প্রতিটি আন্দোলন, প্রতিটি বিপ্লবই তার নিজস্ব বৈশিষ্ট্যে মণ্ডিত। কোনো দুটো রাজনৈতিক বা সামাজিক আন্দোলনই একরকম নয়। এই পার্থক্য যে কেবল দেশ, কাল, প্রেক্ষাপট বা দাবিদাওয়ার কারণেই হয় তা নয়; পার্থক্যের সবচেয়ে বড় কারণ, যেকোনো আন্দোলন বা বিপ্লব হলো একটা সৃষ্টিশীল কাজ। সেই সৃষ্টিশীল কাজই সবচেয়ে বেশি আবেদন রাখতে সক্ষম হয়, যা অতীতের এমনকি শ্রেষ্ঠ কাজটি থেকেও ভিন্ন। ফলে, যে আন্দোলন তার নিজস্ব বৈশিষ্ট্যে উদ্ভাসিত হতে পারে না, যে আন্দোলন কেবল অতীতের আন্দোলনের দুর্বল অনুকরণ, তা সাময়িকভাবে কিছু লক্ষ্য অর্জনে সফলতা দেখালেও তার আবেদন থাকে সীমিত। একটি বিশেষ সমর্থক, দল, গোষ্ঠী ও পেশার মানুষের মধ্যেই তা ঘুরপাক খেতে থাকে।প্রতিটি আন্দোলনের নিজস্বতার কথা জানা সত্ত্বেও সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা যেকোনো আন্দোলনকে অতীতের কোনো না কোনো আন্দোলনের সঙ্গে তুলনা করতে চেষ্টা করেন। গণমাধ্যমের ব্যাপক বিস্তারের পর এই প্রবণতা গণমাধ্যমের মধ্যেও প্রসারিত হয়েছে। তবে কৃতী সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানীরা আন্দোলনের বা বিপ্লবের মধ্যে তুলনায় দেখতে চান এদের ভেতরকার মিল ও অমিল দুটোই; দেখতে চান মর্মবস্তু ও ফর্ম (বা রূপগত) দুই বিবেচনা থেকেই। কিন্তু তাঁরা যদি এটা বলেন যে নতুন আন্দোলনটি অতীতের কোনো আন্দোলনের পুনরাবৃত্তি মাত্র, তাহলে বুঝতে হবে, এই নতুন আন্দোলন তার সবচেয়ে বড় গুণটিই অর্জন করতে পারেনি।ঢাকার শাহবাগে কয়েক দিন ধরে যে সমাবেশ অব্যাহত রয়েছে, তরুণদের ডাকে যে জাতীয় আন্দোলনের সূচনা হয়েছে, যার আগুন ছড়িয়ে গেছে সারা দেশে, সে বিষয়ে আলোচনায় যাঁরা বারবার আরব বসন্তের প্রসঙ্গ উত্থাপন করছেন, তাঁরা এই আন্দোলনের সৃষ্টিশীল দিকটি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। এই আন্দোলনকে আরব বসন্তের অনুকরণ বা অনুসরণ বলার মধ্যে এই আন্দোলনকে কেবল ছোটই করা হয় না, আমার ধারণা, আন্দোলনের সৃষ্টিশীলতাকে অপমান করা হয়। যাঁরা একে আরব বসন্ত বলতে চান বা বলেন, এটা তাঁদের আরব বসন্তের বিষয়ে অজ্ঞতার যেমন পরিচায়ক, তেমনি এই আন্দোলনের মর্মবস্তু না বোঝারও একটা বড় প্রমাণ।আরব বসন্তের প্রসঙ্গটি আসছে অনেকাংশেই এই কারণে যে, এই আন্দোলন তাহরির স্কয়ারের মতো একটা জায়গায় অবস্থান নিয়ে তাকে কেন্দ্র করে তাদের বক্তব্য তুলে ধরছে। কিন্তু মনে রাখা দরকার যে আন্দোলনের কর্মীদের, তাঁদের বক্তব্যকে সবার সামনে তুলে ধরার জন্য দিনের পর দিন অবস্থান নেওয়ার ঘটনা আমরা মিসরের বাইরেও দেখেছি, ১৯৮৬ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি ফিলিপাইনে মার্কোস সরকারের বিরুদ্ধে আন্দোলনের একপর্যায়ে লাখ লাখ মানুষ রাজপথে সমবেত হয়ে অবস্থান নেওয়ার পরই সরকারের পতন ঘটে, ২০০৯-২০১০ সালে থাইল্যান্ডে লাল শার্টের কর্মীরা একাধিকবার সরকারবিরোধী আন্দোলনে সেই চেষ্টা করেছেন। তাহরির স্কয়ারের আন্দোলন এক অর্থে এই ধরনের আন্দোলনের ধারাবাহিকতা। কেননা, এই আন্দোলনগুলোর লক্ষ্য হচ্ছে ক্ষমতার কাঠামোতে পরিবর্তন।