লোকটি কবিতা লিখতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি যেন মজুরের দিনান্তের একমাত্র রুটি/ পতাকার লাল বৃত্ত, প্রিয়তমা, করো না ভ্রুকুটি’—এই চরণ যখন তাঁর মুখে উচ্চারিত হতো, মনে হতো, তিনি সুকান্তেরই উত্তরপুরুষ। লোকটি কবিতা লিখতেন, ছবি আঁকতেন, কৃষি বিভাগে চাকরি করতেন, সাংবাদিকতা করতেন, মুক্তিযুদ্ধ করেছেন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বে দিতেন, লোকটি মানুষ ছিলেন। থাকতেন ঢাকার বাইরে। তাঁর প্রয়াণের খবর জাতীয় পত্রিকায় আসেনি। ঢাকায় থাকার সুবাদে তাঁর চেয়ে কম গুরুত্বের কাজ করেও অনেকে আলোচিত হন। সেই সৌভাগ্য তিনি বরণ করেননি। লোকটি ফরিদপুরে থাকতেন। লোকটির নাম বাবু ফরিদী। এটি পিতৃদত্ত নাম নয়। জন্মের অনুরাগে ফরিদপুরের অংশ জুড়ে নিয়েছিলেন নিজের ডাকনামের সঙ্গে। নাম কমলকৃষ্ণ গুহ। ডাকনাম বাবু। আজকের খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরীদি নাকি ফরিদপুরের এক অনুষ্ঠানে তাঁর নাম শুনেই প্রভাবিত হয়েছিলেন। তাই বানানে হেরফের করে নিজের নামে জুড়ে নিয়েছিলে ‘ফরীদি’ শব্দটি। শহরের উপান্তেই কবি বাবু ফরিদীর বাস। শ্রীধাম শ্রীঅঙ্গনের দক্ষিণপল্লিতে নিজের বাড়ির নাম দিয়েছিলেন কবিকুঞ্জ। ফরিদপুর শহরে কবিরা আড্ডা দিতেন তাঁর বাড়িতে। ঢাকার কবিরাও গেছেন সে বাড়িতে। কৃষিতে ডিপ্লোমা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি নিয়েছিলেন। প্রাইভেট পরীক্ষা দিয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। সার্ভেয়ারের সনদও নিয়েছিলেন। আইনে স্নাতক হয়ে বার কাউন্সিলের সদস্য হয়েছিলেন। কিন্তু রক্তে যাঁর মিশে আছে কবিতা, তাঁর পক্ষে কি আর ওকালতি মানায়? স্কুলজীবন থেকেই সাহিত্যচর্চা শুরু। মুক্তিযুদ্ধ শেষে যাঁরা কবিতা লিখতে শুরু করেন, বাবু ফরিদী তাঁদেরই একজন। সত্তরের দশকের কবিতার একাধিক সংকলনে তাঁর কবিতা আছে। বিচিত্রিতা (১৯৭৮) নামের কবিতাগ্রন্থের মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। এরপর দীর্ঘ প্রস্তুতি। অবশেষে বেরোল ফরিদপুরের তিন কবির যৌথ কবিতাগ্রন্থ কবিতায় স্বদেশ দেখি (১৯৯০)। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ের লেখা কবিতা নিয়ে বের হলো দ্রোহের অনলে জ্বলে প্রেম (১৯৯২)। এরপর শেষ কবিতাগ্রন্থ কোকিলা আমার বাংলাদেশ (২০০৪)। শেষ দিকে কবিতার পাশাপাশি উপন্যাস লেখায়ও মন দিয়েছিলেন। লিখে ফেললেন কমলের একাত্তর (১৯৯৭)। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার শিল্পরূপ। উপন্যাসটি অনেকেরই নজর কাড়ে। এরপর কবিতা ছেড়ে ঝুঁকে পড়লেন উপন্যাসের দিকে। ভেঙে ভেঙে গড়া ভালোবাসা (১৯৯৮), ভালোবাসার শ্রাবণ আকাশ (২০০১) নামের আরও দুটি উপন্যাস। তারপর এক বছরেই তিনটি উপন্যাস কাফ্ লাভ্ (২০০৫), ভালোবাসা শুধু যে কাঁদায় (২০০৫) ও নির্জনতার সমুদ্রে অবগাহন (২০০৫)। জিজ্ঞেস করলে বলতেন, ‘ভালো কবিতাও কেউ পড়তে চায় না। কিন্তু খারাপ উপন্যাসও কেউ কেউ পড়ে। তাই উপন্যাস লিখছি।’ হঠাৎ শুনি লিখেছেন তিনটি জীবনী: সুফিয়া কামালের কথা, মাদার তেরেসার কথা ও কিশোরকবি সুকান্ত। বললেন, ‘ঢাকা থেকে বই না বের হওয়ায় কেউ চেনে না। তাই প্রকাশকের অনুরোধে এগুলো লিখলাম।’ দুঃখ যে বই তিনটি তিনি দেখে যেতে পারলেন না। মৃত্যুর পরের বছর এগুলো বের হয়েছে। প্রকাশকের অনুরোধে তিনি আরও লিখলেন জাতীয় ফল কাঁঠাল (২০০৯), জাতীয় পশু বাঘ (২০০৯) ও জাতীয় মাছ ইলিশ (২০১০)। এগুলোও প্রকাশ পায় মৃত্যুর পর। কোন দিকে হাঁটলেন কবি বাবু ফরিদী? তখন তাঁর জবাব ছিল, ‘কী করব দাদা, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করা দরকার, আমাদের জাতীয় সম্পদ নিয়ে আলোচনা দরকার, তাই এগুলো লিখলাম।’খুবই রোমান্টিক মানুষ ছিলেন এই কবি। হাসি-ঠাট্টায় মাতিয়ে রাখতের আড্ডার আসর। সংসারে অভাব ছিল, কিন্তু সারাক্ষণই হাসিমুখ। ফরিদপুর এসেছি শুনে ছুটে আসতেন। হোটেল শ্যামলীর কক্ষে নিয়মিত আড্ডা জমাতেন।ফরিদপুরে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের এই মানুষটি মাত্র ৫২ বছর বয়সে হূদেরাগে আক্রান্ত হলেন। চিকিৎসার সুযোগ না দিয়েই তিনি অকালেই ঝরে গেলেন। স্ত্রী কৃষ্ণা মিত্র শহরে হোমিওপ্যাথি চিকিৎসক। একমাত্র সন্তান দেবদুলাল গুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ছাত্র। ২০ জুলাই তাঁর মৃত্যুর তিন বছর পূর্ণ হলো। তাঁর স্মরণে ফরিদপুরে নির্ণয় সাংস্কৃতিক গোষ্ঠী ‘কবি বাবু ফরিদী সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে। জাতীয় পর্যায়ে পুরস্কার না পেলেও বেশ কিছু আঞ্চলিক পুরস্কার তাঁর হাতে এসেছিল। একাঙ্কিকা লেখার জন্য তিনি পেয়েছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের জেলা পর্যায়ের সাহিত্য পুরস্কার (১৯৮০)। এ ছাড়া পাবনা কবিতা ক্লাব পুরস্কার, বগুড়ার পুণ্ড্রবর্ধন সাহিত্য পদক, ফরিদপুর বহুরূপী পুরস্কার প্রভৃতি। তৈলচিত্র আঁকার জন্য পেয়েছেন জেলার শ্রেষ্ঠ শিল্পীর সম্মান (১৯৭৮)। সাহিত্যচর্চার পাশাপাশি সংগঠক হিসেবেও তাঁর কৃতিত্ব ছিল। জাতীয় কবিতা পরিষদের ফরিদপুর জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। ফরিদপুর সাহিত্য পরিষদ, বর্ণমালা সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা প্রভৃতি সংগঠনের প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন। ফরিদপুর মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল। সাংবাদিকতার ক্ষেত্রে তিনি স্থানীয় দৈনিক ঠিকানা ও সাপ্তাহিক জাগরণ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন।কবি বাবু ফরিদী জন্মেছিলেন ১৯৫৪ সালের ১২ নভেম্বর; আর চলে গেলেন ২০০৮ সালের ২০ জুলাই। মাঝখানে কর্মমুখর ৫২টি বছর তিনি ফরিদপুরের সাহিত্য ও সংস্কৃতির জন্য নিরলস কাজ করে গেছেন। আজ আমাদের মতো অনেকই যাঁরা ঢাকায় এসে পরিচিত হয়ে উঠেছি, তাঁদের গড়ে তোলার ক্ষেত্রে বাবু ফরিদীর মতো অভিভাবকের যথেষ্ট ভূমিকা ছিল। কেউ স্বীকার করি, আর কেউ করি না। তাতে বাবু ফরিদীর কিছু যায়-আসে না। তিনি মনের আনন্দে কাজ করে গেছেন। মৃত্যুর পর যখন তাঁকে শ্মশানে নেওয়ার প্রস্তুতি চলছিল, তখন তাঁর বন্ধুদেরও কেউ কেউ বিস্মিত হয়েছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘ সময় মিলেমিশেও তাঁর ধর্মপরিচয় বুঝতে না পারায় অনেকেই অবাক হয়েছিলেন। চলনে-বলনে চূড়ান্ত অসাম্প্রদায়িক লোকটির নাম শুনে বোঝার উপায় ছিল না তাঁর প্রকৃত ধর্মপরিচয়। লোকটি আসলে মানুষ ছিলেন। লোকটি আসলে কবি ছিলেন।তপন বাগচী