লোকরঞ্জনবাদকে সত্যিই না বলেছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি নির্বাচনের প্রথম পর্বের ফলাফল পাওয়া গেলে উদার পশ্চিমা বিশ্ব সম্মিলিতভাবে স্বস্তির নিশ্বাস ফেলে। নির্বাচন-পূর্ব জরিপে কয়েক সপ্তাহ এগিয়ে থাকার পরও ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী অতি ডানপন্থী মারি লো পেন দ্বিতীয় অবস্থানে আছেন। আর মধ্যপন্থী স্বাধীন রাজনীতিক ইমানুয়েল ম্যাখঁ আছেন প্রথম অবস্থানে। ম্যাখঁ ইউরোপের গণতান্ত্রিক কেন্দ্রের নতুন মুখ, তাঁর বয়স ৩৯ বছর। আশা করা যাচ্ছে, ৭ মের দ্বিতীয় দফা নির্বাচনে তিনি ভালোভাবে উতরে যাবেন।

এর আগে বছরের শুরুর দিকে নেদারল্যান্ডসের নির্বাচনে অতি ডানপন্থী লোকরঞ্জনবাদী গ্রিট ভাইল্ডার্স পরাজিত হয়েছেন। আর ফ্রান্সের নির্বাচনের প্রথম পর্বে আরেক লোকরঞ্জনবাদী প্রার্থী সুবিধা করতে না পারায় পর্যবেক্ষকেরা মনে করছেন, ব্রেক্সিট ও মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে লোকরঞ্জনবাদের যে বাড়বাড়ন্ত হয়েছিল, নেদারল্যান্ডসে পরাজয় ও ফ্রান্সের নির্বাচনের প্রথম পর্যায়ের ফলাফল তার রাশ টেনে ধরার ইঙ্গিত দেয়। এত দিন অনেকেই মনে করছিলেন, লোকরঞ্জনবাদ চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। তবে এসব ফলাফল সত্ত্বেও দৃশ্য অতটা উজ্জ্বল বা লোকরঞ্জনবাদবিরোধী নয়। ফ্রান্সের নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধীরা যে পরিমাণ ভোট পেয়েছে, তাতে ইঙ্গিত পাওয়া যায়, দেশটিতে লোকরঞ্জনবাদীদের এক গোপন ঐক্যজোট গড়ে উঠতে পারে। বস্তুত, প্রথম পর্বে লোকরঞ্জনবাদীরা সম্মিলিতভাবে প্রায় সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে গেছে।

এই লোকরঞ্জনবাদীদের নেতৃত্ব দিয়েছেন মারি লো পেন। তিনি অভিবাসী ও ইউরোপবিরোধী এবং অর্থনৈতিকভাবে জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম ও সংগুপ্ত বর্ণবাদের স্লোগান দিয়েছেন। তিনি ন্যাশনাল ফ্রন্টের ইহুদিবিদ্বেষী অতীত পুরোপুরি ঝেড়ে ফেলেননি। ২০১৭ সালে তাঁর দল চরমভাবে মুসলিমবিরোধী হিসেবে রূপ নেয়। তিনি ফ্রান্সকে ইউরোজোন ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনতে চান। একই সঙ্গে, তিনি সুরক্ষাবাদী বাণিজ্যনীতি গ্রহণ করতে চান, যেটা ব্রেক্সিটপন্থীরা চায় না।

কথা হচ্ছে, মারি লো পেনের ২১ দশমিক ৩ শতাংশ ভোটের সঙ্গে চরম বাম ও ক্ষমতাকাঠামোবিরোধী প্রার্থী জঁ-লুক মেলেশনের পাওয়া ১৯ দশমিক ৬ শতাংশ ভোট যোগ করেন, তাহলে দেখবেন, ফরাসি ভোটারদের বড় একটি অংশই অসন্তুষ্ট। মেলেশনের ব্যক্তিত্বের আবেদন আছে। বাগাড়ম্বর শুরু করার ক্ষমতা আছে তাঁর। প্রচারণায় চাতুর্যের আশ্রয় নেন তিনি, যেমন তিনি একসঙ্গে একাধিক জনসভায় হাজির থাকার জন্য নিজের হলোগ্রাম ব্যবহার করেন। মূলধারার সোশ্যালিস্ট পার্টির প্রার্থী হ্যামনের চেয়ে তিনি অনেক এগিয়ে। প্রথম পর্বের নির্বাচনের আগের জরিপে যখন দেখা গেল মেলেশনসহ অন্য নেতাদের অবস্থান ভালোই, তখন অনেকেই মনে করেছিলেন, দ্বিতীয় পর্বের নির্বাচনে তাঁর সঙ্গে মারি লো পেনের প্রতিদ্বন্দ্বিতা হবে।