কিন্তু আগের এসব প্রচেষ্টা থেকে মিসরের আন্দোলনের পার্থক্য হলো, সেখানে কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না; কোনো দলের ডাকে সাধারণ মানুষ সমবেত হয়নি। মিসরের আন্দোলনের প্রাণশক্তি ছিলেন তরুণেরা, যাঁরা নিজেদের শক্তির ওপর নির্ভর করেই এই আন্দোলনের সূচনা করেছিলেন। কিন্তু এই আন্দোলনের আগেও হোসনি মোবারক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলনের ইতিহাস রয়েছে। ২০১০ সালের আন্দোলনের যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, তা হলো অব্যাহত অবস্থান ধর্মঘট; একটি এলাকাকে আন্দোলনের কেন্দ্রে পরিণত করা। একটি জায়গাকে কেন্দ্র করে আন্দোলনের ধারণাটি আমরা দেখতে পাই আর্জেন্টিনায় ১৯৭৭ সালে। মাদারস অব প্লাজা দ্য মায়োর কথা অনেকেরই জানা। আর্জেন্টিনার সেনাশাসকদের হাতে গুম হয়ে যাওয়া সন্তানদের খুঁজে বের করার দাবি নিয়ে সন্তানহারা ১৪ জন মায়ের বুয়েনেস এইরেসের নগর কেন্দ্রের চত্বরে যে নিয়মিত প্রতিবাদ, তা টানা অবস্থান আন্দোলনে রূপ না নিলেও তৃণমূল থেকে নিজস্ব শক্তিতে গড়ে ওঠা অহিংস নিয়মতান্ত্রিক আন্দোলনের একটা নতুন ধারণা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই আন্দোলনের মর্মবস্তু হলো সরকারের জবাবদিহির দাবি তোলা। গুম হয়ে যাওয়া সন্তানদের ফিরে পাওয়ার দাবি ছিল আশু কারণ। কিন্তু কার্যত তা হয়ে ওঠে দেশের সেনাশাসকদের বিরুদ্ধে আন্দোলনের একটি উৎস এবং রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের একটা তাগিদ।কাঠামোগত পরিবর্তনের তাগিদ থেকে দলীয় নিয়ন্ত্রণের বাইরে আন্দোলনের সাম্প্রতিক দুটো উদাহরণ আমরা দেখতে পাই। একটি হলো বিশ্বায়ন-বিরোধী আন্দোলন, যা সবার মনোযোগ আকর্ষণ করে ১৯৯৯ সালের ৩০ নভেম্বরে যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিশ্ব বাণিজ্য সংস্থার বার্ষিক বৈঠকের সময়। এর আগেও প্রতিবাদ হয়েছে; কিন্তু সিয়াটলে অবস্থান ধর্মঘটের চেষ্টা থেকেই এই প্রচেষ্টার প্রতি সবার নজর পড়ে। দ্বিতীয় উদাহরণ হলো ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ আন্দোলন। সূত্রপাত যদিও নিউইয়র্কে, ক্রমেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের কোনো সুনির্দিষ্ট দাবিনামা যেমন ছিল না, তেমনি তার বৈশিষ্ট্য ছিল অব্যাহত অবস্থান। এই আন্দোলনের অন্যতম সৃষ্টিশীল দিক হলো সম্মিলিত নেতৃত্বের ধারণাকে কার্যকর রূপ দেওয়া।অতীতের এসব আন্দোলনের প্রসঙ্গ তুললাম এ কারণে যে, যাঁরা এখন শাহবাগের এই জমায়েত, এই আন্দোলনকে একটি বিশেষ আন্দোলনের আদলে দেখতে চাইছেন, তাঁরা আসলে বুঝতে পারছেন না এই আন্দোলনের মর্মবস্তু কী। একই বিবেচনায় এই আন্দোলনকে যাঁরা ১৯৫২, ১৯৬৬ বা ১৯৬৯-এর সঙ্গে তুলনা করছেন, তাঁরাও একই রকম বিভ্রান্তিতে আছেন। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হলো, এটা এসব থেকে আলাদা। এটা অস্বীকার করার অর্থ হলো, এই আন্দোলনের বৈশিষ্ট্যকে, তার সৃষ্টিশীল দিককে অস্বীকার করা।