শান্তিপূর্ণ সমাবেশের জন্য নতুন আইন দরকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক সমাবেশ শান্তিপূর্ণ রাখার আইনি রক্ষাকবচ খুঁজতে হবে
রাজনৈতিক সমাবেশ শান্তিপূর্ণ রাখার আইনি রক্ষাকবচ খুঁজতে হবে

সবকিছু আইন করে হয় না। কোনো একটা সমস্যা হলেই একটা করে নতুন আইন করো—সেটাও কোনো নীতি হতে পারে না। দেশে এখন যা চলছে, তাতে দুই বড় দলের মধ্যে যেকোনোভাবেই হোক একটা আপস মানুষ আশা করে। অনেকেই বলেন, নতুন একটি নির্বাচন হলে পরিস্থিতি শান্ত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এ ধরনের একটি নতুন নির্বাচন বা যারাই ক্ষমতায় আসুক, বাংলাদেশের রাজনীতিতে আন্দোলনের প্রয়োজনীয়তা কি ফুরিয়ে যাবে? বা রাজনৈতিক সভা–সমাবেশ?
কোনো সন্দেহ নেই, অতীতের তুলনায় ঢাকায় বা দেশের যেকোনো রাজপথ বন্ধ করে সমাবেশ করা হলে তাতে জনদুর্ভোগ চরমে উঠবেই। কিন্তু কখনো এর অর্থনৈতিক মূল্য হিসাব করা হবে না। দুঃসহ যানজটকে আরও তীব্রতর করতে পারে রাজপথকেন্দ্রিক কোনো একটি ছোটখাটো কর্মসূচিও। প্রেসক্লাবের সামনে যাঁরা শান্তিপূর্ণ মানববন্ধন করেন, তারও একটি মূল্য নিরীহ মানুষকে দিতে হয়। একটি ছোটখাটো মিছিল বের হলেও তাৎক্ষণিক তা ‘গাড়ি অবরোধে’ রূপ নেয়। সুতরাং, আমাদের যেমন নির্বাচনকালীন সরকার প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে হবে, তেমনি সরকার বা তার কোনো বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হলে তার উপায় কী হবে, সে বিষয়েও ঐকমত্যে পৌঁছাতে হবে। আইয়ুববিরোধী, এমনকি এরশাদবিরোধী আন্দোলন রাজপথে যেভাবে হতে পেরেছিল, সেটা হয়তো আর সম্ভব নয়। বড় দুই দল এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার নামে মানুষের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে চলেছে। আমরা নিশ্চয় বিএনপির সমাবেশ করার স্বাধীনতা খর্ব হওয়ার জন্য ব্যাকুলতা প্রকাশ করছি। এটা যত বড় আকারে আমাদের চোখে পড়ছে, ততটা তীব্রতায় চোখে পড়ছে না যে, অবরোধের নামে তারা সত্যিই মানুষের ওপর জবরদস্তি করছে। সরকার তার অধিকার জবরদস্তি ও অন্যায়ভাবে খর্ব করে বলে তারা মানুষকে শাস্তি দিচ্ছে।
ত্রয়োদশ সংশোধনী নিয়ে যখন হাইকোর্টে মামলা হলো, তখন দুই দল একসঙ্গে গিয়ে তার সপক্ষে অবস্থান নিয়েছিল। আবার হরতাল বন্ধে যখন হাইকোর্টে রিট হলো, তখনো তারা অভিন্ন সুরে বলল, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। সুপ্রিম কোর্ট বলেছেন, জবরদস্তি হরতাল অবৈধ। বিরোধী দলে থাকতে এটা তারা মুখে আনে না। আর যেটা তারা কখনো স্বীকার করে না সেটা হলো, হরতাল ডাকা তাদের অধিকার। সেই হরতালে শরিক না হওয়াও নাগরিকের অধিকার। আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক সম্প্রতি বলেছেন, জনগণ চাইলে তাঁরা হরতাল নিয়ন্ত্রণে আইন করবেন। এটা বিএনপিকে ভয় দেখানোর জন্য বলা হলেও এ রকম পদক্ষেপ আওয়ামী লীগ নেবে, তা ভাবতে আমি সন্দিগ্ধ। তার বড় কারণ, আজকের আওয়ামী লীগ এতটাই বেশি পেশিশক্তিনির্ভর যে তার পক্ষে হরতাল নিয়ন্ত্রণ আইন করা কঠিন। তবে আন্দোলনের যতগুলো হাতিয়ার আছে, এগুলো কতটা কী আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। আইনের নামে কালাকানুন জারির আশঙ্কা নাকচ করা যাবে না। তবে এখন যা চলছে, এই যেমন আমরা বিএনপিকে সমাবেশ ডাকতে দেখে হঠাৎ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, আবার সরকারি দলের জন্য হঠাৎ প্রত্যাহারের অগ্রহণযোগ্য দৃষ্টান্ত দেখলাম, এর চেয়ে মনে হচ্ছে লিখিত কোনো কালাকানুনও ভালো, অন্তত সে ক্ষেত্রে আদালতের মাধ্যমে একটা লড়াই চালানোও সম্ভব। এখন তো আমরা অন্ধকারের সঙ্গে লড়ছি। পুলিশ কাকে, কখন সমাবেশ করতে দেবে আর দেবে না, তা পরিষ্কার নয়। সে কারণেই আমরা কতিপয় ক্ষেত্রে আইনি রক্ষাকবচের দাবি তুলতে পারি।
মানুষ পোড়ানোর রাজনীতি প্রতিহত করতে হলে ভুক্তভোগী পরিবারকে মোটা অঙ্কের এককালীন ক্ষতিপূরণ এবং নিয়মিত মাসোহারার ব্যবস্থা করতে হবে। এ জন্যও আইন দরকার। রাজনৈতিক সহিংসতায় নিহত ও বিকলাঙ্গ হওয়া প্রত্যেক ব্যক্তির নাম সরকারি প্রজ্ঞাপনে প্রকাশ করা বাধ্যতামূলক করতে হবে। এর বড় কারণ হলো, রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের শ্রেণিচরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এরা সমাজের অনগ্রসর অংশের। এরা দরিদ্র। আমরা লক্ষ করব, উঁচুতলার লোকদের জীবন ও বাণিজ্য স্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের ‘গণতান্ত্রিক আন্দোলন’ ঠিক ধ্রপদি গতি সঞ্চার করে না। ভিখিরির লাশের মিছিল কেবল প্রতিপক্ষ ঘায়েলে দমনপীড়ন বা নিষ্ঠুরতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করার মওকা এনে দেয়।
হরতাল, অবরোধ ও জনসভার মতো বিষয়ের ব্যাপারে একটা আইনি সুরক্ষা মন্দের ভালো। এদের অন্তত একটা প্রাথমিক জবাবদিহির মধ্যে ফেলা সম্ভব হতে পারে। আইন থাকলে সরকারি কর্তৃপক্ষের ক্ষমতার অপব্যবহারের লাগাম টানা কিছুটা হলেও সম্ভব হতে পারে। আওয়ামী লীগের সর্বশেষ শোডাউনের পরে যেমন পুলিশ কমিশনার বলেছেন, মৌলিক কতগুলো শর্ত পূরণ করলে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে। কিন্তু এই মৌলিক শর্তগুলো কী, তা আমরা জানি না। এই শর্তগুলো বিএনপির জন্য এক রকম, আবার অন্যদের জন্য আরেক রকম হতে পারে। একে বাধাগ্রস্ত করতে চাইলে আপনাকে নতুন আইন সুবিধা দিতে পারে। কারণ, আইনে শর্তগুলো লেখা হলে তা সবার জন্য সমানভাবে কার্যকর করার দাবি তোলা সম্ভব।
সমাবেশের স্বাধীনতার সঙ্গে বাক্স্বাধীনতার প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। ১৯৮১ থেকে ২০০৩ টানা ২২ বছর মাহাথির ক্ষমতায় ছিলেন। মাহাথিরের দেশটি ২০১২ সালে বিরোধী দলের প্রতিবাদের মুখে ‘শান্তিপূর্ণ সমাবেশ আইন’ করে। এর মাধ্যমে হাসপাতাল, পেট্রলপাম্প ও স্কুলের মতো স্থাপনার ৫০ মিটারের মধ্যে এবং রাজপথ ব্যবহার করে যেকোনো সমাবেশ নিষিদ্ধ করা হয়। ১৫ বছরের কম কেউ সমাবেশে অংশ নিতে ও ২১ বছরের কম কেউ সংগঠক হতে পারবে না। এই আইনের আগে সমাবেশের অনুমতিদানের একচ্ছত্র ক্ষমতা ছিল পুলিশের। নতুন আইনে বলা হলো, সমাবেশের জন্য ১০ দিন আগে অনুমতি চাইতে হবে। পুলিশকে দরখাস্ত পাওয়ার পাঁচ দিনের মধ্যে শর্তাবলি উল্লেখ করে নোটিফিকেশন জারি করতে হবে। ‘শর্তাবলিতে’ অসন্তুষ্ট হলে কোনো