শরতের শুভ্রতায় মোড়ানো শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরতে হাতিরঝিল সুন্দর হয়ে উঠেছে ঝিলের পানিতে মেঘের ছায়ায়
শরতে হাতিরঝিল সুন্দর হয়ে উঠেছে ঝিলের পানিতে মেঘের ছায়ায়

আমাদের ভাবনায় শরতের অনুভব অনেকটা এমন—আষাঢ়-শ্রাবণের অঝোর বর্ষণ শেষে কোনো একদিন মেঘাচ্ছন্ন সকালগুলো ধীরে ধীরে হয়ে ওঠে নিটোল, পরিপাটি। পাতার ফাঁক গলে যখন প্রথম আলোর কণাগুলো মাটিতে নামে, তখন মৃত্তিকার বুকে কী অদ্ভুত এক শিহরণ!
সকাল-দুপুর আর অলৌকিক সন্ধ্যার পর ভরা পূর্ণিমায় ঢাকের শব্দ ভেসে আসে দূর গ্রাম থেকে। নির্জন মাঠে নিঃশব্দে বেড়ে ওঠে নিকট ভবিষ্যতের আমন। নিশুতি রাত একটু গড়ালে নস্টালজিক ঢাকের শব্দ আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন শাপলা-শালুকেরা পৃথিবীর মোহমায়ায় দু-একটি পাপড়ির ভাঁজ খোলে। উদাস দুপুরেও খালের টলটলে জল একেবারেই স্থির, নিশ্চুপ। এই নিস্তব্ধতা যেন কাশ-শিউলির কোমল পাপড়িকে স্বাগত জানাতে। এভাবেই শারদীয় দিন আসে, আসে শরৎ, শুভ্রতার প্রতীক হয়ে। শরতের আকাশ কখনো ধোয়ামোছা, পরিচ্ছন্ন হয় না। তার নীলচে বুকছেঁড়া মেঘের আবরণে ঢেকে রাখতে চায়। ছেঁড়াখোঁড়া মেঘগুলো যেন একেকটি নাটাই-সুতাহীন ঘুড়ি, সারা দিন স্বাধীনভাবে উড়ে বেড়ায় আকাশময়। ধীরে ধীরে বর্ষার সেই উত্তাল ঢেউয়ের ভয়াবহ নদীটাও একসময় শান্ত হয়ে আসে।
বর্ষার-বর্ষণমুখর অনুজ্জ্বল দিনের পর শরতের মেঘের মতো আমাদের মনও যেন হালকা হয়ে আসে। শরতের দিনগুলোকে স্বপ্নের মতোই মনে হয়। চারপাশে ছড়িয়ে থাকে অনেক স্বপ্ন। আমরা সেসব স্বপ্ন কুড়িয়ে নিয়ে ভাবতে বসি কত কিছু! শরতের আকাশ, শরতের নদী, শরতের ফুল—সবকিছুই কেমন শান্ত-মায়াময়। শরতের এই শুভ্র রূপ পবিত্রতার প্রতীক। বিলের শাপলা, নদীতীরের কাশফুল, আঙিনার শিউলি—সবই কোমল, পবিত্র। যখন শিশিরের শব্দের মতো টুপটাপ শিউলি ঝরে, তখন অনুভবে শরৎ আসে। কাশবনে দল বেঁধে আসে চড়ুই পাখিরা। শান্ত নদীতে দুকূল ছাপানো ঢেউয়ের বদলে দৃশ্যমান হয় কাশবনের ছোট ছোট রুপালি ঢেউ।
শরতের স্নিগ্ধতাকে আরও মোহময় করে এ মৌসুমের বিচিত্র ফুলেরা। নদী কিংবা জলার ধারে ফোটে কাশ-কুশ, ঘরের আঙিনায় ফোটে শিউলি বা শেফালি, খাল-বিল-পুকুর-ডোবায় থাকে অসংখ্য জলজ ফুল। শেষরাতে মৃদু কুয়াশায় ঢেকে থাকা মায়াবী ফুলেরা যেন আরও রূপসী হয়ে ওঠে। শিশিরভেজা শিউলি, বাতাসে মৃদু দোল খাওয়া কাশবনের মঞ্জরি, পদ্ম-শাপলা-শালুকে আচ্ছন্ন জলাভূমি শরতের চিরকালীন রূপ। সত্যিই বিচিত্র রূপ নিয়ে শরৎ আমাদের চেতনায় ধরা দেয়।
শরৎ মানেই শিউলির মধুগন্ধ ভেসে বেড়ানোর দিন। শিউলির আরেক নাম শেফালি। শিউলি বা শেফালি যা-ই বলি না কেন, চমৎকার এ ফুল নিয়ে দুটি গ্রিক ও ভারতীয় উপকথা আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসে শিউলির বিশাল বন ও তার তীব্র ঘ্রাণের কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ—সবাই বারবার শিউলির প্রশংসা করেছেন। ফুলকলিরা মুখ তোলে সন্ধ্যায়। সূর্যের সঙ্গে এদের আড়ি, নিশিভোরেই ঝরে পড়ে মাটিতে। বোঁটার হলুদ রং টিকে থাকে বহুদিন। কাশ শরতের অনন্য ফুল। আবহমান বাংলার চিরায়ত ফুল। শরতে কাশবনের স্নিগ্ধ শোভা প্রকৃতিকে প্রাণবন্ত রাখে। কাশবনের অপার সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে কোনো নদী কিংবা জলার ধারে। সেখানে বেশ নিশ্চিন্তেই ফোটে শুভ্র কাশ। তবে এখন আর আগের মতো কাশবন দেখা যায় না। প্রয়োজনের তাগিদে মানুষ তাদের হটিয়ে নিজেদের বেঁচে থাকার কথাই ভাবছে।
সাদা মেঘের ভেলার সঙ্গে কাশফুলের সাদা ঢেউ শরতের প্রধান বৈশিষ্ট্য। প্রাচীনকাল থেকেই বাংলার আনাচকানাচে কাশফুলের অপরূপ শোভা চোখে পড়ে। শ্রাবণ শেষে সাদা সাদা তুলোর মতো মেঘে ছেয়ে যায় আকাশ, মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে সেই মেঘ আরও হালকা হয়, আরও সাদা হয়। সে মেঘের ছায়া পড়ে নদীর ধারে, কাশবনে। মেঘ, আকাশ আর কাশফুলের ছায়া পড়ে নদীর নীলজলে। এমন মনোলোভা চিত্র কি আর সব সময় দেখা যায়?
