শঙ্কা নয়, আশাবাদী হতে চাই
একাদশ সংসদ নির্বাচনের আর কয়েক দিন বাকি। তখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে বিশেষ করে বয়োজ্যেষ্ঠ কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনারের বিতর্ক আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আর মাঠের নির্বাচনী পরিবেশ নিয়ে নানা ধরনের ব্যত্যয়ের খবর প্রকাশিত হচ্ছে। একদিকে বিরোধী জোটের, বিশেষ করে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীর সমর্থকদের ধরপাকড় অব্যাহত রয়েছে, অপর দিকে আদালতের রায়ের কারণে প্রায় ১৮টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী শূন্য হয়ে পড়েছে। এরই মধ্যে কয়েকটি আসন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের জন্য ওই আসনগুলোতে নির্বাচন স্থগিত থাকবে, নাকি নির্বাচন অনুষ্ঠিত হবে, তার অনেকটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্ণয়ের ওপর।
এর মধ্যে উচ্চ আদালতে জামায়াতে ইসলামীর কথিত ‘সদস্যদের’ বিএনপি কর্তৃক মনোনয়ন দেওয়ার রিটে সিদ্ধান্তের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছিলেন আদালত। নির্বাচন কমিশন দারুণ এক পরীক্ষার মুখে পড়েছিল। তারা এ ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছে, তা আইনসংগত হয়েছে। এবারের মতো এ ধরনের অব্যবস্থাপনার মধ্যে অতীতে কোনো নির্বাচন কমিশনকে পড়তে হয়নি। এর আগে আদালতের রায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা নির্বাচন কমিশনের অনুমোদনের পর বাতিল হয়নি বরং যুক্ত হয়েছে। এর ফলে লাখ লাখ ব্যালট পেপারে পরিবর্তন আনতে হবে আর ব্যালট পেপার ছাপানো হলে সেগুলো জ্বালিয়ে ফেলতে হবে। বিষয়টি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এরপরও বলতে হয়, নির্বাচন কমিশনের উদ্দেশ্য হতে হবে যেন কোনো সংসদীয় আসনে নির্বাচনের সব প্রার্থী, যাঁদের কমিশন বৈধতা দিয়েছে, তাঁদের কোনো আসনই শূন্য না হয়। আদালতের স্থগিত সিদ্ধান্ত নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
পাল্টাপাল্টি অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত গ্রেপ্তার কর্মকাণ্ডের মধ্যে ক্রমেই প্রচারণার দরজা বন্ধ হওয়ার পথে। কয়েক দিন পরেই ভোট, কিন্তু নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা আর অনিশ্চয়তা রয়ে গেছে। বিশেষ করে অনেক অঞ্চলের নারী ও বয়স্ক ভোটারদের মধ্যে এমনই আশঙ্কা আর অনিশ্চয়তার তথ্য প্রচারিত হয়েছে বিবিসি বাংলার খবর ও বিশ্লেষণে। কয়েকটি জায়গায় কিছু কিছু ব্যবস্থা নিলেও তা যথেষ্ট বলে মনে হয় না। কারণ, প্রতিদিনই গ্রেপ্তার, হামলা এবং প্রার্থী গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতি আগের কোনো নির্বাচনে ঘটেনি, যে কারণে ভোটার, বিশেষ করে প্রান্তিক ভোটাররা আতঙ্কিত এবং ভোট দিতে যাওয়ার ব্যাপারেও অনিশ্চয়তায় ভুগছেন।
ভোট দেওয়ার আতঙ্কের মধ্যে শুধু সংখ্যালঘু ভোটাররাই নন, রয়েছেন নারী ও প্রথমবারের ভোটাররাও। ইতিমধ্যেই বিশেষ করে রাজধানীর বহু মধ্যবিত্ত এবং তরুণ ভোটার, যাঁরা ভোট প্রদানে আগ্রহ হারিয়ে ফেলেছেন, ছুটি কাটাতে এবং অনেকে দেশের বাইরে যাচ্ছেন। খোঁজ নিলে জানা যাবে, কাছাকাছি দেশে যাওয়ার সব যানবাহনে ডিসেম্বর ৩১ পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে রয়েছে। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষকদের সময়মতো ভিসা না পাওয়ার এবং বিভিন্ন দেশের উদ্বেগের সংবাদ এবং অব্যাহত সংঘর্ষের সংবাদ দোদুল্যমান ভোটারদের ভীত করে তুলেছে। নির্বাচন কমিশনের আশ্বাসের ওপরও মানুষ আস্থা রাখতে পারছে না। সিংহভাগ ভোটারের মনে প্রশ্ন যে এই নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না।
