
মধ্যপ্রাচ্য, বিশেষ করে আরব বিশ্ব এক মৌলিক পরিবর্তনের সম্মুখীন হয়েছে। তবে তার চেয়ে বেশি মৌলিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সে। কিন্তু তার এই চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অনৈক্যের কারণে জটিল হয়ে উঠেছে। আর এই অনৈক্যের বিষয়টা হচ্ছে, এই অঞ্চল ও প্রতিটি সমাজে আলাদা আলাদাভাবে পরিবর্তনের রূপটা কেমন হবে।
এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নিঃসন্দেহে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ভূমিকা রয়েছে। তাদের কাজ হচ্ছে, প্রতিটি দেশের সরকারকে এই সংস্কারের ইচ্ছা ও পথ খুঁজে পেতে সহায়তা করা। কিন্তু আরবরা যাতে চ্যালেঞ্জ মোকাবিলায় আরও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, সেটা বরং আরও বেশি গুরুত্বপূর্ণ। তারা যেন নিজের ভবিষ্যৎ নির্মাণের নেতৃত্ব নিজেরাই নেয়।
২০১১ সালের আরব বসন্তের বিদ্রোহের মধ্য দিয়েই এটা পরিষ্কার হয়ে যায়। এই অঞ্চলে আগে থেকেই নানা পরিবর্তন—জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন, যার মধ্যে আছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া বেকার তরুণের সংখ্যা বৃদ্ধি—শুরু হলেও আরব বসন্তের ঝাপটায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশই বিস্মিত হয়েছিল। এই পরিবর্তনের দাবির পেছনে আরব তরুণেরা বড় ভূমিকা পালন করেছিল। একইভাবে ডিজিটাল প্রযুক্তিও এতে বড় নিয়ামকের ভূমিকা পালন করেছিল। এটা যেমন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে, তেমনি সাধারণ নাগরিকদের মধ্যে যোগাযোগ সহজ করে দেয়। ফলে সরকার জ্ঞান ও যোগাযোগের ওপর যে একচেটিয়া কর্তৃত্ব বজায় রেখেছিল, তা একরকম ভেঙে পড়ে।
কিন্তু এই বিস্ফোরণের মূল কারণটা হচ্ছে, এই অঞ্চলে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল, আরব দেশের সরকার ও সমাজ তা ঠিকঠাক ব্যবস্থাপনা করতে পারেনি। আরব বসন্তের আরেকটি কারণ হচ্ছে, নিজেদের নিরাপত্তার জন্য এখানকার দেশগুলোর অতিমাত্রায় বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভরশীলতা। বিদ্যমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এমন প্রবণতার সঙ্গে তারা খাপ খাওয়াতে পারেনি। এতে বোঝা যায়, অনেক দেশের সরকারের অভ্যন্তরীণ ও আঞ্চলিক অ্যাজেন্ডা তাদের নিজেদের নয়, বাইরে থেকে চাপানো।
কথা হচ্ছে, আরও সক্রিয় ও কার্যকর শাসনব্যবস্থা প্রণয়ন করতে হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রকৃত রাজনীতি ও নাগরিক উদ্যোগের জায়গা তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে ক্ষমতার পুনর্বিন্যাস ও সহযোগিতার লালনপালন হবে। এই অঞ্চলের সমস্যা এত জটিল ও গভীর যে বিচ্ছিন্ন ও ওপর-নিচ মনোভঙ্গি নিয়ে এর সমাধান করা যাবে না। আরব সমাজের সৃজনশীলতা আবিষ্কার করতে হবে। কিছু দেশের প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরিস্থিতি তৈরি করতে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা লাগবে, যেখানে অন্যদের বকেয়া ভূরাজনৈতিক বিষয়গুলো আমলে নিতে হবে।
তিউনিসিয়ার কথাই ধরুন। মধ্যপ্রাচ্যের বাইরের অনেক মানুষই তাকে এই অঞ্চলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল দেশ হিসেবে বিবেচনা করে। এটা ঠিক, তিউনিসিয়ার বিবদমান দলগুলো প্রায়ই নিজেদের সঙ্গে আপস করে বাইরের সমর্থন ছাড়া টিকে থাকতে সক্ষম একটি শাসনকাঠামো তৈরি করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশটিতে সামাজিক ও গোষ্ঠীগত বাদবিসংবাদ চলছেই।