মেলেশনের মধ্যে লো পেনের অভিবাসনবিরোধী মনোভাব বা কর্তৃত্বপরায়ণতা নেই। কিন্তু ফ্রান্সের অনেক বিচ্ছিন্ন শ্রমিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তরুণের কাছে তিনি বিশ্বায়নবিরোধী মানুষ হিসেবে পরিচিত। তবে তাঁর সমর্থকেরা যুক্তরাষ্ট্রের বার্নি স্যান্ডার্সের সমর্থকদের মতো নিম্নশ্রেণির নন, যাঁরা ডেমোক্র্যাটদের প্রাইমারিতে স্যান্ডার্সকে ভোট দিলেও মূল নির্বাচনে ট্রাম্পকে ভোট দেন। তবে মেলেশন অন্য নেতাদের মতো দ্বিতীয় পর্বের নির্বাচনে ম্যাখঁকে সমর্থন দেননি।

লো পেন ও মেলেশনের সম্মিলিত ৪০ দশমিক ৯ শতাংশ ভোটের সঙ্গে ছোটখাটো অতি ডান, কমিউনিস্ট পার্টিসহ পুঁজিবাদবিরোধীদের ভোট যোগ করি, তাহলে এই ব্যবস্থা বিরোধীদের ভোটের পরিমাণ হয়ে যায় প্রায় ৪১ শতাংশ। যাঁরা ইউরোপপন্থী উদার গণতন্ত্রের বিজয় ঘোষণা করেছিলেন, তাঁরা এটা দেখাতে ব্যর্থ হয়েছেন যে ব্যবধান কতটা কম। সত্য হচ্ছে, ফ্রান্সে লোকরঞ্জনবাদী ভোটারের সংখ্যা বিপুল। এই সংখ্যাটা গত ২৩ এপ্রিল যত মানুষ ভোট দিয়েছে, তার প্রায় অর্ধেক; যেটা বিদ্যমান ব্যবস্থা তছনছ করে দিতে পারে। তবে মার্কিন নির্বাচনের মতো এখানেও ভোটের সংখ্যা সিদ্ধান্ত গ্রহণে কতটা প্রভাব ফেলে, তা দেখতে হবে। মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে কয়েক মিলিয়ন ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানের ইলেকটোরাল ভোট জিততে তাঁকে আরও এক লাখ ভোট পেতে হতো। ফ্রান্সের নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী ভোটের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানবিরোধী ভোটের প্রায় সমান। কিন্তু প্রার্থীদের আপেক্ষিক অবস্থান ও নির্বাচনী আইনের ভিন্নতার কারণে ফ্রান্সের লোকরঞ্জনবাদী ও বাণিজ্যবিরোধী প্রার্থীরা সম্ভবত ৭ মে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা নির্বাচনে হেরে যাবেন।

এটা যে খুব আধুনিক কোনো বিষয়, তা নয়। মার্কিন ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন হয়েছিল ১৮৬০ সালে, যেখানে আব্রাহাম লিঙ্কন ৩৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছিলেন। বাকি ভোট পেয়েছিল দাসপ্রথার পক্ষপাতীরা। কিন্তু নির্বাচনী বিধির কারণে তিনি পরিষ্কারভাবেই জিতে যান। এমনকি অন্যান্য দলের ভোট যদি এককভাবে কোনো প্রার্থী পেতেন, তাতেও এর নড়চড় হতো না। এসব নির্বাচনী তত্ত্ব দিয়ে অনেকে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন।

ফ্রান্সের এই নির্বাচনের প্রথম পর্বে ম্যাখঁর কিছু ভোট যদি মেলেশন পেতেন, তাহলে দ্বিতীয় পর্বে দুই প্রতিষ্ঠানবিরোধী প্রার্থীর লড়াই হতো। এ ছাড়া কোনো প্রার্থী যদি অর্থনৈতিক-জাতীয়তাবাদী ও অভিবাসনবিরোধী ভোটারদের কাছে আবেদন করতেন, তাহলে তিনি প্রথম পর্বে তো জিততেনই, উপরন্তু দ্বিতীয় পর্বেও তিনি জোর দাবিদার হতেন। ঠিক যেমন ট্রাম্প করেছেন, তিনি শ্রমিক ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির কাছে আবেদন করে ভোট পেয়েছিলেন। যদিও ফরাসি ভোটাররা অভিবাসন, বাণিজ্য, আর্থিক খাত ও বিশ্বায়নবিরোধী নীতি বর্জন করেছে, সত্য হচ্ছে; ফ্রান্সের নির্বাচনী ফলাফলের বাইরে লোকরঞ্জনবাদীদের ঐক্য গড়ে উঠছে। ফলে ফ্রান্সের প্রথম পর্বের নির্বাচনী ফলাফল বিবেচনায় নিয়ে এখনই যাঁরা উদার গণতন্ত্রের জয় উদ্‌যাপন করছেন, তাঁরা কিন্তু একটু তাড়াতাড়িই এসব করছেন।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

মার্ক জে রো: হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক।