শতকোটির ভবন ও ভাগ্যবান মাছেরা!
কাঁচাবাজারে মাছ, শাক-সবজি বা এ ধরনের কিছুই বেচা-বিক্রি হওয়ার কথা। এখন সেই বাজার বা এর ভবন তৈরির কাজ যদি বছরের পর বছর ধরে আটকে থাকে, তবে একে কোনো না কোনোভাবে তো কাজে লাগাতে হবে। মাছ বিক্রি না–হয় হলো না, চাষের কাজে তো লাগানো যায়!
ঢাকায় যে তিনটি পাইকারি কাঁচাবাজার তৈরির জন্য প্রায় সাড়ে তিন শ কোটি টাকা খরচ হয়েছে, এটি তারই একটি। এই কাঁচাবাজারগুলো যে প্রকল্পের আওতায় বানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে ২০১৩ সালে। এরপর কয়েক দফা সময় বাড়ানো হয়েছে। মহাখালী ও গাবতলী কাঁচাবাজারের কাজ শেষ হলেও যাত্রাবাড়ী কাজ আর শেষ হয়নি। এই কাঁচাবাজারের কপালে এখন জুটেছে মাছের চাষ!
ঢাকা দক্ষিণের সিটি করপোরেশন এই ভবনটির মালিক। যেকোনো ভবনেরই নিরাপত্তা দরকার, এ ধরনের অসমাপ্ত ভবনের দরকার আরও বেশি। নিরাপত্তা রক্ষায় এখানে রক্ষীরা আছেন। কিন্তু প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটির নিচতলায় পানি জমেছে। ছাদ থেকে পানি নামারও ঠিকঠাক কোনো ব্যবস্থা নেই। ফলে নিচতলার ৮০টি দোকান পানিতে ডুবে রীতিমতো এক ডোবা তৈরি হয়েছে। ভবনের নিরাপত্তারক্ষীদের মাথায় বুদ্ধি আছে বলতে হবে, সেই সঙ্গে বাস্তব বুদ্ধিরও তারিফ করতে হয়। এভাবেই যখন পড়ে আছে, তখন সেখানে কিছু মাছ ছাড়লে দোষের কী! মাগুর, কই, টাকিসহ নানা প্রজাতির মাছই বড় হচ্ছে সেখানে। তবে এই মাছদের ভাগ্যবানই বলতে হবে। শতকোটি টাকার ভবনের বাসিন্দা এরা!
প্রথম আলোতে যাত্রাবাড়ী পাইকারি কাঁচাবাজারের নিচতলা বা সেই ডোবার ছবি ছাপা হয়েছে। দোকানগুলোতে শাটার লেগেছিল, সেগুলো পানির ওপরে উঠিয়ে রাখা হয়েছে। জং ধরে গেছে। কোনো দিন যদি এই ডোবার দোকানগুলোকে আবার চালু করতে হয়, তবে সম্ভবত অনেক কিছুই আবার নতুন করে করতে হবে। আর নিরাপত্তারক্ষীরা ভবনটি দখলমুক্ত করে রাখতে পেরেছেন, এমনও নয়। ওপরের তলাগুলো দখল করে নিয়েছে ছিন্নমূল লোকজন। রান্নাবান্না, গোসল থেকে শুরু করে জীবনযাপনের সবই হচ্ছে সেখানে।
শতকোটি টাকার একটি ভবনের এমন অভিনব ব্যবহার মনে হয় শুধু বাংলাদেশেই সম্ভব। এখানে জনগণের টাকা খরচ করাই হলো আসল। সেই ভবনের কাজ সময়মতো শেষ হলো কি না, কারও কাজে লাগল কি না, ভবনটি নষ্ট হলো কি না বা কে কীভাবে ব্যবহার করল, তাতে কার কী আসে–যায়! ভবনের নিচতলায় পানি জমুক, কেউ মাছ চাষ করুক, কোনো তলায় হাঁস-মুরগি পালন হোক, কেউ কেউ সেখানে বসত গড়ুক, দেয়াল চুইয়ে পানি পড়ুক, স্যাঁতসেঁতে হয়ে যাক, দেয়ালে ও ছাদে গাছগাছালি গজাক, ভবনের আয়ু কমুক—ক্ষতি কী! প্রকল্পের মেয়াদ আবার বাড়বে, নতুন বরাদ্দ হবে, টাকা নিয়েও চিন্তার কিছু নেই; কারণ জোগান দেবে তো জনগণ! এর আগ পর্যন্ত ভাগ্যবান মাছগুলো বড় হতে থাকুক!
অারও পড়ুন : ভবনের ভেতরে মাছের চাষ