মে মাসের মাঝামাঝি প্রকাশিত একটি খবর ছিল এ রকম: রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বাবদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, তার ১৬ শতাংশ খরচ করা হবে স্থানীয় জনগোষ্ঠীর জন্য। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের বিপুল সংখ্যায় আগমনের ফলে স্থানীয় বাঙালি-মুসলিমদের অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, এ রকম মতামত বেশ প্রচারণা লাভ করেছে। এর আলামত আমি নিজের গবেষণাকাজে লক্ষ করেছি। এ বিষয়ে এর আগেও আমি লিখেছি (প্রথম আলো, ১০ নভেম্বর ২০১৭ এবং ৯ এপ্রিল ২০১৮)। কিন্তু বাঙালি-মুসলিম ছাড়াও তো দেশে নানা জাতিগোষ্ঠীর মানুষজন রয়েছে। তাদের অভিজ্ঞতা কী বলে? এই যে ‘স্থানীয় জনগোষ্ঠী’ বলে একটি বর্গ নির্ধারণ করা হয়েছে, সেটায় বাঙালি-মুসলিম ছাড়া অপরাপর জাতিগোষ্ঠীকে (এথনিক গ্রুপ) কি বিবেচনা করা হচ্ছে?
খবরটি যখন টেলিভিশনে দেখছিলাম, তখন অসোয়াস্তি নিয়ে খেয়াল করছিলাম, ওই সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছিলেন শুধু বাঙালি মুসলমান জাতিগোষ্ঠী পরিচয়ের নাগরিকদের। মনে পড়ে গেল, ফেব্রুয়ারি মাসে করা ছোট্ট একটি মাঠকর্মের কথা। আমস্টারডামের ফ্রি ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের বৃহত্তর একটি গবেষণার অংশ হিসেবে আমরা কয়েকজন গিয়েছিলাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে। উদ্দেশ্য, বাংলাদেশের প্রান্তিক জাতিগোষ্ঠীর নাগরিকদের সঙ্গে আলাপ করা। আমাদের প্রশ্ন ছিল, রোহিঙ্গা শরণার্থীদের আগমনে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের প্রান্তিক জাতিগোষ্ঠী পরিচয়ের মানুষজন?
মাঠকর্মের সময় প্রথমেই আমাকে যে বিষয়টি নাড়া দিয়েছিল, সেটা হলো প্রান্তিক জাতিগোষ্ঠীর মানুষদের খুঁজে পেতে গিয়ে স্থানীয় বাঙালি-মুসলিমদের কাছ থেকে যে আচরণ আমরা পেলাম। একে প্রবল জাতিগোষ্ঠীর জাত্যভিমানী আচরণ বলা যায়। যেমন ‘ওরা আছে, কিন্তু দূরে থাকে’, ‘ওরা আগে ছিল, এখন তো দেখা যায় না’, ‘ওরা সংখ্যায় খুবই কম (মানে তাদের সমস্যা অবহেলাযোগ্য)’, ‘ওরা তো বাংলা পারে না (মানে তারা নিজেদের সমস্যার কথা নিজেরা বুঝিয়ে বলতে পারে না)’ ইত্যাদি বাঙালি-শ্রেষ্ঠত্ববাদী কথার মুখোমুখি হচ্ছিলাম। এসব কিছু দিয়ে আসলে স্থানীয় বাঙালি মুসলমানেরা বাধা তৈরি করছিল, যেন স্থানীয় প্রান্তিক জাতিগোষ্ঠীর মানুষদের অভিজ্ঞতা আমাদের মতো রিপোর্টারদের কানে না পৌঁছায়।
এবার আসি প্রান্তিক জাতিগোষ্ঠী পরিচয়ের মানুষজনের সঙ্গে সরাসরি কথা বলে কী জানা গেল, সে প্রসঙ্গে। কুতুপালং শরণার্থী ক্যাম্পের কাছাকাছি বেশ কিছু তঞ্চঙ্গ্যাপাড়া রয়েছে। একটি পাড়ায় আলাপ করে জানা গেল, তঞ্চঙ্গ্যারা তাদের বাঙালি-মুসলিম প্রতিবেশীদের এই বিপদের দিনে বিশ্বাস করে না। একজনের উক্তিতে অবিশ্বাসের একটা কারণ বোঝা গেল। তিনি বললেন, ‘এ এলাকায় যত আবাদি জমি দেখছেন, সব একসময় আমাদের ছিল, সেই ব্রিটিশ আমল থেকে। বাঙালিরা সব জোর করে দখল করে নিয়েছে। আমরা মাত্র কয়েকটা পরিবার এখানে এখন কোনোমতে টিকে আছি।’ দীর্ঘদিন ধরে বিরাজমান এ রকম বাঙালি-নিপীড়নের ভেতর নতুন রোহিঙ্গা শরণার্থীদের আগমনে উদ্ভূত টালমাটাল পরিস্থিতিতে এখন তারা ভয়ার্ত যে এবার হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে হবে।