এসব প্রশ্নের মাধ্যমে ফুটে উঠেছে নির্বাচনী ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ও বিশ্বাসের অভাব। ধারাবাহিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য না হলে নির্বাচনী ব্যবস্থাপনা ও গণতন্ত্রের ওপর আস্থা কমতে থাকে। উদ্বেগ শুধু ভোটারদের মধ্যেই নয়, উদ্বেগ রয়েছে নিয়োগপ্রাপ্ত অনেক প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তার মধ্যে, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষক ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তার মধ্যে। এই আতঙ্কের বহুবিধ কারণ রয়েছে।
এ ধরনের কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত থাকেন রিটার্নিং কর্মকর্তা তথা নির্বাচন কমিশন, যাঁদের নাম আগেই তালিকাভুক্ত করা হয় এবং প্রকাশিত হয়ে থাকে। এসব নামের তালিকায় কারও বিরুদ্ধে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তা রিটার্নিং কর্মকর্তার খতিয়ে দেখার কথা এবং কমিশনের সম্মতিতে প্রয়োজনে পরিবর্তন করা হয়ে থাকে। এ প্রক্রিয়ার মধ্যে অন্য কোনো এজেন্সির ভূমিকা থাকার কথা নয়, কিন্তু বাস্তবিক পক্ষে এমনটাই ২০১৮ সালে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের বেলায় হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ ও অন্যান্য সংস্থার খবরদারির তথ্য বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনও এমন তথ্যে উদ্বেগ প্রকাশ করেছে, তবে কী ধরনের কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা জানা যায়নি। যদিও চেষ্টা করা হয় যে এসব কর্মকর্তা-কর্মচারী সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে নিয়োগ দেওয়ার তথাপি ঘাটতি পূরণের জন্য বেসরকারি ব্যাংক অথবা এমপিওভুক্ত কলেজ ও স্কুলের শিক্ষক নিয়োজিত হতে পারেন। এ ধরনের নিয়োগে বাধ্যতামূলক নিয়োগ পাওয়া ব্যক্তিদের দ্বিমত গ্রহণযোগ্য নয়। নিয়োগ প্রত্যাখ্যান করা দণ্ডনীয় অপরাধ।
বিগত বছরগুলোর ধারাবাহিক প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং সহিংস ২০১৪ সালের নির্বাচন ও পরবর্তী সহিংস স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের ওপর যে ধরনের হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং অনিয়ম করতে বাধ্য করা হয়েছে, সেসব কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এবারের আতঙ্ক বেশ প্রসারিত মনে হচ্ছে। এমন কয়েকজনের আত্মীয়স্বজন আতঙ্কিত হয়ে তাঁদের করণীয় সম্বন্ধে জানতে চাইলে তাঁদের হতাশই হতে হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তাদের জন্য আতঙ্কের সময়টি ভোট গ্রহণের আগের রাত, যখন তাঁদের আওতায় রক্ষিত ব্যালট পেপার ও বাক্স নিয়ে শঙ্কিত চিত্তে প্রান্তিক অঞ্চলে রাত কাটাতে হয়। এমন যথেষ্ট অভিযোগ পাওয়া যায় যে শক্তিশালী ও প্রভাবশালী প্রার্থীদের হয়ে আগের রাতেই ব্যালট বাক্সে জোরপূর্বক ব্যালট পেপার ঢোকানো হয়। এসব ক্ষেত্রে একটি নির্বাচনকেন্দ্রে প্রদত্ত অতিরিক্ত ব্যালট বাক্স, যা প্রিসাইডিং কর্মকর্তার হেফাজতে থাকে, সেগুলো দখল ও ব্যবহৃত হয়ে থাকে। এসব নির্বাচনী সামগ্রী রক্ষার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা পালনের অভিযোগও এন্তার গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে।
একটি কেন্দ্রে কটি অতিরিক্ত ব্যালট বাক্স দেওয়া হবে, তা পরিপত্র দ্বারা নির্ধারিত হয়, তবে একটি কেন্দ্রে একটি ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ ব্যালট বাক্সের বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবং এই অতিরিক্ত ব্যালট বাক্স যত দূর সম্ভব ভোট গ্রহণের দিন এআরও কর্তৃক কেন্দ্রে পৌঁছানো যেতে পারে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ্য, স্বচ্ছ ব্যালট বাক্স আন্তর্জাতিক বিধি অনুযায়ী তৈরি এবং আমদানি করা। প্রতিটি ব্যালট বাক্সের গায়ে ইউনিক নম্বর রয়েছে এবং ব্যালট বাক্স বন্ধ করতে প্লাস্টিকের যে ইউনিক সিল ব্যবহার করা হয়, ওই পাঁচটি সিলের প্রতিটিতে ইউনিক নম্বর দেওয়া আছে। ব্যালট বাক্সের এবং সিলগুলোর নম্বর অবশ্যই উপস্থিত এজেন্টদের লিপিবদ্ধ করার নিয়ম রয়েছে, যে নম্বরগুলো পরবর্তী সময়ে গণনার আগে মিলিয়ে নিতে হয়। এ কাজ অত্যাবশ্যকীয়। আরও উল্লেখ্য, প্রতিটি ব্যালট বাক্সের হিসাব বিধি অনুযায়ী একটি নির্ধারিত ফরমে অন্তর্ভুক্ত করে ভোট গ্রহণ শেষ হলে অন্যান্য প্রয়োজনীয় নথির সঙ্গে সংরক্ষিত থাকে। লক্ষণীয় যে একটি স্বচ্ছ ব্যালট বাক্সে প্রায় ৭০০ ব্যালট ধারণের ক্ষমতা রয়েছে। কাজেই অতিরিক্ত ব্যালট বাক্সের সচরাচর প্রয়োজন পড়ার কথা নয়।
