শঙ্কিত আমেরিকার মুসলমান সম্প্রদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি
নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পার হয়ে গেল কিন্তু এর ভয়াবহতার রেশ শুধু অরল্যান্ডো নয়, সারা দেশকে এখনো কাঁপাচ্ছে। ১২ জুন রাতে একটি ক্লাবে ৪৯ জন মানুষকে নৃশংসভাবে একজন ঠান্ডা মাথার খুনি স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হত্যা করেন। এ হত্যার অনুরণন আজও চলছে এবং আরও অনেক দিন চলবে। তার কারণ, এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ব্যক্তির হাতে একসঙ্গে এত লোক মারা যায়নি, আর হত্যাকারী একজন মুসলমান যুবক, যিনি নাকি নিজেকে সিরিয়ার ইসলামি স্টেটের (আইএস) অনুসারী বলে দাবি করেছেন।
হত্যাকাণ্ডের নায়ক একজন মুসলমান যুবক, নাম ওমর মতিন। যুক্তরাষ্ট্রেই তাঁর জন্ম, এ দেশেই তিনি লেখাপড়া শিখেছেন, আর অরল্যান্ডোতে তিনি কাজ করতেন এক নামকরা কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে। তাঁর বাবা-মা আফগানিস্তান থেকে আসা অভিবাসী। নিজেদের ছোটখাটো ব্যবসা আছে। ছেলে মতিন বেশি লেখাপড়া না করলেও স্কুল পাস করেছিলেন নির্ঝঞ্ঝাটে, মাদকদ্রব্যের পাল্লায় পড়েননি। তাঁর সহপাঠী বা পরে সহকর্মীরা তাঁকে আর দশটা সাধারণ মানুষের মতোই দেখেছেন, কোনো মানসিক বৈকল্য দেখেননি। এ রকম একটা আটপৌরে খেটে খাওয়া মানুষ কীভাবে একটা দানবে পরিণত হয়ে ৪৯ জন মানুষকে গুলি করে হত্যা করলেন? এটা কি ধর্ম উন্মত্ততা, নাকি কোনো জঙ্গিদের দ্বারা অনুপ্রাণিত কাজ? আমরা কিছুই হয়তো সঠিকভাবে জানতে পারব না। কারণ, ওমর মতিন পুলিশের গুলিতে মারা গেছেন।
এক ব্যক্তির হাতে সংঘটিত গণহত্যা যুক্তরাষ্ট্রে নতুন নয়। গত পাঁচ বছরে ১২টি ঘটনা ঘটেছে, যেখানে একসঙ্গে অনেক লোক নিহত হয়েছে এক ব্যক্তির বন্দুকের গুলিতে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০১২ সালে কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি প্রাইমারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০টি শিশু ও ৬ জন শিক্ষিকার নিহত হওয়ার ঘটনা। ২০১৩ সালে ওয়াশিংটনে নৌদপ্তরে এক সাবেক নৌ-কর্মচারী এলোপাতাড়ি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেন। ২০১৪ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকায় এক ব্যক্তি মারাত্মক অস্ত্রশস্ত্রের ভান্ডার গড়ে তোলেন ব্যাপক হত্যাকাণ্ডের জন্য। পুলিশি তৎপরতায় তিনি গণহত্যা চালাতে না পারলেও ছয়জন লোক মারা যায় তাঁর একক আক্রমণে। ২০১৫ সালের জুনে সাউথ ক্যারোলাইনার চার্লস্টন শহরের একটি গির্জায় এক তরুণ রাইফেল দিয়ে নয় ব্যক্তিকে হত্যা করেন। একই বছর অরেগন অঙ্গরাজ্যের এক কলেজে গুলি চালিয়ে আরেক ব্যক্তি নয়জনকে হত্যা করেন। ২০১৫ সালের সবচেয়ে বড় হত্যাকাণ্ড হয় ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনো শহরে, যেখানে এক দম্পতি ১৪ জনকে একসঙ্গে হত্যা করে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে। এর বাইরে গত পাঁচ বছরে আরও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে হামলাকারী মাত্র একজন। আর এ বছরের সূচনা হলো অরল্যান্ডো দিয়ে, যেখানে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞে ৪৯ জন মানুষ প্রাণ হারাল।
গত পাঁচ বছর কেন, আরও পেছনে গেলে দেখা যাবে গন্ডা গন্ডা লোক নিহত হয়েছে স্কুল, কলেজ কিংবা কোনো প্রকাশ্য স্থানে শুধু এক অস্ত্রধারীর হাতে। কোনো কোনো ক্ষেত্রে হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে বা গুলি করে হত্যা করেছে। অনেক ক্ষেত্রে হত্যাকারী আত্মহত্যা করেছেন। উল্লেখ্য যে গত পাঁচ বছরের হত্যাকাণ্ডের মধ্যে দুটি ঘটনা ছাড়া (সান বার্নাডিনো ও অরল্যান্ডো) আর কোনো হত্যাকাণ্ডের হোতাকে কোনো জাতি, বর্ণ কিংবা ধর্ম দিয়ে চিহ্নিত করা হয়নি। অন্য হত্যাকারীদের হয় মানসিক বিকারগ্রস্ত, নাহয় উন্মাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে পত্রপত্রিকায়। সান বার্নাডিনো ও অরল্যান্ডো হত্যাকারীদের পরিচয় শুধু মুসলমান হিসেবে। এঁদের মানসিক বৈকল্য কিংবা মানসিক ইতিহাস নিয়ে কোনো আলোচনা বা সরকারি তদন্ত হয়নি, যা এসেছে তা তাঁদের পারিবারিক ইতিহাস, ধর্মপরায়ণতার কথা এবং উগ্রবাদীদের সঙ্গে সম্পৃক্ততা।
এখন প্রশ্ন হচ্ছে, কেন এই হত্যাকাণ্ডগুলোর বিশ্লেষণে বৈষম্য করা হচ্ছে। কেন আর দশটি হত্যাকাণ্ডের কারণ খুঁজতে হত্যাকারীর মানসিক বিশ্লেষণ করা হচ্ছে। আর কেনই-বা বাকি দুটোর ক্ষেত্রে তাঁদের ধর্মান্ধতা আর উগ্রবাদী মানসিকতার ওপর দোষারোপ করা হচ্ছে?
একটি সহজ উত্তর হচ্ছে—অন্য হত্যাকারীরা কোনো ধর্মের বা কোনো গোষ্ঠীর দোহাই দিয়ে তাঁদের অপকর্ম করেননি। সান বার্নাডিনো ও অরল্যান্ডোর হত্যাকারীরা মুখে এবং দালিলিক সাক্ষ্যে একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করেছেন বলে কর্তৃপক্ষ দাবি করেছে। এ সেই জঙ্গিগোষ্ঠী, যারা পশ্চিমা দেশগুলোতে এক ত্রাস সৃষ্টি করেছে তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে। যে গোষ্ঠীর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার তরুণ-তরুণী বিভিন্ন দেশ থেকে গিয়ে সিরিয়ায় তাদের সঙ্গে তাদের তথাকথিত ধর্মযুদ্ধে যোগ দিয়েছেন। দ্বিতীয় সহজ উত্তর তাঁরা নিজেরা মুসলমান। সুতরাং এ দুইয়ে দুইয়ে চার হিসাবের সামনে ওমর মতিন আর পূর্ববর্তী হত্যাকারীদের হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো বিশ্লেষণের প্রয়োজন মনে করেনি গণমাধ্যম। শুধু একটি বিশেষ ধর্মের সঙ্গে সম্পৃক্ততা আর কিছু জঙ্গিবাদীর সঙ্গে তাঁদের অনুমিত সংশ্লিষ্টতাই হত্যাকাণ্ডের কারণ বলে ধরে নিয়েছে তারা।
