শান্তির শহরে এ কোন বর্বরতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিফেন গোমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক ছিলেন। পরে তিনি ক্যাথলিক চার্চের ফাদার হয়েছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর বাকি জীবনটা যেন তিনি শান্তিতে কাটাতে পারেন, সে জন্য তৎকালীন ক্যাথলিক চার্চের ঢাকার বিশপ তাঁর সামনে ভালো দেশগুলোর একটি তালিকা তুলে ধরেছিলেন; যেখানে খুশি তিনি থাকতে পারেন। এই তালিকায় বাংলাদেশের নাম ছিল না। তারপরও স্টিফেন বলেছিলেন তিনি বাংলাদেশেই থাকতে চান। বাংলাদেশের কোন শহরে থাকতে চান, এর জবাবে তিনি বলেছিলেন রাজশাহীর কথা। রাজশাহী শান্তির শহর। তাঁর ভালো লাগে।
শেষ পর্যন্ত তাঁর বাসনা পূর্ণ হয়েছিল। তাঁকে রাজশাহীর ক্যাথলিক চার্চের ফাদারের দায়িত্ব দিয়ে বাকি জীবনটা নিরিবিলি কাটানোর সুযোগ দেওয়া হয়েছিল। সম্ভবত ২০১১ সালের দিকে তিনি অসুস্থ একজন রোগীকে বাঁচানোর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাঁকে একটি গাড়ি চাপা দেয়। পছন্দের শহরে ফাদার স্টিফেনের মর্মান্তিক মৃত্যু হলো। এই ঘটনায় আমরা যারপরনাই ব্যথিত হয়েছিলাম। শান্তির শহরে গাড়িচাপায় কেন মানুষ মরবে? ব্যক্তিগতভাবে ফাদার স্টিফেন গোমেজের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। প্রায়ই ফোনে কথা হতো। এই সম্পর্কের কারণেই আরও বোধ হয় বেশি মর্মবেদনায় ভুগছিলাম, স্টিফেন পৃথিবীর মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় শহরেই নিরাপত্তা পেলেন না।

>সবাই বলছেন, সাবধানে চলাফেরা করো, সতর্ক থাকো। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না আমার নিজের শহরে, প্রকাশ্যে বাড়ির সামনে কীভাবে সতর্ক থাকতে হবে?

এ তো গেল দুর্ঘটনা। অনেকেই বলবেন দুর্ঘটনা বলে-কয়ে আসে না, ঘটতেই পারে। কিন্তু এক যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক নৃশংসভাবে খুন হলেন। সর্বশেষ ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছে খুন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী। তার প্রায় দেড় বছর আগে একইভাবে বাসার সামনে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম। অধ্যাপক এস তাহের নিজ বাসায় এবং অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকালে হাঁটতে বের হয়ে খুন হন। এ ছাড়া স্বাধীনতার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছেন প্রায় ৩৯ জন শিক্ষার্থী।
কিন্তু সব পরিসংখ্যানকে হার মানিয়েছে একটা হিসাব। কয়েক দিনের ব্যবধানে রাজশাহীতে অস্বাভাবিকভাবে প্রাণ গেল এক নারীসহ চারজন মানুষের। ২২ এপ্রিল দুপুরে রাজশাহী নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হলো এক তরুণী ও এক তরুণের লাশ। পুলিশ নিশ্চিত হতে পেরেছে, তরুণীকে হত্যা করা হয়েছে। আর তরুণের হাতবাঁধা লাশ ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। পুলিশ অবশ্য তরুণের মৃত্যুর ব্যাপারে মন্তব্য করতে পারছে না। ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য তারা অপেক্ষা করছে। তারা অপেক্ষা করতে থাকুক, আমরা অন্তত বলতে পারি—একজন নারীকে হত্যা করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে। আর যদি প্রমাণিত হয় ছেলেটিও খুন হয়েছেন? তাহলে এই বর্বরতা কোথায় গিয়ে দাঁড়াবে! এই শান্তির শহরে সবকিছুই হতে পারে।