ব্যালট বাক্স ও ব্যালট পেপার নিয়ে আরেকটি শঙ্কা যে অহরহ ব্যালট পেপার ছিনতাই অথবা ভোট গ্রহণের আগের রাতে জোর করে ব্যালট পেপার অতিরিক্ত বাক্সে ভর্তি করার ঘটনা ঘটে। এ ক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা অবশ্যই রয়েছে। পুনরায় গণনা করার সময় ব্যালটের সংরক্ষিত মুড়িতে ভোটারের সই এবং ভোটার নম্বর অবশ্যই দেখা প্রয়োজন। এমনকি আদালতে অভিযোগের মাধ্যমে যেকোনো প্রার্থী অবশ্যই বিষয়টি খতিয়ে দেখার দাবি করতে পারেন। ব্যালটের মুড়ি নিরীক্ষণ করলেই জাল ভোটের অভিযোগ খতিয়ে দেখা সম্ভব। ভোটার নম্বর ও স্বাক্ষরবিহীন মুড়ি অবশ্যই জাল ভোট বলে শনাক্ত করা হবে। তা ছাড়া প্রতিটি ব্যালটের পেছনে অফিশিয়াল সিল এবং পোলিং কর্মকর্তার স্বাক্ষর বিধি অনুযায়ী অত্যাবশ্যকীয়। এবং এ কাজ একজন ভোটারকে ব্যালট পেপার প্রদানের আগেই তাঁর উপস্থিতিতে সম্পন্ন করতে হয়। তার আগে এ ধরনের সিল ব্যবহার আইনবহির্ভূত বলে গণ্য করা হবে। কাজেই ব্যালট পেপার ও বাক্স ব্যবহার বেআইনি হলে তা সহজেই খতিয়ে দেখা সম্ভব, তবে অবশ্যই বিষয়টি প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার আইনত দায়িত্ব।
নির্বাচনী বাজেটের ৬০ শতাংশ শুধু নিরাপত্তার জন্য খরচের পরও যদি প্রার্থী, ভোটার, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনে ব্যবহার্য সামগ্রীর নিরাপত্তা বিধান না করতে পারে, তবে তার জন্য নিরাপত্তা বাহিনীকে দায় নিতে হবে। এ দায়িত্বে অবহেলার কারণে অবশ্যই নির্বাচন কমিশনকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা বিধানে নিয়োজিত প্রধানের নাম এবং মোবাইল নম্বর অবশ্যই রিটার্নিং কর্মকর্তার কাছে রক্ষিত থাকতে হবে। এই তথ্যগুলো নির্বাচন কমিশনের যোগাযোগ সেলে সংরক্ষিত রাখা আবশ্যকীয়।
ভোটার, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনী সামগ্রী রক্ষার জন্য এত খরচে যাঁদের নিয়োগ দেওয়া হয়, এগুলো রক্ষা করা তাঁদের পবিত্র দায়িত্ব হিসেবে গণ্য করতে হবে। অপর দিকে যেসব শঙ্কা এখনো ভোটারদের মধ্যে রয়েছে, তা নিরসন করা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। কাজেই সব ধরনের নিরাপত্তা বিধানের বিষয়ে কোনো ধরনের শিথিলতা কাম্য নয়। একটি স্বাধীন নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব অপরিসীম। ২০১৮ সালের নির্বাচনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা অবশ্যই নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হবে। প্রচারণার সময় যেসব ব্যত্যয় ও হানাহানি হয়েছে, তা কাম্য ছিল না। তবে ভোটের দিন ভোটাররা নির্বিঘ্নে ভোট এবং সঠিক গণনার পর সঠিক ফলাফল প্রকাশ করতে পারলে নির্বাচন কমিশনের অন্য ব্যত্যয়গুলো ছাপিয়ে যেতে পারে।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জের মুখে রয়েছে নির্বাচন কমিশন, সরকার এবং নির্বাচনী ব্যবস্থাপনা। এই নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি। সিংহভাগ মানুষের মনের শঙ্কা দূর করার দায়িত্বে যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের অবশ্যই ভবিষ্যৎ বাংলাদেশের কথা মনে রাখতে হবে। শঙ্কা নয়, আমরা আশাবাদী হতে চাই। বাংলাদেশ অন্যান্য বিষয়ে বহুদূর এগিয়ে গেছে, সে ক্ষেত্রে আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাপনা এবং ‘রাজনীতি’ পিছিয়ে থাকবে কেন? এ প্রশ্নের জবাব খুঁজতে হবে ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে।
ড. এম সাখাওয়াত হোসেন সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক সামরিক কর্মকর্তা, বর্তমানে এনএসইউর অনারারি ফেলো