গত কয়েক দিনে এটা স্পষ্ট যে, এই আন্দোলনের লক্ষ্য ক্ষমতার বদল নয়, আন্দোলনের তাগিদটা বরং কাঠামোগত এই অর্থে যে এটি জবাবদিহি দাবি করছে রাষ্ট্র, সরকার ও আদালতের কাছ থেকে। একই সঙ্গে এই আন্দোলন প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকেও জবাবদিহি দাবি করছে। আদালতের রায়ের ভেতরে সরকারের সঙ্গে সমঝোতার আভাস দেখতে পেয়েছে বলেই সাধারণ মানুষের একটি বড় অংশ এই আন্দোলনে শরিক হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনি ও রাজনৈতিক ব্যবস্থা যে গণহত্যার মতো ভয়াবহ অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির আদালতে দেওয়া শাস্তি বহাল রাখার নিশ্চয়তা দিতে পারে না এবং বাংলাদেশের সংবিধানের মধ্যেই সেই রায় কার্যত বাতিলের ব্যবস্থা আছে, সেটা নাগরিকদের জন্য উদ্বেগের বিষয়। এটা নিয়ে আন্দোলন তৈরি করতে পারা আগের যেকোনো আন্দোলন থেকে একে আলাদা করে রাখছে।এই আন্দোলনের একটা সুর অবশ্যই জাতীয়তাবাদী। জাতি হিসেবে বাংলাদেশে গত ৪২ বছরে যা অর্জন করা সম্ভব হয়নি, যে কাঠামোগত বাধার কারণে মানবতাবিরোধীদের, গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা সম্ভব হয়নি, তার বিরুদ্ধেই তরুণ সংগঠকেরা অবস্থান নিয়েছেন। ফলে, এই আন্দোলনকে যাঁরা কেবল একজন যুদ্ধাপরাধীর যথাযথ শাস্তি দেওয়া না-দেওয়ার বিষয় হিসেবে দেখছেন, তাঁরা একে সীমিত করে দিচ্ছেন এবং এই আন্দোলনের জন্য ইতিবাচক ভূমিকা পালন করছেন না। যে কারণে আমরা তাঁদের কাছে এই প্রশ্ন শুনতে পাচ্ছি, এই আন্দোলনের রোডম্যাপ কী? আন্দোলনের ক্যালেন্ডার কোথায়?একইভাবে আমরা আন্দোলনকারীদের প্রতি পরামর্শ দিতেও শুনছি যে তাঁদের উচিত হবে পরিচিত শিক্ষক-সাংবাদিক-সাংস্কৃতিক নেতাদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা এবং তাঁদের পরামর্শের ভিত্তিতে আন্দোলনকে তার পরিণতি বা সাফল্যের দিকে নিয়ে যাওয়া। যাঁরা এসব পরামর্শ দিচ্ছেন, তাঁরা বিস্মৃত হচ্ছেন যে, যেসব তরুণ আজকে এই আন্দোলনের সূচনা করেছেন, তাঁরা কারও পরামর্শের জন্য অপেক্ষা করেননি। যেকোনো তৃণমূল আন্দোলনের প্রথম চ্যালেঞ্জ হলো তাকে জাতীয় রূপ দেওয়া। শাহবাগের আন্দোলন সেই সাফল্যের জন্য কারও মুখাপেক্ষী হয়নি। কেননা, দেশের সাধারণ মানুষ, বিশেষত তরুণেরা প্রচলিত রাজনৈতিক মত ও পথের বাইরে, প্রচলিত প্রতিবাদের কৌশলের বাইরে নতুন পথ তৈরি করতে পেরেছেন। এ প্রসঙ্গে আমরা মনে করতে পারি, দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষ, গণমাধ্যম ও জনসমাজের সদস্যরা প্রতিবাদের কৌশল হিসেবে হরতাল ও সহিংসতার বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাতে উৎসাহ না দেখালেও এখন সারা দেশেই আমরা একটা বিকল্প তৈরি হতে দেখেছি।শাহবাগ আন্দোলনের পরিণতি কী হবে, সে বিষয়ে আলোচনার সময় এখনো আসেনি। তার সাফল্য কী মাপকাঠিতে বিচার করা যথাযথ হবে, সে কথা বলার জন্য অনেক সময় পড়ে আছে। তবে এখনই যেটা দ্বিধাহীনভাবে বলা যায়, এই আন্দোলন একটা সাংস্কৃতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে; সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করা কেবল সংগঠকদের কাজ নয়, সেই দায়িত্ব গোটা জাতির।আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।