রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে তিনজন শিক্ষক শহীদ হয়েছেন। ১৪ এপ্রিল ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মীর আবদুল কাইয়ুমকে হত্যা করে ২৫ নভেম্বর। স্বাধীনতার পর শত শহীদের সঙ্গে মীর আবদুল কাইয়ুমের লাশ পাওয়া যায় পদ্মার চরে। মীর আবদুল কাইয়ুমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। স্বাধীনতার পরও এই কর্মচারীর চাকরি বহাল ছিল। বিশ্ববিদ্যালয় থেকে পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা তিনি ভোগ করে গেছেন। যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানের সামরিক সরকার বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা করে। এই পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবিবুর রহমান, সুখরঞ্জন সমদ্দার ও মীর আবদুল কাইয়ুমকে হত্যা করা হয়। ১৯৬৯ সালে প্রক্টর হিসেবে কর্তব্য পালনরত অবস্থায় ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে ড. শামসুজ্জোহাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই চার শহীদ শিক্ষকের মধ্যে শহীদ শামসুজ্জোহা ও শহীদ হবিবুর রহমানের নামে একটি করে হল রয়েছে। শহীদ মীর আবদুল কাইয়ুমের নামে এ বছরের শুরুতে পোস্ট গ্র্যাজুয়েট ডরমেটরির নামকরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধে শ্রেষ্ঠ সন্তান শহীদ মীর আবদুল কাইয়ুমের নামে কিছু করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ৪০ বছর অপেক্ষা করতে হয়েছে। শহীদ সুখরঞ্জন সমাদ্দারের নামে এখনো কিছু করা হয়নি। সুখরঞ্জন সমাদ্দারের সমাধি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। কেন্দ্রীয় লাইব্রেরিটির নামকরণ সুখরঞ্জন সমাদ্দারের নামে না করা হলেও লাইব্রেরির একটি পাঠকক্ষের নাম শহীদের নামে করতে আমাদের আর কত দিন অপেক্ষা করতে হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ ফেব্রুয়ারি শিক্ষক দিবস (শহীদ শামসুজ্জোহা দিবস) পালন করা হয়। ১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা হলে শহীদ শামসুজ্জোহাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। শহীদ শামসুজ্জোহা মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক। শহীদ হবিবুর রহমান, মীর আবদুল কাইয়ুম ও সুখরঞ্জন সমাদ্দারের জন্ম-মৃত্যুদিবস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পালন করা হয় না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকসমাজ ক্ষমতায় থাকার সময়ও এই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। শহীদ ড. শামসুজ্জোহা ও শহীদ হবিবুর রহমানের নামে একটি করে হল থাকায় তরুণ প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীরা এই দুই শহীদ সম্পর্কে কিছু জানেন। বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর কয়েকজন ছাত্রকে মীর আবদুল কাইয়ুম ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। জাতির এই সন্তান সম্পর্কে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম কিছুই বলতে পারেনি। আমার এক সহকর্মীকে সুখরঞ্জন সমাদ্দার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, সুখরঞ্জন সমাদ্দারের সমাধি রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। এর বেশি কিছু তরুণ প্রজন্মের সহকর্মীটি জানাতে পারেননি।শহীদ শামসুজ্জোহার সমাধি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে। শহীদ হবিবুর রহমানের লাশ পাওয়া যায়নি। শহীদ সুখরঞ্জন সমাদ্দারকে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায়। শহীদ মীর আবদুল কাইয়ুমের সমাধি রয়েছে রাজশাহী শহরের কাদিরগঞ্জ কবরস্থানে। পারিবারিক তত্ত্বাবধানে শহীদ মীর আবদুল কাইয়ুমের কবরটি সংরক্ষণ করা হয়। মীর আবদুল কাইয়ুম মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে মীর আবদুল কাইয়ুমকে স্মরণের কোনো ব্যবস্থা নেই। শহীদ মীর আবদুল কাইয়ুমের কবরটি কাদিরগঞ্জ কবরস্থান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করা প্রয়োজন। সুখরঞ্জন সমাদ্দার ভাষা বিভাগের শিক্ষক ছিলেন। ভাষা বিভাগের চেয়ারম্যানকে সুখরঞ্জন সমাদ্দার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনিও কিছু বলতে পারেননি। ভাষা বিভাগের অন্য এক শিক্ষক জানালেন, তিনি অনেক দিন আগে আমাদের বিভাগের শিক্ষক ছিলেন। ভাষা বিভাগ থেকে সুখরঞ্জন সমাদ্দারের সমাধির দূরত্ব ২০ গজেরও কম হবে। সুখরঞ্জন সমাদ্দারের বিভাগের ছাত্র-শিক্ষক এই মহান শহীদের নাম ভুলে গেছেন। মনোবিজ্ঞান বিভাগের একজন সহকর্মীকে শহীদ মীর আবদুল কাইয়ুম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘আমাদের সেমিনার লাইব্রেরিটি শহীদ মীর আবদুল কাইয়ুমের নামে।’ এর বেশি কিছু তিনি জানেন না। শহীদ সুখরঞ্জন সমাদ্দারের নামে তাও নেই।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শহীদের সমাধি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলে তরুণ প্রজন্ম জাতির এই মহান সন্তানদের সম্মান করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাঁদের জ্ঞান কিছুটা হলেও বাড়বে। শহীদ শামসুজ্জোহা ও সুখরঞ্জন সমাদ্দারের সমাধি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। এখন শুধু স্থানান্তরের প্রয়োজন মীর আবদুল কাইয়ুমের কবরটি। শহীদ হবিবুর রহমানের প্রতীকী কবর দিয়ে, চার শহীদকে একত্রে স্থান দিয়ে শহীদ চত্বর নামে বিশ্ববিদ্যালয়ে কিছু করা হলে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সত্যিকারের সম্মান দেখানো হবে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে উজ্জীবিত করা বর্তমান প্রশাসনের অন্যতম অঙ্গীকার। এই চেতনা শুধু বক্তব্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়।আনিসুজ্জামান মানিক [email protected]