‘শহরগুলো নারীদের জন্য নিরাপদ নয়’ শিরোনামে প্রথম আলোর গত ২৮ অক্টোবরের প্রধান সংবাদটি মন খারাপ করার মতোই।
আজকাল এক স্লোগানে বলা হচ্ছে, ‘ডোন্ট আস্ক ইয়োর ডটারস নট টু গো আউট, আস্ক ইয়োর সান টু বিহেভ’। আগেকার দিনের অভিভাবকেরা মেয়েদের হাইস্কুলে বা কলেজে ভর্তি করিয়ে উপদেশ দিতেন, ‘মাটির দিকে তাকিয়ে হাঁটবে, কেউ আপত্তিকর কিছু বললে মুখ বুজে চলে আসবে, বাড়ি আর স্কুল, স্কুল আর বাড়ি ছাড়া ডানে-বাঁয়ে কোথাও থামবে না।’
কিন্তু কোনো হাইস্কুল বা কলেজপড়ুয়া ছেলের প্রতি কি অভিভাবকেরা এমন উপদেশ বর্ষণ করেছেন? করবেনই বা কেন? মেয়ে আর ছেলে কি সমান? ছেলেরা যা পারে, মেয়েদের কি তা করা সাজে? কিন্তু কজন অভিভাবক তাঁদের উঠতি বয়সের ছেলেদের বলে দেন যে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করবে, কখনো বিরক্ত করবে না বা মেয়েদের কোনো সমস্যায় এগিয়ে গিয়ে সাহায্য করবে? খুব কম।
এর আগেও প্রথম আলোয় শিশু মনস্তত্ত্ব নিয়ে একটা লেখায় উল্লেখ করেছিলাম, প্রতিটি পরিবারেই কোনো না কোনো সময় নতুন শিশুর আগমন ঘটে। শিশুরা কাদার দলা। আমরা যেমন খুশি তেমন করে গড়তে পারি। তবে বারো বছরের পরে নাকি ওদের কোমর শক্ত হয়ে যায়। আর ভেঙে গড়া সম্ভব হয়ে ওঠে না। তাই যা কিছু করার বারোর আগেই করতে হবে। মা-বাবার সম্পর্ক, ছেলেমেয়ের পার্থক্য, নারী-পুরুষের বৈষম্য, আপন-পর ভাবনা, ঊর্ধ্বতন-অধস্তনের ধারণা, সাদা-কালোর ভালো-মন্দ, গরিব-ধনীর ব্যবধান, আরাম-আয়েশের ধারণা, খাবারদাবারের অভ্যস্ততা, শিল্প-সংস্কৃতির পাঠদান ইত্যাদি বিষয়ে শিশুর সামনে যে ধরনের আচরণ করা হবে বা শিশুকে যা শেখানো হবে, শিশু সে মানসিকতাতেই বেড়ে উঠবে। পরিবেশের প্রভাব কেউ এড়াতে পারে না। আর পরিবেশ বলতে শিশু তার পরিবারকেই বোঝে। মেয়েদের সম্মান করার পাঠও ছেলেকে পরিবার থেকেই দিতে হবে। যে পরিবারে যত বেশি সুবন্ধন, সে পরিবারের সন্তানেরা তত সুশীল।
প্রথম আলোয় প্রকাশিত ‘স্বাস্থ্যবটিকা’য় মাইকেল এ পেট্টি এমডি বলেন, ‘যে কিশোরেরা সপ্তাহে অন্তত পাঁচবার পরিবারের সঙ্গে একত্রে খাবার খায়, তাদের এ বা বি গ্রেড পাওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ বেশি। তাদের অ্যালকোহল পান করার আশঙ্কা ৪০ শতাংশ এবং ধূমপানের আশঙ্কা ৫৯ শতাংশ কম। গাঁজা সেবনের আশঙ্কা ৬৬ শতাংশ কম। তাদের বিষাদগ্রস্ত হওয়ার আশঙ্কাও সাধারণত কম।’ পারিবারিক বন্ধন থেকে যেখানে এত কিছু অর্জন সম্ভব, সেখানে বখাটে হওয়ার প্রবণতা রোধ করাও যে সম্ভব, তা বলাই বাহুল্য।
এ তো গেল শিক্ষিত পরিবারের ছেলেদের কথা। কিন্তু যাঁরা ততটা শিক্ষিত নন, যেমন পোশাক বা অন্যান্য শিল্পকারখানায় কাজ করা পুরুষেরা, যাঁরা নারীদের যৌন হয়রানি করেন, তাঁদের ভেতর সচেতনতা সৃষ্টি করা কি সম্ভব? এক শিল্পকারখানায় কাজ করা একজন পদস্থ নারী কর্মকর্তা বলছিলেন, তাঁদের কারখানায় আচরণবিধি প্রণীত হয়েছে। কোনো নারী শ্রমিক যদি হয়রানির শিকার হন, তবে তিনি লিখিত অভিযোগ করলে অসৎ আচরণকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলছিলেন, প্রতিটি শিল্পকারখানায় একজন করে নারী সমাজকল্যাণ কর্মকর্তার পদ থাকা উচিত।
