যাঁ, তিনি নিকোলা সারকোজির সঙ্গে বিজয়ীর ভঙ্গিতে ছবির জন্য পোজ দিয়ে বেশ গদগদ হয়েছিলেন। কিন্তু এরপর আর কিছুই নয়। ওবামা বেশ সদয়ভাবেই বলেছিলেন, ক্যামেরন ‘পথভ্রষ্ট’ হয়েছিলেন। এরপর লিবিয়ায় গৃহযুদ্ধ, বিশৃঙ্খলা ও দাঙ্গা–হাঙ্গামা শুরু হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিছু করেননি। ব্যাপারটা এমন পর্যায়ে চলে গেছে যে, দেশটিকে এখন খুব সহজেই ‘ভূমধ্যসাগরের সোমালিয়া’ হিসেবে আখ্যা দেওয়া যায়।
এ সবকিছু ক্যামেরনের ভাবমূর্তিতে একেকটি রং যোগ করছে, তাঁর এই ছবিটা ইতিহাস একদিন আঁকবে। আর সেটা হলো, তিনি খুব নৈরাশ্যজনকভাবে ক্ষীণদৃষ্টিসম্পন্ন ছিলেন, বেশির ভাগ সময়ই তিনি ক্ষণিকের তরে কাজ করতেন। কাদায় পড়লে সেখান থেকে বেরোনোর সব চেষ্টাই করতেন, কিন্তু পুরো ব্যাপার নিয়ে ভাবতে পারতেন না। কখনো কখনো তিনি শুধু দৈনন্দিন রাজনীতির ডামাডোলের মধ্যেই ডুবে থাকতেন। এই মনোভঙ্গি তাঁর তেমন ক্ষতি না করলেও কাজে এসেছে ভালোই। এতে তিনি অনেক গতিশীল হয়েছেন। কিন্তু যখন জীবন বিপন্ন হয়, তখন সেটা মারাত্মক ভুল।
শেষ কথা হচ্ছে, লিবিয়ায় তিনি যত মারাত্মক ভুলই করে থাকুন না কেন, এটা দিয়ে তাঁর অবস্থান নির্ধারিত হবে না। ব্রেক্সিটই তাঁর অবস্থান নির্ধারণ করবে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের সদস্যপদ নিয়ে ক্যামেরনের জুয়া খেলা। কিন্তু কথা হচ্ছে, এই দুই পর্বেই তাঁর চরিত্রে একই ভুল দেখা গেছে—হঠকারিতা, প্রস্তুতির অভাব ও পরিণতি বুঝতে ভুল করা। ২০১৫ সালে ইউরোপে যে বিপর্যয় সৃষ্টি হয়, তার জের বহুদিন ধরে অনুভূত হবে, আর তার দায় ক্যামেরনের। কিন্তু চার বছর ধরেই এর সতর্কসংকেত দেখা যাচ্ছিল।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
জোনাথন ফ্রিডল্যান্ড: ব্রিটিশ সাংবাদিক।