
১৫ জুলাই ক্ষমতা (সম্ভবত প্রাণও) হারানোর ফাঁড়া কেটে যাওয়ার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান প্রথম যে দেশটি সফর করলেন, সেটা রাশিয়া। যদিও গত মাসেই জানা গিয়েছিল যে তিনি রাশিয়া সফরে যাবেন, তবু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর এই সফরের খবর বেশ গুরুত্ব পাচ্ছে। কারণ, ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের আগের দিন পর্যন্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে রাশিয়া ছিল তুরস্কের প্রতিপক্ষ শিবিরের শিরোমণি। এ দুই দেশের মধ্যেকার সম্পর্ক ভীষণ তেতো হয়ে গিয়েছিল গত বছরের ২৪ নভেম্বর সিরিয়া-তুরস্ক সীমান্তের আকাশে তুর্কি বাহিনী এক রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর থেকে। তুরস্ক কৈফিয়ত দিয়েছিল, রুশ যুদ্ধবিমানটি তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়েছিল। কিন্তু রাশিয়া জোরের সঙ্গে দাবি করেছিল সে রকম কিছু ঘটেনি; তাদের সুখোই ২৪ এম যুদ্ধবিমানটি সিরিয়ার আকাশেই চক্কর খাচ্ছিল।
আকাশসীমার লঙ্ঘন ঘটেছিল কি না, সেই প্রশ্নের কোনো আনুষ্ঠানিক সুরাহা হয়নি; তবে ওই ঘটনার প্রায় আট মাসের মাথায় তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পরেই প্রেসিডেন্ট এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করে প্রথমেই ‘স্যরি’ বলেন। তখনই তিনি পুতিনকে জানান যে তিনি তাঁর দেশে সফরে যেতে চান। পুতিন অতীতের তিক্ততা ভুলে তাঁকে সাদরে আমন্ত্রণ জানান। তারই ফল গত মঙ্গলবার রাশিয়ার সাংকৎ পিতেরবুর্গ শহরে পুতিন-এরদোয়ানের মধ্যে সম্পর্ক মেরামতের বৈঠক।
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী ভূরাজনীতি, কৃষ্ণসাগরীয় অঞ্চলে ইউক্রেন-ক্রিমিয়াকে কেন্দ্র করে আমেরিকা ও ন্যাটো জোটের সম্প্রসারণ-লিপ্সার বিপরীতে কোণঠাসা রাশিয়ার অটল রক্ষণাত্মক অবস্থান ইত্যাদির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট এরদোয়ানের এই রাশিয়া সফরের তাৎপর্য অনেক। বিশেষত মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়াকেন্দ্রিক যুদ্ধ ও প্রক্সি যুদ্ধের খেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক খেলোয়াড়দের আচরণে কৌতূহলোদ্দীপক পরিবর্তন স্পষ্ট হয়ে উঠতে পারে। সে বিষয়ে অনুমান ও জল্পনা-কল্পনার দিকে যাওয়ার আগে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে তুরস্ক ও রাশিয়ার অবস্থানের দিকে একবার ফিরে তাকালে সুবিধা হবে।
সিরিয়ার গৃহযুদ্ধে হিমশিম খেয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়েছিলেন, তখন পুতিন সাড়া না দিয়ে পারেননি। কারণ, রাশিয়ার সঙ্গে সিরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। সোভিয়েত নেতা লিওনিদ ব্রেঝনেভ আর বাশারের বাবা হাফেজ আল-আসাদ ছিলেন পরস্পরের ঘনিষ্ঠ মিত্র। সোভিয়েত ইউনিয়নের বিলোপ ঘটার পরেও রুশ-সিরিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। ব্রেঝনেভ ও হাফেজের মধ্যকার সুসম্পর্কের উত্তরাধিকার বয়ে চলেছেন প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাশার।
