শহীদজননী ও বিস্মৃতির বিরুদ্ধে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা ইমাম
জাহানারা ইমাম

স্টিভেন স্পিলবার্গের শিন্ডলার্স লিস্ট চলচ্চিত্রটি দেখার পর আমার প্রথমেই মনে পড়েছিল জাহানারা ইমামের কথা। শহীদজননী তখনো বেঁচে, একাত্তরের ঘাতক-দালালদের বিচারে দেশজুড়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। চলচ্চিত্রটি শিন্ডলার্স নামের একজন জার্মান ব্যবসায়ীকে নিয়ে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় পোল্যান্ড যখন নাৎসি বাহিনীর নিয়ন্ত্রণে, তিনি সে সময় কয়েক শ ইহুদিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। এই কাহিনি নিয়ে চলচ্চিত্র। কিন্তু এর নির্মাণের উদ্দেশ্য ছিল ভিন্ন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিল। সেই ঘটনা যাতে না ভুলে যাই, সেই উদ্দেশ্যে ইহুদিরা প্রতিদিন নানাভাবে আমাদের তা মনে করিয়ে দিয়েছে। চলচ্চিত্রে, নাটকে, গল্প-উপন্যাসে, স্মৃতিকথায়, সম্ভাব্য সব মাধ্যমে তারা এ কাজ করেছে। আর কখনো যাতে না ঘটে সেই নির্মম জাতি হত্যা, সে জন্যই দরকার প্রতিটি খুনিকে চিহ্নিত করা, প্রতিটি নিহত মানুষের আত্মত্যাগ স্মরণ করা। সে কারণেই শিন্ডলার্স লিস্ট ইহুদি জাতি হত্যা বা হলোকস্টের বিরুদ্ধে সেরা একটি চলচ্চিত্র।
বাংলাদেশে একাত্তরে ঘটেছিল একই রকম এক গণহত্যা। অনেকে যখন সে ঘটনা ভুলতে বসেছে, জাহানারা ইমাম নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বিস্মৃতিপ্রবণ বাঙালিকে জাগিয়ে তোলার দায়িত্ব। তিনি ছিলেন আমাদের স্টিভেন স্পিলবার্গ। মুক্তিযুদ্ধে নিজের ছেলেকে তিনি হারিয়েছিলেন, ফলে সেই ঘাতকদের বিরুদ্ধে তাঁর নিজস্ব একধরনের বোঝাপড়া ছিল। কিন্তু এর চেয়েও বেশি ছিল মানুষকে জাগানো, তাদের এ কথা বোঝানো যে একাত্তরের সেই নির্মম অধ্যায় যদি আমরা ভুলে যাই, আবারও ঘটবে সেই খাণ্ডবদাহন। নব্বইয়ের দশকের প্রথম ছয়টি বছর—১৯৯৪ সালে ক্যানসারে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত—তিনি সারা দেশ চষে বেড়িয়েছেন। সমর্থন ও সাহায্যের আশায় ছুটে এসেছেন সুদূর আমেরিকায়। যেখানে যতটুকু সাহায্য-সমর্থন পাওয়া যায়, আঁচলভরে গ্রহণ করেছেন। অথচ এই শহীদজননী সিদ্ধান্ত নিয়েছিলেন, দেশের মাটিতে নয়, বিদেশে—আমেরিকায়—তাঁর কবর হবে। কী গভীর অবমাননায় আহত হয়ে তাঁকে সেই সিদ্ধান্ত নিতে হয়েছিল, তার কাহিনি প্রথমবারের মতো জানা গেল যুক্তরাষ্ট্রপ্রবাসী মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর স্মৃতিকথা আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি গ্রন্থে। সম্প্রতি নিউইয়র্কে এই গ্রন্থের ওপর এক আলোচনা অনুষ্ঠানে আমার অংশ নেওয়ার সুযোগ হয়েছিল।
জাহানারা ইমাম কে ছিলেন, লেখক নিজেই তাঁর চমৎকার এক বিবরণ দিয়েছেন। না, তিনি কোনো ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তাঁর কোনো সেনাবাহিনী ছিল না, পুলিশ বাহিনী ছিল না, এমনকি তিনি কোনো দলের নেতাও ছিলেন না। কোনো সরকারি পদে আসীন ছিলেন না। তবু লাখ লাখ মানুষ তাঁকে অনুসরণ করত, কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলেন, তাদের বিচারের দাবিতে গণ-আদালত গঠন করেছিলেন। এক কথায়, ‘জাহানারা ইমাম ছিলেন এক মুকুটহীন সম্রাজ্ঞী।’
যাঁকে লেখক বাংলাদেশের মুকুটহীন সম্রাজ্ঞী নামে অভিহিত করেছেন, মৃত্যুর দ্বারপ্রান্তে এসে নিজের ছোট ছেলে জামি ও ড. নবীকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছিলেন অন্য কোথাও নয়, আমেরিকাতেই যেন তাঁর কবর হয়। কিন্তু কেন?
ড. নবী জানিয়েছেন, ঘাতক-দালাল নির্মূল আন্দোলনের একপর্যায়ে ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন জাহানারা ইমাম। ঢাকায় যখন গণ-আদালতে গোলাম আযমসহ আটজনের ফাঁসির সিদ্ধান্ত গৃহীত হয়, তখনই আন্দোলনের ভেতরে ভাঙনের আভাস মিলেছিল। দ্বিতীয় পর্যায়ে যখন আরও আটজনের ফাঁসির সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তখন আন্দোলনের সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় একাধিক নেতা তাঁর কাছে এসে দাবি তুলেছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আরও দু-একজনের নাম সেই তালিকায় রাখা যাবে না। প্রথমে অনুরোধ, পরে মিটিংয়ে সে বিষয় নিয়ে তাঁকে অপমান করা হলো।
চট্টগ্রামের ত্রাস, একাত্তরে যাঁর নির্দেশে একাধিক মানুষকে হত্যা করা হয়, তাঁকে কেন এই তালিকা থেকে বাদ দেওয়া হবে? ড. নবী স্মরণ করেছেন, মিশিগানে হাসপাতালে জাহানারা ইমাম যখন মৃত্যুর সঙ্গে তাঁর শেষ লড়াই চালাচ্ছেন, তখন ঘনিষ্ঠ সহকর্মীদের কাছ থেকে এমন অদ্ভুত আবদার শুনে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। ‘আমরা সঙ্গে একাত্ম হয়ে গণ-আদালতে গোলাম আযমের বিচার করলাম, তাদের কেন এ পরিবর্তন হলো যে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এত চাপ প্রয়োগ করা হচ্ছে? ঘৃণায়, রাগে আমার বমি আসছিল। অনেকেই ফোন করেছিল, এমনকি মধ্যরাতে বাসায় হানা দিচ্ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য।’
জাহানারা ইমাম ড. নবীকে আরও বলেছিলেন, ‘আমার মরদেহ তোমরা ঢাকায় পাঠাবে, আর এসব দুমুখো নেতা বিমানবন্দরে, জানাজায় আমার লাশ বহন করবে আর কাঁদবে। দেখাবে যে তারা আমাকে কত ভালোবাসে। টেলিভিশনে ও পত্রিকায় ছবি উঠবে, আর বাহবা কুড়াবে। তুমি আমাকে কথা দাও, আমার মরদেহ যেভাবেই পারো এখানে কবর দেবে।’
না, শেষ পর্যন্ত শহীদজননীর কবর ঢাকাতেই হয়েছিল। মৃত্যুর আগমুহূর্তে লাশ দেশে নিয়ে যাওয়ার অনুমতি কিছুটা জোর করেই তাঁর কাছ থেকে আদায় করে নিয়েছিলেন ড. নবী ও তাঁর প্রবাসী সহকর্মীরা। ১৯৯৪ সালের ২৬ জুন জাহানারা ইমাম মিশিগানে শেষনিশ্বাস ত্যাগ করেন। দুই দিন পর ঢাকায় তাঁর লাশ সমাধিস্থ হয়।
এর প্রায় সাড়ে ২১ বছর পর, ২০১৫ সালের ২২ নভেম্বর ফাঁসি হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর।

২.
জাহানারা ইমাম বেঁচে থাকলে হয়তো খুশি হতেন, যে ঘাতক-দালালদের বিচারের দাবিতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করেছিলেন, তা বৃথা যায়নি। কিন্তু শুধু কয়েকজন ঘাতককে বিচারের কাঠগড়ায় অথবা ফাঁসির দড়িতে ঝোলানো তাঁর আন্দোলনের একমাত্র উদ্দেশ্য ছিল না। তাঁর আন্দোলনের আসল জোর ছিল এর নৈতিক চরিত্র। তিনি চেয়েছিলেন একাত্তরের ঘাতকদের বিচার। কারণ এক ভয়াবহ অন্যায়কে বাংলাদেশের মানুষ কার্যত বিনা প্রতিবাদে মেনে নিয়েছিল। শুধু তা-ই নয়, সেই সময়ের ঘাতকদের আমরা নির্বিকার চিত্তে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে সমাসীন হতে দেখেছি। এই ভয়াবহ অন্যায় তিনি মেনে নিতে পারেননি।
একাত্তরের ঘাতকেরা ভোল পাল্টে যে বেশ চমৎকার জমিয়ে বসতে পেরেছিল, তার কারণ আমাদের মনের দরজায় দুঘা লাগিয়ে কেউ বুঝিয়ে বলেনি কী অন্যায় ও নীতিহীনতাকে আমরা প্রশ্রয় দিয়েছি। কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়নি, ঘাতক যখন ক্ষমতার শীর্ষে, তার পাপের কালো ছায়া প্রতিবাদহীন দেশের মানুষকেও গ্রাস করে। তারা যদি পাপী হয়, তো আমরা তার নীরব সমর্থক। জাহানারা খালা আমাদের মরচে ধরা, প্রায় বন্ধ বিবেকের দরজার কপাট ধরে জোরে ঝাঁকুনি দিয়েছিলেন। এর ফলে হঠাৎ সেই দরজা খুলে একঝলক দমকা হাওয়া আমাদের ভিজিয়ে গেল। তাঁর মৃত্যুর পর এক যুগ কেটে যাবে, সেদিনের কিশোর যুবক হবে। তার হাতেই রচিত হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের নতুন কাহিনি।
একাত্তরের যুদ্ধ হয়তো শেষ হয়েছে, জাহানারা খালার লড়াই কিন্তু এখনো শেষ হয়নি। এ লড়াইয়ের একটা বড় অংশ বিস্মৃতির বিরুদ্ধে। ড. নূরুন নবীর বই আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি সেই লড়াইয়েরই এক অবিচ্ছেদ্য অংশ।

নিউইয়র্ক
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।