শাসন-অযোগ্য জাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মীয় কট্টরপন্থীদের ধর্মঘট চলাকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সহিংসতা ছড়িয়ে পড়ে। ছবি: এএফপি
ধর্মীয় কট্টরপন্থীদের ধর্মঘট চলাকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সহিংসতা ছড়িয়ে পড়ে। ছবি: এএফপি

ধরুন আপনার সামনে বিষের পাত্র আছে, আবার মুখের ওপর বন্দুক ধরা হয়েছে। এই পরিস্থিতিতে আপনি ভুলে যাবেন কোনটার কী ফল হবে। গত শনিবার পাকিস্তানে যা হলো (ধর্মীয় অবমাননার অভিযোগ এবং এর জের ধরে আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মীয় কট্টরপন্থীদের ধর্মঘটে শেষমেশ দেশটির আইনমন্ত্রী পদত্যাগ করেছেন। ১৯ দিন ধরে চলমান এই ধর্মঘটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি কার্যত অচল—অনুবাদক) তাতে আমাদের এই দুই ধরনের অভিজ্ঞতাই হলো। এতে ধাক্কা খাওয়ার কিছু নেই। শুধু সহজ-সরল মানুষেরাই বুঝতে পারেননি, সমাজে কী ঘনীভূত হয়ে উঠছিল। তিন সপ্তাহ ধরে আমরা দেখলাম, প্রান্তিক গোষ্ঠীগুলো দেশের কেন্দ্রে চলে এসে এমন দুর্গন্ধ ছড়াল যা আমাদের সবাইকে গ্রাস করে নিল।

এতে বিশেষভাবে বিস্মিত হওয়ার কিছু নেই। কার্যত পাকিস্তানে সরকার বলে এখন কিছু নেই। আর নিশ্চিতভাবেই এমন কোনো মানুষ নেই, যে কি না এই পরিস্থিতি সামাল দিতে পারে। ব্যাপারটা হলো সামরিক বা বেসামরিক সরকার যা-ই থাক না কেন, পাকিস্তানে সবকিছু ওপর থেকে নিচে আসে। এটা ব্যক্তিত্বনির্ভর ব্যবস্থা। সেই ব্যক্তির হাতে শুধু দাপ্তরিক ক্ষমতাই থাকে না, সেটা ব্যবহারের শক্তি ও বৈধতাও থাকে তাঁর।

দেখাই যাচ্ছে, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী খাকান আব্বাসি সেই ব্যক্তি নন। এই নারকীয় পরিস্থিতিতে নওয়াজের ভাই শাহবাজ খান সেই ব্যক্তি হতে পারতেন। কিন্তু আমরা তা বলতে পারি না, কারণ এই মুহূর্তে তাঁর গোসসা অনেক বেশি। ভালো হোক বা মন্দ, শীর্ষ পর্যায়ে কেবল দুজন ব্যক্তি এই পরিস্থিতির অবনতির আগে ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। এঁদের একজন নওয়াজ শরিফ, অন্যজন সেনাপ্রধান। কিন্তু নওয়াজকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে সেনাপ্রধান মনে করেন, সরকার ও বিরোধীদের সংঘাতের কারণে জাতীয় সংহতি ঝুঁকির মুখে পড়েছে। বিপদ যে বাড়ছে তাতে বিস্ময়ের কী আছে।

এখন থেকে যা হওয়ার তা-ই কিন্তু হবে। শৃঙ্খলা বা তার মতো কিছু একটা ফিরে আসবে, কিন্তু সরকারে বা রাজপথে কী দৃষ্টান্ত স্থাপন হবে তা আমরা জানি না; সে ব্যাপারে কেবল অনুমান করতে পারি। এবার তাই বিষপান বা ধীর মৃত্যু এবং মুখের ওপর বন্দুক বা সহিংস মৃত্যুর প্রসঙ্গে ফিরে আসি। যা হয়েছে তা প্রকৃতপক্ষে গোপন কিছু নয়। নির্বাচনী আইন সংহত করার মানে হলো অন্তর্নিহিত চেতনা পরিবর্তন না করে সবকিছু সহজ করে তোলা। পাকিস্তানে সংসদ সদস্যরা ছোট সাহেবের মতো, তাঁরা কেউই এই বিশেষ চেতনায় পরিবর্তন আনার সাহস দেখাননি। এখানে যেহেতু রহস্য বা অশুভ কামনা নেই, তাই ব্যাপারটা ব্যাখ্যা করা সহজ। এর আগে মোশাররফ যৌথ ভোটার ব্যবস্থায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে একদল ঘৃণ্য মানুষ তাঁকে কোণঠাসা করে ফেলে।

এরপর পাকিস্তানিদের মধ্যে কারা ঘৃণিত এবং কেন সবাইকে সেটা জানানোর জন্য নির্বাচনী আইনে কিছু অনাবশ্যক ধারা যুক্ত করা হয়। পিএমএল-এনের ভুল ছিল ত্রিমুখী। প্রথমত, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী সালমান তাসির ব্লাসফেমির বিরুদ্ধে কথা বলায় কমান্ডো পুলিশের সদস্য মমতাজ কাদরি তাঁকে হত্যা করলে আদালত কাদরিকে যে ফাঁসির দণ্ড দেন, তা সরকারের গলায় ঝুলে ছিল। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে পিএমএল-এনকে এই বিশেষ মৃত্যুদণ্ড কার্যকরের কাগজে সই করতে রাজি করাতে হয়েছে। সে কারণে তাদের রাজনৈতিকভাবে দোষারোপ করা হয়েছে।

