লোকরঞ্জনবাদের ভূরাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সামনে এখন বড় দুটি প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ ব্রেক্সিট থেকে তারা কী শিক্ষা নেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নজরটা যেখানে থাকা দরকার, সেখানে নেই: ভূরাজনৈতিক পরিবর্তন। এর চেয়ে দেখা গেল, অর্থনৈতিক আখ্যানটাই বেশি প্রচলিত হয়ে গেছে।
বিশ্বায়নের কথা শোনা যাচ্ছে, বলা হচ্ছে, এর কারণে মানুষের অবস্থার উন্নতি হলেও কারখানা ও শ্রমিকেরা স্থানচ্যুত হয়েছে, আয়ের অসমতা বেড়েছে। ফলে মার্কিন ও ব্রিটিশ ভোটারদের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়, সে কারণে তাঁরা ট্রাম্পকে ভোট দেন ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যান। এর পাল্টা ব্যাখ্যায় জানা যায়, অর্থনৈতিক অসমতা বাড়ার পেছনে বিশ্বায়নের চেয়ে প্রাযুক্তিক উৎকর্ষই বেশি দায়ী, যার কারণে উন্নত দেশগুলোতে রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এই দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে উদীয়মান দেশের নীতিপ্রণেতারা অসমতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁরা সমাজে মানুষের সচলতা বাড়ানোর চেষ্টা করছেন, যাতে বিশ্বায়ন ও প্রযুক্তির কারণে মধ্য ও শ্রমিক শ্রেণি উৎখাত না হয়, তাঁদের দেশে যেন ট্রাম্পের উত্থান বা ব্রেক্সিট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না হয়। এশীয় দেশগুলোর কেমন নীতি গ্রহণ করা উচিত তা কিন্তু একদম পরিষ্কার: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দিকে নজর দেওয়া এবং স্থানচ্যুত শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি।
দরিদ্রতম মানুষের দেখভাল করা সব সমাজেরই অবশ্য কর্তব্য, একই সঙ্গে তাদের উচিত হচ্ছে, সমাজকে গতিশীল করে তোলা ও উদ্যোগকে পুরস্কৃত করা। কিন্তু এসব ব্যাপারে নজর দিলেই মানুষের অসন্তোষ দূর হবে না, যে অসন্তোষ গণবিক্ষোভের অন্তর্নিহিত কারণ। কারণ, অসমতাই গোড়ার কারণ নয়, সেটা হলো, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অনুভূতি। এমনকি সরকারগুলো যদি অভ্যন্তরীণ আয় ও সম্পদ বৈষম্য কমিয়ে আনে এবং নাগরিকদের সামাজিক গতিশীলতা নিশ্চিত করে, তাহলেও দেখা যাবে, যে শক্তিগুলো মানুষের মনে অসন্তোষ সৃষ্টি করছিল, তারা ঠিকই টিকে আছে। যুক্তরাষ্ট্রের কথাই ধরুন না কেন, যেখানে গৃহচ্যুত, শ্বেতাঙ্গ, বয়স্ক ও আধা শিক্ষিত শ্রমিকেরা অসমতার প্রতিভূ হয়ে গেল।
এক্সিট পোল অনুযায়ী, ট্রাম্প শ্বেতাঙ্গ পুরুষ কলেজ স্নাতকদের ৫৩ শতাংশ ভোট পেয়েছেন, নারীদের ৫২ শতাংশ (এই নারীদের মাত্র ৪৩ শতাংশ হিলারিকে সমর্থন দিয়েছেন)। এ ছাড়া ১৮-২৯ বছর বয়সী শ্বেতাঙ্গ মার্কিনদের ৪৭ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন, যেখানে হিলারিকে ভোট দিয়েছেন ৪৩ শতাংশ। সামগ্রিকভাবে ট্রাম্প শ্বেতাঙ্গ কলেজ স্নাতকদের ভোট পেয়েছেন ৪৮ শতাংশ, যেখানে হিলারি পেয়েছেন ৪৫ শতাংশ। ফলে যেভাবে বলা হচ্ছে, ট্রাম্প অল্প শিক্ষিত মানুষদের ভোটে জিতেছেন, বাস্তবতা কিন্তু সে রকম নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের যে ৩৬ শতাংশ মানুষের বাৎসরিক উপার্জন ৫০ হাজার ডলারের কম, তাঁরা হিলারিকে ভোট দিয়েছেন। আর বাকি ৬৪ শতাংশের মধ্যে যথাক্রমে ৪৯ ও ৪৭ শতাংশ মানুষ ট্রাম্প ও হিলারিকে ভোট দিয়েছেন। অর্থাৎ গরিবেরাই হিলারিকে ভোট দিয়েছেন, ধনীরা ট্রাম্পকে। ট্রাম্প কিন্তু বিজয়ের জন্য এই বঞ্চিত মানুষদের ধন্যবাদ দেননি।