ফলে, বাশারের অনুরোধে পুতিন রুশ যুদ্ধবিমান পাঠিয়ে বাশারবিরোধী সশস্ত্র গেরিলা গোষ্ঠীগুলোর ওপর প্রবল আক্রমণ শুরু করলেন। কিন্তু এতে বড্ড মুশকিলে পড়ে গেলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। কারণ, তিনি আমেরিকা ও তার মিত্রদের সঙ্গে একাত্ম হয়ে সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উৎখাত করার স্বপ্ন দেখছিলেন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি গোপনে নানাভাবে সহযোগিতা করছিলেন ইসলামিক স্টেট বা আইএসকে, যারা ইতিমধ্যে ইরাক ও সিরিয়ার রাষ্ট্রীয় অখণ্ডতা ভেঙে ফেলে দেশ দুটির বেশ কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়ে স্বঘোষিত এক ‘খেলাফত’ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।
তাদের সেই ‘রাষ্ট্রে’ যোগ দিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাঁরা সিরিয়া গিয়ে উপস্থিত হয়েছেন, তাঁদের অধিকাংশই গেছেন তুরস্ক হয়ে। সিরিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাংশে রাকা ও আলেপ্পো অঞ্চল তুরস্কের সীমান্তবর্তী; ওই দুটি অঞ্চল ২০১৪ সালেই নিজেদের দখলে নেয় আইএস। ফলে সেখানে তুরস্কের সঙ্গে সীমান্তে আইএসএরই রাজত্ব। আর যেহেতু তুরস্কের এরদোয়ান সরকার আইএসের মদদদাতা, ফলে ওই সীমান্তপথে আইএসের বিদেশি যোদ্ধাদের সিরিয়ায় প্রবেশ, সীমান্তের লাগোয়া বিভিন্ন স্থানে তাদের প্রশিক্ষণ নেওয়া এবং সিরিয়া থেকে প্রতিদিন হাজার হাজার ব্যারেল জ্বালানি তেল তুরস্কে চোরাচালান ও অস্ত্র কেনাবেচার অবাধ সুযোগ।
তুরস্কের জন্য এমন সুখকর ও লাভজনক পরিস্থিতি নষ্ট করে দিচ্ছিল রাকা-আলেপ্পোর আকাশ দাপিয়ে বেড়ানো রুশ যুদ্ধবিমানগুলো। সেগুলোর একটাকে তুর্কি বিমানবাহিনী এফ-১৬ থেকে গোলা নিক্ষেপ করে ফেলে দিয়েছিল সেই রোষ থেকেই।
কিন্তু রুশ-তুর্কি সম্পর্কের মোড় এমন আকস্মিকভাবে ঘুরে গেল কেন ও কীভাবে?
ন্যাটোর সদস্য তুরস্ক, তার প্রেসিডেন্ট এরদোয়ান কৃষ্ণসাগরীয় অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের ইচ্ছাপূরণের কাজে আসছেন না। এ ছাড়া দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলে এরদোয়ান ও তাঁর দল ক্রমশ আরও স্বৈরতান্ত্রিক, আরও রক্ষণশীল হয়ে উঠেছেন। এরদোয়ানের স্বৈরতান্ত্রিক আচরণ ও তুর্কি সমাজের ক্রমবর্ধমান রক্ষণশীলতার সমালোচনা পশ্চিমা সংবাদমাধ্যমে বেড়ে চলল। পশ্চিমা শক্তিগুলো এরদোয়ানের জায়গায় অন্য কাউকে দেখতে চেয়েছে বা এখনো চাইছে কি না, সে ব্যাপারে জোরালো অনুমানে পৌঁছার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত তথ্য নেই। কিন্তু পরিবর্তনশীল পরিস্থিতির পরম্পরা বিশ্লেষণ করে সে রকম অনুমানে পৌঁছা পুরোপুরি অসম্ভব নয়। এরদোয়ান তুরস্কের রাষ্ট্রক্ষমতা থেকে সরে গেলেই পশ্চিমা শক্তিগুলো সম্ভবত খুশি হতো।