এ ধরনের সহজ উত্তর হয়তো সাময়িকভাবে এ দেশের মানুষকে বোঝাতে পারে, কিন্তু এতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, তা বলা যাবে না।। যুক্তরাষ্ট্রে বারবার এ ধরনের দুঃখজনক ঘটনার একটি প্রধান কারণ এ দেশে মারাত্মক আগ্নেয়াস্ত্রের সহজ প্রাপ্তি। যে কেউ যেকোনো রাজ্যে দোকান থেকে আগ্নেয়াস্ত্র কিনতে পারে, নামমাত্র সময়ে পুলিশি প্রতিপাদন নিয়ে। কোনো কোনো রাজ্যে তারও প্রয়োজন হয় না। বহু হত্যাকাণ্ডের পরও যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস করতে নারাজ। কারণ, এতে সংবিধান প্রদত্ত আগ্নেয়াস্ত্র রাখার নাগরিক অধিকার ক্ষুণ্ন হবে। অথচ অরল্যান্ডোর হত্যাকারীসহ এর আগের সব হত্যাকারী অনায়াসে এই তথাকথিত নাগরিক অধিকারের সুযোগ নিয়ে মারাত্মক অস্ত্র সংগ্রহ করতে পারেন।
অরল্যান্ডোর হত্যাকারী মতিন মুসলমান ছিলেন এবং কর্তৃপক্ষের কথা অনুযায়ী তিনি হয়তো সিরিয়ার জঙ্গিদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন। আমরা প্রকৃত সত্য জানতে পারব না এবং এ-ও জানতে পারব না তাঁর কোনো মানসিক বৈকল্য ছিল কি না। কারণ, তিনি এখন মৃত। কিন্তু আমরা এটা জানি যে অরল্যান্ডোর হত্যাকাণ্ড আবার এ দেশের মুসলমান সম্প্রদায়কে বিচলিত এবং শঙ্কিত করে তুলেছে। বিচলিত এই কারণে যে এ ভয়াবহ ঘটনার নায়ক একজন মুসলমান, ঘটনার কারণ যা-ই হোক না কেন। শঙ্কিত এ কারণে যে যখনই এ ধরনের ঘটনা হয়েছে, তখন এ সমাজের ওপর নেতিবাচক ও বিরূপ প্রতিক্রিয়া এসে পড়েছে। এ বছর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় মুসলমান সম্প্রদায় বিশেষভাবে আলোচিত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প, যিনি মুসলমানদের প্রতি মোটেই সদয় নন। তিনি এ ঘটনার পর ঘোষণা করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে মুসলমান দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধ করবেন এবং দেশের মুসলমান বাসিন্দাদের ওপর সরকারি নজরদারি রাখবেন।
হয়তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তাঁর কথামতো কাজ করবেন, হয়তো করবেন না। কিন্তু তিনি যে মনোভাব প্রকাশ করছেন তা এ দেশের একাংশ মানুষের মুসলমানদের প্রতি নেতিবাচক চিন্তাধারার প্রতিফলন। অরল্যান্ডোর মতো ঘটনা এ ধরনের চিন্তাকে জাগিয়ে তোলে। তখন কেউ ভাবে না হত্যাকারী আদৌ মানসিক রোগী, না এক ধর্মান্ধ উন্মাদ।
ভবিষ্যতে এ দেশের মুসলমানদের এ ধরনের হত্যাকাণ্ডের জন্য শুধু নিন্দা জানালেই হবে না, এ দেশের প্রতিটি অঞ্চলের আইনি সংস্থার সঙ্গে কাজ করতে হবে এর পুনরাবৃত্তি নিবারণে। একই সঙ্গে কাজ করতে হবে সেসব কংগ্রেস সদস্যের সঙ্গে, যাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নে আগ্রহী।
জিয়াউদ্দিন চৌধুরী: রাজনৈতিক বিশ্লেষক।
অ্যাসাসিনেশন অব জিয়াউর রহমান অ্যান্ড আফটার ম্যাথ বইয়ের রচয়িতা।