শরণার্থীদের আশ্রয় না দিয়ে উপায় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাঙ্গেরি সীমান্তে পুলিশের বাধা
হাঙ্গেরি সীমান্তে পুলিশের বাধা

‘মানবিকতা দেখানোর সময় এখনই’ এই বলে তিনি ইউরোপের ইতিহাস বলা শুরু করলেন। বললেন, এই ইউরোপ মহাদেশে যুদ্ধ, স্বৈরাচার আর নানা সমস্যায় প্রত্যেক ইউরোপিয়ানের ভাগ্যেই শরণার্থীর তিলক লেখা রয়েছে এবং অতীত ইতিহাসে তাঁরা সবাই শরণার্থী হয়ে ছিলেন। আর তাই এখনই সময়, যেসব শরণার্থী বিপদাপন্ন হয়ে আমাদের এখানে এসেছেন, সম্মিলিতভাবে তাঁদের সহযোগিতা প্রদান করা। ইউরোপীয় কমিশনের প্রধান জঁ ক্লোদ ইয়ুংকার এ ধরনের বক্তব্য রেখেছেন গত সপ্তাহে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে। তিনি শরণার্থীদের সদস্যদেশগুলোতে ভাগাভাগির ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছিলেন। তবে তাঁর আবেগময় ভাষণের পরও ইউরোপে শরণার্থী-সংকট নিয়ে যে অরাজকতা চলেছে, তা থেকে মুক্ত হতে পারছে না ইউরোপ।
সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা ১৪ সেপ্টেম্বর শরণার্থীদের দেশভিত্তিক বণ্টনের ব্যাপারে যে আলোচনায় বসেছিলেন, তা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশে ১ লাখ ৬০ হাজার শরণার্থী নেওয়ার যে সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন নিয়েছিল, আপাতত তা বাধার মুখে পড়েছে। মূলত পূর্ব ইউরোপের ইউনিয়নভুক্ত রোমানিয়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া, পোল্যান্ড ও উত্তরের বাল্টিক দেশসমূহের সমর্থন না পাওয়ার কারণেই এখন এই সিদ্ধান্ত বাতিল না হলেও আগামী ৮ অক্টোবর পুনরায় এই বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
তবে হাল ছাড়েননি মধ্য ইউরোপের দুই নেতা। ১৫ সেপ্টেম্বর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও অস্ট্রিয়ার চ্যান্সেলর ভের্নার ফেম্যান এক জরুরি আলোচনা শেষে শরণার্থী-বিষয়ক আগামী সপ্তাহের মধ্যে তিনটি জরুরি বিষয় নিয়ে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শীর্ষ আলোচনার প্রস্তাব করেছেন। বিষয়গুলো হলো: ১. যে দেশগুলো থেকে শরণার্থীরা আসছেন, দেশগুলোর বিরাজমান অবস্থার উন্নয়ন। ২. শরণার্থী সমস্যা নিয়ে তুরস্কের সঙ্গে আলাপ-আলোচনা এবং ৩. ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী বণ্টনের ক্ষেত্রে মধ্য অক্টোবর পর্যন্ত অপেক্ষা না করে অবিলম্বে সিদ্ধান্তের বাস্তবায়ন।
অথচ মাত্র কয়েক দিন আগে ৫ সেপ্টেম্বর থেকে ছিল অন্য এক দৃশ্যপট—জার্মানিতে ট্রেন থেকে নেমে আসছেন সিরিয়ার গৃহযুদ্ধে সব হারানো নিঃস্ব শরণার্থীরা। আর শত শত সাধারণ জার্মান নাগরিক দুই দিক সারিবদ্ধভাবে রঙিন বেলুন আর জার্মানিতে স্বাগত লেখা ফেস্টুন হাতে, হাততালি আর উল্লাস প্রকাশ করছেন। দুই সপ্তাহজুড়ে হাঙ্গেরি, অস্ট্রিয়া ও জার্মানি সীমান্তে যখন যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা শরণার্থী নিয়ে নানা নাটকীয় ঘটনা ঘটছে, তখন ফ্রান্স আর ব্রিটেনের সীমান্তে চলছিল আর এক নাটক। ২ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে প্যারিস-লন্ডন যাতায়াতকারী ইউরোস্টার ট্রেন থামিয়ে দেওয়া হয়েছে ইংলিশ চ্যানেলের তলদেশ দিয়ে যাওয়া ইউরো ট্যানেলের ঠিক দেড় কিলোমিটার দূরে, ক্যালেতে। ট্রেনের যাত্রীদের সতর্ক করে সবাইকে নীরব থাকার অনুরোধ জানানো হচ্ছে, ট্রেনের ছাদে কোনো অবৈধ অভিবাসী উঠছেন কি না, তা খেয়াল করতে আর আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে সার্চলাইট ফেলা হচ্ছে ট্রেনের ছাদ বরাবর, কোনো অবৈধ অভিবাসী লুকিয়ে আছে কি না, তা দেখতে।