মধ্যপ্রাচ্যের যেসব দেশের পরিস্থিতি অস্থিতিশীল, সেসব দেশের উচিত হবে জাতীয়, আঞ্চলিক ও ক্ষুদ্র জাতিসত্তার নেতাদের রাজনীতিতে অংশ নেওয়ার জায়গা করে দেওয়া। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে এই দেশের সরকারগুলোকে অস্ত্রের প্রাপ্যতা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে বৈধ ও নির্বাচিত সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে। উদাহরণস্বরূপ বলা যায়, লিবিয়ায় কার্যকর সরকার প্রতিষ্ঠা করতে হলে আন্তর্জাতিক সহায়তা লাগবে। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নকে নিয়ে একটি যৌথ বাহিনী গড়ে তোলা যায়। একই সঙ্গে সীমান্ত নজরদারি ও সমুদ্রপথে আসা-যাওয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে আলজেরিয়া, মিসর ও তিউনিসিয়ার মধ্যে একটি বন্দোবস্ত করা যায়।
ওদিকে মিসরেও মৌলিক সামাজিক-রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। তাদের মধ্যে রাজনৈতিক সমঝোতার সংস্কৃতি নেই। ফলে ২০১১ সালে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ যে ভেঙে পড়ে, তাতে বিস্ময়ের কিছু নেই। মিসরকে এখন মৌলিক অর্থনৈতিক ও সামাজিক প্রসঙ্গে একটি বৃহৎ ও সংবিধানভিত্তিক মতৈক্য গড়ে তুলতে হবে। এটা করতে হলে সরকার ও নাগরিক সমাজের সব অংশীজনকে মতৈক্যে পৌঁছানোর অকৃত্রিম সদিচ্ছা দেখাতে হবে, যেটা সবার বৈধ চাহিদার বিষয়টি মাথায় রাখবে। ব্যাপারটা সহজ করার জন্য মিসরকে প্রযুক্তি ব্যবহার করে সব অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে।
অন্যদিকে সিরিয়ায় প্রকৃত অর্থেই মানবিক বিপর্যয় নেমে এসেছে। দৃশ্যত, সেখানে সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে সিরিয়া মধ্যপ্রাচ্যের জন্য পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে, তারা আদৌ আপস ও মীমাংসা করতে পারে কি না। এই যুদ্ধ এত জটিল যে এখান থেকে কেউ পরিষ্কারভাবে বিজয়ী হতে পারবে না।
মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো পরাশক্তিগুলো, যারা সেখানে লড়াই করছে, তারা কেউই এককভাবে শান্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। এটা ঠিক যে এই দেশটির রাজনৈতিক ভূগোল নতুন করে বিন্যাস করার ক্ষেত্রে এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা সে সামরিক বল প্রয়োগ, অবরোধ আরোপ বা রাজনৈতিক সবকের মাধ্যমে হোক। কিন্তু সিরিয়ায় দীর্ঘ মেয়াদে শান্তি প্রতিষ্ঠা করতে হলে একাধিক কুশীলবের সহযোগিতা দরকার হবে।
এই অঞ্চলে বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তা দৃশ্যমান। কারণ, এখানকার সমস্যা এত গভীর যে সাধারণ টোটকা দিয়ে এর সমাধান করা যাবে না। মধ্যপ্রাচ্যের মানুষ যদি আপস করতে না শেখে, তাহলে এ অঞ্চলে কোনো দিনও গতিশীল ও শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে না। তাদের মতৈক্যের ভিত্তিতে জাতি গঠন করতে শিখতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা রয়েছে। তাদের ত্রিমুখী মনোভাব নিতে হবে। প্রথমত, তাদের মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে, তাদের স্বনির্ভর করতে হবে। দ্বিতীয়ত, এ অঞ্চলের জাতি-রাষ্ট্রব্যবস্থার প্রতি সম্মান দেখাতে হবে। তৃতীয়ত, সহিংসতার অবসান ঘটাতে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ ও নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার পরিবেশ সৃষ্টি করতে হবে।
রক্তপাত, বিভাজন ও আশাহীনতার মধ্যেই সন্ত্রাসবাদ ও চরমপন্থার বীজ নিহিত রয়েছে। আমাদের সমাজ থেকে ধ্বংসাত্মক শক্তি দূর করতে হলে আরব সমাজ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মতৈক্য সৃষ্টি, আপস-মীমাংসা ও সহযোগিতার রীতি চালু করতে হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
নাবিল ফাহমি: মিসরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।