লোকরঞ্জনবাদী শাসনের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লাভোমির সিয়েরাকভস্কি
স্লাভোমির সিয়েরাকভস্কি

ইয়ারোস্লাভ কাচিনস্কিই কার্যত পোল্যান্ডের প্রধান নেতা (তিনি এখন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নন, আগে ছিলেন, যদিও তাঁর দল এখন ক্ষমতায়), তিনি যেন ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সংস্করণ হয়ে গেছেন, ফলে পশ্চিমা গণতান্ত্রিক মডেলের জন্য তিনি লোকরঞ্জনবাদী হুমকিতে পরিণত হয়েছেন। আমরা অপেক্ষা করছি, ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ নেবেন, অন্যদিকে পোল্যান্ডে লোকরঞ্জনবাদী শাসনের প্রথম বছরটি কেমন গেল, তা ভেবে দেখার অবকাশ আছে। ফলাফল হিসেবে আমরা যা দেখছি, তা আমাদের প্রত্যাশার অতীত।
২০১৭ সালে যুক্তরাষ্ট্রে কী ঘটবে (সম্ভবত ফ্রান্স ও নেদারল্যান্ডসেও) সে বিষয়ক প্রচলিত মত হলো, একজন স্থূল রুচিসম্পন্ন মানুষের শাসনে দেশটিতে বৈপরীত্যমূলক নানা নীতি গৃহীত হবে, যার কারণে মূলত ধনীরা লাভবান হবে। গরিবেরা অনেক কিছু হারাবে, কারণ এই লোকরঞ্জনবাদীরা উৎপাদন খাতের চাকরি ফিরিয়ে আনবে, তেমন আশা নেই, যদিও তারা সে বিষয়ে নানা অঙ্গীকার করেছে। অন্যদিকে অভিবাসী ও শরণার্থীদের ব্যাপক স্রোত চলতেই থাকবে, কারণ এই সমস্যার গোড়ায় যাওয়ার পরিকল্পনা লোকরঞ্জনবাদীদের নেই। শেষমেশ দেখা যাবে, এই সরকার কার্যকরভাবে শাসনব্যবস্থা চালাতে না পেরে ভেঙে পড়বে, আর তাদের নেতাদের হয় অভিশংসনের মুখে পড়তে হবে, না হয় পুনর্নির্বাচন দিতে হবে।
কাচিনস্কি সম্পর্কেও মানুষ একই রকম প্রত্যাশা করেছিল। উদারপন্থী পোলরা ভেবেছিলেন, তিনি ধনীদের জন্য কাজ করবেন। তাঁর শাসনামলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাতে তিনি হোঁচট খাবেন। কাচিনস্কির ল অ্যান্ড জাস্টিস পার্টি (পিআইএস) ২০০৫-০৭ সাল পর্যন্ত সর্বশেষ পোল্যান্ড শাসন করেছিল, তখন ঠিক এমনটাই ঘটেছিল। কিন্তু উদারনীতিকেরা ভুল প্রমাণিত হয়েছেন। পিআইএস আদর্শহীন দল থেকে এমন এক দলে রূপান্তরিত হয়েছে, যারা রেকর্ড গতি ও কার্যকারিতার সঙ্গে চমকে যাওয়ার মতো পরিবর্তন আনতে পেরেছে। অন্য যেসব দেশের মানুষ বর্তমানে লোকরঞ্জনবাদী শাসনের প্রত্যাশা করছে, তাদের উচিত হবে, পোল্যান্ডের এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমলে নেওয়া।