ইউরোপীয় কমিশনের প্রধান জঁ ক্লোদ ইয়ুংকার যখন মানবিকতা আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছেন, তখন কয়েক মাস থেকেই ইউরোপে আগত লাখ লাখ শরণার্থীকে নিয়ে নানা রকম অনৈতিক আলোচনা ও নোংরা রাজনীতি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির ডানপন্থী রক্ষণশীল দলের প্রধান ভিক্টর উরবান প্রথম থেকেই শরণার্থীদের ইস্যু করে নিজের দেশের জনগণের কাছে জনপ্রিয় হওয়ার লক্ষ্যে বা আগামী পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের আশায় নানা ফন্দি-ফিকির করছেন। প্রায় একই কাজ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নিজের দেশে জনপ্রিয়তা ধরে রাখতে একের পর এক অভিবাসীসংক্রান্ত কঠোর আইন করছেন আর অভিবাসী আসা বন্ধ করতে হেলিকপ্টার থেকে লন্ডনগামী ইউরোস্টার ট্রেনে সার্চলাইট জ্বালিয়ে মশা মারতে কামান দাগছেন। ঔপনিবেশিক আমলে পৃথিবীজুড়ে যাঁদের সাম্রাজে সূর্য অস্ত যেত না, সেই ব্রিটিশরাজ এখন বিপদাপন্ন যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি খড়্গহস্ত হয়েছেন।
৩০ আগস্ট, লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রখ্যাত সাংবাদিক ইউল হুটন লিখেছেন, আমাদের সবাইকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের কাছে মানবিকতার শিক্ষা নিতে হবে। অভিবাসীদের প্রতি ব্রিটিশ সরকারের এহেন আচরণ লজ্জাজনক ও জার্মানির তুলনায় এ বছর আমাদের এখানে আসা অভিবাসীর সংখ্যা অতি নগণ্য বলে তিনি উল্লেখ করেছেন। উল্লেখ্য, এই বছর এ পর্যন্ত যুক্তরাজ্যে ১০ হাজারের কম শরণার্থী প্রবেশ করতে পেরেছে। সে ক্ষেত্রে গত সপ্তাহের হিসাব অনুযায়ী জার্মানিতে পাঁচ লাখের অধিক শরণার্থী প্রবেশ করেছে।
গত দুই সপ্তাহ থেকে সার্বিয়া হাঙ্গেরি হয়ে অস্ট্রিয়া তারপর জার্মান বা সুইডেনে যাওয়ার যে মুক্ত সীমান্ত পথ শরণার্থীরা পেয়েছিল, একে একে তা বন্ধ করে দেওয়া হলে শরণার্থীদের স্রোত এখন বহমান হচ্ছে ক্রোয়েশিয়ার দিকে। সার্বিয়া হাঙ্গেরি সীমান্তে আটকে পড়া ১৭ হাজার শরণার্থী জোর করে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টায় রয়েছে। হাঙ্গেরির সীমান্তরক্ষীরা কাঁদানে গ্যাসের শেল ও জলকামান দিয়ে তা রোধ করেছেন। আর আসন্ন শীতে হাজার হাজার শরণার্থী এই মুহূর্তে মানবেতরভাবে মন্টেনিগ্রো, সার্বিয়া, হাঙ্গেরি ও ক্রোয়েশিয়ার সীমান্তের পথে পথে ঘুরছে।
কোনো কুটিল বা ক্ষমতায় থাকা না-থাকার রাজনীতি না করে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও অস্ট্রিয়ান চ্যান্সেলর ভের্নার ফেম্যান শরণার্থীদের মানবিক বিষয়গুলো যেভাবে স্বদেশের জনগণের কাছে তুলে ধরছেন, অন্য ইউরোপীয় রাজনীতিকেরা অনেকেই তা করছেন না, পাছে জনগণের কাছে অপ্রিয় হয়ে পড়েন।
যদিও ইউরোপের ক্ষমতাসীন নেতারা কেউ প্রকাশ্য যুদ্ধপীড়িত আফগানিস্তান, ইরাক, লিবিয়া বা সিরিয়ার আজকের ঘটনার পেছনে তাদের দায়ভার নিয়ে কিছু বলছেন না, তারপরও সদ্য নির্বাচিত ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরমি করবিন ২০০৪ সালে ইরাকের বিরুদ্ধে অনৈতিক যুদ্ধের কারণে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিচার দাবি করছেন আর জার্মান পার্লামেন্টে বিরোধী বাম দলের নেতা গ্রিহর্গ গিজি ইউরোপীয় দেশগুলোকে দাঙ্গাপীড়িত ওই সব দেশে যুদ্ধের জন্য ইউরোপীয়দের দায়ী করেছেন।
এই মুহূর্তে ইউরোপে অবস্থানরত শরণার্থীদের নিয়ে যত রাজনীতিই হোক, তারপরও এই বিপদাপন্ন শরণার্থীদের আশ্রয় না দেওয়া ছাড়া ইউরোপের আর কোনো বিকল্প সমাধান নেই।
সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।
[email protected]