শাসকেরাই এখন জনগণ বদলাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুরোনো গল্প: একজনকে মারছে। সে উহ-আহ করছে। যতই কাতরানি, ততই মার। লোকটি মৃতপ্রায়। তা দেখে আরেকজন বলল, ‘মরারে মারো ক্যা?’
উত্তর আসে, ‘লড়েচড়ে ক্যা?’
এ-ই শুনে প্রশ্নকারীর মুখ থেকে শব্দ বের হয়, ‘অ্যাঁ?’
পাল্টা ধমক আসে, ‘অ্যাঁও কইতে পারবি না।’
আমাদের হয়েছে সেই অবস্থা। মনে হয় এখন ‘অ্যাঁ’ও করার উপায় নেই।
সুন্দরবন ঘেঁষে কয়লাবিদ্যুৎকেন্দ্র করার বিরুদ্ধে হরতাল হলো। হরতালকারীরা একটা পটকাও ফুটাল না। কিন্তু পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বৃষ্টির মতো টিয়ার শেল মারল, জলকামান প্রয়োগ করল।
এক তরুণের হাত ভাঙা। ব্যান্ডেজ মোড়ানো এক হাত বন্ধ। তাঁকেও পুলিশ মারা শুরু করলে স্থির থাকতে পারেননি মিজানুর রহমান নামের এক প্রৌঢ় আন্দোলনকারী। তিনি রুখে দাঁড়ালেন। তাঁকেও রাস্তায় ফেলে পেটানো হলো। দুই পায়ের ফাঁকে বুটের লাথি দেওয়ার পর তাঁর গোঙানির দৃশ্য ফেসবুকে ছড়িয়ে আছে। সেই দৃশ্য ধারণ করছিলেন দুই টিভি সাংবাদিক। পুলিশ তাঁদেরও পেটাল। দুজন গায়ক ঢোল আর খঞ্জনি হাতে সুন্দরবনের গান গাইতে গাইতে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাঁদেরও যথারীতি পিটিয়ে হাজতে ঢোকানো হলো।

পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর অধীন, পুলিশ তাঁরই কথা শোনে। তাই তিনি পুলিশের সাফাই গেয়েছেন। আন্দোলনকারীদের পেটানো স্বাভাবিক লেগেছে তাঁর। তাই তিনি নির্বিকার। শুধু সাংবাদিক পেটানোর বিষয়ে প্রকৃত সত্যটা আমাদের জানিয়েছেন, ‘দায়িত্ব পালনের সময় সামান্য ধাক্কাধাক্কি হয়েছে।’ পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছিলেন। দুঃখটা প্রকাশিত হতে একটু দীর্ঘ সময় লেগেছিল, এই যা। আগের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও রানা প্লাজা ধসের ‘প্রকৃত’ কারণ আবিষ্কার করেছিলেন। তাঁর ভাষায়, বিরোধীদলীয় কর্মীরা রানা প্লাজার থাম ধরে ঝাঁকাঝাঁকি করায় ভবনটা ধসে পড়ে এবং ১ হাজার ২০০-রও বেশি শ্রমিক নিহত হন। জাতি হিসেবে আমরা সৌভাগ্যবান, আমাদের কৃষক গনি মিয়ারা গরিব হয়েও সৎ আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরা নিষ্ঠুর হলেও রসিক।

গত ডিসেম্বরের ঘটনা। পূর্বপুরুষের জমি দখলের প্রতিবাদ করায় সাঁওতালপল্লি পুড়িয়ে দেওয়া হয় গোবিন্দগঞ্জে। বিচারিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আগুন দিয়েছে পুলিশ (প্রথম আলো, ৩১ জানুয়ারি, ২০১৭)। গুলিতে নিহত হন তিন সাঁওতাল। এর আগে বাঁশখালীতে জমি দখলের প্রতিবাদ করায় গুলিতে নিহত হন আরও চারজন কৃষক।

হরতালের দিনে নির্যাতন-নিপীড়নের জন্য পুলিশকেই শুধু দোষানো হয়। সেদিন নির্যাতিত হওয়া জাতীয় কমিটির কর্মী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাকে মাটিতে ফেলে যখন পেটায়, তখন শুধু আমি বুট দেখতে পেয়েছি। আর কিছু না। (প্রথম আলো অনলাইন, ২৮ জানুয়ারি, ২০১৭) অনেক ঘটনায় আমরাও শুধু ক্ষমতাই দেখতে পেয়েছি, আর কিছু না। যুক্তি না, ন্যায় না, সত্য না, মানবিকতা না।

সর্বশেষ গত মঙ্গলবার দুটি ঘটনা ঘটে। হরতালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেছিল প্রগতিশীল ছাত্র জোট। তাদের ওপর হামলা করে ‘দায়িত্ব’ পালন করে ছাত্রলীগ। একই দিনে সিলেটের এমসি কলেজে ছাত্রদল মিছিল বের করায় তাদের দা উঁচিয়ে ধাওয়া করে ছাত্রলীগ।

ঘটনার সারাংশ এই, যা-ই ঘটুক, প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ ছাড় দেওয়া হবে না। মার দিলে চুপ করে সইতে হবে।

প্রতিবাদ ছাড়া সমাজ হয় না। প্রতিবাদের অধিকার ছাড়া স্বাধীন নাগরিক হয় না। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার স্বীকৃত। সংবিধানে আইনি প্রতিবাদের অধিকারের সুরক্ষা দেওয়া রয়েছে। কিন্তু আইনের কথা, ন্যায়ের কথা, গণতন্ত্রের কথা বলতে গেলে মিজানের মতো গায়ের ওপর শুধু বুটের লাথি দেখতে হবে। আরও দেখার সাহস হলে পেছনে সরকারের উগ্র মূর্তি দেখতে হবে।

প্রকৃত গণতন্ত্রে জনগণ প্রতিবাদ করে, সরকার শোনে। বাংলাদেশের ‘গণতন্ত্রে’ সরকার শাসন করবে, জনগণ চুপ করে থাকবে। প্রকৃত গণতন্ত্রে সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হয়, আমাদের ‘গণতন্ত্রে’ জনগণকেই সরকারের আস্থায় থাকতে হয়। সরকার যখন জনগণের কোনো অংশেরই কোনো প্রতিবাদ শুনতে চাইছে না, তখন সরকারের প্রতি পরামর্শ একটাই—জনগণ শাসক বদলাবে, এটা তো সাবেকি ধারণা। সরকার এখন তার নিজস্ব ‘গণতান্ত্রিক’ পদ্ধতিতে পছন্দের জনগণ নির্বাচিত করে নিলেই হয়।