শরৎ উৎসবের ঋতু। শারদ-পূজার প্রধান উপকরণ পদ্ম ফোটে শরতে। অনেকেই শাপলা আর পদ্মকে একই ফুল মনে করেন। আসলে তা নয়। পদ্মপাতা পানি থেকে কিছুটা উঁচুতে থাকে। ফুলের গড়নও অনেকটা শাপলার মতোই। আমাদের দেশে স্বর্ণকমল (রক্তপদ্ম) আর শ্বেতপদ্ম নামে দুই রঙের পদ্মই বেশি দেখা যায়। কোথাও কোথাও বড় আকারের শতদল পদ্মও আছে।
কিন্তু নিষ্প্রাণ এই নগরজীবনে শরতের স্নিগ্ধতা অনেকটাই অধরা। তার সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। নগরে কোথায় পাব কাশবন-শিউলিতলা! এমনকি স্থলপদ্ম বা বকফুলের কোনো বীথিও এখানে শুধুই কল্পনা। তবে অসম্ভব নয়। আমরা যদি ছয় ঋতুর জন্য ছয়টি বিভাগীয় শহর বেছে নিই, তাহলে খুব সহজেই এমন একটি স্বপ্নের বাস্তবায়ন সম্ভব। সব ঋতুর মিশেলে ঢাকা হতে পারে ছয় ঋতুর শহর। একইভাবে খুলনা হতে পারে শরতের শুভ্রতায় মোড়ানো শহর। ভৌগোলিকভাবেও খুলনার অবস্থান সুবিধাজনক। ছোট-বড় মিলিয়ে খুলনা জেলায় প্রায় ২০টি নদীর প্রবাহ রয়েছে। বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সে.। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৭১০ মি.মি.।
শরতের পুষ্পতালিকা ততটা দীর্ঘ নয়। যা কিছু আছে, সেগুলোর প্রাধান্য দিয়েই গড়তে হবে নান্দনিক প্রকৃতি। শহরের প্রধান সড়কগুলোয় কাশ-শিউলি ও পদ্ম লাগানো যেতে পারে। পদ্মের জন্য আলাদা করে চাড়ি বা চৌবাচ্চাও তৈরি করে নেওয়া যেতে পারে। তা ছাড়া, শহরের নির্দিষ্ট দু-একটি পুকুরেও এককভাবে পদ্ম থাকতে পারে। এ ক্ষেত্রে বিপন্ন সাদা পদ্মের প্রাধান্য থাকতে পারে। নির্দিষ্ট কোনো পথে আর্চের ওপর থাকতে পারে সাদা ও গোলাপি রঙের অনন্তলতা।
তবে এসব আয়োজনের পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করার জন্য নিবিড় পরিচর্যা প্রয়োজন। আবার শহর লাগোয়া কোনো একটি বিল বা নদীর তীর নির্বাচন করা যেতে পারে। তাতে নিকটবর্তী দূরত্বে কাশ এবং অপেক্ষাকৃত উঁচু স্থানে শিউলি থাকতে পারে। বর্ষার কিছু কিছু ফুলের রেশ শরতেও থাকে, যেমন বিলেতি জারুল। খুঁজে নিয়ে সেগুলোও শরতের শহরে নিয়ে আসা যায়। পার্ক ও উন্মুক্ত স্থানে দুপুরমণি এবং স্থলপদ্ম থাকলে আরও ভালো লাগবে।
শরতের স্তব্ধতা দূর গ্রামের দিগন্তরেখার নিচে ঘনায়মান সন্ধ্যার মতোই শান্ত ও মধুর। এমন মধুর একটি ঋতু শুধু ভাবনায় নয়, বাস্তবেও নির্মাণ করা সম্ভব। প্রয়োজন শুধু উদ্যোগ, আন্তরিকতা ও সদিচ্ছা।
মোকারম হোসেন: প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক। সাধারণ সম্পাদক: তরুপল্লব।
[email protected]