হতভম্ব মানুষের ঘোর না কাটতেই পরের দিন সকাল সাড়ে সাতটায় অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী খুন হলেন। মাথার পেছনে এমন ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে যে তাঁর ঘাড় থেকে কান কেটে দাঁতের মাড়ি পর্যন্ত চলে এসেছে। তখন সকাল প্রায় সাড়ে সাতটা। সূর্য উঠেছে তার বেশ আগে। মানুষ চলাফেরা শুরু করেছে। ওই গলিতে মোট ১৪টি বাসা রয়েছে। প্রতিটি বাড়ির মানুষের কাছে গিয়ে জানতে চেয়েছি কেউ দেখেছেন কি না, কীভাবে ঘটনাটি ঘটল। সবাই বলেছেন, আমরা চিত্কার শুনে বাসা থেকে বের হয়েছি। পরে এসেছি। তাঁরা যে গল্প বলছেন সবই অন্যের কাছ থেকে শোনা। যার কাছ থেকে শোনা, তাকে আর পাওয়া যাচ্ছে না। যা বোঝা গেল, কেউ ঘটনার সাক্ষী হতে চান না। সবাই ভয় পাচ্ছেন। ঝামেলায় জড়াতে চাচ্ছেন না। সবাই যেন উটপাখি হয়ে গেছেন।
গত রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলার সময় একজন শিক্ষক বললেন, ‘খুব গরম লাগছে। রাত ১২টার দিকে মনে হলো ঘরের জানালা খুলে দিই—ঠান্ডা বাতাস আসুক। কিন্তু আমার গা ছমছম করছে। আমি জানালা খুলতে পারছি না। মানে আমার ভয় করছে। সত্যিই আমি ভয় পাচ্ছি। যারা খুন করেছে তারা তো এটাই চেয়েছে। মানুষ ভীত হোক। ওরা তো তাহলে সফল হলো।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি প্রতিবাদ সভা চলছিল। বক্তারা রাষ্ট্রের ব্যর্থতার কথা বলছেন, সমাজের মানুষকে জেগে ওঠার কথা বলছেন। একজন শিক্ষক টুকিটাকি চত্বরে দাঁড়িয়ে প্রায় আর্তচিৎকার করে বলে উঠলেন, ‘আর শুনতে পারছি না। মন বলছে দূরে কোথাও গিয়ে গলা ছেড়ে আধা ঘণ্টা কেঁদে আসি। তাহলে বোধ হয় বুকটা হালকা হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীরা শিক্ষক রেজাউল সিদ্দিকীর স্মৃতিচারণা করছেন। একজন ছাত্রী এমনভাবে বলছিলেন শুনতে শুনতে ভীষণ কান্না পেল।
ওই দিন বিকেলে অফিসে বসে নিউজ লিখতে বসেই আচমকা আরেক খবর এল রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক রাজশাহী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক টুকু গুলিবিদ্ধ হয়েছেন। তারপর শুনলাম তিনি আর নেই। প্রথমে শোনা গেল, নিজের পিস্তল পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এক ঘণ্টা পরেই যে খবর বেরিয়ে এল, তা ভয়াবহ। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বললেন, ঢাকা থেকে আসা তাঁর একজন ব্যবসায়ী বন্ধুর সঙ্গে তিনি তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে খাওয়ার জন্য ভাত নিয়ে বসেছিলেন। সেই বন্ধুর হাত থেকেই গুলিটা ফুটেছে। তিনি তাঁর ফোন বন্ধ করে পালিয়ে গেছেন। পুলিশ তাঁকে আর খুঁজে পাচ্ছে না। হাসপাতালে গিয়ে জিয়াউল হক টুকুর লাশ দেখলাম। কেনোভাবেই মেলাতে পারছি না যে রাজশাহী শান্তির শহর।
সবাই বলছেন, সাবধানে চলাফেরা করো, সতর্ক থাকো। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না আমার নিজের শহরে, প্রকাশ্যে বাড়ির সামনে কীভাবে সতর্ক থাকতে হবে?
আবুল কালাম মুহম্মদ আজাদ: প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি।
kalampalo@gmail. com