কারণ, নারী শ্রমিকেরা একজন নারীর কাছে যতটা সহজভাবে হয়রানির বিশদ বর্ণনা করতে পারবেন, একজন পুরুষের কাছে ততটা নন। এতে করে প্রতিটি কর্মক্ষেত্রে যখন আচরণবিধি মেনে চলার প্রশিক্ষণ দেওয়া হবে, তখন কেবল কর্মক্ষেত্রেই নয়, রাস্তাঘাটে যাতায়াতের সময়ও অন্তত শিল্পকারখানার পুরুষ শ্রমিকদের যৌন হুমকি থেকে নারীরা নিরাপদে থাকার সুবিধা পাবেন। পাবলিক যানবাহন, বিপণিবিতান, মেলা ও পার্কেও নারীরা বেশি হয়রানির শিকার হন। জনবহুল পরিবেশকে উত্ত্যক্তকারীরা স্পর্শমূলক হয়রানির বাসনা চরিতার্থের অভয়ারণ্য মনে করে। অসীম সাহসী ছাড়া ঘুরে দাঁড়িয়ে তা মোকাবিলা করার মতো নারী খুব কমই আছে। জাতীয় বইমেলার ফটক যখন সংকীর্ণ ছিল, তখন সুযোগসন্ধানী দুর্বৃত্তরা ভিড়ের মধ্যে এসব দুষ্কর্মের দুঃসাহস দেখাতে পেরেছে। ফটক প্রশস্ত ও প্রবেশ নিয়মতান্ত্রিক করার কারণে সে প্রবণতা কমে এসেছে। মিউনিসিপ্যালিটি বা সিটি করপোরেশন থেকে পাবলিক যানবাহন ও বিপণিবিতানে অভিযোগ বাক্স রাখার ব্যবস্থা করা যেতে পারে; চালক, হেলপার বা দোকানদারদের দ্বারা সংঘটিত যেকোনো প্রকারের যৌন হয়রানির অভিযোগ যাতে সেখানে ফেলা যায়। একটা নির্দিষ্ট সময় পরে সিলগালা করা বাক্সগুলো সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসে জমা দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
আসলে পুরুষসৃষ্ট নারী-পুরুষ বৈষম্য ও পুরুষতন্ত্রের শক্তিশালী অবস্থানের কারণে রাষ্ট্র, সমাজ, পরিবার, আইন ও ধর্মের আশ্রয়ে-প্রশ্রয়ে নারীর প্রতি সহিংসতা ঘটে। ফলে সহিংসতার শিকার নারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পান না। পুরুষতন্ত্রের আবহমানকালের পথচলায় নারীর ওপর পুরুষের বিজয় ও শক্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যৌন নিপীড়নকেও তাঁরা তাঁদের অধিকার বলে ভাবেন। একজন নারীবাদী লেখকের দৃষ্টিতে: ‘ধর্ষক হয়ে কেউ জন্মায় না। এই পুরুষতন্ত্র, পিতৃতন্ত্র, সমাজের কুশিক্ষা, ভুল শিক্ষা, নারীবিদ্বেষ, নারীঘৃণা পুরুষকে ধর্ষক বানায়। ধর্ষিতাকে দোষ দিয়ে ধর্ষণ বন্ধ করা যায় না। ধর্ষককে ফাঁসি দিয়েও ধর্ষণ বন্ধ করা যায় না। ধর্ষণের মূল কারণগুলো নির্মূল করতে পারলেই ধর্ষণ বন্ধ হবে। ভোগের বস্তু নারীকে ভাবা হয় বলেই যৌন হেনস্তা বা ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটাতে পুরুষের কোনো অসুবিধা হয় না।’
আমাদের সমাজে পরিবার থেকেই মেয়েদের শেখানো হয় তারা যেন যৌন হয়রানির কথা কাউকে না বলে। কারণ, এখনো যৌন হয়রানির অধিকাংশ দায় যেন মেয়েদেরই, বলা হয়। কিন্তু এ বাতাবরণ ভাঙতে হবে। যৌন হয়রানির শিকার শিশু-কিশোর-কিশোরীরা ভেতরে ভেতরে বেদনা- ক্ষোভ দমন করে রাখতে রাখতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের একটি বেসরকারি সংস্থা এ বিষয়ে গবেষণা ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে ২০ বছরের অধিক সময় ধরে। যুক্তরাস্ট্রের ম্যাসাচুসেটস প্রদেশের মাউন্ট হলিউক কলেজ থেকে সম্প্রতি স্নাতক পাস করা ছাত্রী রুদবা ইয়াসমিন বলছিলেন, যৌন হয়রানির শিকার হলে তাঁদের মুখ খুলতে হবে—এ বিষয়ে তাঁদের কলেজে রীতিমতো পাঠ্যক্রম রয়েছে। যৌন নিপীড়কসহ অভিভাবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিষয়টি তুলে ধরতে হবে। পুলিশকে অবশ্যই নারীবান্ধব নীতির আওতায় আনতে হবে। তা ছাড়া, ৯১১ তো আছেই। এই নম্বরের বদৌলতে পুলিশের সহায়তায় অনেক নারী তাৎক্ষণিকভাবে তাঁদের ওপর সন্ত্রাস রুখতে পারেন। আমাদের দেশেও এ রকম একটা নম্বর চালু করা যায় না?
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।