সংগঠক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপিল করবেন এবং মন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত উত্তর দিতে হবে। শর্ত ভাঙলে চার লাখ টাকার বেশি জরিমানা। জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার মেইনা কিয়াই এই আইনে বয়সভিত্তিক বাধানিষেধের সমালোচনা করলেও স্বীকার করেন যে, তরুণদের জন্য নিরাপত্তার বিষয় আছে। মাহাথির আইনটিকে সমর্থন করলেও তাঁর তিক্ততম প্রতিপক্ষ আনোয়ার ইব্রাহিম সমালোচনা করেছিলেন। কিন্তু লক্ষণীয়, ইব্রাহিম আইনটিকে অনাবশ্যক বলেননি। বলেছেন, পুলিশ ও মন্ত্রীর হাতে যেভাবে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে, তা গণতান্ত্রিক নয়। তাঁর উদ্বেগের যৌক্তিকতা মেনেও বলব, আমাদের এমন আইন থাকলে তা মন্দ হতো না। সমাবেশ করা নিয়ে পুলিশের মুখে যা নয়, হয়তো তা-ই শুনতে হতো না।
কেউ বলবেন, মালয়েশিয়া হয়তো অনুসরণীয় নয়। বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে ‘যুক্তিসংগত বাধানিষেধ’ সাপেক্ষে সমাবেশ ও বাক্স্বাধীনতা নিশ্চিত করেছে। কিন্তু যুক্তিসংগত বাধানিষেধ কী কী, তা নির্দিষ্ট করে দেওয়া থেকে রাষ্ট্র সব সময় দ্বিধান্বিত ও পলায়নপর। ব্রিটেন প্রথমবারের মতো ১৯৯৮ সালে তার মানবাধিকার আইনের ১১ ধারায় শান্তিপূর্ণ সমাবেশ বিষয়ে বিধান করেছে। এর ওপর ২০০৬ সালের অক্টোবরে প্রকাশিত এক শ্বেতপত্রে লেখা আছে, ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটস সর্বদাই রাজনৈতিক মতামতের বহিঃপ্রকাশকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করে। তবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যখন প্রকাশ করা হবে, তখন অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার দায়দায়িত্ব মনে রাখতে হবে (পৃ. ২৩)। বেদনার সঙ্গে দেখি, দুই বড় দলই এই শর্ত লঙ্ঘন করে চলেছে।
সবচেয়ে বড় কথা, ১১ ধারার আওতায় পুলিশকে বাধানিষেধ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু মূল আইন নির্দিষ্ট
করে দিয়েছে যে, এই বাধানিষেধ অবশ্যই ‘অত্যন্ত সংকীর্ণভাবে’ নির্দিষ্ট করতে হবে। সমাবেশকারীদের অধিকারকে খর্ব করতে ব্যাপকভিত্তিক কোনো বাধানিষেধ আরোপ বা তাতে কোনো অস্পষ্টতা থাকতে পারবে না। ওই শ্বেতপত্র বলছে, কোনো নাগরিক বা দল রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সমাবেশ করতে পারবে। এতে হস্তক্ষেপ করতে হলে তার স্পষ্ট আইনি ভিত্তি থাকতে হবে। হস্তক্ষেপের লক্ষ্য হতে হবে জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তা, নৈরাজ্য বা অপরাধ প্রতিরোধ, স্বাস্থ্য বা নৈতিকতা সংরক্ষণ। এমনকি ‘অন্যের অধিকার ও স্বাধীনতা’ সুরক্ষার জন্য বাধানিষেধ জারি করা চলতে পারে। এই শ্বেতপত্র পড়লে মনে হবে, এটা আসলে সুশাসনের একটি সম্পূর্ণ প্যাকেজ। যেখানে স্বাধীন বিচার বিভাগ ও দায়িত্বশীল জনপ্রশাসনের (যার কোনো কর্তা নির্বাচন কবে হবে, তা বলা কখনো স্বপ্নেও কল্পনা করতে অপারগ থাকেন) গ্যারান্টি রয়েছে। তার পরও বলব, আমরা নতুন সমাবেশ আইনের কথা ভাবতে পারি।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]