দ্বিতীয়ত, মধ্যপন্থী রাজনীতির ব্যাপারে পিএমএল-এনের দোদুল্যমানতার কারণে তারা ডানপন্থীদের রোষানলে পড়েছে। পাকিস্তানের পরিস্থিতি এমন যে সেখানে আধুনিকায়ন বা ধর্মনিরপেক্ষতার কথা বলা মানে কিছু মানুষ আপনাকে ধর্মত্যাগীদের কাতারে ফেলে দেবে।

তৃতীয়ত, পিএমএল-এন জমিয়ত উলামায়ে ইসলামের নেতা ফজলুর রেহমান বা তাঁর গোষ্ঠীর কোলে আশ্রয় নেয়নি, পাকিস্তানের সংবিধানের ১৮তম সংশোধনীর সময় পিপিপি যেটা করেছিল।  

খুব কম মানুষই এটা জানেন কারণ, এটা সব সময়ই খুব তাত্ত্বিক ব্যাপার ছিল। কিন্তু ব্যাপারটা হলো পাকিস্তানের ১৮তম সংশোধনীর আগ পর্যন্ত সংসদের যেকোনো সদস্যের পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ছিল, সে তিনি নারী, পুরুষ, মুসলমান বা ভিন্নধর্মবালম্বী যা-ই হোন না কেন। কিন্তু জেনারেল জিয়ার আমলে সংবিধানে শূন্যস্থান তৈরি হয়। প্রধানমন্ত্রীর শপথ পরিবর্তন করে যখন তা কেবল মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়, তখন সংবিধানের এই শুধু মুসলিম প্রধানমন্ত্রীর ধারা রেখে দেওয়ার তো প্রয়োজন পড়ে না। ১৮তম সংশোধনীর মধ্য দিয়ে তা বদলে যায়।

পাকিস্তানের সংবিধানের ৯১(৩) ধারায় বলা হয়েছে, ‘সংসদ...তর্কহীনভাবে একজন মুসলিম সদস্যকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।’ হ্যাঁ, এটা ঠিক, ধর্মনিরপেক্ষ পিপিপি এই দাবি করে সংবিধান সংশোধন করল যে তারা ১৯৭৩ সালের মূল সংবিধানে ফেরত যেতে চায়। এর মধ্য দিয়ে এটাই নিশ্চিত হলো যে মোশাররফের যৌথ ভোটার ব্যবস্থা শুধু একজন মুসলিম প্রধানমন্ত্রীই নির্বাচিত করতে পারবেন। তবে এতে জমিয়ত নেতা ফজলু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জারদারি এই ১৮তম সংশোধনীর প্রসঙ্গে সংসদীয় ঐক্য চেয়েছিলেন। আর ফজলুর রহমানের হ্যাঁ ভোটের বদৌলতে জিয়াউল হকের ইসলামি ধারা টিকে গেল। আমরা শুধু সন্দেহ করতে পারি যে পিএমএল-এন যখন সংসদে নির্বাচনী আইন পেশ করল, তখন তারা ফজলু ও মোল্লাদের সমর্থন চায়নি।

এদিকে নওয়াজ পিএমএল-এনের প্রেসিডেন্ট হতে পারেন। পিএমএল-এন নির্বাচনী আইনে এই ধারা যুক্ত করার ব্যাপারে এতই মনোযোগী যে অন্যদিকে কী হচ্ছে সেটা তারা খেয়ালই করেনি। আর সেই ফাঁক গলেই এরা ফয়জাবাদে জড়ো হলো। এ ধরনের নির্বুদ্ধিতার কারণেই বিয়োগান্ত নাটক দানা বেঁধে ওঠে। কিন্তু পাকিস্তানের পরিপ্রেক্ষিতে বিষ ও শটগান একদম এখানকার নিজস্ব ঢঙে জট পাকিয়ে আছে। সমাজ ও রাষ্ট্রের মন্থর বিষণ ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এখান থেকে যা হওয়ার তা-ই হবে।

এখন আমাদের সামনে চূড়ান্ত একটি ব্যাখ্যাই আছে। এটা থামাতে বা উল্টে দিতে কী লাগবে?—পাকিস্তান এখন এই প্রশ্নের মুখোমুখি। এর উত্তর জানা অসম্ভব, কিন্তু তা অনুমান করা কঠিন নয়। সংসদের ছোট সাহেবরা এটা করবেন না। নওয়াজ ও মোশাররফের মতো যাঁদের কিছু সাহস আছে, তাঁদের তো আর পাওয়া যাচ্ছে না।

সম্ভবত এমন কাউকে লাগবে যিনি অনেক কথা বলতে রাজি, রাস্তার ওই অশুভ শক্তির মতো যিনি নিজের বিশ্বাসের জন্য ঝুঁকি নিতে রাজি। এমন কেউ যিনি সম্ভবত নিজের জীবনের বিনিময়ে আমাদের শাসনযোগ্য করে তুলবেন। কিন্তু সম্ভবত সে কারণেই আমরা শাসনযোগ্য হব না।

দ্য ডন থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

সিরিল আলমেইদা: পাকিস্তানি সাংবাদিক।