যুক্তরাজ্যের ব্রেক্সিট ভোটের সময়ও একই ব্যাপার ঘটেছে। সেখানে ইউরোপীয় জোট ত্যাগের সমর্থকেরা জোর দিয়ে বলেছিলেন, ইউনিয়নের অনুমানসিদ্ধ দুর্বহ বিধিবিধান ও মাত্রাতিরিক্ত সদস্য ফির কারণে ব্রিটিশ অর্থনীতি মার খাচ্ছে। ফলে এটা কিন্তু অসমতার শিকার ও বাদ পড়া মানুষদের জন্য বড় অ্যাজেন্ডা হতে পারে না। এখন জানা যাচ্ছে, ধনী ব্যবসায়ীরাই ইউনিয়ন ত্যাগের সমর্থকদের পালে দমকা হাওয়া লাগিয়েছিলেন।
এ ছাড়া ত্যাগবাদীদের জয়ী হওয়ার পেছনে মানুষের সাধারণ আবেগও ভূমিকা পালন করেছে, যার কারণ কিন্তু অর্থনৈতিক অসমতা নয়। বিচ্ছিন্ন গরিব ভোটাররা তাঁদের মতোই গরিব অভিবাসী মানুষের ওপর খেপেছিল, ধনীদের ওপর নয়। লন্ডনের মেয়রের কার্যালয়ের তথ্যমতে, সেখানে গণভোটের আগের ছয় সপ্তাহের তুলনায় পরবর্তী ছয় সপ্তাহে ঘৃণাজনিত অপরাধ ৬৪ শতাংশ বেড়ে যায়। ফলে এই অসমতা ব্রেক্সিটের একটি কারণ হতে পারে, কিন্তু সেটাই প্রধান নয়।
কথা হচ্ছে, ট্রাম্প ও ব্রেক্সিটবাদীরা একটি জায়গায় এসে মিলে যাচ্ছেন: তাঁরা কিন্তু বিশ্বায়নের জন্য বাদ পড়ে যাওয়ার কারণে খ্যাপেননি, বরং তাঁদের উভয়ের মধ্যে নিজেদের ভবিতব্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এক অভিন্ন অস্বস্তি সৃষ্টি হয়েছিল। ক্রমবর্ধমান আয় অসমতার কারণে তাঁদের দুর্ভোগ বাড়তে পারে, কিন্তু আরও নানা কারণেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে জন্যই সকল শ্রেণির মানুষই এই উদ্বেগ-উৎকণ্ঠায় ভুগছেন। দ্বিতীয় বিশ্বযুদ্বোত্তরকালে পূর্ব ইউরোপের দেশগুলোতে যে সমাজতান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা চলেছে, তাতে সেখানকার মানুষের মনে একই অনুভূতি সৃষ্টি হয়েছিল, যেমনটা হয়েছিল সাংস্কৃতিক বিপ্লবের আমলে চীনাদের মনে। উল্লেখ্য, এসব দেশে কিন্তু আয়বৈষম্য ছিল খুবই নগণ্য।
ব্রেক্সিট ও ট্রাম্পের সমর্থকেরা হয়তো বিশ্বায়নের প্রভাব অনুভব করছেন, কারণ সামগ্রিকভাবে অসমতা কিন্তু কমেছে—ব্যাপারটা আপাতভাবে স্ববিরোধী মনে হলেও এতে সত্যের উপাদান আছে। বিশ্বায়নের সবচেয়ে বড় প্রভাব হচ্ছে এর মাধ্যমে উদীয়মান দেশগুলোর কোটি কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনা গেছে। ১৯৯০-এর দশকে উদীয়মান দেশগুলোর সম্মিলিত জিডিপি ছিল জি-৭ভুক্ত দেশগুলোর সম্মিলিত জিডিপির এক-তৃতীয়াংশ, ২০১৬ সালে এসে এই পার্থক্য একভাবে দূর হয়েছে।
ক্রমবর্ধমান অভ্যন্তরীণ আয়বৈষম্য নয়, বরং আন্তর্জাতিক পরিসরে নিম্ন হারের অসমতার কারণেই বৈশ্বিক ব্যবস্থার ওপর অভূতপূর্ব চাপ পড়েছে। মেলবন্ধন হচ্ছে না, পশ্চিমা দেশগুলো যা দিতে পারে তার সঙ্গে উদীয়মান দেশগুলোর চাহিদা মিলছে না। ট্রান্স আটলান্টিক যে অক্ষটি এতকাল পৃথিবী চালাত, তারা ক্ষমতা হারাচ্ছে, আর তার প্রভাব টের পাচ্ছে সে দেশগুলোর অভিজাত মানুষসহ আমজনতা।
ট্রাম্প ও ত্যাগবাদীরা ভোটারদের কাছে এই আবেদনই করেছেন যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এই অক্ষ আবারও ক্ষমতাশালী হয়ে উঠতে পারে। কিন্তু এশীয় দেশগুলোর উত্থানের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থায় ভারসাম্য আনতে হবে, তা না হলে অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে। আয়বৈষম্য কমানো হলে গরিবেরা হয়তো লাভবান হবে, উন্নত দেশগুলোতে মানুষের উৎকণ্ঠা কমবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট। ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন।
ড্যানি কুয়াহ্: ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতির অধ্যাপক।
কিশোর মাহবুবানি: ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির ডিন।