২০০৫-০৭ সাল পর্যন্ত পিআইএস নব্য উদারনীতিবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করেছে, যেমন সেবার তারা সর্বোচ্চ করসীমা ও এস্টেট কর তুলে দিয়েছিল। আর এবার তারা পোল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় সামাজিক স্থানান্তর ঘটিয়েছে। দেশটির পিতা-মাতারা প্রথম সন্তানের পর প্রতি সন্তান বাবদ ১২০ মার্কিন ডলার পাচ্ছেন অথবা অধিক দরিদ্র পরিবারের প্রতি সন্তান বাবদ এই অঙ্ক দেওয়া হচ্ছে (দেশটির মানুষের গড় মাসিক আয় ২ হাজার ৯০০ পোলিশ মুদ্রা, যদিও দুই-তৃতীয়াংশ পোল এর চেয়ে কম আয় করেন)। ফলে দারিদ্র্যের হার ২০-৪০ শতাংশ কমেছে, যেখানে শিশুদের মধ্যে দারিদ্র্য হ্রাসের হার হচ্ছে ৭০-৯০ শতাংশ।
এই তালিকা এখানেই শেষ হয় না, সরকার ৭৫-ঊর্ধ্ব নাগরিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে। ট্রেড ইউনিয়ন যে ন্যূনতম মজুরি দাবি করেছিল, বাস্তবে সেটা তার চেয়েও বেশি হয়ে গেছে। অবসরের বয়সসীমা কমানো হয়েছে। অন্যদিকে সরকার নিম্ন আয়ের মানুষের ওপর থেকে করের বোঝা কমাতে চাইছে।
কথা হচ্ছে, স্বাধীন প্রতিষ্ঠানগুলো লোকরঞ্জনবাদের খুবই শক্তিশালী শত্রু। লোকরঞ্জনবাদ সাধারণত নিয়ন্ত্রণকামী হয়ে থাকে। লোকরঞ্জনবাদীরা মনে করেন, উদার গণতন্ত্র থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়; ফলে কর্তব্যপরায়ণ সরকারের কাজ হচ্ছে সবকিছু ঠিকঠাক রাখা। গণমাধ্যমের সংখ্যা বেড়ে গেলে তথ্যবিভ্রাট ঘটে। একইভাবে বিচার বিভাগ স্বাধীন হলে আইনি বিশৃঙ্খলা দেখা দেয়, আর জনপ্রশাসন স্বাধীন থাকলে প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নাগরিক সমাজ যদি তৎপর হয়, তাহলে খামোখা ছোটখাটো ব্যাপারে ঝগড়া-বিবাদ ও দ্বন্দ্ব লেগে থাকে।
কিন্তু লোকরঞ্জনবাদীরা বিশ্বাস করেন, এ ধরনের বিশৃঙ্খলা আপনাআপনি সৃষ্টি হয় না। দুরাচারী বিদেশি শাসক ও তাঁদের দেশীয় অনুচরদের কারণে এমনটা হয়। পোল্যান্ডকে ‘আবারও মহান বানাতে’ জাতির নেতাদের অবশ্যই বিশ্বাসঘাতকদের পরাজিত করতে হবে, যারা ক্ষমতার সমপ্রতিযোগী নয়। লোকরঞ্জনবাদী নেতারা তাই প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতা সীমিত করতে বাধ্য হন। বস্তুত, তাঁদের রাজনৈতিক আদর্শ কিন্তু শৃঙ্খলা নয় বরং ক্ষমতার সব স্বাধীন ভিত্তিকে পদানত করা, যারা তাঁদের চ্যালেঞ্জ জানাতে পারে: আদালত, গণমাধ্যম, ব্যবসায়ী সম্প্রদায়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এনজিওসহ অন্যান্য।
নির্বাচনে কীভাবে জিততে হয়, লোকরঞ্জনবাদীরা তা জানেন, কিন্তু গণতন্ত্রবিষয়ক তাঁদের ধারণা এর চেয়ে বেশি কিছু নয়। এর বিপরীতে তাঁরা বিশ্বাস করেন, সংখ্যালঘুদের অধিকার, সরকারের ক্ষমতার ভাগাভাগি, স্বাধীন গণমাধ্যম—এসবই সংখ্যাগুরুদের শাসনের জন্য হুমকি, সে কারণে গণতন্ত্রের জন্যও।
