শান্তি ও সম্প্রীতিই বাঙালির অহংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগ যুগ ধরে এ দেশে বাঙালিরা বিভিন্ন ধর্মের অনুসারী হলেও তাদের মধ্যে রয়েছে চমৎকার সৌহার্দ্য ও সম্প্রীতি। আমরা বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক উৎসবের সঙ্গে অতিপরিচিত এবং সে সময় ধর্ম-বর্ণের বিভেদ ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি যাই। ভাব ও শুভেচ্ছা বিনিময় করি। তার মধ্যে মুসলমানের ঈদ, হিন্দুদের বিজয়া, বৌদ্ধদের প্রবারণা এবং খ্রিষ্টানদের বড়দিনের ভাবনাগুলো কিন্তু আমার কাছে অভিন্ন মনে হয়। এগুলো মিলনের উৎসব। দূরকে নিকট এবং পরকে ভাই করার উৎসব। মনে পড়ে, ছেলেবেলায় ঈদের সময় মুসলমানদের কাছে গিয়েছি-খেয়েছি-আনন্দ করেছি—আজও কিন্তু আমাদের ছেলেমেয়েরা সে ঐতিহ্য বজায় রেখেছে। দুর্গাপূজায়ও হিন্দু ভাইদের সঙ্গে আন্তরিকভাবে মিলেছি, তারাও আমাদের বুকে টেনে নিয়েছে। বড়দিনের ব্যাপারও সে রকম। বৌদ্ধদের প্রবারণায় তো রাতে ফানুস ওড়ানোর দৃশ্য দেখার জন্য জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে নরনারী সমাগত হয় বৌদ্ধবিহারে। তখন আমরা ভ্রাতৃপ্রেমে ও সৌহার্দ্যে এক হয়ে যাই।দেশের বৌদ্ধরা সংখ্যায় কম হলেও তাদের ঐতিহ্য অতি সুমহান। বাংলাদেশে সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য, শিক্ষা ও সংস্কৃতিতে বৌদ্ধদের অবদান কম নয়; যা শুধু একট ধর্মগোষ্ঠীর গৌরব নয়, সমগ্র দেশের গৌরব। বাংলাতে সোমপুরী মহাবিহার, বাসু বিহার, হলুদ বিহার, শালবন বিহার, পণ্ডিত বিহার ছিল এক একটি বিশ্ববিদ্যালয়—যেখানে দেশ-বিদেশের ছাত্ররা জ্ঞানার্জনের জন্য আসত। বাংলার পণ্ডিত অতীশ দীপংকর, শীলভদ্র, শান্তরক্ষিত, কমল শীল ছিলেন কালজয়ী প্রতিভা। এ দেশ থেকে বুদ্ধের শান্তিবাণী নিয়ে গিয়ে দীপংকর তিব্বতের বৌদ্ধধর্মকে সংস্কার করেছিলেন, সারা বিশ্বে অহিংসার বাণী শুনিয়েছিলেন, বাংলার বৌদ্ধ ভিক্ষুদের হাতে বাংলা সাহিত্যের একটি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছিল। শান্তিপ্রিয় এই বৌদ্ধ সম্প্রদায় বরাবরই শান্তি ও সম্প্রীতির সঙ্গে অন্যের সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ তাদের ধর্মীয় ও সংস্কৃতির চর্চাকেন্দ্রগুলো (বৌদ্ধবিহার) আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল, বৌদ্ধদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলো, অথচ সে রাতটি ছিল বৌদ্ধ উৎসব মধুপূর্ণিমার রাত। বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনধারায় এল চরম আঘাত। বৌদ্ধরা সহনশীলতার মাধ্যমে অতি কষ্টে সে দুঃখ বুকে ধারণ করেছে। তাদের আশা, যা হওয়ার তা তো হয়েছে, এখন যেন একটু শান্তিতে বসবাস করতে পারে—তারা বাঁচতে চায়, নিরাপত্তা চায় এবং সবার সঙ্গে মৈত্রী সৌহার্দ্য ও সম্প্রীতিতে বসবাস করতে চায়। বৌদ্ধরা কৃতজ্ঞতা জানিয়েছে সরকারকে সহসা পদক্ষেপ গ্রহণ করার জন্য, ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্গত এলাকা পরিদর্শনের জন্য এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত হয়ে সাহস সঞ্চার করার জন্য। তারা কৃতজ্ঞতা জানায় বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও সংগঠনকে; যাঁরা সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এটাই তো বাঙালি সংস্কৃতি—একে অপরের দুঃখে কাতর হওয়া, একে অন্যের বিপদে এগিয়ে আসা, বাঙালির এটাই তো গৌরবের বিষয়। রামু, উখিয়া ও পটিয়ায় তা দেখেছি। আশা করি, এই মৈত্রী, প্রেম, ভালোবাসা ও সম্প্রীতি অক্ষুণ্ন থাকবে।