কিন্তু কী উপায়ে সেটা সম্ভব? এরদোয়ান ও তাঁর দলের আচরণ প্রবল স্বৈরতান্ত্রিক হলেও তাঁরা তুরস্কের ক্ষমতায় এসেছেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে। শুধু তা-ই নয়, বিরুদ্ধবাদীরা যত সমালোচনাই করুক না কেন, প্রেসিডেন্ট এরদোয়ান তাঁর দেশে কী বিপুল জনপ্রিয়তা উপভোগ করেন, তা তাদের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। কিন্তু আমেরিকা ও তার মিত্রদের এতটা জানা ছিল না; জনতাই সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিতে পারে, এতটা তারা সম্ভবত ভাবেনি। তাই তারা অপেক্ষা করছিল, অভ্যুত্থান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য করেনি। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পরেই কেবল তারা এর নিন্দা করেছে। রবার্ট ফিস্কসহ একাধিক সাংবাদিক লিখেছেন, অভ্যুত্থান সফল হলে পশ্চিমা শক্তিগুলো টুঁ শব্দটি করত না। যেমনটা করেনি মিসরে জেনারেল সিসির ক্ষেত্রে।
এরদোয়ান কিন্তু জেনে গেছেন, পশ্চিমা শক্তিগুলো এখন তাঁকে ছুড়ে ফেলে দিতে প্রস্তুত। তাদের কাছে তাঁর প্রয়োজন ফুরিয়েছে; কিংবা তিনি তাদের তেমন কোনো কাজে আসেননি। তাই, এরদোয়ান নিজে না বললেও তাঁর পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বলিয়েছেন, সেনা অভ্যুত্থানের পেছনে আমেরিকার ভূমিকা ছিল। মার্কিন কর্তৃপক্ষ স্বভাবতই সেটা নাকচ করে দিয়েছে এবং বলেছে, এ ধরনের অভিযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি করতে পারে। কিন্তু এরদোয়ান সম্ভবত জানেন, কিংবা তিনি যদি সত্যিই মনে করে থাকেন যে তাঁর বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের কলকাঠি নাড়া হয়েছে আমেরিকাতেই, অথবা আমেরিকানরা নিজেরা সেটা না করলেও তারা জানত যে এ রকম কিছু ঘটতে যাচ্ছে, তাহলে তিনি ধরে নিয়েছেন তুর্কি-মার্কিন সম্পর্ক এখন আর তাঁর নিজের অনুকূলে নেই।
তাহলে এরদোয়ানের উপায় কী? কে তাঁর সহায় হবে? তিনি দেখতে পেলেন, রাশিয়া সেই ভূমিকা নিতে চায়। কীভাবে দেখতে পেলেন?
সিরিয়ার তারতুস বন্দরনগরের কাছে ভূমধ্যসাগরে রাশিয়ার একটি নৌঘাঁটি আছে। সেখান থেকে রুশ সামরিক গোয়েন্দারা তুরস্কের ইনজিরিলক বিমানঘাঁটিসহ আশপাশের অঞ্চলগুলোতে গোয়েন্দা নজরদারি করে। ইনজিরলিক বিমানঘাঁটিটি নির্মাণ করেছে আমেরিকা, সেখানে তারা স্নায়ুযুদ্ধের আমল থেকে মোতায়েন করে রেখেছে ৫০টি, মতান্তরের ২০০টি পারমাণবিক ওয়ারহেড। আগে এগুলোর টার্গেট ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন রাশিয়া। তাই রুশ সামরিক গোয়েন্দাদের বিশেষ নজর ওই ইনজিরলিকের দিকে। এই নজরদারি করতে গিয়ে তারা বেতার কথোপকথন ইন্টারসেপ্ট করে বুঝতে পারে তুর্কি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটছে। তারা তুর্কি গোয়েন্দাদের সতর্ক করে দেয়: তোমাদের প্রেসিডেন্ট সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন। তুর্কি গোয়েন্দারা এরদোয়ানকে বিষয়টি জানালে তিনি সেটাকে রুশিদের ধোঁকাবাজি মনে করে উড়িয়ে দেন। কিন্তু যখন সত্যিই তাঁর বিরুদ্ধে অভ্যুত্থান শুরু হলো এবং তিনি জানতে পারলেন, অভ্যুত্থানের হোতা সামরিক কর্তাদের কয়েকজন ইনজিরলিক বিমানঘাঁটির, তখন তাঁর টনক নড়ে গেল। অভ্যুত্থান দমন করার সঙ্গে সঙ্গে তিনি টেলিফোন করলেন প্রেসিডেন্ট পুতিনকে।
তারপর, এরদোয়ানের এই রাশিয়া সফর এবং সেখানে রুশ-তুর্কি সম্পর্কের ‘খুব অন্য রকম পর্যায়ে প্রবেশে’ প্রত্যয় ঘোষণা।
কিন্তু পুতিন কেন হঠাৎ করে এরদোয়ানের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে চাইছেন? তাঁর স্বার্থটা কী?