লোকরঞ্জনবাদী সরকার যে রাজনৈতিক আদর্শ ধারণ করে, তা মূলত নির্বাচিত সরকারের একনায়কত্ব। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিজ্ঞতা আমাদের ইঙ্গিত দেয়, এটা টেকসই মডেল হতে পারে। সর্বোপরি, যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা কীভাবে নির্বাচন আয়োজন করেন, তার ওপর অনেক কিছু নির্ভর করে, যার মধ্যে আছে নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস, প্রচারণার অর্থায়ন ও রাজনৈতিক বিজ্ঞাপনসংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন। মোদ্দাকথা হলো, ইন্দ্রিয়াতীতভাবেই নির্বাচনব্যবস্থাকে জাল করে ফেলা যায়।
লোকরঞ্জনবাদীরা ভুয়া খবর ছড়িয়ে, বিরোধীদের গালাগাল করে ও অলৌকিক প্রতিশ্রুতি দিয়ে লাভবান হয়েছেন, যেটা মূলধারার গণমাধ্যম স্বাভাবিক প্রচারণা বলে দাবি করে। কিন্তু সত্য যে উত্তর-সত্যের বিরুদ্ধে কার্যকর অস্ত্র, এটা ভাবাই ভুল। উত্তর-সত্যের পৃথিবীতে ক্ষমতাই নিয়তি নির্ধারণ করে, তথ্যের সত্যতা প্রতিপাদন নয়। এখানে যে সবচেয়ে বেশি নির্মম ও যার বিবেকের দংশন নেই, সেই জয়ী হয়।
লোকরঞ্জনবাদীরা একই সঙ্গে প্রভুত্বকামী ও অশোভন। উদাহরণস্বরূপ বলা যায়, ট্রাম্পের সমর্থকেরা সস্তা আচরণকে বিশ্বাসযোগ্য মনে করেন, অন্যদিকে তাঁরা সহযোগিতামূলক সংগঠন, সত্য ও যুক্তিবাদকে আভিজাত্যের লক্ষণ মনে করেন। যাঁরা লোকরঞ্জনবাদ ঠেকাতে চান, তাঁদের এই সত্য মানতে হবে যে সত্যই যথেষ্ট নয়। তাঁদের অবশ্যই সংকল্প ও নৃশংসতা দেখাতে হবে, যদিও তাঁদের বিরোধীপক্ষের প্রতিবিম্ব হওয়া চলবে না।
জাতীয়তাবাদের মৃত্যু হয়নি। আদর্শবাদ-উত্তর যুগে একমাত্র যে আদর্শটি টিকে আছে তা হলো, জাতীয়তাবাদ। এই আবেগকে উসকে দিয়ে লোকরঞ্জনবাদীরা সর্বত্রই সমর্থন পেয়েছে, তা সেখানকার অর্থনৈতিক ব্যবস্থা যা-ই হোক না কেন। এর কারণ হলো, বাহ্যিক কারণে এই আবেগ ক্রমাগত সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ অভিবাসী ও শরণার্থীদের স্রোতের কারণে। ওদিকে মূলধারার বাম রাজনীতিকদের তরফ থেকে এ ব্যাপারে আপাতত কার্যকর বার্তা নেই। অভিবাসনের বিরোধিতা করা তাঁদের আদর্শের পরিপন্থী, আবার তাকে সমর্থন করার মানে হলো, নির্বাচনে পরাজয়।
পোল্যান্ডে এক বছর লোকরঞ্জনবাদী শাসনের পর কাচিনস্কি দুটি বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছেন, যেগুলো ভোটারদের কাছে জনপ্রিয়, যার একটি হলো সামাজিক স্থানান্তর ও আরেকটি অভিবাসন। তিনি যত দিন ভোটারদের আবেগের এই দুটি জায়গা নিয়ন্ত্রণ করতে পারছেন, তত দিন তিনি নিরাপদ। যাঁরা ট্রাম্প ও এপ্রিলে ফ্রান্সের নির্বাচনে মেরি লে পেনের বিরোধিতা করতে চান, তাঁদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
স্লাভোমির সিয়েরাকভস্কি: পোল্যান্ডের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডির পরিচালক।