এখনো বৌদ্ধদের দুঃখের যে রাত তার অবসান হয়নি, এরই মধ্যে শোনা যায়, ঢাকের শব্দ মায়ের আগমনী গানের প্রতিধ্বনি—এসেছে দুর্গাপূজা। হিন্দুদের সর্বশ্রেষ্ঠ শারদীয় উৎসব। দুর্গাপূজা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়। পাপকে পরাভূত করে পুণ্যময় জীবনধারার প্রতিষ্ঠা। পূজাকে ঘিরে মহা আনন্দ—দিকে দিকে উৎসব—হিন্দুদের ঘরে ঘরে আনন্দের সুর ঝংকার। কিন্তু এই আনন্দ উৎসব ম্লান হতে পারে, যদি দেশে শান্তি বিরাজ না করে। যদি মানুষ মানুষের জন্য এগিয়ে না আসে। আমাদের কামনা, আমরা যেন সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি। সরকার ও জনগণের প্রতি আবেদন, শান্তির ঝরনাধারায় আমরা যেন সিক্ত হতে পারি। আমাদের দৃঢ় বিশ্বাস সরকার এ ব্যাপারে আন্তরিক। পূজার সঙ্গে সঙ্গে আসছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ—এটাও আনন্দের উৎসব এবং ত্যাগের অনুষ্ঠান। এ উৎসবের মাধ্যমে ত্যাগ ও মৈত্রীর আদর্শ রচিত হয়। মানুষ মানুষের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়। এটা মুসলমানের উৎসব হলেও সারা দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার প্রতি আনন্দ ছড়িয়ে দেয়। এর সবচেয়ে বড় আবেদন প্রতিবেশীকে ভালোবাসা।ঠিক একই সময়ে আসছে বৌদ্ধদের প্রবারণা উৎসব এবং তারপর এক মাসব্যাপী কঠিন চীবরদান অনুষ্ঠান। প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধরা প্রতি বিহারে আকাশে ফানুস ওড়ায়। সারা দিন তারা ধর্মকর্মে নিয়োজিত থাকে। প্রবারণা হলো আত্মশুদ্ধির অনুষ্ঠান। প্রবারণার পর চলবে বৌদ্ধদের মাসব্যাপী কঠিন চীবরদান উৎসব। ডিসেম্বরে আসে বড়দিন। অতএব একটি দুঃখময় ঘটনার পরই আসছে পরপর কয়েকটি ধর্মীয় উৎসব। এগুলো সর্বধর্মের উৎসব। দুঃখ আসবে, বেদনা আসবে, কিন্তু তাকে জয় করতে হবে। দুঃখের তিমির ভেদ করেই তো জাগৃতির রেখা দেখা যায়। কিন্তু তার জন্য চাই মুক্ত পরিবেশ—শান্তিময় অবস্থা, উন্নত মন ও মানসিকতা। যে বাঙালি অসাম্প্রদায়িক চেতনায় অভিষিক্ত, সে বাঙালিকে আবার জাগতে হবে। প্রেমের মন্ত্রে স্নাত হয়ে গাইতে হবে মিলনের গান। বুদ্ধ বলেছেন, মানুষ যদি ভাবে, আমার কাছে আমার নিজের প্রাণ যেমন প্রিয়, অন্যের কাছেও তার প্রাণও তেমনই প্রিয়—এই বোধ নিজের মধ্যে উপমা করলে মানুষ তখন অন্যকে আঘাত করতে পারে না, অন্যের ক্ষতি করতে পারে না, অন্যের অনিষ্ট করতে পারে না। গৌতম বুদ্ধের মতে, যুদ্ধজয়ের চেয়ে অন্তর জয়ই শ্রেষ্ঠ জয়। সৎ সাহস নিয়ে সবাইকে অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। চলুন বুদ্ধের বহুজন হিতায় বহুজন সুখায় আদর্শে উজ্জীবিত হই। আসুন, যারা দুঃখপ্রাপ্ত তাদের মাঝে দুঃখহীন হয়ে, যারা ভয়প্রাপ্ত তাদের মঝে ভয়হীন হয়ে, যারা শোকপ্রাপ্ত তাদের মাঝে শোকহীন হয়ে সুখে বসবাস করি সম্প্রীতির এই বাংলাদেশে।জগতের সকল প্রাণী সুখী হোক। প্রণব কুমার বড়ুয়া: মহাসচিব, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।