মানে বাংলাদেশে বিভিন্ন অছিলায় যখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, তখন সেই ডামাডোলের সুযোগ নিয়ে দেশের সমান হিস্যাদার কিন্তু প্রান্তিক জাতিগোষ্ঠী পরিচয়ের নাগরিকদের ওপর বাঙালি-মুসলিমদের আক্রমণের যে রেওয়াজ যুগের পর যুগ ধরে চালু রয়েছে, সেই আক্রমণের আশঙ্কাই সবাই করছে। নিরাপত্তার জন্য তারা প্রশাসনের ওপর আস্থা রাখে না, বরং একে বাঙালি-মুসলিম স্বার্থ সংরক্ষণকারী ব্যবস্থা বলে বিবেচনা করে। তঞ্চঙ্গ্যাপাড়ার লোকেরা তাই রোহিঙ্গা শরণার্থীরা আসতে শুরু করলে প্রথম মাস তিনেক রাত জেগে নিজেরা নিজেদের পাহারা দিয়েছেন, দিনের বেলা গ্রাম থেকে কেউ বের হয়নি, শিক্ষার্থীরা স্কুলে যায়নি, এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়নি।
নাফ নদীর ধারে একটি রাখাইনপাড়ার মানুষজনও একই ভয়ে ভীত। একজন বললেন, ‘বলা তো যায় না কখন কী হয়! আমরা যে সংখ্যালঘু!’ যে সংরক্ষিত বনাঞ্চলে তঞ্চঙ্গ্যাদের চাষবাস, শরণার্থীরা সেখানেই আশ্রয় নিয়েছে, দেদার আহরণ করছে খেতের বাঁশ, লাকড়ি, পান কিন্তু ভয়ে কেউ বাধা দিচ্ছে না। পাড়ার কার্বারি বললেন, ‘কিছু বললে যদি কিছু হয়। প্রশাসনে আমাদের দেখার তো কেউ নেই।’
পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের কথা দিয়ে শেষ করব। তাদের আশঙ্কা, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে ফিরে তো যাবেই না, বরং শেষ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী হবে। আশঙ্কাটি অমূলক নয়। আমরা নিজেরাই বান্দরবানে এমন একটি গ্রাম পরিদর্শন করেছি, যেখানে ১৯৯০-এর দশকে আসা কিছু রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। এদের স্থানীয়ভাবে ‘বার্মাইয়া’ ডাকা হয়। বান্দরবানে এ রকম অনেক গ্রাম আছে বলে আমাদের জানানো হয়। এই দফায় আসা নতুন রোহিঙ্গা শরণার্থীদের কেউ কেউ পুরোনোদের সঙ্গে যোগাযোগ করে পাহাড়ে প্রবেশ করছে, এ রকম আলামতও আমরা পেয়েছি। এ প্রসঙ্গে চলে আসে ১৯৮০-এর দশকে বাস্তবায়িত বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামে ভূমিহীন অ-উপজাতি স্থায়ীকরণ কর্মসূচি, যেটা পরিকল্পনার পেছনে কাজ করেছে আরেক বাঙালি জাত্যভিমানী ধারণা যে পার্বত্য চট্টগ্রামে অনেক অনাবাদি জমি পড়ে আছে।
আমার চলমান পিএইচডি গবেষণায় আমি পেয়েছি যে এই কর্মসূচির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মূলত বসানো হয়েছে ভারত-পাকিস্তান ভাগের পরবর্তী ফলস্বরূপ ১৯৫০-৬০-এর দশকে ভারতের আসাম, ত্রিপুরা থেকে বিতাড়িত বাঙালি মুসলমান শরণার্থীদের। যদিও এবার সরকার রোহিঙ্গা শরণার্থীদের পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু পাহাড়িদের আশঙ্কা তাতে কমেনি। তাদের আশঙ্কা, যেহেতু রোহিঙ্গারা দেখতে বাঙালিদের মতো, তাদের ভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মতো এবং তারা মুসলিম; অতএব, পাহাড়ের বাঙালি-মুসলিমদের সঙ্গে রোহিঙ্গাদের সংহতি খুব সহজেই তৈরি হবে এবং সেই সূত্রে তারা পাহাড়ে অভিবাসন করে পাহাড়িদের ওপর জুলুম করবে। এ আশঙ্কাও অমূলক নয়। কারণ, ‘উপজাতিরা মগ’ এই ধুয়া তুলে এরই মধ্যে বাঙালি মুসলমানেরা বেশ কয়েক স্থানে প্রান্তিক জাতিগোষ্ঠী পরিচয়ের মানুষদের ওপর আক্রমণ করেছে।
মোটকথা, বাংলাদেশে যে জাতিগত বিভেদ ও বৈষম্য বিরাজমান এবং প্রান্তিক জাতিগোষ্ঠীর ওপর যে প্রবল জাতিগোষ্ঠীর নিপীড়ন চলছে, এই সত্য বিবেচনায় না এনে রোহিঙ্গা শরণার্থীদের আগমনের ফলে বাংলাদেশের মানুষের লাভ-ক্ষতি সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। ‘স্থানীয় জনগোষ্ঠী’ বর্গটিতে দেশের সব জাতিগোষ্ঠীকে যুক্ত করাই যৌক্তিক। আর বিশেষভাবে আমাদের আমলে নেওয়া উচিত প্রান্তিকদেরই।
নাসরিন সিরাজ পিএইচডি গবেষক ও নৃবিজ্ঞানী