প্রথমত, তুরস্ক রাশিয়ার নিকট প্রতিবেশী, সে দেশের স্থিতিশীলতা রাশিয়ার জন্য সুবিধাজনক। তুরস্কে সংবিধান-বহির্ভূত পন্থায় সরকার বদলে গেলে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তার ফলে মধ্যপ্রাচ্যের নৈরাজ্য, সন্ত্রাস, সহিংসতা ছড়িয়ে পড়তে পারে কৃষ্ণসাগরীয় অঞ্চল পর্যন্ত। ওই অঞ্চলে ইতিমধ্যে ক্রিমিয়া-ইউক্রেনকে কেন্দ্র উত্তেজনা আছে; তার ওপর যদি তুরস্ক অশান্ত হয়, সিরিয়া থেকে জঙ্গিগোষ্ঠীগুলো তুরস্কের মধ্যে ঢুকে পড়ে, তুর্কি কুর্দিদের সহিংস তৎপরতা বেড়ে যায়, তাহলে সব মিলিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেটা কৃষ্ণসাগরীয় অঞ্চলে, অর্থাৎ রাশিয়ার ঘরের কাছাকাছি পর্যন্ত ন্যাটোর সামরিক তৎপরতা সম্প্রসারণের সুযোগ কিংবা অজুহাত সৃষ্টি করতে পারে। রাশিয়া এ রকম ঘটতে দিতে চায় না। আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের জন্য মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগরীয় অঞ্চলে যা ভূরাজনৈতিক খেলা, রাশিয়ার জন্য সেটা অস্তিত্ববাদী সংকট।
দ্বিতীয়ত, এরদোয়ান পুতিনের ঘনিষ্ঠ হলে সিরিয়ায় পুতিন-মিত্র বাশারের ক্ষমতায় টিকে থাকার যুদ্ধের তীব্রতা খানিক কমতে পারে। তুরস্কের সহযোগিতা ছাড়া আইএসের পক্ষে রাকা-আলেপ্পোর দখল বেশি দিন ধরে রাখা সম্ভব হবে না।
তৃতীয়ত, তুরস্ক রাশিয়ার একটা বড় বাজার; তুরস্কে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণসহ বেশ কিছু প্রকল্প আছে, যেগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সাম্প্রতিক তিক্ততার ফলে। রাশিয়া ও তুরস্কের মধ্যে ব্যবসা-বাণিজ্য উভয় দেশের জন্যই ভীষণ লাভজনক। রুশ পর্যটকদের সিংহভাগ যেমন তুরস্কে বেড়াতে যেতেন, তেমনি তুরস্কের প্রচুর ভোগ্যপণ্য রাশিয়ার বাজারে রপ্তানি হয়।
সব মিলিয়ে তুরস্কের সঙ্গে বৈরিতার চেয়ে মৈত্রী রাশিয়ার জন্য অনেক বেশি সুবিধাজনক।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
mashiul. alam@gmail. com